কমনওয়েলথ দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ব্যবসা জোরদার করা উচিত: প্রধানমন্ত্রী

কমনওয়েলথ দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ব্যবসা জোরদার করা উচিত: প্রধানমন্ত্রী

হ্যালো বাংলা ডেস্ক:  গতকাল রবিবার সন্ধ্যায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) ডেপুটি চেয়ারম্যান লর্ড হুগো জর্জ উইলিয়াম সুইয়্যারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজেদের মধ্যে ব্যবসা জোরদার করা উচিত। কমনওয়েলথ দেশগুলো ছাড়াও, শেখ হাসিনা কমনওয়েলথ বহির্ভূত দেশগুলোর সঙ্গে, বিশেষ করে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব এবং কাতারের সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার উপরও জোর দেন।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে ১৩-১৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় প্রথমবারের মতো ‘কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’-এর বিষয়ে অবহিত করা হয়েছে।

বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সিডব্লিউইআইসি এই ফোরামটির আয়োজন করবে। ফোরাম  অনুষ্ঠানের আয়োজনের জন্য প্রধানমন্ত্রী সিডব্লিউইআইসি’কে স্বাগতজানান। বৈঠকে শেখ হাসিনা কমনওয়েলথের ভূমিকার কথা স্মরণ করে বলেন, কমনওয়েলথ তাকে দেশে ফেরার অনুমতি   দিতে ২০০৭ সালের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার তার বাংলাদেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সিডব্লিউইআইসি ডিরেক্টর অব অপারেশন ড্যানিয়েল সিন লেনো, কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসেন এমবিই এবং কৈৗশলগত অংশীদার শাহিনুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

পূর্ববর্তী দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া
পরবর্তী শেষ হলো শিল্পকলার ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব