আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো: জননিরাপত্তা সচিব

Will maintain peace and order Public Safety Secretary - National - 31 May 2024
Will maintain peace and order Public Safety Secretary - National - 31 May 2024

www.HelloBangla.News – জাতীয় – ৩১ মে, ২০২৪: আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, “আমি অবশ্যই চেষ্টা করবো যাতে রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না ঘটে। সেক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে প্রয়োগ করে আইনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। কারণ জননিরাপত্তা বিভাগের মূল কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

আজ শুক্রবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জননিরাপত্তা সচিব বলেন, “আমার ওপর প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন। জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমাকে। যেহেতু এই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে চার বছরের অধিককাল কাজ করেছি। মাঝে দেড় বছর নির্বাচনে কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আমি। যার ফলে নির্বাচন কমিশন একটি পরিচ্ছন্ন নির্বাচন উপহার দিতে পেরেছে। সেখানেও আমি কাজ করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, “কোনো দলের কর্মকাণ্ড যদি জনবিশৃঙ্খলা করে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে তিনি জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন জাহাংগীর আলম।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল মোস্তফা, যুগ্ম সচিব আবুল ফজল মীর, ধনঞ্জয় কুমার দাস, উপসচিব জাহিদ হাসান, মাহবুব রহমান শেখ, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী আমরা কাউকে ক্ষমা প্রদর্শন করবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী তথ্য গোপনের অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত