Author: Hello Bangla News

  • বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানিয়েছেন গুতেরেস

    বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানিয়েছেন গুতেরেস

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ মে, ২০২৪: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে বর্ণনা করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে সরকারি দায়িত্বে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

    আজ শুক্রবার (৩১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

    সেখানে আন্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে  উল্লেখযোগ্য অবদান রেখেছে। সেই কারণেই আমরা বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচনা করি।

    জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সে দেশের সেনাবাহিনী তরুণ রোহিঙ্গাদের জোরপূর্বক নিয়োগ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ।

    দ্বিপাক্ষিক এ বৈঠকে মহাসচিব জলবায়ু পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের অভিযোজন ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতার প্রশংসা করেন।

    পররাষ্ট্রমন্ত্রী হাছান নিম্ন আয়ের দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা কামনা করলে গুতেরেস এ বিষয়ে বিশ্বসংস্থার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, এ জন্য বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত, শাস্তিদান নয়।

    পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান ফিলিস্তিনের গাজায় সংঘাতসহ চলমান বিশ্বের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মহাসচিবকে তার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাফায় সংঘাত এড়াতে সেখানে জাতিসংঘ মহাসচিব যেভাবে নিজে উপস্থিত হয়েছিলেন, শান্তিপ্রিয় বিশ্ববাসী তার প্রশংসা করেছে।

    এ সময় রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বের আলোকপাত বজায় রাখা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মর্যাদার সঙ্গে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতির উন্নতিকল্পে জাতিসংঘের জোরদার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

    জাতিসংঘ মহাসচিব গত দশকে বাংলাদেশের অসামান্য অগ্রগতির প্রশংসা করলে ড. হাছান তাকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও দক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ অনেক আগেই সামাজিক, অর্থনৈতিক, মানবিক সূচকসহ সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এছাড়া গত কয়েক বছরে অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে মাথাপিছু আয়েও ভারতকে ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী হাছান গত ৫০ বছর ধরে বাংলাদেশ ও জাতিসংঘের দৃঢ় অংশীদারিত্ব এবং উন্নয়নে সহায়তার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।বাংলাদেশের জাতিসংঘে যোগদানের অর্ধশত বছরপূর্তিতে গুতেরেসকে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানান তিনি।

    নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গীরা ও মিশনের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

  • মানসিক অস্থিরতার মধ্যে থেকে বিএনপি সত্য কথা বলতে ভুলে গেছে: সেতুমন্ত্রী

    মানসিক অস্থিরতার মধ্যে থেকে বিএনপি সত্য কথা বলতে ভুলে গেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৩১ মে, ২০২৪: মানসিক অস্থিরতার মধ্যে থেকে বিএনপি সত্য কথা বলতে ভুলে গেছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি একরাশ ব্যর্থতার স্তূপের উপর দাঁড়িয়ে। তারা মানসিক অশান্তিতে ভুগছে। মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা ভুলে গেছে।”

    আজ শুক্রবার (৩১ মে) সকালে ধানমন্ডিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল হ্যাঁ/না ভোট। গণতন্ত্রকে তারা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। তাদের মুখে গণতন্ত্রের বুলি ভুতের মুখে রাম রাম।”

    ওবায়দুল কাদের বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয়। আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে। প্রধানমন্ত্রী অফিসের কিছু লোককেও শাস্তি দিয়েছেন। খালেদা জিয়ার আমলে তারা কি কাউকে শাস্তি দিয়েছিল? তখন প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতি আখড়া।”

    সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো যারা দুর্নীতি করেছেন বিএনপি তাদের তালিকা করবে, এটি তারা করতে পারে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, “লিস্ট করলে তো প্রথমে বিএনপি নেতাদের নাম লিখতে হবে। কারণ দুর্নীতি-লুটপাটের শিরোমণি তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে। তারপরে অন্য লিস্ট দেখা যাবে।”

    আজিজ-বেনজিরের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না— বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির গঠনতন্ত্র পড়েছেন? মির্জা ফখরুল কত বছর থাকতে পারেন? আগামী বছর, এই ডিসেম্বরের পরের ডিসেম্বরে আমার টার্ম শেষ। সম্মেলন হবে যথাসময়ে। মির্জা ফখরুল কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব? একটা দল, তারা নিজেদের ঘরেই গণতন্ত্রের চর্চা করে না। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে?”

    এ সময় আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনিসুল ইসলাম প্রমুখ।

  • রোহিঙ্গাদের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রসবাদ সৃষ্টির আলামত দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গাদের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রসবাদ সৃষ্টির আলামত দেখা যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ মে, ২০২৪: রোহিঙ্গাদের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রসবাদ সৃষ্টির আলামত দেখা যাচ্ছে, জলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। “মিয়ানমার থেকে বিতাড়িত এসব রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা আগে থেকে বলে আসছিলাম এদের দ্রুত সময়ের মধ্যে স্বদেশ মিয়ানমারে ফেরত পাঠানো না গেলে এখানে অস্থিরতা তৈরি হতে পারে। এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব তৈরি হতে পারে। অস্ত্রের ঝনঝনানি হতে পারে। অনেক কিছুই হতে পারে। এই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি।”

    আজ শুক্রবার (৩১ মে) কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ১১ টায় উখিয়ার ১৯ নম্বর ঘোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে যান। সেখানে এপিবিএন কর্মকর্তাদের সঙ্গে সোয়া ১২টা পর্যন্ত সভা করেন। এরপর পরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে যারা যুদ্ধ করছে তাদের কয়েকজনের আনাগোনা এখানে (রোহিঙ্গা ক্যাম্পে) দেখা যাচ্ছে। সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে আমাদের দেশ কোনো মাদক উৎপাদন করে না। কিন্তু মিয়ানমার থেকে মাদক আসছে অনেক আগে থেকে। এখন ক্যাম্পের কিছুসংখ্যক লোক মাদকের সঙ্গে জড়িয়ে গেছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। একইসঙ্গে অস্ত্র ও খুনে জড়িতদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনাই এখন আমাদের মূল কাজ।”

    সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, “আজ রোহিঙ্গা ক্যাম্পে এসে নিরাপত্তা নিয়োজিত এপিবিএনের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের চ্যালেঞ্জসমূহ জেনেছি। জেনেছি তাদের সুবিধা-অসুবিধার কথা। তাদের বলেছি, জঙ্গি-সন্ত্রাস দমনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ইতিহাস সৃষ্টি করেছে। এপিবিএন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সহযোগিতা করছে। এপিবিএন তাদের দায়িত্ব পালন করছে বলেই রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রিত।”

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক সংস্থাসহ বাংলাদেশ রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। মিয়ানমার একটি অস্থির দেশ। ওখানে যুদ্ধ-যুদ্ধ খেলা হচ্ছে। বিভিন্ন সময় মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ফেরত নিয়ে নানা চুক্তি বা সমঝোতায় স্বাক্ষর হলেও তা মিয়ানমারের কারণে অগ্রগতি হয়নি। আশা করি মিয়ানমার দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের ফেরত নেবেন।”

    এরপর স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পটির এ-৭ ব্লকের পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন। ওখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যান টেকনাফে। ওখানে বিজিবি সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন তিনি।

    পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, এপিবিএন প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ার হোসেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর, ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল, ১৬ এপিবিএনের অধিনায়ক হাসান বারী সহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে ‘রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা’য় প্রধান অতিথি ছিলেন।

  • ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করব: স্বাস্থ্যমন্ত্রী

    ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করব: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ মে, ২০২৪: ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করব, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, “সচেতনতার কোনো বিকল্প নেই। শুধুমাত্র তামাক আইন নয়, সব ক্ষেত্রেই সচেতনতা প্রয়োজন। সবাই প্রধানমন্ত্রীর অঙ্গীকারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিজ্ঞা করব যে, ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করব।”

    আজ শুক্রবার (৩১ মে) সকালে রাজধানীর শাহবাগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান।

    জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এ আলোচনা সভার আয়োজন করে।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বৈশ্বিক তামাক নিয়ন্ত্রণে আজকের এ দিনটি অনেক গুরুত্বপূর্ণ। ১৯৮৭ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তামাক বিরোধী সংগঠনগুলো দিবসটি পালন করে আসছে।”

    তিনি বলেন, “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি- এ প্রতিপাদ্য সামনে রেখে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তামাকবিরোধী র‍্যালি, মেলা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, ক্রোড়পত্র প্রকাশসহ নানা আয়োজন করা হয়েছে।”

    সামন্ত লাল সেন বলেন, “পরোক্ষ ধূমপানও অধূমপায়ীদের জন্য ক্ষতিকর। ধূমপান ও তামাক সেবনের কারণে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার, ডায়াবেটিস, ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগসহ নানা অসংক্রামক রোগ দেখা দেয়। তামাকের কারণে পৃথিবীতে প্রতি বছর ৮৭ লাখ মানুষ অকালে মারা যায়।”

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান স্পিকার সামিটে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার যে অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, তা বাস্তবায়নে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি প্রনয়ন, জাতীয় তামাক কর নীতি প্রনয়ন ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও বাস্তবায়ন করার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ, কর্মশালা এবং গণমাধ্যমে প্রচার-প্রচারণা পরিচালনা করা হচ্ছে।”

    বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতা দূর করে অংশীজনদের মতামতের ভিত্তিতে খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে বলে মন্ত্রী জানান। তামাকের আগ্রাসন থেকে শিশু-কিশোরদের সুরক্ষা দিয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে স্বাস্থ্যমন্ত্রী পরিবার-ভিত্তিক সচেতনতা ও সামাজিক আন্দোলনের ওপর জোর দেন।

    আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা স্মারক ২০২৪ তুলে দেন। আলোচনা সভা শেষে মন্ত্রী তামাকবিরোধী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তার সুচিন্তিত মতামত দেন।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউদ্দীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বর্ধন জং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত ডিজি আহমেদুল কবীর, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায় প্রমুখ।

  • শিল্পকলার আলোচনায় স্মরণ করা হলো ভাস্কর নভেরা ও শিল্পী কিবরিয়াকে

    শিল্পকলার আলোচনায় স্মরণ করা হলো ভাস্কর নভেরা ও শিল্পী কিবরিয়াকে

    www.HelloBangla.News – বিনোদন – ৩১ মে, ২০২৪: সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন “স্মৃতি সত্তা ভবিষ্যৎ” স্মরণ অনুষ্ঠান। ১২ জুন ২০২৪ পর্যযন্ত প্রতিদিনই সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন গুণীজনদের স্মরণে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে। আজ ৩১ মে ২০২৪, ৭ম দিনে স্মরণ করা হয় বিশিষ্ট ভাস্কর নভেরা আহমেদ এবং বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়াকে। এ বছর দেশের ৬২ জন মনীষীদের জীবন ও কর্মের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৪ মে ২০২৪ থেকে ১২ জুন ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    আজ শুক্রবার (৩১ মে) শুরু হয় সকাল ১০ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে। প্রথমেই বিশিষ্ট ভাস্কর নভেরা আহমেদ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় নভেরা আহমেদের জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। পরে ‘ভাস্কার নভেরা আহমেদ : পর্যায়ক্রমিক পাঠ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক রেজাউল করিম সুমন, খন্ডকালীন শিক্ষক, অংকন ও চিত্রায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন অধ্যাপক নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

    ২য় পর্বে অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়ার জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে চিত্রশিল্পী কিবরিয়ার উপর প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক রাফি হক। ‘স্মৃতির আয়নায় মোহাম্মদ কিবরিয়া’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন তিনি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. বজলুর রশীদ খান, (রশীদ আমিন), চেয়ারম্যান, ছাপচিত্র বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন বরেণ্য চারুশিল্পী শিল্পী শহীদ কবীর।

  • উগান্ডায় ক্রিকেট অনুশীলনের সরঞ্জাম নেই অথচ তারা খেলবে বিশ্বকাপে

    উগান্ডায় ক্রিকেট অনুশীলনের সরঞ্জাম নেই অথচ তারা খেলবে বিশ্বকাপে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ মে, ২০২৪: উগান্ডা এমন একটি দেশ যাদের ক্রিকেট অনুশীলনের জন্য নেট নেই, যেখানে পাওয়া যায়ন ক্রিকেট সরঞ্চাম। তারা এবার টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে।বিষয়টি ভাবতেই অবাক লাগে। তাছাড়া উগান্ডার কাম্পালায় যে অনুশীলনের জায়গা সেখানে একজন ফাস্ট বোলারের দৌড়ানোর মতো জায়গা নেই।

    স্থলবেষ্টিত দেশটি ‘আফ্রিকার মুক্তা’ হিসেবে পরিচিত, কফি চাষের জন্য বিশ্বব্যাপী পরিচিত উর্বর এই ভূমি থেকে উঠে এসেছেন কজন ক্রিকেটার যারা এবারে বিশ্বকাপও খেলবে।বছর খানেক আগেও যা ছিল কল্পনার বাইরে।

    ১৯৯৭ সালে আইসিসি ট্রফি খেলেছে পূর্ব ও মধ্য আফ্রিকা নামে। এবারে আর মহাদেশীয় অঞ্চল না একেবারে দেশের নাম দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট খেলবে উগান্ডা। এই বিশ্বকাপটা উগান্ডার ক্রিকেটারদের জন্য ‘স্বপ্নের মতো’, পৃথিবীর অনেক দেশের মতো উগান্ডাতে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেটাররা কিছুটা নজরে আসতে চান কারণ ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে হলে তাদের পৃষ্ঠপোষক প্রয়োজন একই সাথে প্রয়োজন সরকারের সমর্থন। সেটা হয়তো এখন থেকে পাওয়া শুরু করবেন বলে আশা করছেন উগান্ডার পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক ব্রায়ান মাসাবা। তিনি বলেন, “আমাদের যে সুযোগ সুবিধা দেয়া হয় দেশে সেটাকে খুব ভালো বলা যাবে না, তাই আমার মতে উগান্ডার বিশ্বকাপ খেলাটা একরকম অলৌকিক বটে। এটা একতা স্বপ্নের মতো ব্যাপার”।

    বিশ্বকাপে উগান্ডার গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও পাপুয়া নিউ গিনি। এই ক্রিকেটারদের বিপক্ষে মাঠে নামাটাকে নিজেদের ক্রিকেট ইতিহাসের বড় ব্যাপার মনে করেন মাসাবা।

    উগান্ডার ক্রিকেটীয় উত্থান:

    ১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী দেশ হিসেবে ক্রিকেটের পরিসরে ঢোকে উগান্ডা, কিন্তু আদতে উগান্ডার ক্রিকেট গুছিয়ে ওঠে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে। এই সময়ে কোচ লরেন্স মাহাটলেইন, টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্যে উগান্ডা ক্রিকেট দলের সাথে কাজ করেন।

    দলটির অধিনায়ক মাসাবা বলেন, “কোচের কাজ ছিল সুনির্দিষ্ট। তিনি এই টি২০ বিশ্বকাপে খেলানোর একটা কার্যকর পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন এবং সফল হয়েছেন”।

    প্রথমত ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করা হয় যাতে উগান্ডার ক্রিকেটাররা একটা পেশাদার মঞ্চ পান, এরপর দলটিকে প্রচুর ম্যাচ খেলানোর সুযোগ দেয়া হয়। ২০২১ সালের পর থেকে উগান্ডা পুরুষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে, এটা প্রমাণ করে কতোটা সংকল্পবদ্ধ ছিল দলটির পরিকল্পনা।

    এই সময়ের মাঝে উগান্ডা বেশিরভাগ ম্যাচ খেলেছে রুয়ান্ডা ও তানজানিয়ার বিপক্ষে, গত ২ বছরে ৫৯ ম্যাচে মাত্র ৮টিতে হেরেছে দলটি। এতে করে দলটি খুব শক্তিমত্তা অর্জন না করলেও টি–টোয়েন্টি ক্রিকেটে কীভাবে ম্যাচ বের করতে হয় সেই ধারণাটুকু হয়েছে। শেষ পর্যন্ত সাবেক টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচ জিতে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে উগান্ডা।

    উগান্ডার ক্রিকেট ইতিহাসে কখনো কোনও জার্সিতে স্পন্সর ছিল না, এবার দলটি জার্সি স্পন্সর পেয়েছে, এটাই প্রমাণ করে দলটির জন্য এই অর্জন কতোটা গুরুত্বপূর্ণ। মাসাবা বলেছেন, “এই ইতিহাসের অংশ হবো, এটা কখনো ভাবনাতে আসেনি।”

    “এটা একটা লম্বা যাত্রা, আমার অভিষেক হয়েছিল ২০১১ সালে, তাই আমি জানি এই জায়গায় আসতে আমাদের কতোটা কষ্ট করতে হয়েছে।”

    উগান্ডার প্রথম লক্ষ্য মাঠে নেমে একটা প্রভাব ফেলার চেষ্টা করা, অধিনায়ক মাসাবা বলেছেন, “আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের সংস্কৃতি তুলে ধরা, ক্রিকেটের আন্তর্জাতিক দর্শকরা যাতে দেখে উগান্ডা নামের একটা দেশ ক্রিকেট খেলছে।”

