Category: লিড নিউজ

  • এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক ফিরেছেন স্বজনদের কাছে

    এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক ফিরেছেন স্বজনদের কাছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মে, ২০২৪: জিম্মিদশা থেকে মুক্তির একমাস পর স্বজনদের কাছে ফিরেছেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এই ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছেছে এমভি জাহান মনি-৩।

    আজ মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়।

    জাহাজ থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারা। তিনটি টাগবোটের সহায়তায় এমভি জাহান মণি জাহাজটি এনসিটি ১ জেটিতে ভিড়ানো হয় বিকেল চারটির দিকে।

    এরপর জেটির সঙ্গে ভ্রাম্যমাণ সিঁড়ি যুক্ত করা হয়। সোয়া চারটার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিতে একে একে নামেন নাবিকরা। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের অপেক্ষমাণ স্বজনরা। নাবিকদের চোখে ছিল পানি, মুখে হাসি। এ হাসি যুদ্ধজয়ের।

    এ সময় উপস্থিত ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, কেএসআরএমের পরিচালক, সিইও এবং বন্দরের ঊধ্বর্তন কর্মকর্তারা।

    এর আগে দুপুরে কুতুবদিয়া বহির্নোঙরে অবস্থানরত এমভি আবদুল্লাহ থেকে অনানুষ্ঠানিকভাবে  ‘এমভি জাহান মনি ৩’ নামের লাইটার জাহাজে উঠে পড়েন ২৩ নাবিক। বন্দর জেটিতে নাবিকদের বীরোচিত সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

  • আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শ্রম আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

    আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শ্রম আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মে, ২০২৪: আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শ্রম আইন সংশোধন হবে, বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “আজ আমাদের আলোচনা শেষ হয়েছে। আমরা শ্রম আইন সংশোধন করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা এ বিষয়ে কিছু সাজেশন দিতে চায়। সাজেশনগুলো মূলত তারা এই কারণে দিতে চেয়েছিল, যে আইনটি হচ্ছে সেটি যাতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। আইএলওর কমিটি অব এক্সপার্টের সাজেশনগুলো যাতে নিষ্পত্তি হয়, সে বিষয়ে তাদের বক্তব্য ছিল।”

    আজ মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

    আইনমন্ত্রী বলেন, “আইএলওকে যে কো-অপারেশন সরকারের পক্ষ থেকে (দেওয়া হয়) সেটা আমরা চালিয়ে যেতে চাচ্ছি। সেজন্যই মূলত আমরা তিন দিন ধরে সেটা (শ্রম আইনের খসড়া) এক্সারসাইজ করেছি। এখানে মূলত কিছু কিছু ইস্যু, যেগুলো অ্যামেন্ডমেন্টে থাকার কথা বলেছেন।”

    তিনি বলেন, “শ্রম আইন সংশোধনের বিষয়ে কিছু কিছু বিষয়ে এসেছিল যেটি নীতিনির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত দিতে হবে। সেটি আমি বলেছি নীতি-নির্ধারণ পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটার সিদ্ধান্ত হবে। আমরা গ্রহণ করব কি করব না সেটার সিদ্ধান্ত।”

    তিনি আরও বলেন, “কিছু কিছু বিষয় আছে ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্ত নেবে। তাদের বক্তব্য নোট করেছি, তাদের বক্তব্য সেখানে তুলে ধরব। সেখানে আলোচনার মাধ্যমে আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে, সেই সিদ্ধান্ত আমরা নেবো। কিছু কিছু ইস্যু আছে, যেগুলো মনে হয়েছে গ্রহণযোগ্য, সেগুলো আমরা গ্রহণ করেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য এ বিষয়ে আমি বিস্তারিত বলবো না।  কারণ বিস্তারিত বলতে গেলে হয়ত আমি কোথাও ভুল করব, সেজন্য আমি বলবো না।”

    আইনমন্ত্রী বলেন, “আমরা তিন দিন ধরে তাদের যে বক্তব্য সেটা শুনেছি। প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। মতবিনিময় করেছি। আমার মনে হয়, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো নয়, আমার মনে হয় এই আলোচনাটাই আন্তর্জাতিক মানের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।”

    তিনি বলেন, “আইএলওর কমিটি অব এক্সপার্ট আমাদের আইনটা দেখেছেন পড়েছেন, সেখানে তারা আন্তর্জাতিক মান নিয়ে কিছু সুপারিশ দিয়েছেন।”

    আনিসুল হক বলেন, “আমরা যে থ্রেডহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে শ্রমিকদের সম্মতির হার) ১৫ শতাংশে নিয়ে এসেছি, তারা এটির প্রশংসা করেছেন। তারা চায় এটা আরও কমে আসুক। আমরা যে বাস্তবতার কথা বলেছি, আমরা ২০১৭ সালে কমিটমেন্ট দিয়েছিলাম, এটা আমরা গ্রাজুয়ালি নামাবো। কমিটমেন্ট অনুযায়ী আমরা গ্রাজুয়েলি নামাচ্ছি। আমার মনে হয় আমাদের উভয়ের পক্ষের অবস্থান পরিষ্কার হয়েছে এবং উভয়পক্ষই সেই অবস্থা বুঝতে পেরেছে।”

  • রুপালি পর্দায় আসছে কাজী নজরুল ইসলামের বায়োপিক

    রুপালি পর্দায় আসছে কাজী নজরুল ইসলামের বায়োপিক

    www.HelloBangla.News – বিনোদন – ১৪ মে, ২০২৪: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী নানা ঘটনায় বৈচিত্রপূর্ণ। ছোটবেলা থেকে নানা সংঘাতের সঙ্গে যুদ্ধ করেছেন। যৌবনে বিন্দ্রোহী আবার প্রেমের পূজারী। মাঝে কিছুদিন সৈনিক হয়ে যুদ্ধের প্রস্তুতি। গান  গেয়েছেন সুর দিয়েছেন, অভিনয় করেছেন। সাহিত্যের প্রতিটি শাখায় করেছেন বিচরণ। সেই বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবিকে নিয়ে অনেক আগেই বায়োপিক হওয়া উচিৎ ছিলো। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কবীর জীবনই এবার উঠে আসছে সিনেমার পর্দায়। প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্ম ও বেড়ে ওঠা। তাই কলকাতায় (টালিউডে) নির্মিত হবে কবীর বায়োপিক।

    জানা গেছে, আব্দুল আলিমের পরিচালনায় এতে নজরুলের চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ। এ বিষয়ে তিনি বলেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের পুরো জীবনকেই তুলে ধরা হবে সিনেমাটিতে। আমি সত্যিই উত্তেজিত এই সুযোগ পেয়ে। প্রথমে এর চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটা খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এতে।’

    চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল। তিনি বলেন, পরিচালকের সঙ্গে কথা হয়েছে। কিছু বই পড়ছি। চিত্রনাট্য চূড়ান্ত হলে সৌগতদার (চিত্রনাট্যকার সৌগত বসু) সঙ্গেও আলোচনা করব। কারণ নজরুল সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি, তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।

    টালিউডে নির্মিত নজরুলের এই বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় (ফজলুল হক), কাঞ্চনা মৈত্র (বিরজাসুন্দরী দেবী)-সহ আরও অনেকে। অন্য শিল্পীদের মধ্যে থাকতে পারেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু (আলি আকবর খান), শান্তিলাল মুখোপাধ্যায় (সজনীকান্ত দাস)। এছাড়া বাংলাদেশের আরোও কয়েকজন অভিনেতাও এই সিনেমায় অভিনয় করতে পারেন বলে কিঞ্জল জানিয়েছেন।

    নজরুলের উপস্থিতি মানে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসাটাই স্বাভাবিক। এই সিনেমাতে কবিগুরুর চরিত্রে অভিনয় কে করবেন, তা নিয়ে নির্মাতারা আলোচনার স্তরে রয়েছেন। তবে সেখানেও পরিচালক বড় চমক দিতে চলেছেন।

    সিনেমাটিতে কবিগুরুর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা করছেন নির্মাতারা। আপাতত চিরঞ্জিৎ চক্রবর্তীর কথা ভাবা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কে এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন, সেটা সময়ই কথা বলবে।

    প্রসঙ্গত, আগামী শীতে শুরু হবে সিনেমাটির শুটিং। বহু ঐতিহাসিক চরিত্র জীবন্ত হয়ে উঠবে এই সিনেমায়। বায়োপিকটির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। আগামী কয়েক মাস চলবে কাস্টিংয়ের কাজ। এটি প্রযোজনা করছে জেবি প্রোডাকশন।

    দুই বাংলার মানুষের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গভীর সম্পর্ক রয়েছে। যাকে বলা যায় হৃদয়ের বন্ধন। তাই নজরুলের বায়োপিক অবশ্যই দুই বাংলায় দর্শকপ্রিয়তা পাবে।

  • শরবত: দিলখুশ_শরবত

    শরবত: দিলখুশ_শরবত

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৪ মে, ২০২৪: এই গরমে আপনার চাই শরবত। আজ দেওয়া হলো ‘দিলখুশ শরবত’ তৈরির রেসিপি। যা ঘরে বসেই আপনি সহজেই তৈরি করতে পারবেন।

    Recipe given by - Hura Jannat
    Recipe given by – Hura Jannat

    উপকরণ :

    তরমুজের জুস, মাল্টা জুস, কোমল পানীয়, পুদিনা পাতা, লেবু স্লাইস, বরফ কুচি।

     

    প্রস্তত প্রণালী:

    প্রথম জুস বের করে নিব। গ্লাসে পুদিনা পাতা, লেবু স্লাইস দিয়ে একটু চেপে রস বের করে নিব। বরফ কুচি দিয়ে মাল্টা জুস,  কোমল পানীয়, তরমুজের জুস দিব।বরফ কুচি আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করব। তৈরী হয়ে গেল রিফ্রেশিং ড্রিংকস “দিলখুশ শরবত”

     

    রেসিপি দিয়েছেন : হুরে জান্নাত

  • ডোনাল্ড লু’কে সরকার দাওয়াত দিয়ে আনেনি: সেতুমন্ত্রী

    ডোনাল্ড লু’কে সরকার দাওয়াত দিয়ে আনেনি: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৪ মে, ২০২৪: ডোনাল্ড লু’কে সরকার দাওয়াত দিয়ে আনেনি, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।”

    আজ মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “ডোনাল্ড লু একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও না। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন! তার প্রয়োজনে তিনি এসেছেন, তাদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে। সেটা তারা করতে এসেছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি না।”

    তিনি আরও বলেন, “আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। ওনাদের রুটিন আসা আসবে, যাবে।”

    সেতুমন্ত্রী বলেন, “তারা (বিএনপি) কী করছে না করছে জানি না। তারা ওপরে ওপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কী করে- সেটা তো বলা মুশকিল।”

    তিনি নির্বাচনের আগে এসেছিলেন, তখন ভিসানীতি, স্যাংশনের বিষয় ছিল। এখন আবার আসলেন- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “আমরা কোনো ধরনের স্যাংশন, ভিসানীতি- এগুলো কেয়ার করি না।”

    ওবায়দুল কাদের বলেন, “ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা। আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাজতে চায় তারা। আসলে তাদের কোনো ইস্যু নাই। তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায়। আমার প্রশ্ন হলো-ভারতীয় মসলা ছাড়া কি আমাদের চলে?”

    তিনি বলেন, “ভারতের মসলা ছাড়া আমাদের চলে না। শুধু মসলা কেন, ভারত থেকে শাড়ি-কাপড় আসবে, এ ছাড়া আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যও আসবেই।”

    বিএনপি ও তাদের সমমনাদের আন্দোলনের ডাকে জনগণের সাড়া নেই জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, “সম্প্রতি ঢাকায় বিএনপির দুটা সমাবেশই ফ্লপ হয়েছে। দলটির কর্মীরা হতাশ, তাদের আর নেতাদের ওপর আস্থা নেই। সে কারণেই বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না।”

    মেট্রোরেলের ভ্যাটের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, “১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তব সম্মত না, যৌক্তিক না। দুনিয়ায় কোথাও এত ভ্যাট নাই। তবে ৫ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে। এই কথাগুলো নেত্রীকে (শেখ হাসিনাকে) বলেছি। তিনি যৌক্তিক ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন।”

  • ভারতের ভিসা ব্যবস্থা আরও সহজ করার জন্য অনুরোধ করেছি: পাটমন্ত্রী

    ভারতের ভিসা ব্যবস্থা আরও সহজ করার জন্য অনুরোধ করেছি: পাটমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ মে, ২০২৪: ভারতের ভিসা ব্যবস্থা আরও সহজ করার জন্য অনুরোধ করেছি, বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনে বলেন, “আজ ভারতের হাইকমিশনারের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের ভিসা পেতে মানুষের যে ভোগান্তি হচ্ছে, ভিসা ব্যবস্থা আরও সহজ করার জন্য অনুরোধ করেছি, যাতে মানুষ অল্প সময়ের মধ্যে ভিসা পেতে পারে।”

    আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।সাক্ষাৎ শেষে মন্ত্রী নানক সাংবাদিকদের এ কথা জানান।

    পাটমন্ত্রী বলেন, “আমরা যেসব সমস্যার কথা বলেছি, সেসব বিষয়ে তিনি (হাইকমিশনার) একমত হয়েছেন। হাইকমিশনার বলছেন, যেসব সমস্যা রয়েছে, সেগুলো সহজ করার চেষ্টা করা হচ্ছে। বেশি লোড (চাপ) হয়, যা কখনো কখনো ওভারলোড হয়ে যায়। তা সামাল দেওয়ার জন্য যা প্রয়োজন, তা করতে হবে।”

    তিনি বলেন, “আমি গত বছর রাজনৈতিক সফরে ভারতে গিয়েছিলাম। সে সময় ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাকালেও বিষয়টি বলেছি।”

    চাপ কমাতে ভারতে অন অ্যারাইভাল ভিসার কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, “এ বিষয়ে আলোচনা হয়েছে। উদাহরণ হিসেবে বলেছি, সৌদি আরবও ভিসা অনেক সহজ করেছে। আপনাদের আগের জায়গায় থাকলে চলবে না। আপনারা বলছেন, ওভারলোড হচ্ছে। দুই বছর মেয়াদি ভিসা দিলে লোড কম হতো। লোড কমাতে ভিসা দীর্ঘমেয়াদি করতে হবে। এ বিষয়ে হাইকমিশনার একমত হয়েছেন। তিনি বলেছেন, তারা চেষ্টা করছেন। নির্বাচনের পরে এ বিষয়ে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    পাটের অ্যান্টি ডাম্পিং নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে পাটমন্ত্রী বলেন, “ভারতে এখন নির্বাচন চলছে। নির্বাচনের পরে দুই সরকারের মধ্যে আলোচনা হবে। আমরা আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।”

    তিনি বলেন, “আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক আরও দৃঢ় করা। আমরা আমাদের পাটকলগুলোতে আরও বেশি বিনিয়োগ করার জন্য বলেছি। ইতোমধ্যে ভারতের তিনটি কোম্পানি আমাদের তিনটি জুটমিলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং কারো কারো সঙ্গে আমাদের চুক্তিও হয়েছে। ”

    তিনি বলেন, “আমরা ৭০ থেকে ৭৫ ভাগ পাটবীজ ভারত থেকে আমদানি করি। এজন্য আমরা বলেছি আমাদের মানসম্পন্ন পাটবীজ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই পাটবীজ দিতে হবে। কোনোক্রমেই যে বিলম্ব না হয়, সে বিষয়ে নজর রাখার জন্য ভারতকে অনুরোধ করেছি। এ বিষয়ে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছি।”

    তিনি আরও বলেন, “ভারত সিল্কে অনেক বেশি এগিয়ে গেছে। সিল্ক উৎপাদনে ভারত পৃথিবীর শীর্ষে। এজন্য দেশে মানসম্মত সিল্ক উৎপাদনে আমাদের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছি। টেক্সটাইল খাতে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করছি। এটি আরও জোরদার করতে একমত হয়েছেন। আমাদের মাঝারি ও ক্ষুদ্র শিল্পে আরও বেশি বিনিয়োগ করার জন্য অনুরোধ করেছি। কারণ আমাদের অনেকগুলো জুটমিল বন্ধ হয়ে আছে। সেগুলোকে আবার কর্মযজ্ঞে ফেরাতে চাই। এ বিষয়ে সোহার্দ্যপূর্ণ আলোচনা করেছি। ”

    পাটবীজ উৎপাদন বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পাট অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে একটি প্রজেক্ট চালু রয়েছে পাটবীজ উৎপাদনে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য। এর মাধ্যমে আমরা পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে পারব।”

    রাজনৈতিক বিষয় নিয়ে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, “ভারতে নির্বাচন চলছে, আমরাও নির্বাচন করেছি। এই মুহূর্তে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।”

    ডোনাল্ড লু দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন এক্ষেত্রে রাজনৈতিকভাবে বিষয়টি কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফর নিয়ে অনেকেই আনন্দে আটখানা হয়েছিলেন। ডোনাল্ড লু যেন এসেছিলেন তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। নির্বাচনের পর ডোনাল্ড লু আবার এসেছেন। ভৌগলিক কারণে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য বাংলাদেশ সরকার, জনগণের সরকার ও শেখ হাসিনা সরকারের সঙ্গে সার্বিকভাবে আরও সম্পর্ক ঘনিষ্ঠ এবং দৃঢ় করতে তিনি এসেছেন। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

  • জলবায়ু সংকট মোকাবিলায় ফান্ড বরাদ্দের নীতিমালা মানা হচ্ছে না: টিআইবি

    জলবায়ু সংকট মোকাবিলায় ফান্ড বরাদ্দের নীতিমালা মানা হচ্ছে না: টিআইবি

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৪ মে, ২০২৪: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অভিযোগ করেছ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হচ্ছে না।

    সংস্থাটি বলছে, জিসিএফ স্বীকৃত তহবিল পাওয়ার যোগ্য ১৫৪টি দেশের মধ্যে ২৫টি (১৬.২%) দেশ প্রকল্প পায়নি।

    এর মধ্যে অর্ধেকের বেশি দেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের। যারমধ্যে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ ৯৬টি দেশের মধ্যে ৮টি দেশ প্রকল্প পায়নি।

    আজ মঙ্গলবার (১৪ মে) ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। উপস্থাপন শেষে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “জিএসএফে জবাবদিহিতা করার মতো কোনো অবকাঠামো নেই। প্রতিষ্ঠানটি নিজস্ব নীতিমালা লঙ্ঘন করছে ও বৈষম্যমূলক আচরণ করছে। তাদের বিরুদ্ধে রয়েছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। জিসিএফের ত্রুটি নিয়ে বাংলাদেশ সরকারের দেন দরবারের সুযোগ রয়েছে।”

    তিনি আরও বলেন, “বাংলাদেশের যে অর্থ প্রয়োজন জিসিএফের মাধ্যমে সিংহভাগ আসার কথা। কিন্তু জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলো সুফল পাচ্ছে না। তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বেশি অর্থায়ন করছে। এটা গ্রহণযোগ্য না।”

    গবেষণা প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি প্রতিরোধে জিসিএফের জিরো টলারেন্স নীতি থাকলেও ইউএনডিপির মতো বড় প্রতিষ্ঠানের জলবায়ু প্রকল্পে দুর্নীতির অভিযোগ অমীমাংসিত রেখে তাদের পুন:স্বীকৃতি দিয়েছে। জিসিএফ ইউএনডিপিকে সর্বোচ্চ সংখ্যক প্রকল্প অনুমোদন দিয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবির গবেষক নেওয়াজুল মাওলা ও সহিদুল ইসলাম গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

