Author: Hello Bangla News

  • আজ থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

    আজ থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২০ নভেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি (২০২৪) অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও মেলেনি অনেক প্রশ্নের উত্তর। এরই মধ্যে সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি।  ইতিমধ্যে বেশ কিছু দল মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

    আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় বনানীস্থ কার্যালয়ে মোনাজাতের মাধ্যমে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

    রওশন এরশাদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম। আজ থেকে শুরু হওয়া দলীয় মনোনয়ন ফরম বিতরণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

    জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। দলটির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা। পাশাপাশি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

    জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দেখা যায়, দলটির চেয়ারম্যান কার্যালয়ের তৃতীয় তলায় ৮টি বিভাগের মননোয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, চট্রগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের মননোয়ন ফরম বিতরণ করা হচ্ছে।

    দলটির পক্ষ থেকে জানানো হয়, মনোনয়ন বিতরণ শেষে আগামী ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর জাতীয় পার্টি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ২০২৪ সালের ৭ জানুয়ারি (রবিবার)।

  • বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য-জার্মানি এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডের বাজারকে ছাড়িয়ে যেতে আওয়ামী লীগ সরকার কাজ করছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমাদের ধারণা। তখন যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডকেও বাংলাদেশ যেন ছাড়িয়ে যেতে পারে সে লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই প্রচেষ্টাই আমাদের রয়েছে।’

    তিনি বলেন, ‘আমরা সারাদেশে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ৩৯টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছি। এগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে,’  উল্লেখ করে তিনি বলেন,  ‘এককভাবে কোন দেশ যদি এক খন্ড জমি চায় আমরা তাও দেব আবার যদি কেউ যৌথ উদ্যোগে করতে চান সেটাও করা হবে অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে  করতে চাইলে সেটাও করা হবে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর সরকার অনেকগুলো সংস্থা তৈরি করেছে, যার মধ্যে রয়েছে-বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা), বাংলাদেশ ইকোনমিক প্রসেসিং জোন অথরিটি (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (এইচটিপিএ) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)। বিনিয়োগের সুবিধার্থে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোতে ওয়ান স্টপ পরিষেবা চালু করা হয়েছে।’

    সরকার প্রধান বলেন, ‘বিনিয়োগ পরিষেবা প্রদানকারী সমস্ত অফিস সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটালাইজড করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। একইসাথে কর মওকুফ, রেমিটেন্স রয়্যালটি, প্রস্থান নীতি, লভ্যাংশ এবং মূলধন সম্পূর্ণ প্রত্যাবর্তন, আইন দ্বারা বিদেশী বিনিয়োগ সুরক্ষাসহ বিনিয়োগ নীতিকে আরও সহজ করার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি।’

    তিনি বলেন, ‘তাঁর সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য জাতীয় শিল্পনীতি ২০২২-এ সরবরাহ খাত, চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট খাত এবং পর্যটন খাতকে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘ব্লু-ইকোনমি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা নতুন পরিকল্পনা প্রণয়ন করেছি। লজিস্টিক শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং এই খাতের উন্নয়নের মাধ্যমে অন্যান্য শিল্প খাতের উন্নতি ত্বরান্বিত করার লক্ষে জাতীয় লজিস্টিকস ডেভেলপমেন্ট পলিসি প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশে এখন জ্বালানি, পানি, লজিস্টিকস এবং পরিবহন খাতে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো গড়ার সুযোগ রয়েছে।’

    তিনি বলেন,  ‘২০২৫ সালের মধ্যে শুধু লজিস্টিকস খাতই ৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হবে শেখ হাসিনা বলেন, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ও শক্তিশালী রপ্তানি কৌশল এবং শিল্পনীতি বাস্তবায়নের জন্য কাজ করছে। আমরা ২০৩১ সালের মধ্যে জিডিপি-তে বেসরকারি বিনিয়োগের অনুপাত ৩১ দশমিক ৪৩ শতাংশে উন্নীত করতে চাই।’

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন প্রায় সতের কোটি মানুষের একটি বড় অভ্যন্তরীণ বাজার। এটি ২০৩০ সালের মধ্যে ৯ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। তখন যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম এবং থাইল্যান্ডকে আমাদের দেশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

    তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ‘২০২৫ সাল নাগাদ বাংলাদেশে ক্রমবর্ধমান মধ্যবিত্ত ও ধনীক শ্রেণির সংখা হবে ৩ কোটি ৪০ লাখ। ২০৪০ সালের মধ্যে আনুমানিক মাথাপিছু জিডিপি দাঁড়াবে ৫ হাজার ৮৮০ মার্কিন ডলার। কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ ৩শ’ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে।’

    অনুষ্ঠোনে শেখ হাসিনা বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগবান্ধব নীতি, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, কৌশলগত অবস্থান, উচ্চ মুনাফা, কর্মক্ষম জনগোষ্ঠীসহ বিভিন্ন সুবিধার কারণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের কাছে বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

    সরকার প্রধান আরও বলেন, ‘এসকল সাফল্যের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ এখন ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্য-আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।’

    তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল খাত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোট জনগোষ্ঠীর ৭৮.৫৫ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশে প্রায় ৬ লাখ ৫০ হাজার ফ্রিল্যান্সার রয়েছে যা বিশ্বব্যাপী অনলাইন শ্রমের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী। আইসিটি রপ্তানি খাতে ২০২৩ সালে আমরা অর্জন করেছি ১.৯ বিলিয়ন ডলার। আশা করা হচ্ছে ২০২৫ সাল নাগাদ এই খাতে রপ্তানি আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।’

    তিনি বলেন, ‘আমাদের মাথাপিছু আয় মাত্র এক দশকে তিনগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২,৭৯৩ মার্কিন ডলারে। জিডিপির আকার ২০০৬ সালের ৪ লক্ষ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫০.৩১ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। এই সময়ের মধ্যে দারিদ্রের হার প্রায় ৩ গুণ কমে ১৮.৭ শতাংশে দাঁড়িয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিগত প্রায় ১৫ বছরের উন্নয়নের কৃতিত্ব দেশের বেসরকারি খাতের। তিনি বলেন, ১৯৯৬ সালে আমরা বেসরকারি খাতের জন্য ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মুক্ত করে দেই। গত ১৫ বছরে আমরা দেশের ব্যবসা-বাণিজ্য খাতের উন্নয়নে নানা মূখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছি। এর ফলে বেসরকারি খাত আরও শক্তিশালী ও বিকশিত হয়েছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।

    সরকার প্রধান বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। যেটা ’৭৫ সালে আমরা স্বীকৃতি পাই কিন্তু এরপর আর বেশিদূর এগুতে পারেনি’।

    তিনি বলেন, ‘আমাদের বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উদারীকরণ এবং বাণিজ্য সংহতকরণের ওপর ভিত্তি করে আজকের এই টেকসই অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ২০২১ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং ২০২৬ সাল থেকে এই উন্নয়নশীল দেশের অগ্রযাত্রা শুরু হবে। তার প্রস্তুতিও আমরা এখন থেকে নিচ্ছি।’

    শেখ হাসিনা বলেন, ‘আশা করা হচ্ছে ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’। কারণ, জাতিসংঘ ঘোষিত এসডিজিও তাঁর সরকার বাস্তবায়ন করে যাচ্ছে এবং এতে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। যদিও আন্তর্জাতিক পর্যায়ের অনেক সমস্যার প্রভাব বাংলাদেশে পড়েছে। তবুও এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে বাংলাদেশ।’

    প্রধানমন্ত্রী ফিকি’র সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা আমাদের লক্ষ্যের সাথে একাত্ত্বতা প্রকাশ করে টেকসই ও বৈচিত্র্যপূর্ণ ব্যবসার বিকাশ ত্বরান্বিত করতে ভূমিকা রাখছে। আমাদের দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে ফিকি’র প্রকাশনা দু’টি এবং ‘ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩’ সহযোগিতা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া, ফিকি’র সভাপতি নাসের ইজাজ বিজয় ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দীপল আবেবিক্রমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    বাংলাদেশে বিনিয়োগকারী কয়েকজন আন্তর্জাতিক সফল বিনিয়োগকারীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    ‘ফর এভার ফিউচার ফরওয়ার্ড’ শিরোনামের একটি ভিডিও প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।

    প্রধানমন্ত্রী ফিকির গবেষণা প্রতিবেদন ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন-২০৪১: প্রাইওরিটিজ ফর বিল্ডিং এ কনডাক্টিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ এবং ইএসজি কমিটি প্রণোদিত ‘ইএসজি স্ট্রাটেজিস এন্ড ইমপাক্টস ফ্রম দি মেম্বারস অব এফআইসিসিসিআই’ শীর্ষক দু’টি বইয়ের মোড়ক উন্মোচান করেন।

