Author: Hello Bangla News

  • ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উপবৃত্তির টাকা উপকারভোগীদের কাছে চলে যাবে: প্রধানমন্ত্রী

    ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উপবৃত্তির টাকা উপকারভোগীদের কাছে চলে যাবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ জুন, ২০২৪: ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উপবৃত্তির টাকা উপকারভোগীদের কাছে চলে যাবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই উপবৃত্তি এবং টিউশন ফি’র টাকা সরাসরি উপকারভোগীদের কাছে চলে যাবে।ডিজিটাল প্লাটফর্মে মেধাবীদের মাঝে এই উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ করতে পেরে আমি খুব খুশি।”

    আজ সোমবার (২৪ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ছেলেমেয়েদের মধ্যে যে মেধা রয়েছে, এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম। আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। এত জ্ঞান তো আমাদেরও নেই, সত্যি কথা বলতে গেলে! এত সুন্দর করে আমরাও বোধহয় বক্তৃতা দিতে পারি না। এত সুন্দরভাবে অনুভূতি ব্যক্ত করে, প্রত্যেকটা দিক তুলে ধরা। প্রত্যেককের বক্তব্যে ভিন্ন ভিন্ন দিক উঠে এসেছে। আমি কথাগুলো শোনার পরে, সত্যি কথা বলতে কি, আমি খুব স্বস্তি অনুভব করছি এই কারণে যে, আগামী দিনে বাংলাদেশ এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ। বদলে যাওয়া বাংলাদেশ। এই এই বাংলাদেশ নিয়ে আর আমাদের দুশ্চিন্তার কিছু নেই।”

    তিনি বলেন, “এখন আমাদের ছোট্ট সোনামনিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করে। ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি।”

    সরকারপ্রধান বলেন, “অনেক হিরার টুকরা ছড়িয়ে আছে, সেগুলো কুড়িয়ে আনা; সেটাই আমাদের মূল্য উদ্দেশ্য। মেধাবী ছাত্রছাত্রী বা মেধাবী শক্তিটা যেন আমাদের দেশের উন্নয়নে কাজে লাগে, আমরা সেটাই চাই। সেই জন্য এই বঙ্গবন্ধু শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে সাহায্য দিয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপবৃত্তি দেওয়া হচ্ছে। তবে প্রকল্প শেষ হয়ে গেলে একটা অসহায়ত্ব দেখা যায়। সেটা যাতে না হয়, সেজন্য এই ট্রাস্ট ফান্ডটাকে বড় করে সমস্ত বৃত্তিগুলো এর মাধ্যমে দিতে পারলে এটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। তখন আর কেউ এটা নষ্ট করতে পারবে না। আমরা ধীরে ধীরে সেই ব্যবস্থাটাই নিবো।”

    শেখ হাসিনা বলেন, “আমরা সমস্ত টেলিফোন সিস্টেমকে ডিজিটালাইজ করি। কম্পিউটার শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় দুই তিনটা কম্পিউটার দিয়ে। ছেলেমেয়েরা যাতে শিক্ষা নিতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া আইন পাশ করে ১২টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ শুরু করি।”

    প্রধানমন্ত্রী বলেন, “বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিজ্ঞান ছাড়া কোনও দেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না”

    তিনি আরও বলেন, “৭৫ পরবর্তী যারা ক্ষমতায় ছিল তারা গবেষণায় কোনও বরাদ্দ দেয়নি। গবেষণা আমাদের কোনও বরাদ্দ ছিল না। আমাদের প্রথম বাজেট অল্প ছিল। সেখান থেকেও গবেষণার জন্য টাকা দিয়ে দেই। পরে যখন বাজেট দেই তখন ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছিলাম। সেটা ছিল কম্পিউটার শিক্ষা এবং গবেষণায়। আমাদের শুধু একটা কৃষি বিশ্ববিদ্যালয় ছিল। আমি আরও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করে দেই। সেইসঙ্গে ১৬টি বেসরকারের বিশ্ববিদ্যালয়, নভোথিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়ু টেকনোলজি ইনস্টিটিউট, এই সবগুলো আওয়ামী লীগ সরকার আমলে শুরু করেছিলাম।”

    একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ জন শিক্ষার্থীর মাঝে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪’ এর সেরা মেধাবী পুরস্কার এবং ২১ শিক্ষার্থীর মাঝে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড, ২০২৩’ বিতরণ করেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

    এছাড়া পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন।

  • খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না অভিযোগটি হাস্যকর: আইনমন্ত্রী

    খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না অভিযোগটি হাস্যকর: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ জুন, ২০২৪: খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না অভিযোগটি হাস্যকর, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করছেন”

    আজ সোমবার (২৪ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, “গতকাল বিকেল চারটা দিকে তার পেইসমেকার লাগানো হয়েছে। সেই পেইস মেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন। আমি এতটুকু বলবো যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার কয়েকটা অসুখ আছে, যেগুলো সেরে ওঠার মতো না। সেটার চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছে।”

    তিনি বলেন, “সেক্ষেত্রে তিনি সুচিকিৎসা পাচ্ছেন। যখন এখানকার চিকিৎসকরা মনে করেছেন বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর করেছেন।”

    খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে আইনমন্ত্রী আন্তরিক নন, বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা; সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য ঠিক নেই বলেই তারা এসব কথা বলছেন। তারা যদি সংবাদ সম্মেলন করে আমার প্রতি রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্ত আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।”

  • মির্জা ফখরুলের কান্নার পেছনে অনেক কারণ আছে: পররাষ্ট্রমন্ত্রী

    মির্জা ফখরুলের কান্নার পেছনে অনেক কারণ আছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৪ জুন, ২০২৪: মির্জা ফখরুলের কান্নার পেছনে অনেক কারণ আছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “দেখা যায় মধ্যরাতে বিএনপির কমিটি বাতিল আবার ভোররাতে আরেকজনের সুপারিশে বহাল। এটি বিএনপির মধ্যে এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। যে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা নাই তারা আবার গণতন্ত্রের কথা বলে কীভাবে। মির্জা ফখরুল সাহেবের কান্না তো এমনিতেই আসে না, এর পেছনে অনেক কারণ আছে।”

    আজ সোমবার (২৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তদন্তের আগে গণমাধ্যমের সামনে কাউকে দুর্নীতিবাজ বলাও সমীচীন নয়। অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক হবে। কিন্তু সে ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন প্রয়োজন। কোন নিরপরাধ মানুষ যাতে ভিকটিম না হয়। কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসেবে যেন কোনো সংবাদ পরিবেশন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

    তিনি বলেন, “গত নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র ছিল। প্রথমে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র বানচাল হওয়ার পর ষড়যন্ত্র করা হয়েছিল সরকার যেন বিশ্ব দরবারে সমাদৃত না হয়। ৮০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে সরকারের সঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ৩২টি আন্তর্জাতিক সংস্থা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এরপর বিএনপির বেলুন শেষ হয়ে গিয়েছে।”

    হাছান মাহমুদ বলেন, “কয়েকদিন আগে পত্রিকায় একটি শিরোনাম দেখলাম ‘মহাসচিবের খোঁজে বিএনপি’৷ একটি দল আট থেকে নয় বছর কোন সম্মেলন হয় না। আবার দেখলাম কয়েক ডজন পদ কোনো সম্মেলন ছাড়াই তারা পূরণ করে দিয়েছে। মার্শাল ল’ অ্যাডমিনিস্ট্রেটররা যেভাবে কলমের খোঁচায় কাউকে বরখাস্ত করতো এবং দলে অন্তর্ভুক্ত করতো ঠিক একই কায়দায় দেশের অভ্যন্তরে নয় দেশের বাইরে থেকে কে কোন পদ পাবে সেটি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক করে দিচ্ছে। যাদের নিজেদের দলেই কোনো গণতন্ত্র নেই। তার আবার মুখে গণতন্ত্রের কথা বলে।”

    তিনি বলেন, “মহাসচিবের খোঁজে বিএনপি’ পত্রিকায় এই শিরোনাম দেখার দুইদিন পর দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাঁদছেন। পত্রিকায় এসেছে খালেদা জিয়া অসুস্থ বিধায় তিনি কেঁদেছেন। খালেদা জিয়ার তো বহুদিন ধরে অসুস্থ। এতদিন তো কান্না দেখিনি। শিরোনামে মহাসচিব খোঁজার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার ছবি দুইটার মধ্যে সংযোগ আছে কি না এটা খুঁজে দেখার বিষয়। আওয়ামী লীগের থেকে তাদের শেখার আছে। আওয়ামী লীগের প্রতি তিন বছর অন্তর সম্মেলন হয়। কলমের খোঁচায় আওয়ামী লীগ থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয় না, দলে অন্তর্ভুক্ত করা হয় না। গঠনতন্ত্র অনুযায়ী সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেখ হাসিনাকে সমস্ত ক্ষমতা প্রদান করা হলেও তিনি সেই ক্ষমতা প্রয়োগ করেন না। আলাপ-আলোচনার ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেন।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যখন আওয়ামী লীগ সংকটময় মুহূর্তে পড়তে যাচ্ছিল তখন দলের ঐক্যের প্রতীক হয়ে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে ১৯৮১ সালে আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত করা হয়। শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করার পর বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে তিনি তিলে তিলে গড়ে তুলেছেন। বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে তিনি মায়ের মমতায়, বোনের স্নেহে কর্মীদের আগলে রেখে সংগঠিত করেছেন।”

    তিনি বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। গণতন্ত্রকে শেকল বন্দি করা হয়েছে। সেই শেকল বন্দি গণতন্ত্র বারবার শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি লাভ করেছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছরের পথ চলার ৪৩ বছরই শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেতার দল নয়, আওয়ামী লীগ কর্মীদের দল। আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা আছে। বিএনপিসহ অন্যান্য দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই।

    পৃথিবী জুড়ে সংকটময় পরিস্থিতি চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “সংকটময় পরিস্থিতিতে পৃথিবী আজ টালমাটাল। এমন পরিস্থিতিতে আমরা আমাদের উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি, দেশের অগ্রযাত্রা অব্যাহত আছে। করোনা এবং করোনা পরবর্তী সময়ে অনেক দেশেই দেখা দিয়েছে কিন্তু আমাদের কোনো সংকট হয়নি। এটি শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।

    শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. অরুপ রতন চৌধুরীর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনটির প্রতিষ্ঠাতা সহসভাপতি মোবারক আলী শিকদারসহ আরও অনেকে।

  • ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত

    ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৪ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের সকালে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। অ্যান্টিগায় আজ গ্রুপ পর্বে ডু অর ডাই ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে তাদের সামনে (৮ উইকেট হারিয়ে) ১৩৬ রানের লক্ষ্য দিতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে বৃষ্টি আইনে সেই লক্ষ্য নেমে আসে ১২৩ রানে। যা ৭ উইকেট হারিয়ে পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।  টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি (৭) ম্যাচ জেতার রেকর্ডও গড়েছে তারা। এর আগে ২০০৯ সালে ৬ ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা।

    লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারে তারা হারায় দুই ওপেনার রিজা হ্যানড্রিকস ও কুইন্টন ডি ককের উইকেট। দুজনকেই ফেরান ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর নামে বৃষ্টি। পরে বৃষ্টি থামলে বৃষ্টি আইনে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে, লক্ষ্য দাঁড়ায় ১২৩ রানে।

    বৃষ্টির পরে প্রতিরোধ গড়েন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবস। কিন্তু ষষ্ঠ ওভারে মার্করাম (১৮) বিদায় নিলে ভাঙে এই জুটি। সপ্তম ওভারে গুদাকেশ মোতির বলে হেনরিখ ক্লাসেনের তিন চার ও এক ছক্কায় আসে ২০ রান। তবে পরের ওভারে আলজারি জোসেফের শিকার হন ১০ বলে ২২ রান করা ক্লাসেন।

    প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরের দুই ওভারেই ফের চাপে পড়ে যায় তারা। রাসেলের এক ওভারে আসে ৩ রান। পরের ওভারে রোস্টন চেজের বলে আউট হন ডেভিড মিলার (৪)। ওই ওভারে আসে মাত্র ২ রান। এরপর রাসেল ৬ রান খরচ করে ওভার শেষ করেন।

    ১৪তম ওভারে ফের ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। চেজের করা ওভারের প্রথম বলেই বিদায় নেন ভালো খেলতে থাকা স্টাবস (২৯)। শেষ ৩ ওভারে তখন ১৯ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ক্রিজে স্বীকৃত ব্যাটার বলতে মার্কো ইয়েনসেন। ১৫তম ওভারে আসে ৬ রান।

    ১৬তম ওভারের প্রথম বলেই কেশভ মহারাজকে বিদায় করেন চেজ। ওভারের শেষ বলে চার হাঁকিয়ে লক্ষ্যটাকে হাতের মুঠোয় নিয়ে আসেন। তাতে শেষ ওভারে মাত্র ৫ রানের লক্ষ্য দাঁড়ায়। ভয় কাটিয়ে ১৭তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন ইয়েনসেন।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মেয়ার্সের ৩৪ বলে ৩৫ রান ও চেজের ৪২ বলে ৫২ রানের ইনিংসে ভর করেই লড়াই করার মতো পুঁজি পায় বিশ্বকাপের সহ-আয়োজকরা। শেষদিকে ৯ বলে ১৫ রান করে কিছুটা ভূমিকা রাখেন রাসেল। কিন্তু তাদের এই পুঁজি যথেষ্ট প্রমাণিত হয়নি।

    এই জয়ে গ্রুপ ‘টু’ থেকে সেমিফাইনাল নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার। ৩ ম্যাচের সবকটিতেই জিতে ৬ পয়েন্ট হয়েছে তাদের। দুই ম্যচ জিতে তদের সঙ্গী হয়েছে ইংল্যান্ডও। ফলে সহ-আয়োজক হয়েও সুপার এইট থেকেই বিদায় নিতে হলো ওয়েস্ট ইন্ডিজকে।

    গতাকাল রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গতকাল বার্বাডোসের কেনসিংটন ওভালে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ‍যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ১১৫ রান। এই রান কোনো উইকেট না হারিয়ে ৬২ বল হাতে রেখেই তাড়া করে ফেলে ইংল্যান্ড।

    আজকের খেলা

    আজকের গুরুত্বপূর্ণ খেলায় অংশ নেবে ভারত ও অস্ট্রেলিয়া। সেন্ট লুসিয়ায় ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। আজ অস্ট্রেলিয়া জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত হবে। তবে গতকাল সকালে যদি আফগানিস্তান ভালো অবস্থানে থেকে বাংলাদেশকে হারায় তবে তারাই যাবে সেমিফাইনালে। আর অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশেরও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অবশ্য এই বড় ব্যবধানে আফগানদের হারাতে হবে শান্ত বাহিনীকে।

  • পুলিশ বাহিনী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল: আইজিপি

    পুলিশ বাহিনী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ জুন, ২০২৪: পুলিশ বাহিনী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল, বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।তিনি বলেন, “পুলিশ বাহিনী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ চাইলে যে কাউকে যেকোনো সময় স্টপ করতে পারে না। আইনের মাধ্যম দিয়ে যেতে হয়।”

    আজ সোমবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    আইজিপি বলেন, “ঢাকা রেঞ্জ মানুষের সেবা দিয়ে আসছে। আমি নিজেও এক সময় এই রেঞ্জের ডিআইজি ছিলাম। তখন চেষ্টা করেছি ঢাকা রেঞ্জের ইতিহাসটা বের করার। এটি ছিল অনেক কঠিন একটি কাজ। বর্তমান ডিআইজি অনেক তথ্য সংগ্রহ করেছেন। বর্তমানে ৯৬টি থানা নিয়ে পরিচালিত হচ্ছে ঢাকা রেঞ্জ।”

    এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এদিকে ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৭টায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

  • মতিউর, তার স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

    মতিউর, তার স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ জুন, ২০২৪: আদালত দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো. মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও তাদের পুত্র আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন ।

    আজ সোমবার (২৪ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন।

    জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারবার অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবারই অনুসন্ধান পর্যায় থেকে শেষ হয়েছে কার্যক্রম। এক ধরনের অলিখিত ‘ক্লিনচিট’ দেওয়া হয়েছে মতিউরকে। মতিউরের বিরুদ্ধে ফের অনুসন্ধান শুরু করেছে দুদক।

    মতিউরের নামে-বেনামে শতশত কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য সামনে এসেছে। এছাড়া মতিউরের সন্তানদের বিলাসবহুল গাড়িও, পাখি ফেসবুকে ভাইরাল হয়েছে। এবার পঞ্চম বারের মতো তার বিরুদ্ধে তদন্ত শুরু হলো।

    এই কর্মকর্তার বিরুদ্ধে গত ১৮ বছরের ব্যবধানে ২০০৪, ২০০৮, ২০১৩ ও ২০২১ সালে মোট চারবার অনুসন্ধান করে দুদক। তবে নথিভুক্তির মাধ্যমে এসব অনুসন্ধানের পরিসমাপ্তি ঘোষণা করে দুদক। অর্থাৎ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরে মতিউর রহমানকে নিয়ে কমিশনের অনুসন্ধান ও পরবর্তী কার্যক্রম থেমে যায়।

    দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মইনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে ৪ জুনের কমিশন সভায় মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পঞ্চম বারের মতো অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন উপ-পরিচালককে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। এরই মধ্যে সদস্যরা কাজও শুরু করেছেন।

    এদিকে, গতকাল রবিবার (২৩ মে) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

  • ভারতের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো: প্রযুক্তি প্রতিমন্ত্রী

    ভারতের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো: প্রযুক্তি প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৪ জুন, ২০২৪: ভারতের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “ভারতের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো যেখানে ওরা প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর আমরা আমাদের প্রায় ৫০ জন ছেলে মেয়েকে এখানে ব্যবহার করবো যারা ইসরো ভিজিট করবে।”

    আজ সোমবার (২৪ জুন) সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

    প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “সম্প্রতি ভারত সফরে আমাদের মন্ত্রণালয়ের দুইটি বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ। তার একটি হচ্ছে ভিষণ পার্টনারশিপ ডকুমেন্টস ফর ডিজিটাল পার্টনারশিপ। যেটা ভারতের আছে ‘বিকশিত ভারত-২০৪৭’। তাদের উন্নত, উচ্চ আয়ের দেশ হওয়া। আর প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১, স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ হওয়া। এর জন্য কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করবো, সেজন্য একটা ভিশন ডিজিটাল পার্টনারশিপ ডকুমেন্টস, একটা নতুন ধরনের অনেক বড় পরিসরের বড় পরিধির ভিশন সাইন করছি।”

    তিনি আরও বলেন, “আরেকটি বিষয় হচ্ছে, তাদের যে ইসরো আছে- স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা বেশ ভালো করছে এবং চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদেও অবতরণ করেছে। তাদের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো যেখানে ওরা প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর আমরা আমাদের প্রায় ৫০ জন ছেলে মেয়েকে এখানে ব্যবহার করবো যারা ইসরো ভিজিট করবে। তাদের বিজনেস উইংয়ের সঙ্গে কাজ করবে, গবেষণার কাজ করবে এবং ওদের কিছু স্যাটেলাইটের কনস্ট্রাকশন ডিজাইন আমরা যৌথভাবে করবো এবং সেটা আমরা একসঙ্গে আমরা লঞ্চ করবো। ওটা হবে আর্থ অবজারভেটরি জিও স্পেশাল স্যাটেলাইট। যেটি ৫-৬ বছরের মেয়াদ থাকবে।”

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ২১ ও ২২ জুন রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।

  • রাশিয়ায় গির্জা ও পুলিশ পোস্টে হামলায় নিহত ২৩ জন

    রাশিয়ায় গির্জা ও পুলিশ পোস্টে হামলায় নিহত ২৩ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ জুন, ২০২৪: রাশিয়ার দুটি গির্জা ও পুলিশ পোস্টে ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দেশটির উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত দাগেস্তান প্রজাতন্ত্রের দু’টি শহরে ইহুদি এবং খ্রিস্টানদের চারটি ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। একইসঙ্গে, পুলিশের একটি তল্লাশিচৌকিতেও হামলার ঘটনা ঘটেছে।

    এসব ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং ছয় জন হামলাকারী রয়েছে বলে জানা গেছে।

    হামলায় অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার (২৩ জুন) সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রে অবস্থিত ডারবেন্ট এবং মাখাচকালা শহরে পৃথক দুটি হামলায় ঘটনা ঘটে। দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায় বন্দুকধারীরা।

    হামলার শিকার ওই সিনাগগ এবং গির্জা উভয়ই ডারবেন্টে অবস্থিত, যা প্রধানত-মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল।

    অন্যদিকে হামলার শিকার পুলিশ পোস্টটি প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত। এ দুই হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

    রাশিয়া ইহুদি কংগ্রেস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রবিবার সন্ধ্যার প্রার্থনার প্রায় ৪০ মিনিট আগে ডারবেন্ট সিনাগগে হামলা চালানো হয়। বন্দুকধারীরা পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় এবং মোলোটভ ককটেল নিক্ষেপ করে।

    মাখাচকালায় হামলাটিও একই রকম ছিল বলে জানিয়েছে ওয়েবসাইটটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে উপাসনালয়ের ভবনগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে।

    ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘হত্যা’ করা হয়েছে বলে জানিয়েছেন দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ।   হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    মেলিকভ বলেছেন, ‘গতকাল রবিবার রাতে ডারবেন্ট এবং মাখাচকালায়, অজ্ঞাত লোকেরা সেখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছিল। দাগেস্তান পুলিশ অফিসাররা তাদের পথে বাধা দেয়। তারা হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। সমস্ত পরিষেবা নির্দেশনা অনুযায়ী কাজ করছে এবং হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। ’

    তবে রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিল বলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে করছে।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় একটি তদন্ত শুরু করেছে রাশিয়া তদন্তকারী কমিটি।

  • বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ জুন, ২০২৪: বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বলে জানিয়েছেন আওয়মী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজেই এটাকে (আস্থা-বিশ্বাস) ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

    আজ (জুন ২৩) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, “আমার একটাই আবেদন থাকবে আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। যেকোন একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায়, যতই ষড়যন্ত্র হোক (সফল হওয়া যায়)।”

    আওয়ামী লীগ সভাপতি বলেন, “প্রত্যেক নেতাকর্মীকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বলব, আপনারা একবার চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কষ্ট করেছে। বার বার আঘাত এসেছে। পরিবারগুলো কষ্ট করেছে। কিন্তু এই সংগঠন ধরে রেখেছে। কাজেই যেমন সংগঠন করতে হবে, সেই ভাবে জনগণের আস্থা-বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা-বিশ্বাসটা অর্জন করতে হবে।”

    শেখ হাসিনা বলেন, “(জনগণের) সেই আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বার বার জনগণ আমাদের ভোট দিয়েছে। বার বার ক্ষমতায় এসে, দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে ২০০৯ থেকে এই ২০২৪ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থ-সামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে।”

    শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করার সংগঠন। কাজেই বার বার আঘাত এসেও এই সংগঠনের কোনো ক্ষতি করতে পারেনি। বেশি দিন আগের কথা নয়, ২০০৭ সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে নতুন কিংস পার্টি গড়ে তোলার। সেটাও সফল করতে পারেনি। কারণ, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, মুজিব আদর্শের সৈনিক। এ সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। হয়ত কখনো কখনো নেতারা ভুল করেছেন। কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকলে তারাই হয়ত বড় নেতা। দলের থেকে নিজেকে বড় মনে করেন, কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন। তারা ভুল করেছেন।

    স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, “২০৪১, ২১০০… অনেক বয়স হয়েছে, ততদিন হয়তো বেঁচে থাকব না। কিন্তু আজকে যারা নবীন, যারা আমার স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে; আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্লাটিনাম জুবিলিতে এটাই আমাদের প্রতিজ্ঞা।”

    প্রধানমন্ত্রী বলেন, “আকাশে মিটি মিটি তারা জ্বলে, তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যেসব নেতারা আওয়ামী লীগ ছেড়েছিলেন তারা ভুলে গিয়েছিলেন দলের কথা। তারা আলোকিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই। চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলেনি। অনেকেই নিভে গেছেন। কেউ ভুল বুঝে ফিরে এসেছে, আমরা নিয়েছি। আবার কেউ কেউ এখনো আওয়ামী লীগের ও সরকারের পতন কল্পনা করে যাচ্ছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি।”

    মৃত্যুকে পরোয়া করেন না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “হ্যাঁ, মৃত্যু যেকোন সময় সবার হতে পারে। যেকোন সময় মৃত্যু আসতে পারে। তার জন্য আমি কোনদিন ভীত না। কখনো ভয় পাইনি, পাব না। কিন্তু যতক্ষণ শ্বাস, ততক্ষণ আঁশ। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা-চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব। এটাই আমাদের লক্ষ্য।”

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির প্লাটিনাম জয়ন্তীর এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, ১৪ দলের কেন্দ্রীয় নেতারা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পায়রা ও বেলুন অবমুক্ত করেন।

    এরপর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। সাংস্কৃতিক পর্বের শুরুতে পরিবেশন করা হয় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর থিম সং। পরে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে নাচ ও গান পরিবেশন করা হয়।

    বেলা ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বেলা ৩টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন।

    আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে ঢাক-ঢোলের তালে নেচে গেয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন অনেক নেতাকর্মী। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

  • আওয়ামী লীগের পথ চলা ও উত্থানের গল্প

    আওয়ামী লীগের পথ চলা ও উত্থানের গল্প

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ জুন, ২০২৪: ১৯৪৯ সালের ২৩মে জুলাই ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হয়। যার নাম তখন ছিলো পূ্র্ব পাকিস্তান আওয়মী মুসলিম লীগ। ১৯৫৪ সালে অসাম্প্র্রদায়িক দল গঠনের লক্ষ্যে ১৯৫৫ সালের কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম রাখা হয পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৬৬ সালের পরিপ্রেক্ষিতে দেশের বাঙালিরা স্বাধীনতাকামি হয়ে উঠে। তার পর থেকে আস্তে আস্তে পূর্ব পাকিস্তান নামটিও মুছে যায়।দলের নাম হয় আওয়ামী লীগ।এভাবেই আজ থেকে ৭৫ বছর আগে আওয়ামী লীগের পথ চলা এবং আজকের এই উত্থান।

    লেখক ও রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমদ আওয়ামী লীগের উত্থান নিয়ে বই লিখেন। তিনি উল্লেখ করেন, ১৯৪৮ সালে পাকিস্তান হওয়ার পরে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরাম খান এবং খাজা নাজিমুদ্দিন।

    সোহরাওয়ার্দী-আবুল হাশেম নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারী যে প্রোগ্রেসিভ [উদারপন্থী) নেতারা ছিলেন, তারা তখন সেখানে নিজেদের অবহেলিত মনে করছিলেন। তখন তারা মোঘলটুলিতে ১৫০ নম্বর বাড়িতে একটি কর্মী শিবির স্থাপন করেছিলেন। সেখানে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার কথা চিন্তা করছিলেন। কলকাতা থেকে এসে শেখ মুজিবুর রহমান তাদের সাথে যুক্ত হন।

    তখন টাঙ্গাইলে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পদত্যাগ করার কারণে শূন্য হওয়া একটি উপনির্বাচনে দুই দফায় মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন মওলানা ভাসানী এবং শামসুল হক। কিন্তু তাদের দুজনের নির্বাচনী ফলাফলই অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তারাও এসে এই মুসলিম কর্মীদের সঙ্গে মিলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবতে শুরু করেন। তারা একটি সভা ডাকেন। সেই সভা ডাকার প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন মওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান।

    কিন্তু সেই সভা করার জন্য কোন অডিটোরিয়াম পাওয়া যাচ্ছিলো না। তখন কে এম দাস লেনের কাজী হুমায়ুন রশীদ তার মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার আহবান জানান।

    সেখানেই ২৩শে জুন বিকালে আড়াইশো-তিনশো লোকের উপস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী সেই দলের নামকরণ করা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’।

    সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় ‘নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’, যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

    নতুন দল গঠনের পর মওলানা ভাসানীকে দায়িত্ব দেয়া হয় একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য। তিনি অন্যদের সাথে পরামর্শ করে একটি কমিটি ঘোষণা করেন।সেই নতুন কমিটির সভাপতি হলে মওলানা ভাসানী। সহ-সভাপতি হলেন আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আহমেদ আলী খান, শাখাওয়াত হোসেন ও আবদুস সালাম খান।

    সাধারণ সম্পাদক হলেন শামসুল হক। ট্রেজারার হন ইয়ার মোহাম্মদ খান, যার মালিকানাধীন রোজ গার্ডেনে প্রথম সভার আয়োজন হয়।

    শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটক থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এভাবেই প্রথম ৪০ জনের কমিটি গঠিত হয়। তবে পরবর্তীতে তাদের অনেকে আর আওয়ামী লীগের সঙ্গে থাকেননি।

    পরের দিন, ২৪শে জুন আরমানিটোলা ময়দানে একটি জনসভা ডাকা হয়েছিল। কিন্তু তৎকালীন মুসলিম লীগের কর্মীরা সেই সভায় হামলা করেছিলেন।

    লেখক মহিউদ্দিন আহমদ বলছেন, ”অলি আহাদের বইতে একটি ভাষ্য পাওয়া যায় যে, রোজ গার্ডেনের সভায় কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছিলেন এ কে ফজলুল হক। তিনি তখন পূর্ব পাকিস্তান সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন (বর্তমান অ্যাটর্নি জেনারেল পদ)। কিন্তু সরকারি পদে থাকার কারণে তিনি কিছুক্ষণ পরেই সেখান থেকে চলে যান।”

     

    লেখক মহিউদ্দিন আহমদ বলছেন, ”দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করছিলেন। এ নিয়ে দলে বেশ একটি বিরোধ তৈরি হয়েছিল, যে মুসলিম শব্দটি থাকবে নাকি থাকবে না।”

    তখন হিন্দু এবং মুসলিম আসনে আলাদাভাবে নির্বাচন হতো। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের সময় একটা সমঝোতা হয়েছিল যে, এই দলটি একটি অসাম্প্রদায়িক দল হবে। ওই নির্বাচনে ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসন পায় যুক্তফ্রন্ট, যা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সঙ্গে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল, পাকিস্তান খেলাফত পার্টি আর নেজামে ইসলামী পার্টির সমন্বয়ে গঠিত হয়েছিল। আওয়ামী মুসলিম লীগ পেয়েছিল ১৪৩টি আসন।

    যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন মওলানা ভাসানী, এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

    ”যদিও মওলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেয়ার জন্য জোর দিচ্ছিলেন, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাইছিলেন যে মুসলিম শব্দটি থাকুন। কারণ তার ভয় ছিল, এটা বাদ হলে পশ্চিম পাকিস্তানে জনপ্রিয়তা কমে যাবে,” বলছেন মি. আহমদ।

    ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগে যে কাউন্সিল হয়, সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। ফলে অমুসলিমরাও এই দলে যোগ দেয়ার সুযোগ পান।

    তবে পূর্ব পাকিস্তান শব্দ দুইটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার হতে শুরু করে।

     

    মহিউদ্দিন আহমদ বলছেন, ”১৯৫২ সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। পরের বছর ঢাকার মুকুল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।”

    পরবর্তীতে ১৯৬৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

    তবে পররাষ্ট্রনীতি নিয়ে মত-পার্থক্যের কারণে ১৯৫৭ সালে এই রাজনৈতিক দলটিতে ভাঙন দেখা দেয়।

    লেখক মহিউদ্দিন আহমদ বলছেন, ”তখন আওয়ামী লীগ পাকিস্তানের সরকারে। সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের কয়েকটি সামরিক চুক্তি হয়। সিয়াটো এবং সেন্টো সামরিক জোটে পাকিস্তান সদস্য ছিল।”

    “মওলানা ভাসানী এবং দলের মধ্যে থাকা বামপন্থীরা চাপ দিচ্ছিলেন যাতে আওয়ামী লীগ মার্কিন সামরিক জোট থেকে বেরিয়ে আসে। সোহরাওয়াদীকে মার্কিন চুক্তির সমর্থক বলে মনে করা হতো।”

    পাক-মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি করছিলেন মওলানা ভাসানী, কিন্তু তাতে রাজি হননি প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী।

    ওই বিরোধের একটা পর্যায়ে এসে টাঙ্গাইলের কাগমারিতে দলের যে সম্মেলন হয়, সেখানে মওলানা ভাসানীর প্রস্তাবটি ভোটাভুটিতে হেরে যায়। এরপর ১৮ই মার্চ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মওলানা ভাসানী।

    সেই বছর ২৫শে জুলাই তিনি ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। আওয়ামী লীগ থেকে বেরিয়ে অনেক নেতা তার নতুন দলে যোগ দেন, যাদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ইয়ার মোহাম্মদ খানও। তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। সাধারণ সম্পাদক হিসাবে থাকেন শেখ মুজিবুর রহমান।

    ১৯৬৪ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা হয়। লেখক মহিউদ্দিন আহমদ বলছেন, ”আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে অনুরোধ করেছিলেন শেখ মুজিব। কিন্তু মানিক মিয়া তাতে রাজি হননি, কারণ তিনি লেখালেখি নিয়ে থাকতে চেয়েছিলেন। জাস্টিস মোহাম্মদ ইব্রাহিম নামের সাবেক একজন মন্ত্রীকেও অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনিও সভাপতির দায়িত্ব নিতে রাজি হননি।”

    ”তখন ১৯৬৪ সালের কাউন্সিল সভায় মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশকে পুরোপুরি সভাপতি নির্বাচিত করা হয়। শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক থেকে যান।”

    ”কিন্তু ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচী ঘোষণা করার পর মাওলানা তর্কবাগীশসহ অনেকেই তার বিরোধিতা করেন।”

    ”ওই বছর মার্চ মাসে আওয়ামী লীগের কাউন্সিল মিটিংয়ে শেখ মুজিবুর রহমান প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হয়েছিলেন তাজউদ্দিন আহমদ। যারা ছয় দফার বিরোধিতা করেছিলেন, তাদের অনেক নেতাই আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়েছিলেন।”

    সেই নেতৃত্বের হাত ধরেই বাংলাদেশ পরবর্তীতে স্বাধীন হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ ছন্ন-ছাড়া হয়ে পড়ে। পরে শেখ হাসিনা দেশে এসে আওয়মী লীগের হাল ধরেন। তারপর থেকে আজ অবধি বাংলাদেশের পথ চলায় এসেছে নানা ধরণের উত্থান পতন। তারপরও আওয়ামী লীগ বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যাদের সংগঠনিক শক্তি অনেক মজবুত। আওয়ামী লীগ বর্তমান দেশ পরিচালনা করছেন।৭৫ বছরের পথ চলায় অনেক কিছু অর্জন করেছে বাংলাদেশ। শুধু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রাহমানকে হত্যার পর একটা ছেদ পড়েছিলো। পরে নভেম্বরে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। এতে প্রমাণিত হয় দেশকে ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিলো তৎকালিন সময়ে। পরে দলটি সংগঠিত করেন বর্তমান আওয়ামী লীগের সভাপতি ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সূত্র: বিবিসি বাংলা