    গবেষণায় জানানো হয়, জিসিএফের ঋণের অর্থ বিদেশি মুদ্রায় সুদের সঙ্গে ফেরত দিতে হয়। যা ঋণগ্রহিতা দেশগুলোর বহিঃ ঋণের বোঝা বাড়ায়। এর ফলে স্থানীয় মুদ্রার ওপরসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

    এতে আরও জানানো হয়, তহবিল নিয়ে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অসম প্রতিযোগিতা বিরাজ করছে। দুর্নীতি প্রতিরোধসহ জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ঘাটতির অজুহাতে জিসিএফ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে বেশি প্রকল্প বাস্তবায়ন করছে।

    এসময় সংস্থাটির কান্ট্রি ওনারশিপ নীতিমালা স্পষ্ট করা, তহবিল বাড়ানো, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অগ্রাধিকার দেওয়াসহ একাধিক সুপারিশ করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করেন টিআইবির গবেষক নেওয়াজুল মাওলা ও সহিদুল ইসলাম।

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো-বিসিবি

    টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো-বিসিবি

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ মে, ২০২৪: জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় বাংলাদেশ দলের অন্যতম সদস্য পেসার তাসকিন আহমেদ আহত হয়েছিলেন। তাই আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে না থাকার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৫ সদস্যের দলে আছেন তাসকিন এবং পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবং সদ্য আপিএলের খেলে ফেরা সফল বোলার মোস্তাফিজ।  এই দুজন জিম্বাবুয়ের বিপক্ষে খেলে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে দলে জায়গা করে নিয়েছেন। তাছাড়া দলে তেমন কোন চমক নেই।

    আজ মঙ্গলবার মিরপুরে ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

    বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকবেন, সেটি নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে।

    বাংলাদেশের বিশ্বকাপ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

    রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

  • ইসরায়েলি হামলায় গাজায় ৩৫১৭৩ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় ৩৫১৭৩ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ মে, ২০২৪: সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। এই হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৯ হাজার ৬১ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

    গত ২৪ ঘণ্টায় ৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। অপরদিকে আহত হয়েছে আরও ২৩৪ ফিলিস্তিনি। এদিকে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বেশ কিছু মেডিকেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

    গাজায় বেসামরিকদের, বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক কর্মকর্তা।

    এদিকে রাফায় জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালালে জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে তিনি এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন।

    অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৯০ জনের বেশি কর্মী প্রাণ হারিয়েছেন।

    ইসরায়েলের সামরিক বাহিনী রাফার কুয়েতি হাসপাতালের কর্মীদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে যে, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্থবির হয়ে পড়বে। কারণ বেশিরভাগ হাসপাতালই জ্বালানির অভাবে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে।

  • কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

    কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

    www.HelloBangla.News – চাকরি – ১৪ মে, ২০২৪: অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখার ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১৯ ঢাকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে বিভিন্ন গ্রেডে ১০৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

    ১৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয় (কর অঞ্চল-১৯ ঢাকা)

    পদের সংখ্যা: ০৬টি

    লোকবল নিয়োগ: ১০৪ জন

    ১। পদের নাম: কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা: ০১টি

    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

    শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

    ২। পদের নাম: প্রধান সহকারী

    পদসংখ্যা: ১৯টি

    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

    ৩। পদের নাম: উচ্চমান সহকারী

    পদসংখ্যা: ২০টি

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

    ৪। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা: ২০টি

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

    শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

    ৫। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা: ২২টি

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

    ৬। পদের নাম: অফিস সহায়ক

    পদসংখ্যা: ২২টি

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

    চাকরির ধরন: অস্থায়ী

    প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

    কর্মস্থল: সেগুনবাগিচা

    বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

    আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

    আবেদন যেভাবে: যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে (http://tax19.teletalk.com.bd) ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

     

    উপ কর কমিশনার

    সদর দপ্তর (প্রশাসন) ও

    সদস্য সচিব

    বিভাগীয় নির্বাচন কমিটি

    কর অঞ্চল-১৯, ঢাকা।

    ফোনঃ ০২-২২২২২৬৩৬৪