    উগান্ডা ক্রিকেট দলের ডাকনাম ‘দ্য ক্রেইন্স’:

    ক্রিকেট ক্রেইন নামের পেছনে আছে একটি পাখি, ক্রেস্টেড ক্রেইন, এটি উগান্ডার জাতীয় পাখি। অধিনায়ক ব্রায়ান মাসাবা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুষ্ঠান স্টাম্পডে বলেন, “উগান্ডার জাতীয় পাখি ক্রেস্টেড ক্রেইনের নাম ধরেই আমাদের ক্রেইন বলে ডাকা হয়।”

    সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ফ্রাঙ্ক নাসবুগা:

    অফস্পিনার ফ্রাঙ্ক নাসবুগা ১৬ বছর বয়স থেকে উগান্ডার জাতীয় দলে খেলছেন। প্রায় তিন দশক পরে তার বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে। পাঁচ বছর আগে উগান্ডা বিশ্ব ক্রিকেট লিগের চতুর্থ ধাপে অবনমিত হয়েছিল তখনও দেশটির ক্রিকেটাররা ভাবতে পারেননি কখনো তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে।

    নাসবুগা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের জন্য এটা ছিল চমকের মতো। জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে খেলবো আমরা, ছেলেরা খুবই উচ্ছ্বসিত এবং এই অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছে। আমি তো ২৭ বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলাম”।

    অগাস্টেই এই ক্রিকেটারের বয়স হবে ৪৪ বছর। তিনি এরপর কোচিং করানোর আশাবাদ ব্যক্ত করেছেন এছাড়াও উগান্ডার ক্রিকেট নিয়ে কাজ করবেন তিনি, “আমাদের ক্রিকেটকে গ্রামে নিয়ে যেতে হবে, নানা জায়গা থেকে ক্রিকেটার তুলে আনতে হবে। আমাদের আপাত কিছুটা পেশাদারিত্ব আসছে, যেটা ভালো।”

    ফ্রাংকের ব্যাপারে অধিনায়ক মাসাবা প্রশংসায় পঞ্চমুখ, “কী বলবো তার ব্যাপারে, তিনি একেবারে শুরু থেকে আছেন, আমি ছোট ছিলাম যখন ফ্রাঙ্কের খেলা দেখেছি। তিনি উগান্ডার ক্রিকেটের সাথে সবসময় আছেন। আমরা যতদূর এসেছি এর পেছনে ফ্রাঙ্কের অবদান আছে।”

    ফ্রাঙ্ক নাসবুগা বিশ্বকাপের পরে আর খেলবেন না বলে জানিয়েছেন।

    উগান্ডা ক্রিকেটের এই পর্যন্ত আসার পেছনে অবদান আছে এক অস্ট্রেলিয়ান ক্রিকেট ক্লাবেরও, কাম্পালার ক্রিকেট পাড়ায় গেলে প্রায়ই চোখে পড়ে অস্ট্রেলিয়ার পুরনো সবুজ হেলমেট বা নিউ সাউথ ওয়েলসের জার্সি। ২০০৪ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যুবদলের দেখাশোনা করছিলেন ব্রায়ান ফ্রিম্যান, তখন তার নজরে আসে উগান্ডার ক্রিকেট দলের খেলোয়াড়রা, যাদের কাছে ক্রিকেট সামগ্রী ছিলনা বললেই চলে, মাঠেই তারা সতীর্থদের সাথে সামগ্রী শেয়ার করে ক্রিকেট খেলতেন। ব্রায়ান ফ্রিম্যান ২০০৫ সাল থেকেই নানা ধরনের ক্রিকেট সরঞ্জাম উগান্ডায় পাঠানোর ব্যবস্থা করেন।

    ফ্রিম্যান দ্য গার্ডিয়ানকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেন, “টি–টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়াটা অনেক বড় ব্যাপার, এখানে আমরা অবদান রাখতে পেরে খুশি, আমরা তাদের থেকে অনেক ধন্যবাদ পেয়েছি, আমরা অভিনন্দন জানিয়েছি। তবে মনে রাখবেন, এই অর্জনটা একান্ত তাদের”।

    সূত্র: বিবিসি বাংলা

  • আগামী ১ জুন থেকে জ্বালানি তেলের দাম বাড়ছে

    আগামী ১ জুন থেকে জ্বালানি তেলের দাম বাড়ছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩১ মে, ২০২৪: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য বাড়নো হয়।কিন্তু এবার ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার (৩০ মে) রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। নতুন এই মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

    নতুন মূল্য অনুযায়ী ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য প্রতি লিটার ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বৃদ্ধি করে ১০৭ টাকা ৭৫ পয়সা, প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৪ টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের বর্তমান মূল্য ১২৮ টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে।

    মন্ত্রণালয় আরও জানায়, মূল্য সমন্বয়ের পরও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১২৫ টাকা ৭০ পয়সায় এবং পেট্রল ১০৩ দশমিক ৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৩ টাকা ৯৬ পয়সায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭ টাকা ৯৫ পয়সা ও ১৬ টাকা ৯৬ পয়সা বেশি।

  • তথ্য গোপনের অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত

    তথ্য গোপনের অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ মে, ২০২৪: ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন।

    এ মামলায় ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। ম্যানহাটনে ১২ জন বিচারকের একটি প্যানেল ছয় সপ্তাহের শুনানি শেষে বৃহস্পতিবার সর্বসম্মত রায়ে পৌঁছায়।

    আদালত ২০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এর মধ্য স্টর্মি ড্যানিয়েলসও ছিলেন। তার সঙ্গে গড়ে ওঠা সাবেক প্রেসিডেন্টের যৌন সম্পর্ক এ মামলার কেন্দ্রে রয়েছে। ৭৭ বছর বয়সী ট্রাম্প আদালতের রায়কে মর্যাদাহানিকর বলে আখ্যা দিয়েছেন। তিনি শেষ পর্যন্ত লড়ার ঘোষণাও দিয়েছেন।

    ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার শেষ দিকে স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ট্রাম্পের পক্ষ থেকে অর্থ দেওয়া হয়। সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে সেই তথ্য গোপন করার অভিযোগ ওঠে।

    এ মামলায় ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। এর কদিন পরই রিপাবলিকানদের জাতীয় সম্মেলন। ওই সম্মেলনে তাকে দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য প্রার্থিতা দেওয়া হবে। দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতের বাইরে বিশাল পুলিশ উপস্থিতির মধ্যেই ট্রাম্প বলেন, এটি তার জন্য অপমানজনক, এটি দুর্নীতিগ্রস্ত বিতর্কিত বিচারকের কারচুপির বিচার। যখন তিনি কথা বলছিলেন, তখন শত শত লোক জড়ো হন। তাদের ওপর একটি হেলিকপ্টার উড়ছিল।

    মামলায় দোষী সাব্যস্ত হওয়া নিয়ে শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারের সামনে সাবেক এ প্রেসিডেন্ট গণমাধ্যমে কথা বলবেন বলে মনে করা হচ্ছে।

    ম্যানহাটনের সাবেক প্রসিকিউটর ডানকান লেভিন বলেছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস মামলাটি প্রমাণ করতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্প অর্থ দিয়ে তা মিথ্যা তথ্যে ঢেকে দিতে ষড়যন্ত্র করেছিলেন।

    তিনি বলেন তার ক্ষমতা দিয়ে বিচার প্রশাসনকে হেয় করার জন্য সব কিছু করেছেন। “এবং তিনি বিচার পেয়েছেন যা মৌলিকভাবে ন্যায্য। প্রসিকিউশনের জন্য এটা বড় একটি জয়।”

    ডেমোক্র্যাট দলীয় আইন প্রণেতাদের অনেকে সামাজিক মাধ্যমে এক্স-এ ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায়ের প্রশংসা করে প্রতিক্রিয়া দিয়েছেন। তারা বলেছেন ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’।

    ক্যালিফোর্নিয়ার অ্যাডাম স্কিফ বলেন,“আজ সাধারণ আমেরিকান জনগণ একজন সাবেক প্রেসিডেন্টকে পেয়েছেন যিনি কয়েক ডজন অপরাধ করেছে। বিচার প্রলম্বিত করতে তার সব চেষ্টা সত্ত্বেও ন্যায় বিচার হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।”

    ওয়াশিংটনের প্রতিনিধি প্রমিলা জয়পাল বলেছেন “এটি আমেরিকার জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত”।

    ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা রায়ের সমালোচনা করে বলছেন যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

  • আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো: জননিরাপত্তা সচিব

    আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো: জননিরাপত্তা সচিব

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ মে, ২০২৪: আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, “আমি অবশ্যই চেষ্টা করবো যাতে রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না ঘটে। সেক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে প্রয়োগ করে আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। কারণ জননিরাপত্তা বিভাগের মূল কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

    আজ শুক্রবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    জননিরাপত্তা সচিব বলেন, “আমার ওপর প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন। জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমাকে। যেহেতু এই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে চার বছরের অধিককাল কাজ করেছি। মাঝে দেড় বছর নির্বাচনে কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আমি। যার ফলে নির্বাচন কমিশন একটি পরিচ্ছন্ন নির্বাচন উপহার দিতে পেরেছে। সেখানেও আমি কাজ করতে সক্ষম হয়েছি।”

    তিনি আরও বলেন, “কোনো দলের কর্মকাণ্ড যদি জনবিশৃঙ্খলা করে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    এর আগে তিনি জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন জাহাংগীর আলম।

    এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল মোস্তফা, যুগ্ম সচিব আবুল ফজল মীর, ধনঞ্জয় কুমার দাস, উপসচিব জাহিদ হাসান, মাহবুব রহমান শেখ, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • আমরা কাউকে ক্ষমা প্রদর্শন করবো না: স্বরাষ্ট্রমন্ত্রী

    আমরা কাউকে ক্ষমা প্রদর্শন করবো না: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ মে, ২০২৪: আমরা কাউকে ক্ষমা প্রদর্শন করবো না, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, “আমরা কাউকে ক্ষমা প্রদর্শন করবো না। যারা এ পেশা ত্যাগ করবেন না তারা কি দুঃসংবাদ লিখে নিয়ে যাবেন সেটা মহান আল্লাহ জানেন। কাউকে ক্ষমা করা হবে না। জন্মলগ্ন থেকে সন্ত্রাস নির্মূল করতে গিয়ে র‍্যাবের ৩৩ জন সদস্য জীবন দিয়েছেন। হাজার হাজার র‍্যাব সদস্য আহত হয়েছেন। অনেকের অঙ্গহানিও হয়েছে।”

    বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নগরের পতেঙ্গায় র‌্যাব-৭ এর এলিট হলে জলদস্যু আত্নসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “চট্টগ্রাম তো আর সেই চট্টগ্রাম নেই। অনেক উন্নয়ন হচ্ছে। টানেল, সেতু সব হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষের সিকিউরিটির জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ওসব এলাকায় জলদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে। সুন্দরবনের জলদস্যুদের ভালো অবস্থা দেখে আজ তারা উদ্বুদ্ধ। সাংবাদিকদের সহযোগিতায় এ কাজ সম্পন্ন হয়েছে। তাদের ধন্যবাদ জানাই। আর যারা ফিরে আসেন নাই, তাদেরকেও ফিরে আসার আহ্বান জানাই।”

    তিনি আর বলেন, “বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সমস্ত উপকূলীয় অঞ্চলকে আমরা জলদস্যু-ডাকাত মুক্ত করবো।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ এখানে একজন মহিলা জলদস্যুও আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা কখনও অত্যাচারিত বা নিপীড়িত হয়ে বাধ্য হয়েই এসব কাজে জড়িয়ে থাকেন। স্থানীয় প্রভাবশালী লোকেরাও তাদের বাধ্য করেন এসব কাজে জড়াতে। জনগণের কাছে র‍্যাব একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক। সুন্দরবনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষায় ২০১২ সালে র‍্যাবকে টাস্কফোর্স হিসেবে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র‍্যাবের দুঃসাহসিক অভিযানে সুন্দরবন জলদস্যু মুক্ত হয়।”

    ২০১৮ সালের ২ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, “তারা যাতে আর সে কাজে ফিরতে না পারে সেজন্য তাদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। আজ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কেউ ব্যবসা করছে বা অন্য কাজ করছে। পাবনাতে ৬০০ ও সিরাজগঞ্জে ৩০০ এর অধিক চরমপন্থী গ্রুপের নেতাকর্মী আত্মসমর্পণ করেছে। তাদেরও সরকার সহযোগিতা করেছে। তবে যাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা আছে তাদের কোনোভাবে সহযোগিতা করা হবে না। অন্য মামলাগুলো থেকে তাদের অব্যাহতি দেওয়ার জন্য কাজ করা হবে। বৃহস্পতিবার ১২টি গ্রুপের ৫০ জন ৮০টি অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে।”

    র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো.মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফ, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। আত্মসমর্পণকারী জলদস্যুদের মধ্যে বক্তব্য দেন মাহমুদ করিম ও জসীম উদ্দীন।