Author: Hello Bangla News

  • প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি: সিইসি

    প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জানুয়ারি, ২০২৪: প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।তিনি বলেন, “ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরো বাড়বে। প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি কোথাও ৪০টি।”

    আজ রবিবার (০৭ জানুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

    হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আমি বলতে পারবো না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না।”

    তিনি বলেন, “আমি যে কেন্দ্রে গিয়েছি, আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা আছেন তাদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই। আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের, নৌকার পক্ষে, বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই।”

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়েছে। এতে ২৮ দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৯৬৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

  • শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন

    শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জানুয়ারি, ২০২৪: শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রবিবার (৭ জানুয়ারি)সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪ টায়। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে।

     

    এই সময়ের মধ্যে খুলনা বিভাগে সবচেয়ে বেশি ৩২ শতাংশ ভোট পড়েছে। ঢাকা বিভাগে ভোট পড়েছে ২৫ শতাংশ।সবচেয় কম ভোট পড়েছে সিলেটে ২২ শতাংশ।

     

    ইসি সচিব বলেন, “বিকেল ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট কালেক্ট হয়েছে। অনিয়মের কারণে সাতটি ভোটকেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। এছাড়া সাতজনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে। এছাড়া আমাদের দুইজন প্রিসাইডিং অফিসার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন।”

     

    তিনি আরও বলেন, “বিকেল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

     

    ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, এখন পর্যন্ত ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।

     

    ২৯৯ আসনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।

    এর পর শুরু হয় ভোট গণনা।

  • এবার মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে: ডিজি র‌্যাব

    এবার মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে: ডিজি র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জানুয়ারি, ২০২৪: এবার মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে, বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তিনি বলেন, “আমরা বলেছিলাম আতঙ্কের তেমন কিছু নেই। আমার দেখা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের চেয়ে এবার সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে।”

    আজ রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এম খুরশীদ হোসেন বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরলাম। অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। এখনো পর্যন্ত ঢাকা শহরে কোথাও কোনো সমস্যা হয়নি। র‍্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার মিলিয়ে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ পরিবেশে শেষ পর্যন্ত সারা দেশে ভোট অনুষ্ঠিত হবে।

    র‍্যাব ডিজি বলেন, ‌“অনসাইড আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম’ (ওআইভিএস) এই ডিভাইস ব্যবহারের মাধ্যমে আমরা শুধুমাত্র তাদেরকে শনাক্ত করছি, যারা বহিরাগত বা যিনি ভোটার না অথচ আসছেন ঝামেলা করার জন্য। সন্ত্রাসী টাইপের লোকজন যারা তাদেরকে আইডেন্টিফাই করছি।”

    নির্বাচন পরবর্তীতে সহিংসতার একটা আশঙ্কার বিষয়ে তিনি বলেন, “ইতিপূর্বে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন ডিভিশনে কথা বলেছি। বিভিন্ন স্থান থেকে এই ধরনের প্রশ্ন এসেছে।সহিংসতা বা নাশকতার শঙ্কা, আতঙ্ক, অনেক কিছু এসেছে। এগুলো থাকবেই অতীতে ছিল ভবিষ্যতেও থাকবে।”

    র‍্যাব মহাপরিচালক বলেন, “নির্বাচনের আগে ও নির্বাচনের মধ্যে আতঙ্ক ছিল। আজকে নির্বাচন ঘিরেও আতঙ্ক ছিল। অনেক আতঙ্ক তৈরি করা হয়েছিল। বিশেষ করে বিরোধী দল বিএনপি জামায়াত নির্বাচন বয়কট করেছে। যারা প্রতিহত করতে চেয়েছে তারা আমাদের যে ব্যবস্থা রয়েছে, যে ব্যবস্থা গ্রহণ করেছি, কারো নির্বাচন প্রতিহত করার সাহস আছে বলে আমি মনে করি না।”

    নির্বাচন পরবর্তী ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, “আমরা আশঙ্কা করতেই পারি কিন্তু সেই আশঙ্কাকে কীভাবে মোকাবিলা বা প্রতিহত করব, তার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, এমন কোনো ধরনের আশঙ্কা নেই। কেউ চেষ্টা করলেও সফল হতে পারবে না।”

