দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ডোনাল্ড লু

Donald Lu arrived in Dhaka - National - 13 May 2024
Donald Lu arrived in Dhaka - National - 13 May 2024

www.HelloBangla.News – জাতীয় – ১৪ মে, ২০২৪: ভারত ও শ্রীলঙ্কা হয়ে দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রথম সফর।

আজ মঙ্গলবার ( ১৪ মে) সকাল সাড়ে ১১টায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে তিনি ঢাকায় আসেন।  ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।

দুই দিনের সফরে ডোনাল্ড লু ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন।

ঢাকা সফরের প্রথম দিন রাতে ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন। এর পর সালমান এফ রহমান লুর সঙ্গে তার বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কথা বলবেন বলে জানা গেছে।

সফরের দ্বিতীয় দিন বুধবার (১৫ মে) তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সফরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার।

পূর্ববর্তী মা দিবসের কথা প্রথম আসে ফিলাডেলফিয়ার জারভিসের মাথা থেকে
পরবর্তী কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি