Author: Hello Bangla News

  • রান্না: ফিশ কাবাব

    রান্না: ফিশ কাবাব

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ জুলাই, ২০২৪: মাছ আমাদের প্রিয় খাবার। তবে আমরা শুধু মাছের তরকারি রান্না করি। কিন্তু মাছ দিয়েও তৈরি করা যায় বিভিন্ন ধরণের খাবার । আজ দেওয়া হলো ফিস কাবাবের রেসিপি। আপনি ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

    Umme Salma gave the recipe

    উপকরণ:

    মাছ ৫/৬ পিস, আলু সিদ্ধ-দুইটা, সামান্য হলুদ ও মরিচ গুঁড়া, লবণ, পিয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো সস, ডিম একটা, ব্রেডক্রাম, তেল ভাজার জন্য, সামান্য পিয়াজ ও রসুন বাটা।

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিয়ে সামান্য লবণ হলুদ মরিচ গুড়া ও পিয়াজ রসুন বাটা দিয়ে  মেখে হালকা ভেজে নিব। এবার মাছের কাঁটা বেছে নিব সাথে আলু সিদ্ধ গ্রেট করে নিব।এরপর কাঁচামরিচ কুচি,পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও টমেটো সস মিশিয়ে নিব। নিয়ে  ভালো করে মেখে কাবাবের সেপ দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব এ গড়িয়ে তেলে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করব।

    রেসিপি দিয়েছেন: উম্মে সালমা

  • দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

    দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৪: কয়েকদিন ধরে ভারী বর্ষণে এবং ভারত থেকে আসা উজানের পানির ঢলে দেশের বন্যাপ্রবণ প্রধান প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। ইতোমধ্যে দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ মঙ্গলবার (০২ জুলাই) এমন তথ্য জানিয়েছে।

    পাউবো জানিয়েছেন, সুরমার পানি কানাইঘাট ও সুনামগঞ্জ; কুশিয়ারার পানি অমলশীদ, শেওলা, শেরপুর-সিলেট ও মারকুলিতে; মনু নদীর পানি মৌলভীবাজারে; সোমেশ্বরীর পানি কলমাকান্দায় ও ভুগাইয়ের নাকুগাঁওয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পাঁচ জেলার (সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, নেত্রকোণা ও শেরপুর) নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

    অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

    আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    এ অবস্থায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানির সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে স্বল্পমেয়াদে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আগামী দুই দিনে ব্রহ্মপুত্র নদের পানির সমতল বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

    এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে এবং মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

    আগামীকাল বুধবার নাগাদ দক্ষিণ-পূর্বাঞ্চলের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।

  • এলপিজি গ্যাসের দাম বেড়েছে

    এলপিজি গ্যাসের দাম বেড়েছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২ জুলাই, ২০২৪: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম মাত্র ৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    জুন মাসে এর দাম ছিল এক হাজার ৩৬৩ টাকা। আজ মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত নতুন এ দর কার্যকর হবে।

    বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন। প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্প-কারখানায়ও এলপিজি ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।

    বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৩ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে।

    তবে বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে ভোক্তাকে কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। বাজার ঘুরে সে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

    এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৭০ পয়সা, যা গত মাসে ছিল ৬২ টাকা ৫৩ পয়সা।  মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৩৯৩ টাকা।

    আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

    ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

  • প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী

    প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ২ জুলাই, ২০২৪: সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, “প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না।”

    আজ মঙ্গলবার (২ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

    প্রত্যাশার চেয়ে এশীয় উন্নয়ন ব্যাংক বেশি সহায়তা করছে বলেও জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

    এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন একাডেমিক কাজ করতে আসা শিক্ষার্থীরা।

    মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা যায়, অধিকাংশ বিভাগেই খোলা হয়নি তালা। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম। একই অবস্থা প্রশাসনিক ভবনেও। কিছু কিছু কক্ষের দরজা খোলা হলেও বন্ধ রয়েছে কার্যক্রম। ফলে জরুরি কাজে মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি তুলতে আসা শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

    প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের পথে হাঁটেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

    গত ২৫ থেকে ২৭ জুন তিনদিনের অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শাবি শিক্ষকরা। দাবি আদায় না হওয়ায় গত ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। একই দাবি আদায়ে তিনদিনের কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

  • বন্যা মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    বন্যা মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৪: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের ১ম একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আবহাওয়ার অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আগস্ট মাসে বন্যা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নিতে তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন।

    আজ মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

    একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, পুলিশের থানার অবস্থা বেহাল। যারা আমাদের নিরাপত্তা দেয় তারা যদি অনিরাপদ থাকে তাহলে তারা কীভাবে নিরাপত্তা দেবে। এজন্য দেশের সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেট দেওয়ার সময় বৃষ্টি হয় কাজ করা যায় না। এই সময়ে প্রস্তুতিমূলক ও পেপার কাজ শেষ করে বৃষ্টি থামার পর মূল কাজ করতে পারি সেই উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের পর প্রশিক্ষণ দিতে হবে। এক পিডিকে একটার বেশি প্রকল্প দেওয়া যাবে না। ঢাকার আশপাশে কৃষি জমি দেখা যায় আবাসন কাজ হচ্ছে। যেখানে কিছু জমি আছে কৃষি কাজ যেন ব্যহত না হয় সেই উদ্যোগ নিতে হবে। ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে। পুনর্বাসন কঠিন কাজ। তিন ফসলি এলাকায় প্রকল্প নেওয়া যাবে না কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য।

    বাজেট বাস্তবায়ন গতিশীল করতে হবে। শেষ মুহূর্তে টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের কী অবস্থা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

    বৈঠকে সড়ক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে ১৩টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।

  • সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে টাস্কফোর্স গঠন করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

    সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে টাস্কফোর্স গঠন করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৪: সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে টাস্কফোর্স গঠন করা হবে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। টাস্কফোর্স গঠন এই বিষয়ে তাদের সদিচ্ছার প্রতিফলন।”

    আজ মঙ্গলবার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

    প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন। সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে আরও বক্তৃতা দেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব ড. মু. নজরুল ইসলাম।

    প্রবাসী শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন খাতের পেশাজীবীরা সভায় তাদের বক্তব্য ও প্রশ্ন উপস্থাপন করেন। মন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দূতাবাসের প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

    পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র তুলে ধরে তার বক্তৃতায় বলেন, “বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভাবনীয় উন্নয়ন-অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছেন, সমগ্র বিশ্ব তার প্রশংসা করছে, সৌদি সরকারও ভূয়সী প্রশংসা করেছে।”

    জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান ব্যাপক ও গুরুত্ববহ উল্লেখ করে হাছান মাহমুদ প্রবাসীদের জন্য রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা, অনলাইন অফশোর ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় হিসাব রক্ষণাবেক্ষণ, সর্বজনীন পেনশন সুবিধা, প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণসহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

    পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইন-কানুন মেনে চলা এবং দেশবিরোধী প্রচারণার বিরুদ্ধে সতর্ক ও তৎপর থাকা এবং দূতাবাসের কনস্যুলার সেবার মান উন্নয়ন বিষয়ে  দিকনির্দেশনা দেন।

    এ সময় সৌদি আরবে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি পেশাজীবী নিয়োগ, আকামা নবায়ন সহজীকরণ, সাংস্কৃতিক বিনিময়, চট্টগ্রাম থেকে রিয়াদ সরাসরি বিমান ফ্লাইট চালু, ওয়েজ আর্নারস বন্ড, প্রবাসীদের স্বাস্থ্যবিমা, মৃত প্রবাসীদের লাশ ফেরত আনার সুব্যবস্থা, আইনি সহায়তা, দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নবায়ন, এনআইডি কার্ডের তথ্য সংশোধন, পরিবারের ভিসা নবায়নের বিষয়ে প্রবাসীদের দাবি-দাওয়া সমাধানের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিংসহ বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া সৌদি আরব গমনেচ্ছু বাংলাদেশিরা যাতে প্রতারণার শিকার না হন, সেজন্য সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, সৌদি আরব গমনের পূর্বে আগ্রহী বাংলাদেশিদের নিয়োগকারীর যথার্থতা যাচাই করা প্রয়োজন।

  • বড় বড় দুর্নীতিবাজদের শাস্তির বিধান করে দৃষ্টান্ত তৈরি করতে হবে: খলীকুজ্জমান

    বড় বড় দুর্নীতিবাজদের শাস্তির বিধান করে দৃষ্টান্ত তৈরি করতে হবে: খলীকুজ্জমান

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৪: বড় বড় দুর্নীতিবাজদের শাস্তির বিধান করে দৃষ্টান্ত তৈরি করতে হবে, বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, “দেশ থেকে দুর্নীতি কমাতে হলে তিনটি কাজ করতে হবে। প্রথমত, বড় বড় দুর্নীতিবাজদের শাস্তির বিধান করে উদাহরণ তৈরি করতে হবে। দ্বিতীয়ত দুষ্টচক্র বা সিন্ডিকেটকে দূর করতে হবে। তৃতীয়ত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভালো করে কাজ করতে হবে।”

    আজ মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে দুর্নীতি দমন: চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ বিষয়ক একটি সেমিনারে মূল বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটির আয়োজন করে ইমপাওয়ারমেন্ট থ্রো ল অব দি কমন পিপল (ইলকপ)।

    অর্থনীতিবিদ খলীকুজ্জামান বলেন, “আমাদের নীতির কোনো সমস্যা নেই। কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন করা হয় যে এদের কিছু বলা যাবে না। যদি কিছু বলা হয় তাহলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। আমি এখানে বলতে চাই, কোনো ব্যক্তি কি রাষ্ট্রের চেয়ে বড় কিছু? বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো ঠিকমত কাজ করে না বলেই দুর্নীতি কমানো সম্ভব হয় না। আর এই প্রতিষ্ঠানগুলোকে দুষ্টচক্রই কাজ করতে দেয় না।”

    এই অর্থনীতিবিদ বলেন, “নৈতিকতা-বহির্ভূত সব কাজই দুর্নীতি। ক্ষমতার অপব্যবহার করলে সেটাকে দুর্নীতি বলা যায়। কাজেই দুর্নীতি রাজনীতিতে থাকতে পারে, প্রশাসনে থাকতে পারে, প্রতিষ্ঠানে থাকতে পারে। অর্থাৎ সর্বত্রই থাকতে পারে দুর্নীতি।”

    খলীকুজ্জমান আহমদ বলেন, “অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতি হয় আমদানি ও রপ্তানির ক্ষেত্রে—ওভার ইনভয়েস ও আন্ডার ইনভয়েসের মাধ্যমে। একই সঙ্গে বাংলাদেশের বাজেটের ক্ষেত্রে কাজের লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ না হলেও বাজেটের টাকা সবটুকুই খরচ হয়ে যায়। এর ফলে বাজেট বাস্তবায়নেও অনেক দুর্নীতি করা হয়। আরেক ধরনের দুর্নীতি হয় আত্মীয়তার ক্ষেত্রে। অর্থাৎ কোনো কর্মকর্তার আত্মীয়কে কাজ পাইয়ে দেওয়া বা তার লাভের দিকে খেয়াল রাখাও দুর্নীতির পর্যায়ে পড়ে।”

    তিনি বলেন, “দেশ থেকে দুর্নীতি দূর করার কাজ যারা করবে তাদের অবশ্যই নৈতিকতা ঠিক থাকতে হবে। আর এই নৈতিকতা ঠিক না থাকাও এক ধরনের দুর্নীতি। বাংলাদেশে এই নৈতিকতাপূর্ণ লোক পাওয়া খুবই কষ্টকর। পাশাপাশি বাংলাদেশে দুষ্টচক্র বা সিন্ডিকেট বাজার থেকে শুরু করে ব্যাংকসহ সব প্রতিষ্ঠানে আছে। এই দুষ্টচক্র কিন্তু একা কাজ করে না, তারা যোগসাজশে কাজ করে। বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে এই দুষ্টচক্রকে বিতাড়িত করতে হবে।”

    সেমিনারে বিশেষ অতিথি গ্রামীণ ব্যাংকের প্রধান আইনি উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আখতার অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয় তুলে ধরে বলেন, “আমরা গ্রামীণ ব্যাংকের ভালো গল্পগুলো সবাই জানি। কিন্তু এর পেছনের দুঃখের বা কষ্টের গল্পগুলো অনেকেই জানি না। গ্রামীণ ব্যাংকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি এখন সামনে এগোতে পারছে না। ড. ইউনূস যদি গ্রামীণ ব্যাংককে নিজের স্বার্থে ব্যবহার না করে, তার মেধা দিয়ে এই ব্যাংককে দেশের মানুষের জন্য ব্যবহার করতেন, তাহলে এদেশের দারিদ্র্য অনেকটাই বিমোচন করা যেতো।”

    সেমিনারের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, “বাংলাদেশ মেগা দুর্নীতির একটি দেশ। দুর্নীতি কোনো প্রতিষ্ঠান করে না, করা হয় ব্যাক্তি পর্যায় থেকে। যারা আমাদের সমাজে দুর্নীতি করে তাদের আমাদের বয়কট করা উচিত। এসব দুর্নীতিবাজদের কোনো সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ করা যাবে না।”

  • ইমরান খানকে মুক্তির দাবি জাতিসংঘ মানবাধিকার সংস্থার

    ইমরান খানকে মুক্তির দাবি জাতিসংঘ মানবাধিকার সংস্থার

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ জুলাই, ২০২৪: জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিধিবহির্ভূত ভাবে আটক করা হয়েছে । সাবেক এই তারকা ক্রিকেটারের গ্রেপ্তারকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যায়িত সংস্থাটি।এছাড়া ইমরানকে অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে।

    আজ মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারারুদ্ধ করা হয়েছে ।

    গতকাল সোমবার এক মতামতে জেনেভা-ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন বলেছে, ‘(এই অবিচারের) উপযুক্ত প্রতিকার হবে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং আন্তর্জাতিক আইন অনুসারে তাকে ক্ষতিপূরণ ও অন্যান্য বিষয়াদির পাশাপাশি একটি কার্যকর অধিকার প্রদান করা।’

    আল জাজিরা বলছে, জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ চলতি বছরের ২৫ মার্চ এই মতামত প্রকাশ করে। তবে এটি জনসমক্ষে আসে গতকাল সোমবার। জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ তাদের মতামতে বলেছে, ‘ইমরান খানকে আটকের কোনও আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে আটক করা হয়েছিল বলে (ওয়ার্কিং গ্রুপ) সিদ্ধান্তে উপনীত হয়েছে। সুতরাং, শুরু থেকেই, সেই প্রসিকিউশনটি আইনের ভিত্তিতে ছিল না এবং কথিত একটি রাজনৈতিক উদ্দেশ্যে এটি করা হয়েছে।’

    পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের মতামত শোনা বাধ্যতামূলক নয়। তবে তাদের এই মতামত বেশ গুরুত্ব বহন করে। ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরান খানকে যে আইনি সমস্যার মধ্যে ফেলা হয়েছে সেটি মূলত তার এবং তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির বিরুদ্ধে ‘অনেক বৃহত্তর দমন অভিযানের’ অংশ।

    এতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে ইমরানের দলের সদস্যদের গ্রেফতার ও নির্যাতন করা হয়েছিল এবং তাদের সমাবেশে বাধা দেওয়া হয়েছিল। নির্বাচনে ‘ব্যাপক জালিয়াতি, কয়েক ডজন সংসদীয় আসন চুরি’ হয়েছিল বলে অভিযোগ করেছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ।

    এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার। দেশটির নির্বাচন কমিশন অবশ্য গত ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে।

    এর আগে গত বুধবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে একটি প্রস্তাব পাস করে। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ করার চেষ্টা করার অভিযোগ করে পাকিস্তান।

    যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হওয়া প্রস্তাবটিতে পাকিস্তানের নির্বাচনে কথিত অনিয়মের বিষয়ে ‘পূর্ণাঙ্গ ও স্বাধীন’ তদন্তের আহ্বান জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিও নির্বাচনে তাদের জয়কে নস্যাৎ করার জন্য কারচুপি করা হয়েছিল বলে অভিযোগ করেছে।

    ‘পাকিস্তানে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সমর্থন প্রকাশ’ শিরোনামে এই প্রস্তাবটি গত ২৫ জুন কংগ্রেসে পেশ করা হয়েছিল। এই প্রস্তাবে ‘গণতান্ত্রিক ও নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাখতে’ এবং পাকিস্তানি জনগণের ‘মানবিক, নাগরিক বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের যেকোনও প্রচেষ্টার নিন্দা করার জন্য’ পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয়।’

    প্রস্তাবটি কংগ্রেসের ৩৬৮ সদস্যের অপ্রতিরোধ্য সমর্থনে পাস হয় এবং এর বিপক্ষে মাত্র সাতটি ভোট পড়ে।

    ইমরান খানের দল পিটিআই মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়া এই প্রস্তাবটিকে স্বাগত জানায়। দলটি দাবি করে থাকে, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়া সত্ত্বেও তাদের ম্যান্ডেট চুরি করা হয়েছে।

    উল্লেখ্য, নির্ধারিত সময়ের চেয়ে তিন মাস পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ইমরানের দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ছিনিয়ে নেওয়া হয়েছিল। পাকিস্তানের নির্বাচন কমিশনের এই বিতর্কিত সিদ্ধান্ত সত্ত্বেও পিটিআই সমর্থিত প্রার্থীরা ৯৩টি আসন জয়লাভ করে, যা অন্য যেকোনও দলের চেয়ে বেশি।

  • বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় নেবে না: আইজিপি

    বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় নেবে না: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৪: বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় নেবে না, বলে জানিয়েছেন পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, “স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির দায় নেবে না। যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।”

    আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ।

    আইজিপি বলেন, “অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী তার গৌরবের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। যে কোনো অপরাধের খবর যখনই আমাদের কাছে আসে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে থাকি।

    পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বাহিনী কুকি চিন প্রসঙ্গে আইজিপি বলেন, “পার্বত্য চট্টগ্রামে আর্মিসহ সবাই মিলে অপারেশনে নিয়োজিত আছে। আমার জানামতে, সেখানে এখন কোনো ভীতিকর পরিস্থিতি নেই। শান্ত আছে, পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে।”

  • বন্যার কারণে ফেনির দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

    বন্যার কারণে ফেনির দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৪: দেশের সর্বত্র চলছে ভারী বর্ষণ। ফলে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করে। অপর দিকে ভারতের উজানে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। এদিকে বন্যার কারণে ফেনীর দুই উপজেলায় আজ মঙ্গলবারের (২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার নিজেই জানান, গতকাল সোমবারের ভারীবর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে ফুলগাজী ও পরশুরামে পরীক্ষা নেওয়ার কেন্দ্রগুলো অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি আমরা তিন বোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। পরে তাদের নির্দেশনা মতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

    এদিকে, সোমবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।