www.HelloBangla.News – রাজনীতি – ১৪ মে, ২০২৪: ডোনাল্ড লু’কে সরকার দাওয়াত দিয়ে আনেনি, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।”
আজ মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, “ডোনাল্ড লু একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও না। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন! তার প্রয়োজনে তিনি এসেছেন, তাদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে। সেটা তারা করতে এসেছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি না।”
তিনি আরও বলেন, “আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। ওনাদের রুটিন আসা আসবে, যাবে।”
সেতুমন্ত্রী বলেন, “তারা (বিএনপি) কী করছে না করছে জানি না। তারা ওপরে ওপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কী করে- সেটা তো বলা মুশকিল।”
তিনি নির্বাচনের আগে এসেছিলেন, তখন ভিসানীতি, স্যাংশনের বিষয় ছিল। এখন আবার আসলেন- এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “আমরা কোনো ধরনের স্যাংশন, ভিসানীতি- এগুলো কেয়ার করি না।”
ওবায়দুল কাদের বলেন, “ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা। আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাজতে চায় তারা। আসলে তাদের কোনো ইস্যু নাই। তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায়। আমার প্রশ্ন হলো-ভারতীয় মসলা ছাড়া কি আমাদের চলে?”
তিনি বলেন, “ভারতের মসলা ছাড়া আমাদের চলে না। শুধু মসলা কেন, ভারত থেকে শাড়ি-কাপড় আসবে, এ ছাড়া আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যও আসবেই।”
বিএনপি ও তাদের সমমনাদের আন্দোলনের ডাকে জনগণের সাড়া নেই জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, “সম্প্রতি ঢাকায় বিএনপির দুটা সমাবেশই ফ্লপ হয়েছে। দলটির কর্মীরা হতাশ, তাদের আর নেতাদের ওপর আস্থা নেই। সে কারণেই বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না।”
মেট্রোরেলের ভ্যাটের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, “১৫ শতাংশ ভ্যাট আরোপ বাস্তব সম্মত না, যৌক্তিক না। দুনিয়ায় কোথাও এত ভ্যাট নাই। তবে ৫ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে। এই কথাগুলো নেত্রীকে (শেখ হাসিনাকে) বলেছি। তিনি যৌক্তিক ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন।”