    প্রধানমন্ত্রীকে প্রখ্যাত বাংলাদেশী শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের তৈরি একটি স্মারক উপহার দেওয়া হয়, যা বাংলাদেশের অগ্রযাত্রার প্রতীক।

    বিডা এবং বাণিজ্য মন্ত্রণালয় হল এফআইসিসিআই’র ৬০ বছর উদযাপন এবং বিনিয়োগ এক্সপো-২০২৩-এর কৌশলগত অংশীদার।

    ইনভেস্টমেন্ট এক্সপো -২০২৩ এফআইসিসিআই সদস্য এবং সরকারি স্টেকহোল্ডারদের প্রদর্শকদের সাথে স্থানীয় এবং বিদেশী উভয় বিনিয়োগকারীদের লক্ষ্য করে ৪০টি স্টল প্রদর্শনীর জন্য উন্মুক্ত করেছে। ‘রেডিসন ব্লু’ এর ওয়াটার গার্ডেনে ‘ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩’ আজ এবং আগামীকাল চলবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে।

    সূত্র: বাসস

  • কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে ইসি সচিবের বৈঠক

    কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে ইসি সচিবের বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: কমনওয়েলথের চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আজ ইসি সচিব মো. জাহাংগীর আলমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিদলটি দেশের ভোটের পদ্ধতি জেনে গেছে। পরিস্থিতি মূল্যায়নের পর পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত অবহিত করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

    আজ রবিবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল অ্যাডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায় অংশ নেন।

    বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, এটা একটা কমনওয়েলথের অগ্রবর্তী দল। (পরিস্থিতি জেনে) তারা কমনওয়েলথ সচিবালয়ে গিয়ে রিপোর্ট জমা দেবে। এরপর প্রতিবেদন পেয়ে কমনওয়েলথের পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়ে সম্মতি জানাবেন কি, জানাবেন না– পরে সিদ্ধান্ত নেবে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, নির্বাচনী কর্মপদ্ধতি ও নির্বাচনী আইন, বিধিবিধান, ভোট ব্যবস্থাপনা, প্রতিবন্ধী ভোটারদের জন্য কি ব্যবস্থা, নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট এবং ভোটের দিন যানবাহন ব্যবস্থাপনা বিষয়ে অবহিত হতে চেয়েছেন। সিইসি ও নির্বাচন কমিশনাররা এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সফরকারী প্রতিনিধিদল।’

    মো. জাহাংগীর আলম বলেন, ‘এটা দ্বিপাক্ষিক আলোচনা। তারা কিছু জানতে চেয়েছেন, তুলে ধরেছি। তাদের কাজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন পদ্ধতির বিষয়ে জানা। অন্য কোনো প্রশ্ন তারা করেননি। দেশের নির্বাচন পদ্ধতিতে ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট নেওয়া হবে, ভোট স্বচ্ছ করতে গেলে ভোট পদ্ধতিসহ রিটার্নিং অফিসারসহ সবার কাজগুলো জেনেছেন।’

  • উৎসবের আমেজে দ্বিতীয় দিনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

    উৎসবের আমেজে দ্বিতীয় দিনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকা প্রতীকের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম দ্বিতীয় দিনের মতো শুরু করেছে আওয়ামী লীগ।

    আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দলটি।এলাকাটিত উৎসবের আমেজ বিরাজ করছে।

    এর আগে সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা আওয়ামী লীগের কার্যালয়ে আসতে শুরু করেন। ফরম বিক্রি শুরুর আগেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর পদচারণায় মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। তবে একজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে যেন অনেক মানুষ কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারেন, সেজন্য কার্যালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। সারি বেঁধে মনোনয়নপ্রত্যাশীদের ভেতরে ঢুকতে দিচ্ছেন তারা। একজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কয়েকজন সমর্থককেই ঢুকতে দেওয়া হচ্ছে।

    মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে গত দুইদিন ধরে উৎসবের আমেজ বইছে আওয়ামী লীগের কার্যালয়ে।

    দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ গতকাল শনিবার প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    তিনি জানান, প্রথম দিনে সশরীরে ঢাকা বিভাগে ২১৪টি, চট্টগ্রাম বিভাগে ২০১টি, সিলেট বিভাগ ৫৫টি, ময়মনসিংহ বিভাগ ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৭৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। প্রথম দিন ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।

  • বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে ভারত

    বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ নভেম্বর, ২০২৩: আজ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রায় দেড় মাসের অপেক্ষার পর আজ জানা যাবে কার হাতে উঠবে চ্যাম্পিয়ন ট্রফি । খেলা শেষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেখা মিলবে বিশ্বকাপ জয়ের উৎসব। সেটা হতে পারে অস্ট্রেলিয়া কিংবা স্বাগতিক ভারত ।এর আগে লিগ পর্বে ভারত হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।ভারত দশ ম্যাচ খেলে দশটিতেই জিতেছে।অপরদিকি অস্ট্রেলিয়া প্রথম দিকে খুব একটা সুবিধা করতে না পারলেও পরে টিম স্পিট খুজে পেয়েছে।প্রতিটি খেলায় দলিয় শক্তিমত্তার পরিচয় দিয়েছে।এর আগে এই দুইদল একবার বিশ্বকাপের ফাইনালে খেলে। সেবার ভারত দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার সামনে। তবে এবার ভারতের মাটিতেই খেলা এবং ভারত একটি শক্তিশালী দল। তবে আশা করা যাচ্ছে ফাইনাল খেলাটি বেশ উপভোগ্য হবে।

    দিনটি স্মরণীয় করে রাখার জন্য প্রথম ধাপ পেরিয়েছে দুই দলই। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সেই একাদশ নিয়েই আজ খেলছে তার। একাদশে পরিবর্তন আনেনি ভারতও।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

    অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

  • ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

    ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

    আজ রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে ঢাকামুখী ডাউন লাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

    তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।

    সূত্র: বাসস

  • দেশে সোনার দাম আবার বাড়লো

    দেশে সোনার দাম আবার বাড়লো

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৯ নভেম্বর, ২০২৩: দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। দেশের ইতিহাসে সোনার দামের এটিই সর্বোচ্চ রেকর্ড। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। আজ রবিবার (১৯ নভেম্বর) থেকে থেকে এটি কার্যকর করা হবে।

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

    নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

    সূত্র: বাসস

  • দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ নভেম্বর, ২০২৩: আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ৪৮ ঘণ্টার হরতাল। আজ হরতালের প্রথম দিনে রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    আজ রবিবার (১৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

    ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড করা পর সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যা শেষ হয় শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে।

  • আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি সরকারের বিচার চেয়েছেন এরদোয়ান

    আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি সরকারের বিচার চেয়েছেন এরদোয়ান

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ নভেম্বর, ২০২৩: টানা দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১২ হাজার ফিলিস্তিনি। অমানবিক এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও।

    এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি সরকারের বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন । এমনকি ইসরায়েলি সরকারকে জবাবদিহি করার জন্য ‘প্রচুর প্রমাণ’ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    গতকাল শনিবার (১৮ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান কর্মকাণ্ডের আবারও সমালোচনা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েল সরকারকে জবাবদিহি করার জন্য ‘প্রচুর প্রমাণ’ রয়েছে।

    জার্মানিতে একদিনের সফর শেষ করে তুরস্কে ফিরে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রশাসনের বিচারের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। এই অপরাধের নিরপেক্ষ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা আমাদের ক্ষমতায় থাকা সবকিছুই করব।’

    তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্পর্কে বলেন, ‘নেতানিয়াহু নিজেই একজন সর্বনাশগ্রস্ত ব্যক্তি। আমরা তার থেকে মুক্তি পেতে চলেছি। আশা করি, ইসরায়েলও তাকে বিদায় করবে এবং এতে করে বিশ্বের সমস্ত ইহুদি তার থেকে মুক্তি পাবে। বর্তমানে, তার নিজের দেশের (ইসরায়েলের) ৬০ থেকে ৭০ শতাংশ নাগরিক নেতানিয়াহুর বিরোধিতা করে।’

    প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক গাজার নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে এবং তা অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘গাজার বাসিন্দাদের সাহায্য দিতে বাধা দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের খাদ্য ও পানি না দিয়ে অনাহারে রাখছে ইসরায়েল। কিন্তু আমরা হাল ছাড়ব না।’

    তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধকতা যাই থাকুক না কেন, আমরা গাজাকে বাঁচিয়ে রাখব। সমগ্র বিশ্ব, বিশেষ করে ইসলামিক দেশগুলোর উচিত সাহায্য প্রদানের জন্য ঐক্যবদ্ধ হওয়া।’

    এর আগে সংক্ষিপ্ত এক সফরে গত শুক্রবার জার্মানিতে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তবে তুর্কি প্রেসিডেন্টের এবারের জার্মান সফরটি ছিল উত্তেজনাপূর্ণ। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে প্রকাশ্যে এরদোয়ানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

    গত শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করতে আসেন এরদোয়ান ও শলৎজ। সেখানে হামাস-ইসরায়েলের যুদ্ধের প্রসঙ্গ নিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইসরায়েলের প্রতি আমাদের সংহতি নিয়ে কোনো ছাড় হবে না।’

    ওলাফ শলৎজ এমন কথা বলার পর এরদোয়ান মন্তব্য করেন, জার্মানি ইসরায়েলের কাছে দায়বদ্ধ। কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে হলোকাস্ট (গণহত্যা) চালিয়েছে। কিন্তু ইসরায়েলের প্রতি তুরস্কের কোনও দায় নেই। এ কারণে আমরা (তুরস্ক) প্রকাশ্যে যা খুশি তাই বলতে পারি।

  • ‘কারার ওই লৌহ কপাট’ গান সামাজিকমাধ্যম থেকে অপসারণের নোটিশ

    ‘কারার ওই লৌহ কপাট’ গান সামাজিকমাধ্যম থেকে অপসারণের নোটিশ

    www.HelloBangla.News – বিনোদন – ১৯ নভেম্বর, ২০২৩: বলিউডের হিন্দি ছবি ‘পিপ্পা’ সিনেমায় বিকৃত ভাবে কবি নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ওই লৌহ কপাট’ গানটি উপস্থাপনের পর থেকে দুই বাংলায় সমালোচনার ঝড় ওঠে।ভারতের বিখ্যাত সুরাকার এ আর রহমান গানটি রিমেক করেছেন।শুধু সুর বিকৃত করা হয়নি যে দৃশ্যায়নে গানটি ব্যবহার করা হয়েছে সেটাও ঠিক নয়। কেননা বুকে আগুন জ্বালানো গান গোল হয়ে নাচা হয়েছে যা গানটির কথার সঙ্গে বেমানান। তাই বলিউডের ‘পিপ্পা’ সিনেমায় এ আর রহমানের রিমেক করা কবি নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ওই লৌহ কপাট’ গান  সামাজিকমাধ্যম থেকে অপসারণ বা ব্লক করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    আজ রবিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী ও ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির ডাক ও ই-মেইলে এ নোটিশ পাঠান।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।

    অবিলম্বে বাংলাদেশে ‘কারার ওই লৌহ কপাট’ গানের এ আর রহমান ভার্সন ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ওটিটি প্ল্যার্টফর্ম, ওয়েবসাইট ও অন্যান্য সামাজিক মাধ্যম থেকে অপসারণ বা ব্লক না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে বলিউড সিনেমা ‘পিপ্পা’। এতে কবি নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক ব্যবহার হয়েছে।

    রিমেকটি তৈরি করেছেন উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান। এতে প্রশংসার বদলে বাংলা ভাষাভাষীদের সমালোচনার ঝড়ে পড়েছেন এ অস্কারজয়ী কম্পোজার। পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের নজরুল অনুরাগীরা নতুন সুরের গানটিকে মেনে নিতে পারছেন না।

    গানটি নিয়ে মুখ খোলেন বিদ্রোহী কবির নাতি অনির্বাণ কাজী। এক রকম চটে গিয়ে তিনি বলেন, গানের ক্রেডিট থেকে তার পরিবারের নাম মুছে ফেলা হোক।

    কলকাতার গণমাধ্যম অন্য সময়কে দেওয়া সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, ‘আমরা বুঝতে পারিনি যে রহমানের মতো একজন শিল্পী এতটা অসংবেদনশীল হতে পারেন এবং এভাবে গানটিকে হত্যা করতে পারেন। প্রতিবাদ হিসেবে, আমি চলচ্চিত্রের ক্রেডিট লাইনে বিশেষ ধন্যবাদে আমাদের পরিবারের নাম চাই না। ’

    কাজী নজরুল ইসলামের পরিবার থেকে অনুমতি নিয়েই গানটি রিমেক করা হয়েছিল বলে তথ্য দেন অনির্বাণ।

    তিনি বলেন, ‘২০২১ সালে মা অনুমতি দিয়েছিলেন। সুর ও কথা না বদলে গানটা রিমেক করতে অনুমতি দিয়েছিলেন তিনি। সেই সময় তাদের (নির্মাতা) পক্ষ থেকে বলা হয়েছিল, গানটা তারা নিজেদের মতো করে ব্যবহার করতে চায়। তখন মা তাদের বলেছিলেন, গানটা তৈরি হয়ে গেলে একবার শোনাতে। কিন্তু ওরা কিছুই শোনায়নি। এরপর মা-ও মারা যান। ’

    গানটিকে বিকৃত করা হয়েছে অভিযোগ এনে অনির্বাণ বলেন, ‘রহমানকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই জানতে চাই, তাকে কে অধিকার দিল গানটি বিকৃত করার? স্বত্ব দেওয়ার সময় তো সুর বদলের কথা বলা হয়নি। কী রকম একটা করে দিয়েছে গানটাকে! একটা গ্রামীণ সংগীতের মতো, ভাটিয়ালির মতো করে দিয়েছে। অনেক সস্তা করে দিয়েছে। ’

    ভারতের আনন্দবাজার বলছে, দুই দেশের অধিকাংশেরই দাবি, রহমান গুণী হলেও নজরুলের গান নিয়ে সঠিক বিচার করেননি তিনি। গানের সুর বিকৃতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এক যোগে প্রতিবাদও শুরু হয়েছে। উদারবাদীদের কেউ কেউ সেই সুর ‘হজম’ করে নিলেও বাংলার শিল্পী মহলের অধিকাংশই প্রতিবাদে সরব হয়েছেন। বিস্তর লেখালেখি শুরু হয়েছে সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমে। কেন সেই সুর বিকৃতি হল, কী ভাবে হল তা নিয়ে তর্ক চলছে। হয়তো আরও কিছু দিন চলবে। আরও পরে সেই বিতর্কে প্রলেপও পড়বে। তবে ছবিতে গানটির প্রয়োগ নিয়ে সে ভাবে কাউকে কথা বলতে দেখা গেল না। কোন দৃশ্যে সেই গান ব্যবহার হয়েছে, কতটা ব্যবহার হয়েছে, তার হিসাব মিলাতে পারছেননা অনেকে। ছবির যে দৃশ্যে ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি ব্যবহার হয়েছে, তাতে গানটির ঐতিহাসিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। গুরুত্বও হারিয়েছে।

    পিপ্পা ছবির গল্পে, পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিবাহিনীকে সাহায্য করতে বাংলাদেশে যান এক ভারতীয় সেনা। এক দৃশ্যে দেখা গিয়েছে, সেই ভারতীয় সেনাকে নিয়ে আনন্দে মেতেছেন জনা কয়েক মুক্তিযোদ্ধা। তাঁকে ‘সর্ষে ইলিশ’ রেঁধে খাওয়ানোর কথা ভাবছেন। একই সঙ্গে চলছে আমোদপ্রমোদ। গলা ছে়ড়ে ‘কারার ওই লৌহ কপাট’ গান গাইছেন (অন্য সুরে) মুক্তিযোদ্ধারা। গানের সঙ্গে তাল মিলিয়ে বনফায়ার ঘিরে নেচেও চলেছেন। সুর নিয়ে বিতর্ক তো হয়েছে, ব্যবহার নিয়েও কম বিতর্ক হওয়ার কথা নয়।

    ১৯২২ সালের ২০ জুন ‘কারার ওই লৌহ কপাট’ গানটি লিখেছিলেন কবি কাজী নজরুল। মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস কারারুদ্ধ হলে তার স্ত্রী বাসন্তী দেবী নজরুলকে বলেছিলেন, বাংলার মানুষকে নিয়ে কিছু লিখতে। সেই অনুরোধের প্রতি সম্মান রেখেই নজরুল রচনা করেছিলেন ‘কারার ওই লৌহ কপাট’ কালজয়ী গান। ১৯৪৯ সালের জুন মাসে যা রেকর্ড করা হয়। গিরিন চক্রবর্তীর গলায় প্রথম ভেসে ওঠে দ্রোহের এই গান।

    তাই সকলের দাবি গানটি দ্রুত পিপ্পা ছবি থেকে অপসারণ করা হোক।