  • রুশ হামলায় ইউক্রেনের দোনেৎস্কে ৫ শিশুসহ নিহত ১১

    রুশ হামলায় ইউক্রেনের দোনেৎস্কে ৫ শিশুসহ নিহত ১১

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ জানুয়ারি, ২০২৪: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবার নতুন মোড় নিয়েছে। এতে আবারও রাশিয়ার আগ্রাসী রূপ দেখা দিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের ইউক্রেন নিয়ন্ত্রিত পোকরোভস্ক ও রিভাইন শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও আটজন।

    দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর শীর্ষ কমান্ডার ভাদিম ফিলাশকিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। টেলিগ্রাম পোস্টে ফিলাশকিন বলেন, ‘শুক্রবার পোকরোভোস্ক এবং রিভাইন শহরে একের পর এক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এতে শহরের বিভিন্ন এলাকায় ৫ শিশুসহ মোট ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। নিহত এবং আহতদের সবাই বেসামরিক নাগরিক।’

    শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে পোকরোভোস্ক এবং রিভাইন শহরের বিভিন্ন ভবনের ধ্বংস্তূপে উদ্ধার অভিযান শুরু করেছে ইউক্রেনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী স্টেট ইমার্জেন্সি সার্ভিস অব ইউক্রেন (এসইএস)। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উদ্ধার অভিযানের বিভিন্ন ছবিও ঘুরে বেড়াচ্ছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় নিহত এবং আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

    ‘রাশিয়ার প্রতিটি হামলার জবাব আমরা দেবো। আমাদের শক্তি, প্রতিরক্ষা ও রাজনৈতিক সক্ষমতা দিয়েই এসব হামলার জবাব দেওয়া হবে,’ বার্তায় বলেন জেলেনস্কি।

    এদিকে দুই বছর ধরে চলা যুদ্ধে দুই দেশের যুদ্ধবন্দির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের ২৩০ এবং রাশিয়ার ২৪৮ যুদ্ধবন্দির বিনিময়কে স্বাগত জানিয়েছেন।

  • পশ্চিমবঙ্গের নাট্যোৎসবে পরিবেশিত হলো ভাগের মানুষ

    পশ্চিমবঙ্গের নাট্যোৎসবে পরিবেশিত হলো ভাগের মানুষ

    www.HelloBangla.News – বিনোদন – ৭ জানুয়ারি, ২০২৪: ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র আয়োজিত ২৯তম নাট্যোৎসব সম্প্রতি সম্পন্ন হয়েছে। উৎসবে ঢাকার  ‘সময় নাট্যদল’ পরিবেশন করে তাদের জনপ্রিয় প্রযোজনা ‘ভাগের মানুষ’। সাদাত হোসেন মান্টোর গল্প থেকে এটি নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা। আর নির্দেশনায় ছিলেন প্রয়াত আলী যাকের।

     

    নাটক দেখে কবি ও প্রাবন্ধিক তমাল কান্তি সাহা নিজের মাতামত তুলে ধরেণ এভাবে,মানব সভ্যতার চোখে  কৃষ্ণপক্ষের রাত্রির তমসা ঘন হয়ে এলে ভাগ অঙ্কটি গণিতবিদ্যা ছেড়ে রাষ্ট্রীয় জীবনে ভাগের মানুষ অথবা মানুষের ভাগ হয়ে যায়। একটি ব্যক্তিগত নাম শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় একটি ভূখণ্ড বা একটি স্থানিক নাম, যা ছিল একদা কারুর জননী জন্মভূমি। বিষাণ সিংয়ের নাম হয়ে যায় পাকিস্তানের একটি জায়গার নাম টোবা টেক সিং। কারণ যে বাস্তভিটের  জল বাতাস, যে মাটির উর্বরাশক্তি তাকে লালন পালন করেছে সেই উপাদানিক ঐশ্বর্য নির্মাণ করেছে তার দেহের রক্ত মাংস তো বটেই তার শ্বাস-প্রশ্বাস চলাচলের পথ সুগম করেছে। সে তার জনয়িত্রী মাটিকে ছাড়বে কেন?

    কে পাগল, কারা পাগল?পাগল কি সত্যি উন্মাদ? তার মধ্যে রয়েছে তো দেশচেতনার উন্মাদনা! ক্ষমতায়ন বা মসনদ লাভ করবার জন্য যারা দেশকে দ্বিখন্ড করে তারা মানসিক উন্মাদ, না যারা তথাকথিত মানসিক চিকিৎসালয়ে বিভিন্ন দৈহিক বিভঙ্গে আচার-আচরণে কথাবার্তায় প্রকৃত সত্যকে উন্মোচন করে তারা মানসিক বিকারগ্রস্ত?  প্রকৃত খুনি হয়েও বাঁচবার তাগিদে যে পাগলখানায় আশ্রয় নেয় পাগলের অভিনয় করে সে তবে কি? পাগলের কল্পনা শক্তি কি তথাকথিত সুস্থ মানুষের চেয়েও সুদূর প্রসারিত নাহলে পাগলেরা কিভাবে যথাক্রমে  মোহন চাঁদ করম চাঁদ গান্ধী, উইনস্টন চার্চিল, মোহাম্মদ আলী জিন্না, স্ট্যালিন, হিটলার,অথবা বার এট ল হয়ে যায়!

     

    পাগলের ভেতর কি দেশপ্রেম, জন্মভূমির প্রতি ভালবাসার উজ্জীবন থাকে? তার মধ্যে কি তাকে শ্লেষ তির্যক ব্যঙ্গের ধ্রুপদী সত্য নিহিত থাকে! না হলে সে কেন বারবার উচ্চারণ করবে হিন্দুস্তান পাকিস্তান! হিন্দুস্তান পাকিস্তান? পাকিস্তান হিন্দুস্তান! পাকিস্তান হিন্দুস্তান? পাকিস্তানের অবস্থান কোথায়? আকাশের দিকে! হিন্দুস্তানের অবস্থান কোথায়? মাটির দিকে! তার চেতনায় হিন্দুস্তান পাকিস্তানের কোন অস্তিত্বই নেই।

     

    পাগলরা জানে শুধু, তার দেশ ভারতবর্ষ এবং এটা আদি অকৃত্রিম সত্য। তাহলে হিন্দুস্তান শব্দটি এলো কোত্থেকে! পাকিস্তান শব্দটি এলো কোত্থেকে? তারা পাগল হলেও ভাবতে থাকে, যখন প্রকৃত ক্ষমতার পাগলদের মধ্যে এই দেশ সম্পর্কিত চেতনা থাকে না। তারা তো রাষ্ট্রীয় ক্ষমতার প্রলোভনে হিংস্র উন্মত্ত পাগল, দাঙ্গায় রক্তাক্ত তাদের হাত।

     

    পাগলদের দেশ কোথায়? তারা তো জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে। তাদের একটাই পরিচয় তারা জন্মভূমি পাগল। তাদের অনুভব একটাই এই দেশ এই মাটি এই আশ্চর্য পাগলদের। ধর্মের নয়, সম্প্রদায়ের নয়, মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা নয়, মানুষের অস্তিত্বেই  দেশের অস্তিত্ব।

    দেশাত্মবোধের প্রকৃত অনুভবে টোবা টেক সিংরা চায় না দেশ ভাগ। তাই হিন্দুস্তান-পাকিস্তান বিভাজন এই দস্যুর বুলেটে ঝাঁঝরা হয়ে টোবা টেক সিং পড়ে থাকে একটি নবজাত ভূমিতে যার নাম নো ম্যানস ল্যান্ড!

     

    সভ্যতার বিবেক সেই মহা পাগলটি কোত্থেকে এসেছিল? এই প্রশ্ন করেছিলেন বিষণ সিং। পাগলটি মহা উত্তর দিয়েছিল, টোবা টেক সিং থেকে, যা ভারতেও নেই, পাকিস্তানেরও নেই!

     

    দুনিয়ার পাগলামির, ক্ষমতায়নের পাগলামির নৈপুণ্যেরের কারিগর সাহিত্যের সেরা উন্মাদ  সত্যদ্রষ্টা সাদাত হাসান মান্টো এই সমাজ সভ্যতার পোস্টমর্টেমের  দক্ষ শল্য চিকিৎসক।

    ভারতের পশ্চিমবঙ্গে প্রদর্শিত নাটকটি সর্ব মহলের প্রশংসা কুড়িয়েছে।

  • ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

    ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ৬ জানুয়ারি, ২০২৪: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।উক্ত নির্বাচনে রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

    এদিকে গত বুধবার (জানুয়ারি ০৩) দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।

  • ট্রেনে আগুন দেওয়া অমার্জনীয় অপরাধ: সিইসি

    ট্রেনে আগুন দেওয়া অমার্জনীয় অপরাধ: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ৬ জানুয়ারি, ২০২৪: ট্রেনে আগুন দেওয়া অমার্জনীয় অপরাধ, বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।তিনি বলেন, “আগুন দেখে আমরা দুঃখ ভারাক্রান্ত। কোনো দল যদি এটি করে থাকে, এটি অমার্জনীয় অপরাধ বলে মনে করি।”

    আজ শনিবার (০৬ জানুয়ারি) সংসদ নির্বাচনের আগের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এমন মন্তব্য করেন।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ট্রেনে আগুন দিয়েছে। ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা হরতাল দিয়েছে, তারাও বলেছিল তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। আমরা বিশ্বাস করেছিলাম শান্তিপূর্ণভাবে ভোটারদের ভোটবিরোধী প্রচারণা চালাবে।”

     

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কতটা নিয়ন্ত্রিত হবে সেটা ভবিষ্যৎ বলবে। সর্বাত্মক চেষ্টা হচ্ছে। তবে কোনো একটা বিরোধী পক্ষ ভোট বর্জনের পাশাপাশি প্রতিহত করার চেষ্টা করছে। এতে নির্বাচন শান্তিপূর্ণভাবে উঠিয়ে আনতে কঠিন হবে। আশাকরি ভোটাররা আসবে। আরও ৪৮ ঘণ্টা অপেক্ষা করুন, সেটা হয়তো দেখতে পারবেন।”

     

    সিইসি বলেন, “নির্বাচন কমিশন কি কোনো রাজনৈতিক দল? কমিশনের ওপর আস্থা থাকুক বা না থাকুক…। কোনো বিশেষজ্ঞ কি বলবেন যে, দশ বছর নির্বাচন বন্ধ করুন, দলগুলো সমঝোতায় আসলে ভোট করুন। তাহলে আমি নির্বাচন বন্ধ করে দেবো।”

     

    তিনি বলেন, “ইসির একজন কর্মকর্তাও ভোটগ্রহণের জন্য সম্পৃক্ত থাকবেন না। সেই ভোটগ্রহণের মধ্যেই যদি কারচুপি হয়, কিছু দায়ভার আমাদের ওপর আসবে। কেন্দ্রে সর্বময় ক্ষমতার অধিকারী প্রিসাইডিং অফিসার। তার দায়িত্ব বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কাজেই দায়ভার আপনাদেরও নিতে হবে। কেননা, ভোটকেন্দ্রে মিডিয়ার অবাধ অধিকার থাকবে। তাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। স্বচ্ছতা তুলে ধরতে পারলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বেড়ে যেতে পারে।”

     

    সিইসি বলেন, “গ্রহণযোগ্যতার কোনো সুস্পষ্ট মানদণ্ড নেই। কেউ বলবেন গ্রহণযোগ্য হয়েছে, কেউ বলবেন হয়নি। আপনারা দৃশ্যমান করে তোলার চেষ্টা করবেন। এতে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে। গণমাধ্যমে প্রকৃত চিত্র উঠে আসলে মানুষ প্রকৃত চিত্র বুঝতে পারবে।”

     

    অন্য প্রশ্নের জবাবে সিইসি বলেন, “ভোটগ্রহণের সময় ভোটারদের নিরাপত্তায় আট লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছে। বড় দল ভোট বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। শান্তিপূর্ণ হলে আমরা কিছু মনে করব না। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বলবে, সেটা অপরাধ। এটাই আমাদের চ্যালেঞ্জ।”

     

    তিনি বলেন, “নির্বাচন কমিশন হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনা বডি। আমি বলতে চাই আমরা বিশ্বাস করি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছতামূলক নির্বাচন। স্থানীয়ভাবেই কেবল নয়, আমরা আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ হোক সেটা চাই।”

     

    দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সামনে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে মিট দ্য প্রেস আয়োজন করে নির্বাচন কমিশন। এ সময় অন্য নির্বাচন কমিশনার, সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ৬

    বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ৬

    www.HelloBangla.News – জাতীয় – ৬ জানুয়ারি, ২০২৪: বিএনপির নেতারা ভিডিও কনফারেন্সে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার সিদ্ধান্ত নেন, বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, “ট্রেনে আগুন দেওয়ার আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ভিযিও কনফারেন্সে একটি মিটিং হয়। মিটিংটি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ১৭ মিনিটের এই মিটিংয়ে ট্রেনে আগুন দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হওয়ার পর একজনকে দায়িত্ব দেওয়া হয় ট্রেনে আগুন দেওয়ার জন্য। এর পরে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়।”

    আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান ।

    গ্রেপ্তারের পর ট্রেনে আগুন দেওয়ার পরিকল্পনার বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান যুবদল নেতা কাজী মনসুর।

    রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবী ও যুবদল কাজী মনসুরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ট্রেনের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত এবং ৮ জন দ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

    জিজ্ঞাসাবাদে কাজী মনসুর ডিবিকে জানায়, “তারা গতকাল একটি ভিডিও কনফারেন্সে মিটিং করেন। মিটিং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নসহ আরও অনেকে ছিলেন। প্রায় ১৭ মিনিট ধরে মিটিংটি চলে। ভিডিও কনফারেন্সে এই মিটিং এ দুটি সিদ্ধান্ত হয়েছে। প্রথম সিদ্ধান্ত ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করার জন্য, যাতে করে ভোটাররা ভয়ে সেখানে না আসে।

    আর দ্বিতীয় সিদ্ধান্ত হয় ট্রেনে আগুন দেওয়ার। এ সময় মিটিংয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন জিজ্ঞাসা করেন ট্রেনে আগুন দিতে পারবে কে। তখন মিটিংয়ে উপস্থিত একজন রাজি হয় ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে।

    মনসুর পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে আরও বলেন, মিটিংয়ে রবিউল ইসলাম বলেন— কিশোরগঞ্জ থেকে আসা কোনো ট্রেন ঢাকায় ঢোকার পর কিংবা নারায়ণগঞ্জ রুটের ট্রেনে আগুন দেওয়ার জন্য। তখন রবিউল ইসলাম মিটিংয়ে একজনকে দায়িত্ব দেয় ট্রেনে আগুন দেওয়ার জন্য।

    হারুন অর রশীদ আরও বলেন, “বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের পরিকল্পনা হিসেবে বিএনপির হাইপ্রোফাইল নেতারা ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে প্রথমে আসেন মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনাম। এরপর আসেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, ইকবাল হোসেন বাবলু, একজন দপ্তর সম্পাদক ও কাজী মনসুর।”

  • যৌক্তিক কারণ ছাড়া কোথাও না যেতে আহ্বান র‌্যাবের

    যৌক্তিক কারণ ছাড়া কোথাও না যেতে আহ্বান র‌্যাবের

    www.HelloBangla.News – জাতীয় – ৬ জানুয়ারি, ২০২৪: আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) এই নির্বাচন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) এম খুরশীদ হোসেন ভোটের দিন যৌক্তিক কারণ ছাড়া কোথাও না যেতে আহ্বান জানানিয়েছেন দেশবাসীকে।

    আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে মিরপুর-২ নম্বর এলাকায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জাননা তিনি।

    এম খুরশীদ হোসেন বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে তাকে নাশকতাকারী হিসেবে আমরা সনাক্ত করবো না। তবে জানতে চাইবো, আমরা তাকে ওয়াচ করবো। আপনি কেন এসেছেন, কি প্রয়োজন আপনার। আপনি অন্য কোনো কাজে ইনভলভ আছেন কিনা। যৌক্তিক কোনো কারণ ছাড়া কেউ কোথাও যাবেন না। নিজ নিজ এলাকায় থাকবেন।”

    র‌্যাব ডিজি আরও বলেন, “নাশকতার ব্যাপারে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল- এ ধরনের নাশকতা ঘটনা ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ভোট যারা বয়কট করেছেন বিশেষ করে জামায়াত-বিএনপির কথা আমরা জানি। আমরা গতকাল তিনজনকে পিকআপ করেছি। তাদের কাছে পেট্রোল বোমা পাওয়া গেছে ২৮টি, ককটেল পাওয়া গেছে ৩০টি। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।”

    র‍্যাব মহাপরিচালক বলেন, “যেকোনো ঘটনা যখন ঘটে আমরা অবশ্যই তা খুঁজে বের করার চেষ্টা করি। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারব না। কারণ, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা আন্ডার ইনভেস্টিগেশন। তথ্য পেলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এমন কোনো থ্রেট বা হুমকি তৈরি হয়নি, এমন কোনো আশঙ্কা নেই যে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারবে না। শুধু র‍্যাব ফোর্সেস না সব আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চমৎকার স্বাভাবিক। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবেন।”

    খুরশীদ আরও বলেন, “আমরা নির্বাচন উপলক্ষে তিনটি ফেজে কাজ করছি। নির্বাচনী পূর্ববর্তী অবস্থা আজকে থেকে শেষ। আগামীকাল হবে নির্বাচন। এই নির্বাচনে যারা ভোট দিতে আসবেন আমাদের কাজ তাদের নিরাপদে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করা। ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেটি নিশ্চিত করা। যারা নির্বাচনী কাজে সংশ্লিষ্ট এবং ভোটকেন্দ্র রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা।”

    নির্বাচন পরবর্তী পর্যায়ে যারা জয়ী হবেন বা পরাজিত হবেন তাদের মধ্যেও পরস্পর ঝামেলা হয়, সংঘর্ষ হয়। নির্বাচন পরবর্তী পর্যায়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। সুতরাং ভয় পাওয়ার বা আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই।

    এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে তাকে নাশকতাকারী হিসেবে আমরা সনাক্ত করবো না। তবে জানতে চাইবো, আমরা তাকে ওয়াচ করবো। আপনি কেন এসেছেন, কি প্রয়োজন আপনার। আপনি অন্য কোনো কাজে ইনভলভ আছেন কিনা। যৌক্তিক কোনো কারণ ছাড়া কেউ কোথাও যাবেন না। নিজ নিজ এলাকায় থাকবেন।

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ জানুয়ারি, ২০২৪: প্রতি দুই বছর পর পর টি-টোযেন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।চলতি বছরের জুনে শুরু হতে যাচ্ছে চলটি আসর।এবার সবচেয়ে বেশি ২০ টি দেশ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি গতরাতে প্রকাশ করেছে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    ডালাসে ১ জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাস্ট্র ও কানাডা। পরের দিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

    আগামী ৭ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করবে বাংলাদেশ।

    টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে  বাংলাদেশের প্রতিপক্ষ  দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল। ডালাসে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলার পর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ জুন নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে টাইগাররা। ১৬ জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

    এছাড়া গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘বি’তে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে আছে অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ ‘সি’তে থাকছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

    প্রথমবারের মতো আগামী টি-টোয়েন্টি বিশ^কাপে ২০টি দল অংশ নিবে। ৪টি গ্রুপে ৫টি করে দল খেলবে। গ্রুপ পর্বের খেলা চলবে ১৭ জুন পর্যন্ত।

    প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার এইট পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে আটটি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ১৯ থেকে ২৪ জুন পর্যন্ত সুপার এইট পর্ব অনুষ্ঠিত হবে। ২৬ ও ২৭ জুন দু’টি সেমিফাইনালের পর ২৯ জুন হবে ফাইনাল।

    ৯ জুন নিউইয়র্কে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের ছয় ও যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হবে ৪১টি ম্যাচ।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ :

    গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র

    গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান

    গ্রুপ ‘সি’ : ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি

    গ্রুপ ‘ডি’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস, নেপাল।

    টি-টোয়েন্টি বিশ^কাপের সূচি :

    গ্রুপ পর্ব :

