বিদায়ী বছরে রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার

Remittances hit $23.91 billion in outgoing year - Economy - 1 July June 24

www.HelloBangla.News – অর্থনীতি – ১ জুলাই, ২০২৪: বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। আজ সোমবার (১ জুলাই) এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংক থেকে।

বিদায়ী অর্থবছরে এর আগের অর্থবছরের চেয়ে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার বেশি প্রবাসী আয় এসেছে। আগের ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

বিদায়ী বছরে প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগ নেয় সরকার। সর্বশেষ গত মে মাসে প্রবাসী আয়ে ডলারের দাম বাড়ানো হয়। এতে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ে। এর মধ্যে শেষের মাস জুনে এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

সদ্যবিদায়ী জুন মাসে রেকর্ড ২ দশমিক ৫৪ বিলিয়ন রেমিট্যান্স এসেছে দেশে, যা ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। সবশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল প্রবাসী আয়। ওই মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

সদ্যবিদায়ী অর্থবছরের মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার প্রবাসী আয় আসে। সে হিসাবে মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। আর গত বছরের একই মাসের তুলনায় বেশি এসেছে ৩৪ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

আগের অর্থবছরে এসেছিল ২ হাজার ১৬১ কোটি ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৩১ কোটি ডলার। অর্থবছরের হিসাবে সর্বোচ্চ ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল।

পূর্ববর্তী বর্তমানে বিশ্বের ৬০টি দেশে আমাদের ৮৪টি কূটনৈতিক মিশন আছে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব চেয়ে হাইকোর্টে রিট