Category: লিড নিউজ

  • দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ডোনাল্ড লু

    দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ডোনাল্ড লু

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মে, ২০২৪: ভারত ও শ্রীলঙ্কা হয়ে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রথম সফর।

    আজ মঙ্গলবার ( ১৪ মে) সকাল সাড়ে ১১টায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে তিনি ঢাকায় আসেন।  ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।

    দুই দিনের সফরে ডোনাল্ড লু ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন।

    ঢাকা সফরের প্রথম দিন রাতে ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন। এর পর সালমান এফ রহমান লুর সঙ্গে তার বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কথা বলবেন বলে জানা গেছে।

    সফরের দ্বিতীয় দিন বুধবার (১৫ মে) তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সফরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার।

  • মা দিবসের কথা প্রথম আসে ফিলাডেলফিয়ার জারভিসের মাথা থেকে

    মা দিবসের কথা প্রথম আসে ফিলাডেলফিয়ার জারভিসের মাথা থেকে

    www.HelloBangla.News – মতামত – ১৩ মে, ২০২৪: মা দিবসের চিন্তাটা প্রথম আসে ফিলাডেলফিয়ার আনা জারভিসের মাথা থেকে। তিনি ১৯০৭ সালে ১২ই মে তার মাকে নিয়ে এক ছোট্ট স্মরণসভার আয়োজন করেন। আনা জারভিসের মা নারীদের একসঙ্গে করে বন্ধুত্ব ও স্বাস্থ্য নিয়ে কাজ করতেন। মায়েদের সন্তান মানুষ করাটা যে অনেক পরিশ্রমের কাজ সেটা সবাইকে জানাতে চেয়েছিলেন তিনি। আর সেটাই হয়ে যায় মা দিবসের প্রচলন। কিন্তু এটা নিয়েও বিস্তর মতামত আছে। তবে সে বিষয়ে জানার আগে আমরা জানবো বাংলাদেশের প্রেক্ষাপটি কিভাবে পালিত হয় মা দিবস।

    Mother's Day Talk From the Head of Come Jarvis - Opinion - 13 May 2024 2
    Mother’s Day Talk From the Head of Come Jarvis – Opinion – 13 May 2024 2

    সামাজিক যোগাযোগ মাধ্যমে মা দিবসকে নিয়ে বহু চর্চা হয়। মা দিবস সবার কাছেই একটা স্মৃতিকাতর দিন। যাদের মা আছেন এবং যাদের মা নাই তারা সবাই মাকে নিয়ে ভাবেন বলেই বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে এই দিবসটি এলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় মাকে নিয়ে নানা ধরণের স্মৃতিকথা বর্ননা থাকে। এর কিছু থাকে আনন্দের কিছু বেদনা। কিছু শিক্ষনীয়। অনেকের লেখায় প্রকাশ পায় অতীত দিনের বর্ননা। এর মাধ্যমে অবশ্য অতীত সমাজ ব্যবস্থার চিত্রটি আমরা দেখতে পাই। তবে সব বক্তব্যেই থাকে মাকে সম্মান  জানানোর বিষয়টি। বাংলাদেশে প্রতি বছরের মে মাসের ১২ তারিখ মা দিবস পালন করা হয়। তবে এই মা দিবস বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে পালিত হতে দেখা যায়।

    কীভাবে উদযাপিত হয় এটি? কে প্রথম এর প্রচলন করেন? চলুন জানা যাক মা দিবসের যত কথা।

     

    মা দিবসের ইতিহাস:

    মধ্যযুগে এক চর্চা চালু হয়েছিল যে, যারা কাজের জন্য যেখানে বড় হয়েছেন সেখান থেকে চলে গিয়েছেন, তারা আবার তাদের বাড়িতে বা মায়ের কাছে এবং ছোটবেলার চার্চে ফেরত আসবেন। সেটা হবে খ্রিস্টান ধর্মের উৎসব লেন্টের চতুর্থ রবিবার।

    সেসময় ১০ বছর বয়স হতেই কাজের জন্য বাড়ির বাইরে চলে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল। তাই এটা ছিল সবাই মিলে পরিবারের সঙ্গে আবারও দেখা করার ও একসাথে সময় কাটানোর একটা সুযোগ । এভাবে ব্রিটেনে এটা মায়ের রবিবার হয়ে উঠে। কিন্তু যেহেতু লেন্টের তারিখ পরিবর্তিত হয়, তাই এই রবিবারও নির্দিষ্ট থাকে না। আধুনিক যুগে মা দিবসের উৎপত্তি যুক্তরাষ্ট্র থেকে। সেখানে প্রতি বছরের মে মাসের ২য় রবিবার পালিত হয় এটি।

    ওয়েস্ট ভার্জিনিয়ার গ্র্যাফটনে আনা জারভিসের মা, আনা রিভস জারভিস মায়েদের একটা ‘ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল শিশু মৃত্যুহার কমিয়ে আনা।

    কারণ মিজ জারভিস নিজেও তার নয়টি সন্তান হারিয়েছিলেন। তিনি মারা যান ১৯০৫ সালের ৯ই মে। আর তার স্মরণসভার জন্য আনা জারভিস ১২ই মে বেছে নেন কারণ ওটাই ছিল তার মা মারা যাবার কাছাকাছি একটা রোববার। তার মা যে চার্চে যেতেন সেখানে তার মার উদ্দেশ্য একটি ছোট্ট অনুষ্ঠান করেন।

    এরপরের পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সবকয়টি রাজ্যে মা দিবস পালনের চল শুরু হয়। আর ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন এ দিনটাকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রবিবার বেশিরভাগ জায়গায় মা দিবস পালন হয়ে আসছে।

     

    মা দিবস একেক দেশে একেক ভাবে ও একেক দিনে উদযাপিত হয়:

    মা দিবস বিশ্বজুড়ে বছরের বিভিন্ন সময় ও বিভিন্ন ঋতুতে পালিত হতে দেখা যায়।ইথিওপিয়াতে বর্ষার শেষে ও শরতের শুরুতে তিনদিন ব্যাপি এক উৎসব হয় – অ্যানট্রোস্ট, এটি ঘিরেই এখানে পালিত হয় মা দিবস। আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পরে পরিবারের সব সদস্যরা একসাথে মিলিত হয়, একসাথে সবজি, চিজ আর মাংস মিলে একটা খাবার প্রস্তুত হয়, এরপর সবাই মিলে একসাথে নাচ-গান করে।

    জাপানে আগে প্রতি বছরের ৬ই মার্চ মা দিবস পালন করা হত – কারণ এদিনটা সম্রাজ্ঞী কোজুনের জন্মদিন। তবে ১৯৪৯ সাল থেকে মে মাসের ২য় রবিবার নিয়ে যাওয়া হয়েছে এটিকে।

    এসময় মা দিবসে মূলত সেইসব মায়েদের সান্ত্বনা দেয়া হত যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের সন্তানকে হারিয়েছে এবং প্রথাগতভাবে এইদিন তাদের বিভিন্ন রঙিন ফুল উপহার দেয়া হত।

    মেক্সিকোতে, মা দিবসকে বলা হয় দিয়া দে লাস মাদরেস – যা ১০ই মে পালিত হয় এবং দিনটি ঘিরে ব্যাপক আয়োজন হয় সেখানে। এদিনে সবাই তার মা-কে খেতে নিয়ে যায় রেস্টুরেন্টে। সেখানে বিভিন্ন মেক্সিকান ব্যান্ডদল তাদের বিখ্যাত জন্মদিনের গান “লাস মানিতাস” পরিবেশন করে। এছাড়া বিশ্বজুড়ে এদিন ঘিরে দেশে দেশে নানান বাণিজ্যিক আয়োজনও থাকে।

     

    মা দিবস চালু করে সেটি নিয়েই আক্ষেপ:

    ১৯০৭ সালে আনা জারভিস তার মাকে নিয়ে স্মরণসভার করার পরের বছর থেকে আস্তে আস্তে অন্যান্য জায়গাতেও মা দিবস পালিত হতে থাকে। ১৯১০ সালে ওয়েস্ট ভার্জিনিয়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়, আর ১৯১৪ সালে তো পুরো আমেরিকাজুড়েই এটি ছুটির দিনে পালিত হয়।

    আর এই দিবসটি বিভিন্ন কোম্পানি আর প্রতিষ্ঠানকেও আকৃষ্ট করে।

    “আনা কখনোই এটার বাণিজ্যিকরণ চাননি,” বলেন ইতিহাসবিদ ও অধ্যাপক ক্যাথেরিন আন্তোলিনি। “কিন্তু শুরু থেকেই এটার বাণিজ্যিকরণ হতে থাকে, ফুলের ব্যবসা, কার্ড, চকোলেট বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান নানান অফার নিয়ে হাজির হতে থাকে, এ দিনটি জনপ্রিয় করার পেছনে অবশ্য তাদেরও অবদান আছে।”

    কিন্তু আনা এই ঘটনা মেনে নিতে পারেন নি।

    একবার যখন এ দিন ঘিরে ফুলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন তিনি একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এটার নিন্দা জানান: “আপনি এসব ঠকবাজ, ডাকাত, দস্যু, কিডনাপার ও অন্যান্য উইপোকাদের সাথে কি করবেন যারা এরকম একটা সুন্দর, মহান ও সত্যিকারের একটা উদযাপন ও আন্দোলনকে তাদের লোভ দিয়ে ঢেকে দিচ্ছে?”

    ১৯২০ সালের দিকে তিনি মানুষকে আহবান জানান যাতে কেউ আর ফুল না কেনে।

    ওয়েস্ট ভার্জিনিয়া কলেজের অধ্যাপক আন্তোলিনি জানান, আনা তার এই আবেগপূর্ণ দিনটি কোন সংস্থার ব্যবহার করা নিয়েও হতাশ ছিলেন। সেটা যদি কোন দাতব্য প্রতিষ্ঠান এই দিনকে কাজে লাগিয়ে তহবিল সংগ্রহ করে সেটা নিয়েও আপত্তি ছিল তার।

    “এই দিনটা আসলে মায়েদের নিয়ে উদযাপনের, তাদের করুণা করার জন্য নয়,” ব্যাখ্যা করেন আন্তোলিনি।

    কিন্তু এই দিনটা যিনি চালু করেন, সেই আনা ছাড়া বাকি সবাই এই দিনটা থেকে সুবিধা নিতে থাকে। এমনকি ফুলের শিল্প-প্রতিষ্ঠান থেকে টাকা দিতে চাইলেও তিনি সেটা গ্রহণ করেন নি। বরং নিজের সঞ্চিত সমস্ত অর্থ দিয়ে এই দিনটার বাণিজ্যিকরণের বিরুদ্ধে লড়ে যান তিনি।

    তবে সবকিছু বাণিজ্যিক হলেও মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আসলে প্রকৃতই থেকে যায়।

    এখানে বাণিজ্যের বিষয়টি থাকে না। মাকে উপহার দেওয়া যায় এই ধরণের মূল্যবান কোন সম্পদ পৃথিবীতে নেই। অনেকে বলে থাকে মা দিবস বলে কোন দিন নেই। বছরের প্রতিটি দিন হচ্ছে মায়ের। তার পরেও মাদের স্মরণ করার জন্য একটি দিন বেছে নিয়েছে সবাই। এই প্রথাই এখন চালু আছে সারা বিশ্বে, এমন কি বাংলাদেশেও।

    সূত্র : বিবিসি বাংলা

  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে: স্পিকার

    বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে: স্পিকার

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মে, ২০২৪: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে, বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি বলেন, “প্রতিটি শিশুকে গুরুত্ব দিয়ে তাদের উন্নয়নে কাজ করে যেতে হবে। তাদের প্রতিভা ও মেধাকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। সমাজের সকলকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে।”

    আজ সোমবার (১৩ মে) বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল “ব্লু স্কাই” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) আবু জাফর চৌধুরী বক্তব্য দেন। বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান এসময় উপস্থিত ছিলেন।

    স্পিকার বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে শিশুদের অধিকার সংরক্ষণ করেছেন। বঙ্গবন্ধু শিশুদের কল্যাণে বিভিন্ন আইন প্রণয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে চলেছেন এবং তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন।”

    ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এসময় তিনি অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করার জন্য সায়েমা ওয়াজেদ পুতুলকে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল নির্মাণের জন্য বিমানবাহিনীকে ধন্যবাদ জানান।

    পরে স্পিকার ‘কবিতায় মুজিব’ ও ‘বঙ্গমাতা’ বইয়ের মোড়ক উন্মোচন এবং ‘ব্লু স্কাই’ স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় স্পিকারকে ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়।

  • সারাদেশে বস্তিবাসীদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন হবে

    সারাদেশে বস্তিবাসীদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন হবে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মে, ২০২৪: নিম্ন আয়ের বিশেষ করে বস্তিবাসীদের জন্য আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শহরে এই প্রকল্প বাস্তবায়ন হবে। এ লক্ষ্যে আজ সোমবার (১৩ মে) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, অতিরিক্ত সচিববৃন্দ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমানসহ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গণপূর্তমন্ত্রী নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরি ও তা দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেন।

    প্রকল্প বাস্তবায়নে মন্ত্রী পরিবেশ সুরক্ষা, প্রয়োজনীয় বনায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ, খেলার মাঠ, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার, পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহার, রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের ব্যবস্থা, সারফেস ওয়াটার ব্যবহারের সর্বোচ্চ সুযোগ রাখার পরামর্শ দেন।

    প্রাথমিকভাবে গণপূর্ত মন্ত্রী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় টঙ্গীর দত্ত পাড়ায় তিনটি পর্যায়ে ১০০টি বহুতল ভবনে ১২ হাজার ৬০০টি ফ্ল্যাট নির্মাণের যে প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে তা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার নির্দেশনা দেন।

    ইতোমধ্যে এ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) সম্পন্ন হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে সতেরটি ১৫ তলা বিশিষ্ট ভবনে ২১৪২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ৪৭টি ভবনে পাঁচ হাজার ৯২২টি ও তৃতীয় পর্যায়ে ৩৬টি ভবনে পাঁচ হাজার ৪৩৬টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

    মন্ত্রী রাজধানীর করাইল বস্তি ও টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত অধিদপ্তরকে পৃথক পৃথক প্রকল্পের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের নির্দেশনা দেন। ৭৫০ বর্গফুট গ্রস আয়তনের এসব ফ্ল্যাটের অভিন্ন ডিজাইন প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রধান স্থপতিকে মৌখিক নির্দেশনা দেন।

    রাজধানী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য শহরেও প্রয়োজনীয়তার নিরিখে পর্যায়ক্রমে এ ধরনের প্রকল্প গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন উত্তরা আবাসন প্রকল্পে (তৃতীয় পর্যায়) নিম্ন আয়ের মানুষের আবাসনের জন্য ১০ একর জমি নির্দিষ্ট রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে উক্ত জমিতে নিম্ন আয়ের মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট নির্মাণে প্রকল্প প্রস্তাব তৈরির জন্য মন্ত্রী নির্দেশনা প্রদান করেন।   প্রকল্প বাস্তবায়নে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নও সম্ভব হলে গ্রহণ করা হবে বলে তিনি জানান।

    ইতোমধ্যে রাজধানীর মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করেছে। এসব ফ্ল্যাটে তারা স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করছে। এছাড়া সিরাজগঞ্জের কোবদাস পাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বল্প আয়ের মানুষের উন্নত জীবন ব্যবস্থা শীর্ষক প্রকল্পের মাধ্যমে জেলার নদী ভাঙন কবলিত, ভূমিহীন বস্তিবাসীদের পুনর্বাসন করা হয়েছে। পরবর্তী প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এসব প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য মন্ত্রী পরামর্শ দেন। সরকারের এসব জনহিতকর কার্যক্রম সম্পর্কে সর্বসাধারণের মাঝে ইতিবাচক প্রচারের জন্যও তিনি পরামর্শ দেন।

  • সমস্যা চিহ্নিত হয়েছে তাই সমাধান হতে বাধ্য: বস্ত্রমন্ত্রী

    সমস্যা চিহ্নিত হয়েছে তাই সমাধান হতে বাধ্য: বস্ত্রমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৩ মে, ২০২৪: সমস্যা চিহ্নিত হয়েছে তাই সমাধান হতে বাধ্য, বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, “আমরা আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত করেছি। সমস্যা যখন চিহ্নিত সমাধান হতে বাধ্য। সুতরাং আমরা সমাধানের সূত্রগুলো বের করব এবং সমাধানগুলো খুব তাড়াতাড়ি করতে হবে।

    আজ সোমবার (১৩ মে) সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এনবিআর ও কাস্টমসের বিরুদ্ধে হয়রানির অভিযোগের পেক্ষিতে এ কথা বলেন।

    বস্ত্রমন্ত্রী বলেন, “গতকাল কোরিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পর্কে এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেন। এছাড়া সাংবাদিকরা রয়েছেন অনেক কথা আছে যেগুলো আমি বলতে পারব না। সমস্ত জায়গা থেকে একটি অভিযোগ আসছে। আমি সম্প্রতি ওমরা হজ করে এসেছি। সৌদি আরবে ব্যবসায়ীরা জোর করেই আমার সঙ্গে বসে ছিলেন। বাঙালি ব্যবসায়ীরা সেখানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেখান থেকেও একই ধরনের অভিযোগ এসেছে।”

    তিনি আরও বলেন, “দুটি বিষয়, একটি হলো রেমিটেন্স পাঠানো আরেকটি তারা যে ব্যবসা করে, তারা যে সমস্ত মালামাল পাঠায় তা নিয়ে চট্টগ্রাম কাস্টমসের, এনবিআর সমস্যা। সর্বসাকুল্যে আমি বলব এনবিআর এবং কাস্টমসের যে সমস্যা গুলো রয়েছে এটা বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

    পাট ও বস্ত্র মন্ত্রী বলেন, “পোশাক শিল্পকে আমরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের সবথেকে বড় ক্ষেত্র হিসেবে দেখছি না, সমাজ পরিবর্তনেও আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দারিদ্র্য বিমোচনেও আপনারা মুখ্য ভূমিকা পালন করছেন। প্রায় ৪২ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এই শিল্পের সঙ্গে জড়িত অধিকাংশ শ্রমিক নারী। এই শিল্পের কল্যাণে নারীর ক্ষমতায়ন ফিরে এসেছে। নারীরা স্বপ্ন দেখতে শিখেছে। কাজেই সেই শিল্পকে আমাদের অগ্রাধিকার দিতে হবে।”

    বিজিএমইএ’র দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, “অর্থনৈতিক অঞ্চল তৈরি করে পূর্ণভাবে প্রস্তুত না করে বাইরে কোথাও শিল্প করতে দেওয়া যাবে না, এটা শিল্পনীতি হতে পারে না। আপনারা নগদ সহায়তা প্রদান ২০২৬ সাল পর্যন্ত বলবৎ রাখার দাবি জানিয়েছেন। আমাদের টার্গেটে পৌঁছাতে হলে বিশ্ববাজারে টিকে থাকতে হলে এই নগদ সহায়তার বিষয়টি থাকতে হবে।

    বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) বলেন, “আমাদের আমদানি-রপ্তানির ক্ষেত্রে সব থেকে হয়রানির জায়গা এনবিআর। এনবিআরের চেয়ারম্যান অত্যন্ত সৎ একজন। উনি একজন সৎ কিন্তু উনার নিচে যারা আছে… আলোর নিচে যেমন অন্ধকার সেই অন্ধকার। তাদের সঙ্গে যোগাযোগ না করলে অডিট হয় না। তাদের সঙ্গে যোগাযোগ না করলে আমদানি- রপ্তানির ক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এতে করে নির্দিষ্ট সময়ে আমরা আমাদের মাল আমদানি করতে পারছি না, রপ্তানিও করতে পারছি না।”

    তিনি বলেন, “তাদের সঙ্গে যোগাযোগ করলে আইনি কোন বাধা থাকে না। কিন্তু যোগাযোগ না করলেই হয়রানির শিকার হতে হয়। আমরা যাতে আইন মেনেই সুন্দর সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি তার দাবি জানাচ্ছি। আমরা হয়রানি মুক্ত ব্যবসা করতে চাই। ”

    তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে অর্থনৈতিক অঞ্চলের বাহিরে শিল্প করা যাবে না। ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মাত্র তিনটি চালু হয়েছে। অর্থনৈতিক অঞ্চল চালু না করেই বাহিরে শিল্প করা যাবে না, এমন নির্দেশনা দিলে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই এই সার্কুলার তুলে নেয়ার দাবি জানাচ্ছি।”

    এ সময় ২০২৬ সাল পর্যন্ত পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বহাল রাখার দাবি জানান বিজিএমইএ সভাপতি। পাশাপাশি সোর্স ট্যাক্স ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫০ শতাংশ করার দাবি জানান।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মে, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল দুহাইলানের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

    আজ সোমবার (১৩ মে)  সকালে গণভবনে এই সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হয়।

    রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

    বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো.নজরুল ইসলাম তাকে (প্রধানমন্ত্রী) উদ্ধৃত করে বলেন, ‘সৌদি আরবের উচিত হজ যাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়ানো যাতে, তারা পবিত্র হজ পালন করতে পারেন।’

    নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর বিষয়টি উত্থাপন করেছেন।

    রাষ্ট্রদূত বলেন, যে সব হজ যাত্রী এখনো হজ পালনের জন্য ভিসা পান নি তাদের ভিসা প্রদানের উদ্যোগ নিচ্ছেন তিনি।

    বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পান নি ১০ হাজারের বেশি হজ যাত্রী।

    সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ প্রকাশ করেন এবং সে সব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

    জবাবে শেখ হাসিনা বলেন, যাচাই-বাছাই এবং পরীক্ষা শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে।

    এ প্রসঙ্গে তিনি তাকে আশ্বস্ত করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ বিষয়টি খতিয়ে দেখবে।

    ফিলিস্তিন ইস্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য আরেকটি চালান প্রস্তুত করছে এবং ইতোমধ্যে তাঁর দেশ দুইবার সহায়তা পাঠিয়েছে।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের সাথে রয়েছে।

    সৌদি রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার দেশে প্রায় ৩২ লাখ বাংলাদেশি রয়েছেন যারা বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখছেন।

    প্রধানমন্ত্রী সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বৈধ পন্থায় ঢাকায় রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

    এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

  • বিএনপি যদি অগ্নিসন্ত্রাস করে তাহলে আমরা মোকাবিলা করব: সেতুমন্ত্রী

    বিএনপি যদি অগ্নিসন্ত্রাস করে তাহলে আমরা মোকাবিলা করব: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৩ মে, ২০২৪: বিএনপি যদি অগ্নিসন্ত্রাস করে তাহলে আমরা মোকাবিলা করব, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “তারা (বিএনপি) আন্দোলন করবে, শরিকদের সঙ্গে বসবে। সেখানে আমাদের কোন বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কিন্তু তারা যদি অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবিলা করব।

    আজ সোমবার (১৩ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন ৷

    সেতুমন্ত্রী বলেন, “মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দু দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন তার বাস্তবায়নটা আমরা দেখব। এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না। যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না। আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব?”

    আওয়ামী লীগ ক্ষমার অযোগ্য-বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। ২০০৭ সালে আর রাজনীতি করবো না এ মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতাই পালিয়ে আছে। ২৮ অক্টোবরের বক্তব্য তারা বলেছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পল্টনে একে একে অলিগলি কোথা দিয়ে কোথায় পালাল-এটা বিএনপি। আমরা পালাবো কেন? আমাদের শক্তি দেশের জনগণ। আবারো আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের পালিয়ে যেতে হবে।”

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই। তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট। নির্বাচনে না এসে বিএনপি যে মস্ত বড় (গ্রেট মিসটেক) ভুল করেছে তার মাশুল তাদের দিতে হবে।”

    ১৪ দলীয় জোট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “১৪ দলীয় জোট আছে। জোট নেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, জোট আছে এবং যথাসময়ে আলাপ আলোচনার জন্য বসবেন।”

    এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক দিয়ে মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম ও আফজাল হোসেন।

  • বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে কাজ করছে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

    বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে কাজ করছে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৩ মে, ২০২৪: বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে কাজ করছে সরকার, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, “সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করাসহ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।”

    আজ সোমবার (১৩ মে) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

    দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, “বজ্র নিরোধক প্রযুক্তি সুলভ ও ব্যাপকভিত্তিক করতে গবেষণা এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও হস্তান্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

    ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বজ্রপাত প্রতিরোধে প্রযুক্তি জ্ঞান বিনিময় ছাড়াও যন্ত্র স্থাপন, বজ্রপাত নিরোধী অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণ প্রদানে তার দেশ সহায়তা দেবে।

  • শিল্পী ও সাহিত্যিকদের নামেও সড়কের নামকরণ করা হবে: মেয়র আতিক

    শিল্পী ও সাহিত্যিকদের নামেও সড়কের নামকরণ করা হবে: মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মে, ২০২৪: শিল্পী ও সাহিত্যিকদের নামেও সড়কের নামকরণ করা হবে, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “এখন থেকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিকদের নামেও সড়কের নামকরণ করা হবে।”

    আজ সোমবার (১৩ মে) ডিএনসিসির নগর ভবনের হল রুমে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

    মেয়র আতিক বলেন, “এতদিন রাজধানীর বিভিন্ন সড়কের নাম শুধু মুক্তিযোদ্ধাদের নামে করা হতো। কিন্তু আমাদের অনেক বড় বড় সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিক রয়েছেন। যারা অনেক গুণী ব্যক্তি। তাদের নামে সড়কের নামকরণ করলে, তারা যেমন সম্মানিত হবেন, তেমনি আমরাও গর্ব বোধ করবো।”

    এ সময় সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ফিদা হাসান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

  • ইসরায়েলি হামলায় গাজার ৫ শতাধিক চিকিৎসা কর্মী নিহত

    ইসরায়েলি হামলায় গাজার ৫ শতাধিক চিকিৎসা কর্মী নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ মে, ২০২৪: দিন গত ৭ মাস ধরে গাজায় চলছে ইরায়েলি হামলা। এতে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি ৫ শতাধিক চিকিৎসা কর্মী হত্যা করেছে ইসরায়েল । এটাকে বলা হচ্ছে গণহত্যা।

    আন্তর্জাতিক নার্স দিবস পালন উপলক্ষে এক অবস্থান সমাবেশ পালন করা হয়। এর পাশে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান এই বিশেষ দিনটি উপলক্ষে বলেন, গাজায় ইসরায়েলি হামলা ১৩৮ জন নার্স নিহত হয়েছেন। দেইর আল-বালাহ’র আল-আকসা মার্টিয়ার্স হসপিটাল এই সমাবেশের আয়োজন করে।

    তিনি বলেন, “পেশাগত দাযিত্ব পালনকালে পাঁচ শতাধিক শহীদ হওয়া ছাড়া আহত হয়েছে আরও দেড় হাজার চিকিৎসা কর্মী। আর ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন আরও ৩১২ জন।”

    রয়টার্স জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে উপনিবেশিক দখলদার শক্তি ইসরায়েলি সেনারা। ২২০ তিরের  এ হামলায় ৩৫ হাজার ৩৪ জন নিহত এবং আহত হয়েছেন ৭৮ হাজার ৭৫৫ জন। এ হতাহতদের ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু। এছাড়া ধ্বংস হয়েছে অনেক স্থপান।

    ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দফা স্থলহামলার পর গাজার আলশিফা ও নাসেরিয়াত হাসপাতাল থেকে চলে যাওয়ার পর সেখানে অনেক গণকবর দেখা যায়। এসব গণকবরে প্রায় ৬ মরদেহ পাওয়া গেছে।