    ১ জুন : যুক্তরাষ্ট্র-কানাডা, ডালাস

    ২ জুন : ওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনি, গায়ানা

    ২ জুন : নামিবিয়া-ওমান, বার্বাডোজ

    ৩ জুন : শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক

    ৩ জুন : আফগানিস্তান-উগান্ডা, গায়ানা

    ৪ জুন : ইংল্যান্ড-স্কটল্যান্ড, বার্বাডোজ

    ৪ জুন : নেদারল্যান্ডস-নেপাল, ডালাস

    ৫ জুন : ভারত-আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক

    ৫ জুন : পাপুয়া নিউগিনি-উগান্ডা, গায়ানা

    ৫ জুন : অস্ট্রেলিয়া-ওমান, বার্বাডোজ

    ৬ জুন : যুক্তরাষ্ট্র-পাকিস্তান, ডালাস

    ৬ জুন : নামিবিয়া-স্কটল্যান্ড, বার্বাডোজ

    ৭ জুন : কানাডা-আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক

    ৭ জুন : নিউজিল্যান্ড-আফগানিস্তান, গায়ানা

    ৭ জুন : বাংলাদেশ-শ্রীলংকা, ডালাস

    ৮ জুন : নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক

    ৮ জুন : অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, বার্বাডোজ

    ৮ জুন : ওয়েস্ট ইন্ডিজ-উগান্ডা, গায়ানা

    ৯ জুন : ভারত-পাকিস্তান, নিউ ইয়র্ক

    ৯ জুন : ওমান-স্কটল্যান্ড, অ্যান্টিগা

    ১০ জুন : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক

    ১১ জুন : পাকিস্তান-কানাডা, নিউ ইয়র্ক

    ১১ জুন : শ্রীলংকা-নেপাল, ফ্লোরিডা

    ১১ জুন : অস্ট্রেলিয়া-নামিবিয়া, অ্যান্টিগা

    ১২ জুন : যুক্তরাষ্ট্র-ভারত, নিউইয়র্ক

    ১২ জুন : ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড, ত্রিনিদাদ

    ১৩ জুন : ইংল্যান্ড-ওমান, অ্যান্টিগা

    ১৩ জুন : বাংলাদেশ-নেদারল্যান্ডস, সেন্ট ভিনসেন্ট

    ১৩ জুন : আফগানিস্তান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ

    ১৪ জুন : যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড, ফ্লোরিডা

    ১৪ জুন : দক্ষিণ আফ্রিকা-নেপাল, সেন্ট ভিনসেন্ট

    ১৪ জুন : নিউজিল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ

    ১৫ জুন : ভারত-কানাডা, ফ্লোরিডা

    ১৫ জুন : নামিবিয়া-ইংল্যান্ড, অ্যান্টিগা

    ১৫ জুন : অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড, সেন্ট লুসিয়া

    ১৬ জুন : পাকিস্তান-আয়ারল্যান্ড, ফ্লোরিডা

    ১৬ জুন : বাংলাদেশ-নেপাল, সেন্ট ভিনসেন্ট

    ১৬ জুন : শ্রীলংকা-নেদারল্যান্ডস, সেন্ট লুসিয়া

    ১৭ জুন : নিউজিল্যান্ড-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ

    ১৭ জুন : ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান, সেন্ট লুসিয়া

    সুপার এইট পর্ব :

    ১৯ জুন : এ২-ডি১, অ্যান্টিগা

    ১৯ জুন : বি১-সি২, সেন্ট লুসিয়া

    ২০ জুন : সি১-এ১, বার্বাডোজ

    ২০ জুন : বি১-ডি১, অ্যান্টিগা

    ২১ জুন : বি১-ডি১, সেন্ট লুসিয়া

    ২১ জুন : এ১-সি২, বার্বাডোজ

    ২২ জুন : এ১-ডি২, অ্যান্টিগা

    ২২ জুন : সি১-বি২, সেন্ট ভিনসেন্ট

    ২৩ জুন : এ২-বি১, বার্বাডোজ

    ২৩ জুন : সি১-ডি১, অ্যান্টিগা

    ২৪ জুন : বি১-এ১, সেন্ট লুসিয়া

    ২৪ জুন : সি১-ডি২, সেন্ট ভিনসেন্ট

    সেমিফাইনাল :

    ২৬ জুন : প্রথম সেমিফাইনাল, গায়ানা

    ২৭ জুন : দ্বিতীয় সেমিফাইনাল, ত্রিনিদাদ

    ফাইনাল :

    ২৯ জুন : ফাইনাল, বার্বাডোজ।