Author: Hello Bangla News

  • আগামীকাল থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

    আগামীকাল থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

    www.HelloBangla.News – অর্থনীতি – ১ জুন, ২০২৪: সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)মাসিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার (২ জুন) থেকে ভর্তুকি মূল্যে জুন মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে । এ মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি।

    আজ শনিবার (১জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার বিক্রি কার্যক্রমে এক কার্ডধারী সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এবার প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।

    এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করবে।

    এদিকে রবিবার এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মিরপুর পল্লবী এলাকায় শেখ ফজলুল হক মনি খেলার মাঠে সকালে এ কার্যক্রম উদ্বোধন হবে।

  • ইমরানের ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে কথা বলাটা উসকানিমূলক: আসিফ

    ইমরানের ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে কথা বলাটা উসকানিমূলক: আসিফ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ জুন, ২০২৪: দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে রয়েছেন ইমরান খান। কারাগারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ নেই। তার পরেও তেহরিক-ই ইনসাফ ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে ইরানের একাউন্টে যে মন্তব্য দিয়ে্ছে তা পাকিস্তানের জন্য বিক্রতকর।

    এই প্রেক্ষিতে ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে মন্তব্য করা থেকে ইমরান খানকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, এ ইস্যুতে বেশিদূর কথাবার্তা চললে দেশের রাজনীতিতে উদ্বেগ উত্তেজনা সৃষ্টি হতে পারে।

    কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘প্রকৃত দেশদ্রোহী জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান— তা জানার জন্য প্রত্যেক পাকিস্তানির উচিত হামুদ উর রহমান কমিশনের প্রতিবেদনটি পড়া।’

    ১৯৭১ সালে যৌথ বাহিনীর হাতে পরাজিত হয়ে পূর্ব পাকিস্তান খোয়ানোর পর পাকিস্তানের সাবেক বিচারপতি হামুদ উর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করে পাকিস্তানের তৎকালীন সরকার। এই কমিশনের মূল দায়িত্ব ছিল, কেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব সৃষ্টি হলো এবং এই যুদ্ধ হলো— তার কারণ অনুসন্ধান করা।

    হামুদ উর রহমানের নেতৃত্বাধীন কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন জমাও দিয়েছিলেন। কিন্তু সেনাবাহিনীর আপত্তির কারণে আজ পর্যন্ত সেই প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

    অবশ্য পোস্টটি দেওয়ার কিছু সময় পরই তা মুছে দেওয়া হয়েছে।

    জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধ পাকিস্তানের জন্য একটি স্পর্শকাতর বিষয়। এটি একটি ট্র্যাজেডি এবং ইমরান খানও এ সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল। কিন্তু তারপরও তিনি ইস্যুটি নিয়ে ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’

    তিনি আরও বলেন,‘ইমরান খানের প্রতি আমার পরামর্শ এবং আহ্বান থাকবে, তিনি যদি দেশের রাজনীতি অস্থিতিশীল করতে না চান, তাহলে যেন ১৯৭১ সালের ইস্যুতে নিজের মুখ বন্ধ রাখেন।’

  • ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশুদের অন্ধত্ব ও মৃত্যুর হার কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

    ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশুদের অন্ধত্ব ও মৃত্যুর হার কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুন, ২০২৪: ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশুদের অন্ধত্ব ও মৃত্যুর হার কমেছে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “বছরে ২ বার শতকরা ৯৮ ভাগ শিশুদের ভিটামিন এ খাওয়ানোর ফলে এর অভাবজনিত অন্ধত্বের হার শতকরা ১ ভাগের নিচে নেমে এসেছে এবং শিশু মৃত্যুর হার ও কমেছে। এই সাফল্য ধরে রাখতে ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখতে হবে।”

    ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ায় দেশে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে বলে জানিয়েছেন

    আজ শনিবার (১ জুন) সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত। দেশবাসী সবার কাছে আবেদন একটি শিশুও যেন বাদ না পড়ে। যাদের ঘরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে সেই সব মা-বাবা এবং অভিভাবকরা যেন অবশ্যই তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।”

    এবার প্রায় ২ কোটি ২২ লাখ শিশুকে দিনব্যাপী এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৭ লাখ ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখ। ১ লাখ ২০ হাজার কেন্দ্রে প্রায় ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এই আয়োজনে যুক্ত আছেন।

    তবে এবার ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার প্রায় ১ হাজার ২২৪টি কেন্দ্রে নির্দিষ্ট সময়ে ভিটামিন এ ক্যাপসুল প্রদান সম্ভব হবেনা। তবে পুনর্বাসন সমস্যা সমাধান হলে সেখানে পরবর্তীতে খুব দ্রুত সময়ে ভিটিমিন এ ক্যাপসুল দেওয়া হবে।

    স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিশ্বস্বাস্থ্য) ড. মো. জিয়াউদ্দীন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব (জনস্বাস্থ্য অধিশাখা) শিব্বির আহমেদ ওসমানী, নিপসম পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল হকসহ প্রমুখ।

  • জলবায়ু পরিবর্তন সমাজের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে: পরিবেশ মন্ত্রী

    জলবায়ু পরিবর্তন সমাজের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে: পরিবেশ মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুন, ২০২৪: জলবায়ু পরিবর্তন সমাজের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন শুধুমাত্র একটি পরিবেশগত বিষয় নয়; এটি একটি অর্থনৈতিক, সামাজিক এবং উন্নয়নমূলক বিষয় যা আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। জলবায়ু অর্থায়ন সংগ্রহ আমাদের নিম্ন-কার্বন, জলবায়ু-সহনশীল অর্থনীতিতে রূপান্তরকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    আজ শনিবার (০১ জুন) সাভারের ব্র্যাক সিডিএমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত ‘ক্লাইমেট ফাইন্যান্স এক্সেস অ্যান্ড মোবিলাইজেশন ইন বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পরিবেশ মন্ত্রী বলেন, “আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ, আন্তর্জাতিক জলবায়ু তহবিল এবং উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থাকে কাজে লাগাতে হবে। আমাদের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে এবং জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার, ব্যবস্থাপনা ও ব্যবহার কার্যকর করার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে।”

    সাবের চৌধুরী বলেন, “উন্নত দেশগুলোর নৈতিক এবং আইনগত দায়িত্ব রয়েছে উন্নয়নশীল দেশগুলোকে তাদের জলবায়ু কর্মে সহায়তা করার। আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের তাদের প্রতিশ্রুতিগুলো সম্মান করতে এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা করার আহ্বান জানাই।”

    পরিবেশ মন্ত্রী বলেন, “বাংলাদেশের জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, সুইডেনের দূতাবাসের উন্নয়ন সহযোগিতার উপ-প্রধান নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার এবং উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশের প্রতিনিধি স্টেফান লিলারও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

  • কোন ব্যক্তি যদি দুর্নীতি করে এর দায় গোটা পুলিশ বাহিনীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    কোন ব্যক্তি যদি দুর্নীতি করে এর দায় গোটা পুলিশ বাহিনীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুন, ২০২৪: কোন ব্যক্তি যদি দুর্নীতি করে এর দায় গোটা পুলিশ বাহিনীর নয়, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “আমাদের পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করেছে। পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে এবং করোনাকালে জীবন উৎসর্গ করে কাজ করছে পুলিশ সদস্যরা। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। কোনো ব্যক্তি যদি কোনো কিছু (অপরাধ-দুর্নীতি) করে থাকে এর দায় প্রতিষ্ঠান নেবে না।”

    আজ শনিবার (১ জুন) দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ছাত্রলীগ কর্তৃক মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    বেনজীর আহমেদের দুর্নীতি-অপরাধ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কেউ যদি অন্যায়ভাবে ধন-সম্পদ করে থাকেন, যে বিধান রয়েছে সেই অনুযায়ী তার বিচার হবে। আমাদের কিছু বলার নেই। তিনি (বেনজীর) কী দোষ বা অপরাধ করেছেন সেই তথ্য আমাদের কাছে এখনও নেই। আমরা এগুলো তদন্ত করছি। তদন্তের পরে জানা যাবে, তিনি দোষী না নির্দোষ। তিনি অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন বা সম্পত্তি বানিয়ে তথ্য গোপন করেছেন কিনা সে বিষয়ে আমাদের যে ডিপার্টমেন্ট আছে তারা তদন্ত করছে। অনুসন্ধানের আগে আমার বলা সঠিক নয়।”

    এমপি আনার হত্যার মূল মামলা ভারতে হয়েছে এবং মূল তদন্তও ভারতে হবে। তবে তদন্তে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, “মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে৷ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে। তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করতো। তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করবো।”

    হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন নেপালে পালিয়ে গেছেন এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকবো এমন হতে পারে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। নেপালে একজন পালিয়ে গেছে। তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তদন্ত হচ্ছে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

  • তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি: হারুন

    তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি: হারুন

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুন, ২০২৪: তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি, বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, “আগেও শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়ে থেকেছে। তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি। নেপালের পুলিশের কাছে তদন্তে সহযোগিতা চাইবো।”

    আজ শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

    ঝিনাইদহ-৪ আসনের সংসদ তানোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য নেপাল যাচ্ছে ঢাকার ডিবির তদন্ত দল।

    প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এছাড়া প্রতিনিধিদলে ডিবির দুজন কর্মকর্তা এবং পুলিশ সদরদপ্তরের এনসিবির একজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।

    ডিবিপ্রধান বলেন, “এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় কেউ কাঠমান্ডু থাকতে পারে, আবার কেউ সেখান থেকে অন্য দেশে চলে যেতে পারে। অনেক আসামি কাঠমান্ডুকে রুট হিসেবে ব্যবহার করে সেখানে থাকে।”

    সিয়াম নামে কোনো আসামি নেপালে গ্রেফতার আছে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, “সিয়ামসহ বেশ কয়েকজনের বিষয়ে আমরা ইন্টারপোলকে চিঠি দিয়েছি। কাঠমান্ডু পুলিশকেও জানিয়েছি। যেসব আসামি নেপালে থাকবে তদের গ্রেফতার করার জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি। এরই ধারাবাহিকতায় মামলার তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য নেপাল পুলিশের সঙ্গে কথা বলবো।”

    ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায় সে ব্যাপারেও দেশটির পুলিশের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি।

  • আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে

    আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুন, ২০২৪: গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। যেখানে বলা হয়েছে আসন্ন এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে । এটিকে ভুয়া আখ্যায়িত করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা।

    আজ শনিবার (১ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

    পূর্বঘোষিত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাসারও।

    উল্লেখ্য, গত ২ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।‌ সূচি অনুযায়ী, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

    রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

  • এ যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে: বাইডেন

    এ যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে: বাইডেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ জুন, ২০২৪: স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এ যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে।”

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তিন পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে। হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘হামাস সবসময় বলে থাকে, তারা যুদ্ধবিরতি চায়। আসলেই তারা এটা চায় কিনা তা প্রমাণ করার সুযোগ এসেছে।”

    তিন ধাপের প্রস্তাবটিতে প্রথমেই রয়েছে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি। এই ধাপে গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) প্রত্যাহার করা হবে। গাজায় ব্যাপক মাত্রায় মানবিক সাহায্য বা ত্রাণ পৌঁছানো হবে, সেইসঙ্গে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে কিছু জিম্মি বিনিময় করা হবে।

    চুক্তিটির শেষ ধাপে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজার জন্য একটি বড় আকারের পুনর্গঠন পরিকল্পনার কথা বলা হয়েছে। হামাস জানিয়েছে তারা নতুন প্রস্তাবটিকে ইতিবাচকভাবে দেখছে।

    শুক্রবার হোয়াইট হাউসে বাইডেন বলেন, হামাস বলে তারা যুদ্ধবিরতি চায়, এই প্রস্তাবটি তাদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ। তিনি বলেন, এই চুক্তি গাজায় প্রতিদিন ৬শ ট্রাক সাহায্য নিয়ে যাওয়াসহ বিপর্যস্ত অঞ্চলে আরও মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেবে। দ্বিতীয় ধাপে পুরুষ সৈন্যসহ অবশিষ্ট জীবিত জিম্মিদের ফিরিয়ে আনা হবে। তখন এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে শত্রুতার অবসান ঘটাবে।

    যদিও এই পরিকল্পনায় পূর্বে ব্যর্থ হওয়া আলোচনার অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে হামাসের মূল দাবি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি সামনে আনার মাধ্যমে যুক্তরাষ্ট্র হামাসকে আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

    প্রস্তাবের তৃতীয় ধাপে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে, সেইসঙ্গে মার্কিন এবং আন্তর্জাতিক সহায়তায় গাজায় বাড়ি, স্কুল এবং হাসপাতাল পুনর্নির্মাণের জন্য একটি ব্যাপক পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হবে।

    বাইডেন মনে করেন কিছু ইসরায়েলি কর্মকর্তারা এই প্রস্তাবের বিরোধিতা করতে পারেন। তিনি বলেন, যতই চাপ আসুক না কেন আমি ইসরায়েলি নেতাদের এই চুক্তির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

    এই সময় মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি জনগণকে সম্বোধন করে বলেন, আমরা এই মুহূর্তটি(সুযোগটি) হারাতে পারি না।

  • সৌদি প্রো লিগের ফাইনালে হেরেছে রোনালদোর দল আল নাসর

    সৌদি প্রো লিগের ফাইনালে হেরেছে রোনালদোর দল আল নাসর

    www.HelloBangla.News – খেলাধুলা – ১ জুন, ২০২৪: সৌদি প্রো লিগে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেন আল নাসরের হয়ে। ইতোমধ্যে দেড় মৌসুম কাটিয়ে ফেলেছেন তিনি। এই সময়ের মধ্যে দারুণ কিছু অর্জনও নিজের করে নিতে পেরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সে সবই ছিল ব্যক্তিগত অর্জন। দলকে গেল দেড় বছরে কিছুই দিতে পারেননি পর্তুগালের এই তারকা ফুটবলার।

    সৌদি কিং’স কাপের ফাইনালে হারটা মেনে নিতে পারছিলেন এই পর্তুগিজ তারকা। টাইব্রেকারে হেরে যাওয়ার পর এভাবেই রোনালদোর কান্নায় সিক্ত হয় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের আঙিনা।

    সৌদি প্রো লিগের পর এবার কিংস কাপের শিরোপাও ঘরে তুললো আল হিলাল। গতকাল শুক্রবার ফাইনালে আল নাস্‌রকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে রোনালদো গোল করেন ঠিকই। তবে আল নাস্‌রের শেষ দুটি শট ঠেকিয়ে আল হিলালের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো।

    আলেকসান্দার মিত্রোভিচের গোলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে খুব কাছ থেকে হেড করে বল জালে জড়ান সার্বিয়ান এই ফরোয়ার্ড। ৮৮তম মিনিটই আয়মান ইয়াহিয়ার গোলে সমতা ফেরায় আল নাস্‌র। এরপর অতিরিক্ত সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

    গতকাল আল হিলালের শিরোপা উদযাপনে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে এই ব্রাজিলিয়ান। এর আগে লিগ শিরোপা উদযাপনেও নেইমারকে দেখা গিয়েছিল।

  • রান্না: ভাজা মশলা আলুর দম

    রান্না: ভাজা মশলা আলুর দম

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১ জুন, ২০২৪: আমাদের দেশে জনপ্রিয় সবজি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে আলু। আলু সব রান্নার সঙ্গে ব্যবহার করা যায় আবার স্বতন্ত্র ভাবে এই সবজি দিয়ে তৈরি করা যায় বিভিন্ন খাবার। আজ দেওয়া হলো ভাজা মশলা দিয়ে তৈরি কলকাতা থেকে পাঠানো আলুর দমের রেসিপি। আপনি ইচ্ছা করলেই ঘরে বসে তৈরি করতে পারেন এই খাবার।

    Recipe given by - Sutpa De
    Recipe given by – Sutpa De

    উপকরণ:

    সেদ্ধ করা আলু ৬ পিস অর্ধেক করা, ভাজা মসলা (টেবিল চামচ জিরা, এক টেবিল চামচ মৌরি, চা চামচ ধনে, ২ পিস এলাচ), মাঝারি সাইজ এর কুচানো পেঁয়াজ, আদা বাটা ১ চামচ, রসুন বাটা হাফ চামচ, কুচানো মরিচ ২ টা, লবণ স্বাদঅনুসারে, চিনি স্বাদঅনুসারে, সর্ষের তেল ২ টেবিল চামচ, ১ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো

    প্রণালী:

    প্যান এ সরিষার তেল দিয়ে তেল গরম হলে সেদ্দ করা আলু গুলোকে লবন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আলু গুলোকে তুলে সেই তেলেই দিতে হবে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হলে দিতে হবে আদা বাটা ও রসুন বাটা ও হলুদ গুঁড়ো ও মরিচ গুলো মসলা কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে দিতে হবে ভেজে রাখা আলু দিয়ে আবার ও কষিয়ে দিতে হবে সামান্য জল ও ভাজা মসলা  ও স্বাদ অনুসারে নুন ও চিনি দিয়ে ২-৩ মিনিট ঢাকা দিয়ে রান্না করে ওপর থেকে কাঁচা মরিচ  দিয়ে  নিলেই তৈরি ভাজা মসলা আলুর দম l

    গরম গরম লুচি, রুটি, পরোটা অথবা পোলাও এর সাথে পরিবেশ করুন।

    রেসিপি দিয়েছেন-সুতপা দে