www.HelloBangla.News – অর্থনীতি – ১ জুলাই, ২০২৪: হাইকোর্ট এক নির্দেশনায় জানিয়েছে এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, গুরুত্বপূর্ণ ব্রিজ, ফেরি ও রোডে চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে । একইসঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে আজ সোমবার (১ জুলাই) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। এর আগে গত ৭ মে জনস্বার্থে রিটটি দায়ের করেছিলেন বলেও জানান তিনি।
‘টোল আগে না জীবন আগে?’ শিরোনামে গত ২৮ এপ্রিল একটি পোটালে একটি বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফায়ার সার্ভিস একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আগুন লাগা, নৌকাডুবি, ভূমিকম্প, কোনো ভবনধস কিংবা কোনো বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিসই সবার আগে ছুটে যায়। এমনকি কোনো জাহাজ বা লঞ্চ যখন দুর্ঘটনায় পড়ে তখনও এই ফায়ার ফাইটাররাই ছুটে যায়। জীবনবাজি রেখে মানুষের কল্যাণে কাজ করে।
কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন সেতু ও ফেরি পার হয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যখন অগ্নিনির্বাপণ কিংবা উদ্ধার কার্যক্রম চালাতে যায় তখন টোল প্লাজায় টোল পরিশোধ করতে হয়। এতে ব্যাহত হয় উদ্ধার কার্যক্রম। বাড়তে থাকে জানমালের ক্ষতি। এ নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিলেও সমাধান হয়নি এখনো।
এই প্রতিবেদন প্রকাশের প্রায় দুই মাস পর ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।










