Author: Hello Bangla News

  • ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ হাইকোর্টের

    ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ হাইকোর্টের

    www.HelloBangla.News – অর্থনীতি – ১ জুলাই, ২০২৪: হাইকোর্ট এক নির্দেশনায় জানিয়েছে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, গুরুত্বপূর্ণ ব্রিজ, ফেরি ও রোডে চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে । একইসঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

    এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে আজ সোমবার (১ জুলাই) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। এর আগে গত ৭ মে জনস্বার্থে রিটটি দায়ের করেছিলেন বলেও জানান তিনি।

    ‘টোল আগে না জীবন আগে?’ শিরোনামে গত ২৮ এপ্রিল একটি পোটালে একটি বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফায়ার সার্ভিস একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আগুন লাগা, নৌকাডুবি, ভূমিকম্প, কোনো ভবনধস কিংবা কোনো বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিসই সবার আগে ছুটে যায়। এমনকি কোনো জাহাজ বা লঞ্চ যখন দুর্ঘটনায় পড়ে তখনও এই ফায়ার ফাইটাররাই ছুটে যায়। জীবনবাজি রেখে মানুষের কল্যাণে কাজ করে।

    কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন সেতু ও ফেরি পার হয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যখন অগ্নিনির্বাপণ কিংবা উদ্ধার কার্যক্রম চালাতে যায় তখন টোল প্লাজায় টোল পরিশোধ করতে হয়। এতে ব্যাহত হয় উদ্ধার কার্যক্রম। বাড়তে থাকে জানমালের ক্ষতি। এ নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিলেও সমাধান হয়নি এখনো।

    এই প্রতিবেদন প্রকাশের প্রায় দুই মাস পর ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

  • ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর জোট পিছিয়ে

    ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর জোট পিছিয়ে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ জুলাই, ২০২৪: ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে হতাশাজনক ভোট পেয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট। ম্যাক্রোঁর মধ্যপন্থি জোট নির্বাচনের ফলাফলে তৃতীয় স্থানে রয়েছে। অবশ্য মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি ফার রাইট দল আরএন এবার প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে। বিভিন্ন জনমত জরিপে আগেই এমন ফলাফল হওয়ার আভাস দেওয়া হয়েছিল।

    গতকাল রবিবার (৩০ জুন) অনুষ্ঠিত এই নির্বাচনের বুথফেরত জরিপ অনুযায়ী, মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালি (আরএন) এ নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান পেতে যাচ্ছে।

    প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারেন বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। ম্যাক্রোঁর এনসেম্বল জোট ২০ দশমিক ৫ শতাংশ থেকে ২৩ শতাংশ ভোট নিয়ে তৃতীয় হতে পারে।

    ফ্রান্সের এবারের নির্বাচনে ভোট পড়ার হার ১৯৮৬ সালের পর সর্বোচ্চ। গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ ভোট পড়ার হার ছিল ৬০ শতাংশ। এর আগের পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৩৯ দশমিক ৪২ শতাংশ।

    ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। একাধিক জরিপ সংস্থার হিসাব বলছে, ৫৭৭ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে আরএন। কিন্তু দ্বিতীয় রাউন্ডের পর তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনও নিশ্চিয় নয়।

    ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে খারাপ ফলাফল করার পর আগাম নির্বাচনের ঘোষণা দেন মাখোঁ। কিন্তু অনেকটা বাজি ধরার মত তার এই সিদ্ধান্ত এখন উল্টো ফল দিতে যাচ্ছে। এই পরাজয়ে পার্লামেন্টে ম্যাক্রোঁর জোটের অবস্থান আরও দুর্বল হয়ে পরবে বলে ধারণা করা হচ্ছে। ফলে, মেয়াদের বাকি তিন বছরে প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁর ক্ষমতা অনেকটা কমে গেছে।

  • সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব চেয়ে হাইকোর্টে রিট

    সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব চেয়ে হাইকোর্টে রিট

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুলাই, ২০২৪: দুর্নীতি দমন করতে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

    আজ সোমবার (১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলান তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।

    সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ এই রিট দায়ের করেন।

    রিটে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়।

    রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লিখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি। মঙ্গলবার (২ জুলাই) এই রিটের শুনানি হতে পারে।

  • বিদায়ী বছরে রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার

    বিদায়ী বছরে রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার

    www.HelloBangla.News – অর্থনীতি – ১ জুলাই, ২০২৪: বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। আজ সোমবার (১ জুলাই) এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংক থেকে।

    বিদায়ী অর্থবছরে এর আগের অর্থবছরের চেয়ে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার বেশি প্রবাসী আয় এসেছে। আগের ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

    বিদায়ী বছরে প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগ নেয় সরকার। সর্বশেষ গত মে মাসে প্রবাসী আয়ে ডলারের দাম বাড়ানো হয়। এতে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ে। এর মধ্যে শেষের মাস জুনে এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

    সদ্যবিদায়ী জুন মাসে রেকর্ড ২ দশমিক ৫৪ বিলিয়ন রেমিট্যান্স এসেছে দেশে, যা ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। সবশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল প্রবাসী আয়। ওই মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

    সদ্যবিদায়ী অর্থবছরের মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার প্রবাসী আয় আসে। সে হিসাবে মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। আর গত বছরের একই মাসের তুলনায় বেশি এসেছে ৩৪ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

    আগের অর্থবছরে এসেছিল ২ হাজার ১৬১ কোটি ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৩১ কোটি ডলার। অর্থবছরের হিসাবে সর্বোচ্চ ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল।

  • বর্তমানে বিশ্বের ৬০টি দেশে আমাদের ৮৪টি কূটনৈতিক মিশন আছে: পররাষ্ট্রমন্ত্রী

    বর্তমানে বিশ্বের ৬০টি দেশে আমাদের ৮৪টি কূটনৈতিক মিশন আছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ জুলাই, ২০২৪: বর্তমানে বিশ্বের ৬০টি দেশে আমাদের ৮৪টি কূটনৈতিক মিশন আছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, “বর্তমানে বিশ্বের ৬০টি দেশে আমাদের ৮৪টি কূটনৈতিক মিশন আছে। এর মধ্যে ৮০টি মিশনের কার্যক্রম চালু আছে। এর মধ্যে ৪৭টি দূতাবাস, ১৪টি হাইকমিশন, ১২টি কনস্যুলেট, তিনটি স্থায়ী মিশন, চারটি উপ-হাইকমিশন এবং চারটি সহকারী হাইকমিশন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।”

    আজ সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

    এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত করা হয়।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নতুন করে নয়টি দেশে আমাদের কূটনৈতিক মিশন স্থাপনের কাজ চলছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস, নরওয়ের রাজধানী অসলো ও কম্বোডিয়ার রাজধানী নমপেনে নতুন করে বাংলাদেশ মিশন স্থাপন করা হবে। এছাড়া চীনের গুয়াংজো, ব্রাজিলের সাওপাওলো, জার্মানির ফ্রাঙ্কফুট ও মালয়েশিয়ার জোহর বাহরুতে সাব-মিশন স্থাপন করা হবে।”

    তিনি বলেন, “বর্তমানে সুদানের (খার্তুম) মিশনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিয়েরা লিওন ও আফগানিস্তানের কাবুল মিশন দুটি প্রশাসনিক প্রক্রিয়া শেষে চালুর অপেক্ষায় আছে। এছাড়া সৌদি আরবের জেদ্দায় ওআইসি সেক্রেটারিয়াট (স্থায়ী মিশন) স্থাপনে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন ও মন্ত্রিসভার সদয় অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন প্রক্রিয়া শেষ হয়েছে।”

  • বিএনপি খালেদা জিয়ার শারীরিক অবস্থার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে: সেতুমন্ত্রী

    বিএনপি খালেদা জিয়ার শারীরিক অবস্থার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৩০ জুন, ২০২৪: বিএনপি খালেদা জিয়ার শারীরিক অবস্থার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, বলে জানিয়েছেন  আওয়ামী লীগ সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে ‘রাজনীতি’ এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে ‘মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।”

    রবিবার (৩০ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, “আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি আজ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া।”

    তিনি আরও বলেন, “খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনও ব্যক্তির মুক্তভাবে এভাবে চিকিৎসাসেবা গ্রহণের কোনও নজির নেই। কিন্তু বিএনপি কয়েক বছর ধরে আইনি পদ্ধতি ব্যতিরেকে খালেদা জিয়ার মুক্তির দাবি করছে।”

    বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, “খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সংবিধান ও আইনি প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনও সাজাপ্রাপ্ত ব্যক্তির দেশ ত্যাগ করার কোনও বিধান নেই। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন।”

    তিনি বলেন, “বিএনপি এ বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ না করে, উচ্চ আদালতে না গিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে। ঐতিহ্যগতভাবে বিএনপি কখনও আইনের শাসনে বিশ্বাস করে না এবং চিরাচরিতভাবে আইন, বিচারব্যবস্থা, সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়।”

    আওয়ামী লীগ দেশে সংবিধান ও আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, “কোনও প্রকার বেআইনি, অযাচিত ও অযৌক্তিক দাবি কোনও গণতান্ত্রিক সরকার মানতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যেকোনও সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”

  • বৃষ্টির দিন এইচএসসি পরীক্ষার সময় বাড়ানোর নির্দেশ

    বৃষ্টির দিন এইচএসসি পরীক্ষার সময় বাড়ানোর নির্দেশ

    www.HelloBangla.News – শিক্ষা – ৩০ জুন, ২০২৪: ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, এইচএসসি পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে পরিস্থিতি বিবেচনায় আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছে। শুধু তাই নয় প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিতে বলা হয়েছে।

    এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন রবিবার (৩০ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

     

    এতে বলা হয়, আজ ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের আভাস রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

    এতে আরও বলা হয়, অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধাঘণ্টা কিংবা একঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় ওই আধাঘণ্টা কিংবা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

    এদিকে বন্যার কারণে সিলেট বোর্ডে পরীক্ষা শুরু হয়নি। অন্যান্য বোর্ডে পরীক্ষা শুরু হয়েছে। ৮ জুলাই পর্যন্ত সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে। ৯ জুলাই থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

    আজ সকাল থেকেই বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়। ফলে পরীক্ষার্থীদের নিদিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। তার পরেই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই নির্দেশনা এসেছে।

  • আগামীকাল সোমবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে

    আগামীকাল সোমবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩০ জুন, ২০২৪: আগামীকাল সোমবার (১ জুলাই) ব্যাংক বন্ধ থাকবে। তাই দিনটিতে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। এবং একই কারণে বন্ধ থাকবে শেয়ারবাজারের সব লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাক‌বে।

    জানা গেছে, ১ জুলাই ব্যাংকগু‌লোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

    এদিন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না।

    একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ ক‌রে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে ওই দিনটিকেও ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

  • রান্না: বাটা মশল্লা গরুর মাংস ভুনা

    রান্না: বাটা মশল্লা গরুর মাংস ভুনা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ জুন, ২০২৪: বাসায় বসে আপনি এই মজাদর রান্নাটি সহজেই করতে পারবেন। আজ দেওয়া হলো বাটা মশল্লার মাংস ভুনার রেসিপি।

    উপকরণ:

    গরুর মাংস-১ কেজি, পেঁয়াজ-২ কাপ, পেঁয়াজ বেরেসতা-১ কাপ, মরিচবাটা-৩ টেবিল চামচ, রসুনবাটা-৩ টেবিল চামচ, জিরা গুড়ো-৩ টেবিল চামচ, গরুর মাংস মশল্লা-২ চামচ, আদা বাটা-২ চামচ, গরম মশল্লা ২ চামচ, ধনিয়া গুড়ো-২ চামচ, হলুদের গুড়ো ২ চামচ, কাঁচা মরিচ-৬টা, এলাচ তেজপাতা দারচিনি ঘি-২ চামচ, সরিষার তেল-১ কাপ, সয়াবিন তৈল ও লবণ-স্বাদ মত, চিনি-সামান্য ।

    Culinary artist Sazia Ferdous Panna

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে গরুর মাংস রেগুলার সাইজ অনুযায়ী কেটে নিব।এবার তৈল দিয়ে এলাচ তেজপাতা দারচিনি দিয়ে পেয়াজ দিব। পেঁয়াজ ভেজে তারপর সব মশল্লা দিয়ে কসিয়ে নিব তৈল উপরে উঠে আসলে গরুর মাংস দিয়ে কষিয়ে নিব তারপর ৫ মিনিট ঢাকনা দিয়ে রাখব। এইভাবে ১৫ মিনিট নেড়ে রান্না করব।এইবার কাঁচা মরিচ দিব গরম পানি দিব ২ কাপ। ভালো ভাবে রান্না করব ঝোল ঘন হলে পেঁয়াজ বেরেসতা ও ঘি দিয়ে নামিয়ে নিব। হয়ে গেলো ভীষণ মজার বাটা মরিচ দিয়ে গরুর মাংস ভুনা নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় খাবার।

    রন্ধন শিল্পী: সাজিয়া ফেরদৌস পান্না

  • সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় বাজেট পাস

    সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় বাজেট পাস

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩০ জুন, ২০২৪: বৈশ্বিক মহামারি করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবলা করে চলমান উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

    আজ রবিবার (৩০ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। এর আগে রাষ্ট্রপতির সম্মতিসাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। গতকাল শনিবার বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাস হয়।

    অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ স্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন।

    আজ বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

    এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ছয়জন সংসদ সদস্য মোট ২৫১টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় খাতে তিনটি মঞ্জুরি দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

    ছাঁটাই প্রস্তাবে আলোচনা করেন জাতীয় পার্টির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, স্বতন্ত্র সদস্য হামিদুল হক খন্দকার, পংকজ নাথ, আবুল কালাম ও নাসের শাহরিয়ার জাহেদী। এরপর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল-২০২৪ পাসের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন।

    এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপর বক্তব্য রাখেন। বাজেটের ওপর প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও অর্থমন্ত্রীসহ ২৩৬ এমপি বক্তব্য রাখেন। গত ১১ জুন থেকে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দল ও স্বতন্ত্র এমপিরা।

    বাজেটে ব্যক্তির সর্বোচ্চ করহার ৩০ শতাংশ প্রস্তাব করা হলেও সংসদ তা গ্রহণ করেনি। এর পরিবর্তে সর্বোচ্চ কর বিদ্যমান ২৫ শতাংশই বহাল থাকছে। বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী করহারের ধাপে কিছুটা পরিবর্তন এনে সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছিলেন।

    ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ বাজেটে অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার টাকা। গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর এটা প্রথম বাজেট।

    মূল্যস্ফীতি কমিয়ে বড় প্রবৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে যে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী অনুদান ছাড়া ঘাটতি ধরা হয় ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। অনুদানসহ সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। এছাড়া ৪ হাজার ৪০০ কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

    এই ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। বৈদেশিক ঋণ পরিশোধ করা হবে ৩৬ হাজার ৫০০ কোটি টাকা। এতে নিট বৈদেশিক ঋণ দাঁড়াবে ৯০ হাজার ৭০০ কোটি টাকা।

    আর অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে ১ লাখ ৬০ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি, যার ৭২ হাজার ৬৮২ কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ এবং ৬৪ হাজার ৮১৮ কোটি টাকা স্বল্পমেয়াদি ঋণ। ব্যাংকবহির্ভূত ঋণ নেওয়া হবে ২৩ হাজার ৪০০ কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

    বাজেটে ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ ৯৩ হাজার কোটি টাকা। আর বৈদেশিক ঋণের সুদ ২০ হাজার ৫০০ কোটি টাকা।

    এবার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআরবহির্ভূত কর ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। আর কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।

    বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে আবর্তক ব্যয় ৪ লাখ ৬৮ হাজার ৯৮৩ কোটি টাকা। আর দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধ ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এবার মূলধন ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৯৮৯ কোটি টাকা।

    বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮১ হাজার ৪৫০ কোটি টাকা। এর মধ্যে স্কিমে ব্যয় হবে ৫ হাজার ৯৪৩ কোটি টাকা। এডিপিবহির্ভূত বিশেষ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬২৭ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। আর কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (এডিপিবহির্ভূত) ও স্থানান্তরে ২ হাজার ৮৮৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।