আবারও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল

গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল - আন্তর্জাতিক - ২ ডিসেম্বর ২০২৩
গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল - আন্তর্জাতিক - ২ ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ ডিসেম্বর, ২০২৩: হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধে গাজায় প্রায় ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে অধিকাংশ শিশু, নারী ও বেসামরিক মানুষ। গাজায় যখন চরম মানবিক বিপর্যয় দেখা দেয় তখন সেখানে যুদ্ধ বিরতি ঘোষণার মধ্য দিয়ে বন্দি ও জিম্মি বিনিময় হয়। কিন্তু যুদ্ধ বিরতির সময় বাড়ানোর পক্ষে ছিলো বিশ্বের বিভিন্ন দেশ। এই অবস্থায় আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার দ্বিতীয় দিনে আজ শনিবার (২ ডিসেম্বর) ইসরায়েল গাজায় ভয়াবহ বোমা হামলা চালিয়েছে।

হামলা থেকে ধূসর ধোঁয়ায় গাজার আকাশ  মেঘ ঢেকে আছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে, যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার প্রথম দিনে ইসরায়েলি হামলায় প্রায় ২শ’ জন নিহত হয়েছে।

উভয় পক্ষই যুদ্ধবিরতি ভঙ্গ করার জন্য একে অপরকে দোষারোপ করেছে। ইসরায়েল দাবি করেছে, হামাস এটি শেষ হওয়ার আগেই একটি রকেট নিক্ষেপ করার চেষ্টা করেছিল এবং মুক্তির জন্য আরও জিম্মিদের তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস শনিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন যা করছি তা হল গাজা উপত্যকায় হামাসের সামরিক স্থাপনায় হামলা চালানো।’

আন্তর্জাতিক নেতারা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো যুদ্ধে ফিরে আসার নিন্দা করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক্স-এ (পূর্বে টুইটারে) বলেছেন, ‘আমি গভীরভাবে দুঃখিত যে, গাজায় আবার সামরিক অভিযান শুরু হয়েছে।’

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, আজ শনিবার ইসরায়েলি বাহিনী দামেস্কে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ যোদ্ধারা বলেছে, শুক্রবার লেবাননে ইসরায়েলি হামলায় তাদের একজন সদস্য নিহত হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বেড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা আরেকটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন শুক্রবার ক্যালিফোর্নিয়ায় সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ইসরায়েল, মিশর এবং কাতারের সাথে যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে আকাশ ও স্থল অভিযান চালিয়েছে। গাজা পরিচালনাকারী হামাস কর্তৃপক্ষ বলছে, এতে ইসরায়েল ১৫,০০০ এরও বেশি লোককে হত্যা করেছে, যাদের বেশিরভাগই বেসামরিক লোক।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে পাঁচজন মারা গেছে এবং হামাস এখনও ‘১৭ নারী ও শিশুসহ ১৩৬ জনকে জিম্মি করে রেখেছে’।

গাজা যুদ্ধে অন্তত ৬১ সাংবাদিক নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সময়ে এই সাংবাদিকদের মধ্যে ৫৪ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি ও তিনজন লেবানিজ।

সূত্র: বাসস

পূর্ববর্তী শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর
পরবর্তী বাংলাদেশ আইএমও’র সি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচিত