Tag: পররাষ্ট্রমন্ত্রী

  • সৌদি প্রবাসীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

    সৌদি প্রবাসীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ জুন, ২০২৪: সৌদি প্রবাসীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তাছাড়া বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আইনানুগ কাজের মাধ্যমে দেশের মর্যাদা বাড়ানোয় সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

    নির্দেশনার মধ্যে ছিলো বিশেষ পেনশন স্কিম, অফশোর ব্যাংকিং এবং প্রবাসে ব্যবসায় মালিকানা নিয়ে কাজ করতে বলেন হাছান মাহমুদ।

    আজ শুক্রবার (২১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে পবিত্র হজ পালন এবং মহানবীর (সা.) রওজা শরিফ জিয়ারত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি প্রবাসীদের অভিনন্দন জানান এবং দিকনির্দেশনা দেন।

    আওয়ামী যুবলীগ, মদিনা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা সভায় অংশ নেন।

    সভায় হাছান মাহমুদ তার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং বিদেশে থাকাকালে দেশের জন্য মনের আকুতি তুলে ধরে বর্তমান প্রবাসীদের সঙ্গে একাত্মতা জানান। তিনি বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি আছেন, বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যাও এর চেয়ে কম। ৩০ লাখ প্রবাসীর বৈধপথে পাঠানো রেমিট্যান্স দেশের জন্য বড় অবদান। এ বিষয়ে যত্নবান থাকতে হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, একজন প্রবাসী যত সহজে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেন, দেশের জেলা আওয়ামী লীগের কোনো নেতার পক্ষেও তত সহজে পৌঁছানো সম্ভব হয় না।

    প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম চালু করেছেন, যার সুবিধা ৫৫ বছর বয়সের মানুষও নিতে পারেন, প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং সুবিধা রয়েছে, যেখানে সহজে ডলার অ্যাকাউন্টও খোলা যায়, জানান তিনি।

    প্রবাসে শুধু অন্যের প্রতিষ্ঠানে কাজ না করে ব্যবসায় মালিকানা অর্জনে উৎসাহ দেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, প্রত্যেক প্রবাসীই বিদেশে তার দেশের প্রতিনিধি। তিনি যদি অপরাধ করেন, তবে তার দেশের বদনাম হয়। সে কারণে বসবাসের ক্ষেত্রে দেশের আইন-কানুন মেনে চলা উচিত।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মদিনা প্রবাসী আনিসুর রহমান পলাশ, রাজু আহমেদ, এ কে এম আসগর আলি, মুসা আব্দুল জলিল, মোহাম্মদ লিটন, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদ মিলন, মোশাররফ শিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাদা প্রমুখ।

    প্রধানমন্ত্রীর ভারত সফরে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ শুক্রবার সৌদি আরব থেকে সরাসরি ভারতের নয়াদিল্লিতে যাচ্ছেন।

  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

     

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো’র সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এই সময় ইতালির রাষ্ট্রদূত বৈধ উপায়ে আরও বাংলাদেশি ইতা‌লি নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

    আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমু‌দের স‌ঙ্গে এই সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।

    ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করেন। তি‌নি জানান, প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন, যারা দু’দেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রাখ‌ছে।

    বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন।

    মন্ত্রী এবং রাষ্ট্রদূত ইতালিতে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও ২০২৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন।

    পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন।

  • শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গুতেরেস: পররাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গুতেরেস: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ জানুয়ারি, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন । এই সময় জাতিসংঘের মহাস‌চিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।

    আজ রবিবার (২১ জানুয়ারি) উগান্ডার কাম্পালায় তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই সাক্ষাৎ হয়।

    বৈঠকে মহাসচিব বৈশ্বিক অর্থনীতির কাঠামো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জাতিসংঘের নেতৃত্বে বেশ কয়েকটি বৈশ্বিক প্রক্রিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

    বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিরসনে জাতিসংঘ মহাসচিবের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুকে জাতিসংঘের আলোচ্যসূচির শীর্ষে রাখার জন্য অ্যান্তোনিও গুতেরেসকে অনুরোধ করেন মন্ত্রী।

    ২০২৪ সাল জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার সুবর্ণজয়ন্তীর বছর উল্লেখ করে হাছান মাহমুদ এটিকে যথাযথভাবে উদযাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি গুতেরেসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

    দেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মহাসচিবকে ব্রিফ করেন হাছান মাহমুদ। তিনি জানান, জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত, কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ প্রমুখ।

  • ন্যাম সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

    ন্যাম সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ জানুয়ারি, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিতে  সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন । আজ শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।

    পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

    তিনি একইসঙ্গে যেকোনো বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং শান্তির সংস্কৃতির প্রচারের আহ্বান জানান।

    পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ১৯৭৩ সালে আলজিয়ার্সে ন্যাম শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের উত্তরাধিকার সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

    ড. হাছান মাহমুদ ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত এবং তাদের জন্য ন্যায়বিচার দাবি করেন।

  • ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

    ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ জানুয়ারি, ২০২৪: জোট নিরপেক্ষ আন্দোলনের (এনএএম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ-৭৭ তৃতীয় দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে শুক্রবার উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    ঢাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রওনা হয়ে শুক্রবার বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

    ন্যামের প্রাক-শীর্ষ সম্মেলন সেশনে যোগদানরত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

    প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মো. এমদাদুল ইসলাম চৌধুরী মন্ত্রীর সাথে রয়েছেন।

    এই দুটি বহুপাক্ষিক সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী আগামী ২২ জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

    সূত্র: বাসস