Author: Hello Bangla News

  • শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক ও বর্জ্য মুক্ত হতে হবে: পরিবেশমন্ত্রী

    শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক ও বর্জ্য মুক্ত হতে হবে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিক ও বর্জ্য মুক্ত হতে হবে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, “শুধু প্লাস্টিক নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের বর্জ্য মুক্ত হতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষরোপণ করতে হবে। প্লাস্টিকের ভয়াবহ দূষণ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এ জন্য স্কুল, কলেজের সিলেবাসে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।”

    আজ শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করতে চাই। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক বর্জ্য মুক্ত হলে তাদের সঙ্গে জড়িত হাজার হাজার পরিবারও প্লাস্টিকের ক্ষতিকর দূষণ সম্পর্কে জানতে পারবে।”

    তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী উপহার দিতে চাই। মন্ত্রী এ সময় প্রতিষ্ঠানটির বিজ্ঞানাগারসহ সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।”

    অনুষ্ঠানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি শাহেলী পারভীন-সহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

    মশাল প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ এবং দেশাত্মবোধক ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল হকের অবদান রয়েছে: আরেফিন সিদ্দিক

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল হকের অবদান রয়েছে: আরেফিন সিদ্দিক

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল হকের অবদান রয়েছে, বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনেও শেরে বাংলা এ কে ফজলুল হকের অনেকে অবদান রয়েছে। বাংলা একাডেমিতে তার অবদান রয়েছে। এ রকম বহু অবদান রয়েছে। তিনি অনেকগুলো পদে থেকে দায়িত্ব পালন করেছেন। তিনি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, গভর্নর, অ্যাডভোকেট, মন্ত্রী এ রকম অসংখ্য পদের দায়িত্ব তিনি পালন করেছে।”

    আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘গ্রন্থকানন’ আয়োজিত শেরে বাংলার কর্মময় জীবন নিয়ে আলোচনা এবং পদক প্রদান অনুষ্ঠান ২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আরেফিন সিদ্দিক বলেন, “শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতিশক্তি অনেক প্রখর ছিল। তিনি ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিলেন। বাংলাদেশের জন্য তার যে অবদান সেটি বলে শেষ করা যাবে না। বর্তমান বাংলাদেশের পেছনেও তার অনেক অবদান রয়েছে।”

    তিনি আরও বলেন, “শেরে বাংলা এ কে ফজলুল হক বিরল বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এ ধরনের মানুষ সবসময় জন্মগ্রহণ করে না। তাকে স্মরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তার মধ্যে কোনো ধরনের ব্যক্তি স্বার্থ ছিল না। তিনি দেশের জন্য কাজ করে গেছেন। তিনি সততার সঙ্গে জীবনযাপন এবং দায়িত্ব পালন করেছেন। ফজলুল হক, বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী তারা সম্মিলিতভাবে আমাদের এই স্বাধীন দেশ এনে দিয়েছেন।”

    কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালামের সভাপতিত্বে আলোচনা সভা ও অনুষ্ঠানে কবি, রম্য লেখক ও প্রকাশক শাহজাহান আবদালীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • ভারত থেকে ৩৫ হাজার টন আলু আমদানি হবে

    ভারত থেকে ৩৫ হাজার টন আলু আমদানি হবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আবারও আলু আমদানির কেরবে সরকার। সেই লক্ষে হিলির ৫০ আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এই আলু আমদানি করা হবে ।

    দিনাজপুর হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কারক এসোসিয়েশন এর সভাপতি হারুনুর রশিদ হারুন আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টায় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হিলিস্থল বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যে এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছেন তারা।

    আজ শনিবার দুপুরে  বিষয়টি দিনাজপুর  হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা  ইউসুফ আলী জানান, দেশের বাজার নিয়ন্ত্রণে আলু আমদানির সিদ্ধান্ত দিয়েছে সরকার। ইতিমধ্যে অনুমতির আবেদন গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে আইপি দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৫০ আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

    হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে। বন্দরের ব্যবসায়ীরা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আজ অথবা আগামীকাল  রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে ভারত থেকে আলু আমদানি হবে। ভারত থেকে আলু আমদানি হলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে আসবে।

  • ইরাক ও সিরিয়ার ৮৫টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

    ইরাক ও সিরিয়ার ৮৫টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: ইরাক ও সিরিয়ার ৮৫টি স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। বলা হচ্ছে এই সব স্থাপনার সাথে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে।

    শুক্রবার (০২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় (ইএসটি) এ হামলা চালানো হয়।

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্প কুদস ফোর্স (আইআরডিসি) এবং অনুমোদিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে।

    এ হামলায় বি-১ বোমারু বিমান নামে পরিচিত দূরপাল্লার সামরিক বিমান ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের বিমানবাহিনীর ওয়েবসাইটে এটিকে ‘আমেরিকার দূরপাল্লার বোমারু বাহিনীর মেরুদণ্ড’ হিসেবে আখ্যায়িত করা আছে। বিমানটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়েছিল বলে জানা গেছে।

    এছাড়া ইরাক ও সিরিয়ায় করা এই হামলায় সূক্ষ্ম নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও ব্যবহার করা হয়েছে।

    শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমাদের প্রতিক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। এটি আমাদের পছন্দের সময়ে এবং জায়গায় চলতে থাকবে।

    গত রবিবার (২৮ জানুয়ারি) মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তারা এ হামলা চালায়। টাওয়ার ২২ নামে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর ওই ঘটনায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪০ জনেরও বেশি কর্মী আহত হয়েছিলেন।

    হামলার জন্য ইরানকে দোষারোপ করে বিপরীতে ‘খুবই ফলপ্রসূ প্রতিক্রিয়া’ দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল হোয়াইট হাউস।

    তবে হামলাটিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয় ইরান।

  • ‘টাঙ্গাইল শাড়ি’কে ভারতের নিজস্ব পণ্য হিসেবে দাবি করা হচ্ছে

    ‘টাঙ্গাইল শাড়ি’কে ভারতের নিজস্ব পণ্য হিসেবে দাবি করা হচ্ছে

    www.HelloBangla.News – মতামত – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: ভৌগোলিক নির্দেশক পণ্য বলতে আমরা সাধারণত সেই সব পণ্যকে বলে থাকি যা সেই দেশের সংস্কৃতি, পরিবেশ, মোটিফ, এলাকায় উৎপক্তি পরিচিতি এবং প্রসারের বিত্তে আবদ্ধ থকে।

    আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ (ডিপিডিটি) এই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। যে ব্যক্তি/ প্রতিষ্ঠান বা সংস্থা জি-আই এর জন্য আবেদন করেন সেটার মেধাস্বত্ত্ব তাদের দেয়া হয়।

    ২০১৩ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন হয়। ২০১৫ সালে আইনের বিধিমালা তৈরির পর জি-আই পণ্যের নিবন্ধন নিতে আহ্বান জানায় ডিপিডিটি। এর পর থেকে ভৌগলিক নির্দেশক পণ্য নির্বাচন করা হয়। জানা গেছে বাংলাদেশের ১৭ টি ভৌগলিক নির্দেশক (জি-আই) পণ্য রয়েছে।

    কিন্তু সম্প্রতি ‘টাঙ্গাইল শাড়ি’ বাংলাদেশের একটি জেলার দীঘদিন ধরে উৎপাদন হচ্ছে এবং সেই জেলার নামানুসারে শাড়িটির নামকরণ হওয়া সত্বেও ভারত দাবি করছে “টাঙ্গাইল শাড়ি’ তাদের নিজম্ব পণ্য। ভারত সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে একটি পোস্টে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করা হয়। বলা হয়, এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের বহিঃপ্রকাশ।

    ওই পোস্টের নিচে অনেক বাংলাদেশি ব্যবহারকারীকে প্রতিবাদ জানাতে দেখা যায়। তাদের বক্তব্য টাঙ্গাইল বাংলাদেশের একটি জেলার নাম এবং ওই শাড়িটির উৎপত্তি এই জেলায়। কিন্তু এই বিতর্কের প্রেক্ষাপট রচিত হয়েছে আরো এক মাস আগে। চলতি বছরের জানুয়ারির দুই তারিখে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশকপণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

    ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্কস বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। সুন্দরবনের মধুও এই রাজ্যটির নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি’র তথ্য বলছে, পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প বিভাগ এর জন্য আবেদন করেছিলো ২০২০ সালের সেপ্টেম্বরে।

    টাঙ্গাইল শাড়িকে ধরা হয় নদীয়া ও পূর্ববর্ধমানের পণ্য হিসেবে। একইসাথে মুর্শিদাবাদের গরদ ও করিয়াল নামে আরো দুটি শাড়িও যুক্ত হয় জিআই নিবন্ধিত তালিকায়।

    বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য জিআই’র তালিকায় টাঙ্গাইল শাড়ির উপস্থিতির কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন।

     

    টাঙ্গাইল শাড়ির উৎপত্তিস্থল:

    বিভিন্ন গবেষণা এবং এই শিল্পের আদি ধারার সাথে সম্পৃক্তদের বয়ানে এই শাড়ির উৎপত্তিস্থল হিসেবে সুনির্দিষ্টভাবে উঠে আসছে পাথরাইল, নলশোধা, ঘারিন্দাসহ টাঙ্গাইলের এমন বাইশ-তেইশটি গ্রামের নাম।

    বলছিলেন হরিপদ বসাক, যিনি ওই তাঁতীদের বংশধর। জন্ম ও বেড়ে ওঠা ‘পূর্ব বাংলায়’ হলেও বর্তমানে বসবাস করছেন পশ্চিম বঙ্গের নদীয়ায়। তিনে বলেন, “একসাথে বাইশগ্রাম বলে চিহ্নিত করা হতো। এসব গ্রামই ঠিকানা ছিলো তাঁতীদের। যাদের পদবি ছিল ‘বসাক’।”

    উনবিংশ শতাব্দীর শেষভাগের ব্রিটিশ ভারতে টাঙ্গাইল ছিল ময়মনসিংহ জেলার এক মহকুমা।

    মি. হরিপদ বসাক জানান, “১৮৫০ সাল বা তার কাছাকাছি সময়ে তৎকালীন ধামরাই এবং চৌহট্ট নামে দুটি গ্রামে মসলিনের উত্তরসূরী কিছু তাঁতি বসবাস করতেন। সন্তোষ, করটিয়া, দেলদুয়ারে জমিদারি পত্তনের সময় অন্যান্য পেশাজীবীদের পাশাপাশি ওই তাঁতিদেরও সেসব জায়গায় নিয়ে বসতি স্থাপন করা হয়।”

    এসব গ্রামের মানুষেরা যে শাড়ি বয়ন করতেন তাই ‘টাঙ্গাইল শাড়ি’ নামে পরিচিতি লাভ করে।

     

    নদীয়া বা পূর্ব বর্ধমানে প্রচলন যেভাবে:

    ২০১৪ সালে টাঙ্গাইল জেলার তাঁতীদের নিয়ে একটি গবেষণা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন গবেষক সুব্রত ব্যানার্জি, মো. মনিরুজ্জামান মুজিব ও সুমনা শারমিন।

    গবেষণায় দেখা যায়, পাকিস্তান পর্বে তো বটেই বাংলাদেশের স্বাধীনতার পরেও বসাক সম্প্রদায়ের পরিবারের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে। নলশোধা গ্রামের উদাহরণ টেনে উল্লেখ করা হয়, স্বাধীনতার পর পুরো গ্রামেই বাড়িতে বাড়িতে তাঁত থাকলেও ২০১৪ সালে সরেজমিনে তারা দেখতে পান মাত্র ২২ টি পরিবার এই পেশায় যুক্ত আছে।

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাঁতশিল্প নিয়ে গবেষণা করেন নিলয় কুমার বসাক। তিনিও ওই তন্তুবায় সম্প্রদায়ের উত্তর প্রজন্ম।

    মি. নিলয় বলেন, “১৯৪৭ সালের দেশভাগের পর বসাক সম্প্রদায়ের বড় অংশই ভারতে চলে যান। তাদের ভিড়টা বেশি হয় নদীয়া জেলার ফুলিয়া গ্রাম এবং পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রাম ও সমুদ্রগড়ে।”

    তাদের বদৌলতে নদীয়া ও পূর্ব-বর্ধমানে ‘টাঙ্গাইল শাড়ি’ পরিচিতি লাভ করে, যোগ করেন তিনি। হরিপদ বসাকও প্রায় একই রকম তথ্য দিলেন। সঙ্গে যুক্ত করলেন, “এই বিদ্যেটা জানা ছিলো বলে আমাদের উদ্বাস্তু জীবনের বোঝা বইতে হয়নি।”

     

    জিআই’র সম্পর্ক স্থানের সঙ্গে না ব্যক্তির সঙ্গে:

    ২০১১ সালেও একবার টাঙ্গাইল শাড়ির জন্য জি আই আবেদন করা হয়েছিল বলে জানান মি. বসাক। বলেন, “সেই আবেদনটি বাতিল হয়ে গিয়েছিল।”

    তারপরও চেষ্টা চালিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট বিভাগ। ফল পেয়েছে ২০২৪ সালে এসে।

    কিন্তু, প্রশ্ন উঠছে উৎপত্তিস্থল টাঙ্গাইলের নাম ধারণ করার পরও ভৌগলিকভাবে অন্য স্থানের পণ্য হিসেবে বিবেচনা করা যায় কি না?

    এর জবাবে, হরিপদ বসাক সামনে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গেরই বালুচরী শাড়ির উদাহরণকে।

    তার ভাষ্য, “অষ্টাদশ শতাব্দীর শুরুতে মুর্শিদাবাদ জেলার বালুচর নামক স্থানে এই শাড়ির জন্ম হলেও পরবর্তীকালে বন্যার কারণে বালুচরী তাঁতিরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে চলে আসেন। পরবর্তীতে সেখানে এই শাড়ির প্রসার ঘটে।”

    “স্থানান্তরিত হলেও বালুচরী শাড়ি ‘বিষ্ণুপুরি’ বা অন্য কোনও নাম পরিগ্রহ করেনি, বরং বালুচরী নামেই জিআই পেয়েছে।” বলেন এই তাঁতশিল্প গবেষক।

    আর নিলয় বসাক উল্লেখ করেছেন, “দেশভাগের বলি হয়ে ভারতে চলে এলেও ‘টাঙ্গাইল’ শব্দটি ছিল বসাক তাঁতিদের অস্থিমজ্জাগত। ফলে উদ্বাস্তু এই তাঁতিরা নিজেদের বয়নীকৃত শাড়ির নাম বা বয়ন কৌশল পরিবর্তন করার কথা কল্পনাও করেননি।”

    কিন্তু এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন, বিসিক এর বিপণন শাখার মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার।

    ঢাকাই জামদানি, রংপুরের শতরঞ্জি ও শীতলপাটির মত পণ্যগুলোর জিআই প্রাপ্তির সময় এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন মি. অখিল রঞ্জন।

    তিনি বলেন, “এটা যৌক্তিক নয়। এটার নামই কিন্তু জিওগ্রাফিক্যাল, অর্থাৎ, ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে এই পণ্যটার একটা স্বীকৃতি। এখানে ব্যক্তির কোনো বিষয় নেই। যারা আগে চলে গেছে, তারা এমন দাবি করে করলে এটা একটু খটকাই লাগে,” ।

    তিনি এ খবরে ‘বিস্মিত’ হয়েছেন বলে মন্তব্য করেন।

    তিনি বলেন, “শাড়িটার যেহেতু টাঙ্গাইলেই উৎপত্তিস্থল, এখানেই উৎকর্ষ। এই স্থানের ভিত্তিতেই কিন্তু এটার স্বীকৃতি হওয়া উচিত।”

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের গবেষকদের সুব্রত ব্যানার্জি ও সুমনা শারমিনও এই ধারণাটাকেই সমর্থন করেন।

    অবশ্য, নিলয় কুমার ও হরিপদ বসাকও এ বিষয়ে বিতর্কের অবকাশ থেকে যায় বলে মনে করেন।

     

    দুই দেশের শাড়ির বৈশিষ্ট্যে কী:

    তাঁত শিল্পী ও ব্যবসায়ীদের কাছ থেকে জানা যাচ্ছে, টাঙ্গাইলের শাড়ির সুতা মিহি ও চিকন হয়। সুতা টেকসই হয়, ফলে দীর্ঘদিন ব্যবহার নৈমিত্তিক ব্যবহারের উপযোগী থাকে। এ ধরনের শাড়ি তপ্ত আবহাওয়ায়ও আরামদায়ক হয়।

    তাঁতিদের স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে শাড়িতেও বিভিন্ন পরিবর্তন যুক্ত হয়েছে বলে জানালেন মি. হরিপদ বসাক।

    তিনি বলছেন, “টাঙ্গাইল ঘরানার ওপর কাজ করে এটাতে বৈচিত্র্য আনা হয়েছে। বাজারের চাহিদা অনুযায়ী কালার বা ডিজাইনে ঘটানো হয়েছে পরিবর্তন।”

    ব্যবসায়ীরা জানয়েছেন, বাংলাদেশের বাজার ভারতের শাড়িতে সয়লাব । ভারত থেকে যেসব ‘টাঙ্গাইল শাড়ি’ আসে সেগুলো একটু ‘সিল্ক টাইপের’ হয় ।

     

    টাঙ্গাইলে ‘টাঙ্গাইল শাড়ি’র হালহকিকত:

    বসাকদের বাইরেও অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। তেমনই এক তাঁতবস্ত্র ব্যবসায়ী পরিবারের সন্তান নাজমুল হাসান। আগে বল্লারামপুর গ্রামে নিজেদের তাঁত থাকলেও করোনা মহামারীর অভিঘাত পার করে এখন আর সরাসরি উৎপাদন না করে বিপণনের সঙ্গে যুক্ত আছেন।

    মি. নাজমুল বলেন, “আমার ছোটবেলায় দেখছি রমরমা বিজনেস ছিল। এখন সেই বিজনেসটা আর নাই।

    হাতের তাঁতগুলো উঠে গিয়ে এই শিল্প পাওয়ার লুমের দিকে ধাবিত হচ্ছে বলে জানান তিনি। তবে দাবি করেন, মেশিনেও কাপড়ের মান মোটামুটি একইরকম থাকে।

    তিনি বলেন, “করোনার পর এই অঞ্চলের অর্ধেক তাঁত নাই হয়ে গেছে। আমাদের ৫০ টা তাঁত ছিলো। ২০-৩০ লাখ টাকা লস দিয়ে হলেও সেগুলো একেবারে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।”

    এখন মি. নাজমুল অন্যান্য উৎপাদকদের কাছ থেকে কিনে শো-রুম ও অনলাইনের মাধ্যমে বিক্রি করেন।

    পশ্চিম বঙ্গের নদীয়া বা বর্ধমানেও হ্যান্ডলুমের জায়গা দখল করে নিয়েছে পাওয়ার লুম। ফলে, জি আই স্বীকৃতি মিললেও হস্তচালিত তাঁতে বোন টাঙ্গাইল শাড়ির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আছে সেখানকার বসাকদেরও।

     

    বাংলাদেশের যেসব পণ্য জিআই তালিকায়:

    বাংলাদেশের মোট জিআই পণ্যের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৭ টিতে। সর্বশেষ ২০২৩ সালে নিবন্ধিত জি-আই পণ্য হল – নাটোরের কাঁচা গোল্লা।

    বাংলাদেশের শীতলপাটি, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, কালিজিরা চাল, দিনাজপুরের কাটারীভোগ চাল এবং নেত্রকোনার সাদামাটি ২০১৭ ও ’১৮ সালে এই তালিকায় স্থান পায়।

    আরও স্থান পায় বাগদা চিংড়ি, বগুড়ার দই, শেরপুরের তুলশিমালা ধানা, চাপাই নবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম।

    এর আগে, বাংলাদেশে প্রথম বারের মতো জি-আই পণ্য হিসাবে ২০১৬ সালে স্বীকৃতি পেয়েছিল জামদানি। এরপর ২০১৭ সালে ইলিশ, ২০১৯ সালে খিরসাপাতি আম, ২০২০ সালে ঢাকাই মসলিনকে স্বীকৃতি দেয়া হয়।

    এরপর থেকে এই পণ্যগুলো বাংলাদেশের নিজস্ব পণ্য হিসাবে বিশ্বে পরিচিতি পাচ্ছে। কোনো একটি দেশের পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে, তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

    কোন পণ্য জি-আই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়। এই পণ্যগুলোর আলাদা কদর থাকে। ওই অঞ্চল বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পায়।

    ‘টাঙ্গাইল শাড়ি’ ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে বিষ্ময় বলে মনে হচ্ছে।

    সূত্র: বিবিসি

  • পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

    পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট খেলা হবে সিলেট ও চট্রগ্রামে। তবে এবার মিরপুরে কোন খেলা হবেনা।

    বিসিবি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে শ্রীলঙ্কার সিরিজের দিনক্ষণ প্রকাশ করেছে । যেখানে বলা হয় পহেলা মার্চ বাংলাদেশে পা রাখবে লঙ্কানরা। এদিনই ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের দশম আসরের।

    তিন ফরম্যাটের সিরিজের প্রথমেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

    টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে।

    চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবার ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিন দিনের বিরতি দিয়ে আবার চট্টগ্রামে ফিরবে দ্বিতীয় খেলবে।

  • সম্পূর্ণা ফুড শপের যাত্রা শুরু

    সম্পূর্ণা ফুড শপের যাত্রা শুরু

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: সম্পূর্ণা নারীদের জন্য এমন একটি প্লাটফর্ম যেখানে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পণ্য বাজাতকরণের সুযোগ রয়েছে। রান্না, হাতের কাজ ও ফ্যাশন ডিজাইনিংয়ের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে কয়েক তিন বছর আগে। প্রায় চার মাস আগে ধানমন্ডির রাপা প্লাজায় হাতের তৈরি পণ্য নিয়ে প্রথম চেইন শপের যাত্রা শুরু হয়। গতকাল দ্বিতীয় শপের উদ্বোধন হয়েছে, মোহাম্মদপুর তাজমহল রোডের, চিলড্রেন পার্কে। এই চেইন শপে পাওয়া যাবে সম্পূর্ণার সদস্যদের তৈরি বিভিন্ন ধরনের মাজাদার ফাস্টফুড, পিঠা, আচারসহ সিজিনাল অন্যান্য খাবার।

    সম্পূর্ণা ফুড শপের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রেসিডিন্ট স্বর্ণলাতা দেবনাথ, সেক্রেটারি তাহমিনা আমিন রোজি, কো প্রসিডেন্ট এ‍্যনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা রুমা, জয়েন সেক্রেটারি জিনিয়া ইসলাম ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুব্রত দে। এছাড়াও উপস্থিত ছিলেন সম্ভবনাময় সম্পূর্ণার কয়েকজন সদস্য।

    এই ফুড শপ খোলা থাকবে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এখানে অর্ডার নিয়ে ঘরোয়া পার্টি ও জন্মদিনের খাবার সরবরাহ করা হয়। আপনাকে সার্বিক সেবা প্রদানের জন্য এখানে থাকছে ভদ্র ও মার্জিত সম্পূর্ণার নিজস্ব সদস্যরা।

  • বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন

    বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন

    www.HelloBangla.News – জাতীয় – ২ ফেব্রুয়ারি ২০২৪: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শুক্রবার (২ ফেব্রুযারি) অভিনন্দন জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস, গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন।

    শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস লিখেছেন, ফিলিপাইন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আপনি পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

    তিনি বলেন, ফিলিপাইন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ অংশীদারিত্বের জন্য নতুনভাবে প্রতিশ্রুতিবদ্ধ অন্যান্য দেশগুলোর সাথে যোগ দেয়। কারণ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আমাদের উভয় জনগণের স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য আমাদের ইচ্ছাকে পুনর্ব্যক্ত করছি।

    ফিলিপাইনের প্রেসিডেন্ট আরো বলেন, আমি আপনার সাফল্য কামনা করি। কারণ আপনি আপনার দেশকে আরও অব্যাহত উন্নয়ন এবং অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য জনগণের রায় পেয়েছেন।

    শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো অ্যাডামা লিখেছেন, দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য গাম্বিয়া সরকারের প্রতিশ্রুতি নবায়ন করার এই সুযোগটি নিতে চাই।

    গাম্বিয়ার সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়ায় আপনাকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

    প্রেসিডেন্ট অ্যাডামা বলেন, আমি আপনাকে পুনরায় নিশ্চিত করতে চাই, গাম্বিয়া সরকার গাম্বিয়া প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে মূল্য দেয়।

    ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে বলেন, আমি এই গুরুত্বপূর্ণ এই পদে আপনার সাফল্যের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলোতে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি, ঐক্য, প্রবৃদ্ধি এবং প্রতিটি সাফল্য কামনা করছি।

    ডোরেন বোগদান-মার্টিন উল্লেখ করেছেন, আইটিইউ বছরের পর বছর ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের মাধ্যমে সার্বজনীন সংযোগ এবং একটি টেকসই ডিজিটাল দেশে রূপান্তর করার জন্য বাংলাদেশের সাথে সহযোগিতা করেছে।

    তিনি আরো বলেন, আমি আইসিটি’র মাধ্যমে টেকসই উন্নয়নের অগ্রগতিতে আপনার দেশের অব্যাহত প্রতিশ্রুতি এবং পদক্ষেপকে সাধুবাদ জানাই। আমি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমাদের অব্যাহত সহযোগিতার প্রত্যাশা করছি।

    মহাসচিব আরও বলেন, জেনেভাতে আমার অফিস এবং ব্যাংককে অবস্থিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইটিইউ আঞ্চলিক অফিসের মাধ্যমে, আমি আপনাকে বাংলাদেশ ও আইটিইউ-এর মধ্যে চমৎকার সম্পর্ক বজায় রাখতে আমার পূর্ণ সমর্থনের নিশ্চয়তা দিতে পারি।

    তিনি বলেন, আমরা আপনার দেশকে টেলিকমিউনিকেশন এবং আইটি ক্ষেত্রে যেকোনো উপায়ে সহায়তা করার জন্য বরাবরের মতো প্রস্তুত এবং ভবিষ্যতেও অব্যাহত সফল সহযোগিতার জন্য অপেক্ষায় আছি।

  • নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ ফেব্রুয়ারি ২০২৪: নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, “পরিচ্ছন্ন শক্তি আহরণ ও নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ জোর দিয়েছে।”

    আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে ‘সবুজ রূপান্তর-টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারত্ব’ শীর্ষক গোলটেবিলে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী পরিবেশবান্ধব পাট এবং সবুজ হাইড্রোজেন ব্যবহার এগিয়ে নিতে এ সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ সহায়তার আহ্বান জানান ।

    ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট মারোস শেফকোভিচ এবং পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী বেন্দিতো ফ্রেইতাসের পরিচালনায় আলোচনায় ভিয়েতনাম ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীসহ বক্তারা অংশ নেন।

    ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং আফ্রিকার পূর্ব এবং দক্ষিণ উপকূল থেকে আরব উপদ্বীপ এবং এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলো পর্যন্ত বিস্তৃত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্ধশতাধিক দেশের এই ফোরামে প্রায় শতাধিক প্রতিনিধি যোগ দিয়েছেন।

  • আজ থেকে প্রথম পর্বের তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু

    আজ থেকে প্রথম পর্বের তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২ ফেব্রুয়ারি ২০২৪: আজ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং ভাবগাম্ভীর পরিবেশে শুরু হয়েছে প্রথম পর্বের তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা।

    আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দানে লাখো মুসল্লি বৃহত্তম জুম্মার নামাজ আদায় করেছেন।আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গীর তুরাগ তীর।

    এ পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। জুমার নামাজের আগেই ময়দান পরিণত হয় জনসমুদ্রে।

    শুক্রবার বাদ ফজর নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাট। সকাল ১০টা থেকে তালিম করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।

    আজ দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের। জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। ইজতেমার ময়দানের মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার হাজার হাজার মুসল্লি ইজতেমাস্থলে এসে হাজির হন।

    শীত উপেক্ষা করে ভোর থেকেই বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে হাজার হাজার মুসল্লি জড়ো হন।

    শুকনো খাবার, পানি, বিছানাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মুসল্লিরা সারিবদ্ধভাবে ছুটতে থাকেন টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানের দিকে। ওই সময় ইজতেমার ময়দান ছাপিয়ে আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়েন মুসল্লিরা। ইজতেমা ময়দানে স্থান না পেয়ে অনেকে বিভিন্ন ভবনের ছাদে নামাজ আদায় করেন।

    জুমার নামাজের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকেও সড়কটি নামাজের সময় বন্ধ রাখার কথা জানানো হয়। নামাজের পর পুনরায় যান চলাচল শুরু হয়। তবে মুসল্লিদের ভিড়ের কারণে খুবই ধীর গতিতে চলছে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন।

    আজ বিশ্ব ইজতেমায় একজন পুলিশ সদস্যসহ সাত জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইজতেমা ময়দানে চারজন, ময়দানে আসার পথে একজন পুলিশ সদস্যসহ তিনজন নিয়ে মোট সাতজন মারা গেছেন। আজ শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত এই সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া চার মুসল্লি হলেন, নেত্রকোনার থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।

    ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দী টোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ইজতেমায় আসার পথে বাসচাপায় পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০) মারা যান।

    বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান মো. হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর সংবাদগুলো নিশ্চিত করেন।

    এদিকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা। ইজতেমায় আসা মুসল্লিদের কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য ইজতেমা ময়দানের উত্তর পাশে এসব ফ্রি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

    সূত্র: বাসস