Category: লিড নিউজ

  • মিঠা পানির মাছ আহরণে চীনকে টপকে দ্বিতীয় স্থানে বাংলাদেশ: প্রাণিসম্পদমন্ত্রী

    মিঠা পানির মাছ আহরণে চীনকে টপকে দ্বিতীয় স্থানে বাংলাদেশ: প্রাণিসম্পদমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুন, ২০২৪: মিঠা পানির মাছ আহরণে চীনকে টপকে দ্বিতীয় স্থানে বাংলাদেশ, বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, “জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার প্রতিবেদন অনুসারে, মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ চীনকে টপকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এছাড়া বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থানের ধারাবাহিকতা বজায় রেখেছে।”

    আজ বৃহস্পতিবার (১৩ জুন) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, “দেশীয় প্রজাতির মাছ বাড়ানোর জন্য নদী-নালায় পোনা অবমুক্ত করে থাকি। কিন্তু কারেন্ট জাল গোটা বাংলাদেশকে ছড়িয়ে পড়েছে। একটা পোনা পর্যন্ত এ জাল থেকে নিষ্কৃতি পায় না। দেশে আমরা এ জাল উৎপাদন নিষিদ্ধ করেছি। কিন্তু জাল উৎপাদনকারীরা আদালত পর্যন্ত গেছে। যে সব মাছ আমাদের দেশ থেকে হারিয়ে গেছে, আগামীতে তা আবার খালে-বিলে দেখতে পাবেন।”

    দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার প্রতিবেদনে আরও বলা হয়, ‘চীনের মিঠা পানির মৎস্য উৎপাদন ছিল ১ দশমিক ৪৬ মিলিয়ন টন এবং অবস্থান ছিল বিশ্বে দ্বিতীয়। অপরদিকে বাংলাদেশের উৎপাদন ছিল ১ দশমিক ২৫ মিলিয়ন টন এবং অবস্থান ছিল বিশ্বে তৃতীয়। বিগত দুই বছরে বাংলাদেশের মিঠা পানির মৎস্য উৎপাদন ১ দশমিক ২৫ মিলিয়ন টন থেকে বেড়ে ১ দশমিক ৩২ মিলিয়ন টন এ উন্নীত হয়েছে। পক্ষান্তরে চীনের উৎপাদন ১ দশমিক ৪৬ মিলিয়ন টন থেকে কমে ১ দশমিক ১৬ মিলিয়ন টন হয়েছে।’

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “ক্রাস্টাশিয়ান্স (খোলসযুক্ত মৎস্য জাতীয় প্রাণী যেমন: চিংড়ি, লবস্টার ইত্যাদি) উৎপাদনে বিশ্বে অষ্টম এবং সামুদ্রিক মাছ উৎপাদনে ১৪তম স্থান অধিকার করেছে বাংলাদেশ।”

    তিনি বলেন, “বিগত দুই বছরে মিঠা পানির মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রেখেছে ইলিশ, দেশীয় প্রজাতির মাছ। (পাঙ্গাস, বোয়াল, আইড় ও অনান্য ছোট মাছ) এবং কার্প জাতীয় মাছ। এর মধ্যে সর্বাধিক অবদান রয়েছে ইলিশ মাছের। বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম; ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ রোল মডেল। ইলিশের উৎপাদন বাড়ানো ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার জাটকা সংরক্ষণ, ইলিশ প্রজনন সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন, ইলিশ অভয়াশ্রম ঘোষণা ও ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের ফলে ২০২২-২৩ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ৫ দশমিক ৭১ লাখ মেট্রিক টন।”

    তিনি আরও বলেন, “২০৩০ সালে আমাদের মৎস্য উৎপাদন লক্ষ্যমাত্রা ৬৫ লাখ মেট্রিক টন এবং ২০৪১ সালে ৮৫ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত লক্ষ্যমাত্রা অর্জন ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিতকল্পে সেক্টরাল অ্যাকশন প্ল্যান প্রণয়নপূর্বক তা বাস্তবায়ন করা হচ্ছে। সুনীল অর্থনীতির বিকাশ সাধন ও সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনার নিমিত্তে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।”

  • ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছি: আইজিপি

    ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছি: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুন, ২০২৪: ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছি, বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন । তিনি বলেন, “বরাবরের মতো এবারও আমরা ঈদ উপলক্ষ্যে পশুর হাট, রেল, সড়ক ও নৌপথে ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সবকিছু মিলিয়ে ব্যবস্থা নিয়েছি।”

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে গাবতলীর কোরবানির পশুর হাট ও বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি।

    আইজিপি বলেন, “রোজার ঈদে একমুখী চাপ থাকে। কিন্তু কোরবানির ঈদে সাধারণত যেটা ঘটে সেটা হচ্ছে, ঘরমুখো মানুষের চাপ সড়কে যেমন থাকে তেমনি, পশুবাহী ট্রাক-পিকআপও চলাচল করে। অর্থাৎ মানুষ বাড়ি যায়, গরু আসে। সড়কে দ্বিমুখী চাপ মোকাবিলা করতে হয়। পুরো বিষয় বিবেচনায় রেখে আমরা ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সঠিক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

    তিনি বলেন, “কোরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে চলাচল করতে পারে, ঢাকাসহ সারা দেশে সে বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। সড়কে হাইওয়ে পুলিশ ব্যাপক নজরদারি করছে।”

    আইজিপি বলেন, “ঘরমুখো মানুষের আরো চাপ আজ বিকেল থেকে শুরু হবে। ঈদের দু-একদিন আগ পর্যন্ত এই চাপ অব্যাহত থাকবে।”

    আইজিপি বলেন, “নির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে কোনো গরুর গাড়ি কেউ থামাতে পারবে না। এ ব্যাপারে হাইওয়ে পুলিশসহ পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা সজাগ রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য এবং কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে আমরা আন্তঃমন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগে মিটিং করেছি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, পরিবহন, হাট মালিক কর্তৃপক্ষ ইজারাদার ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছি। সবাই মিলে আমরা কাজ করছি। আশা করছি এই ঈদে নির্বিঘ্ন হবে সব কিছু।”

    আইজিপি বলেন, “গরুর হাটে গরু কিনতে গিয়ে কেউ যদি হয়রানির শিকার হন তাহলে পুলিশকে জানান। প্রয়োজনে ৯৯৯-এ কল করে জানান, পুলিশ তড়িৎ ব্যবস্থা নেবে। নৌপথে ও সড়ক পথে কোরবানির পশুবাহী গাড়ির সামনে ব্যানারে লেখা থাকতে হবে কোন হাটে যাবে। তাহলে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নিতে সুবিধা হবে। কেউ সমস্যায় পড়লে আর পুলিশকে দ্রুত জানালে আমরাও দ্রুত সহায়তা করতে পারব।”

    তিনি আও বলেন, “অতিরিক্ত লোডের কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাতে পশু মানুষ উভয়ে মারা যেতে পারে। তাই নিজেদের নিরাপত্তার বিষয়টি আগে খেয়াল রাখুন।”

    আইজিপি বলেন, “বড় অংকের আর্থিক লেনদেন করলে বা পরিবহন যদি করতে হয় তাহলে ব্যাংকে যান পুলিশের সহযোগিতা নিন। অনেক সময় অনেকে সমস্যায় পড়েন। অপরাধীরা অপরাধ করার সুযোগ পায়। এটা করবেন না, পুলিশের সহযোগিতা নিন। পুলিশ সেবা দিতে প্রস্তুত রয়েছে। হয়ত ১০-২০ মিনিট দেরি হতে পারে, কিন্তু এর জন্য আপনি ঝুঁকি নিতে যাবেন কেন?”

    জাল টাকা সম্পর্কে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, “জাল টাকার লেনদেন যাতে না হয় সেজন্য প্রত্যেকটি মার্কেটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করেছি। কেউ যদি জানতে পারেন বুঝতে পারেন পুলিশকে সহযোগিতা করেন পুলিশকে জানান পুলিশ ব্যবস্থা নেবে।”

    তিনি বলেন, “অজ্ঞান পার্টি, মলম পার্টি অতিরিক্ত হাসিল আদায়ের কোনো বিষয় থাকলে অভিযোগ থাকলে পুলিশকে জানান, পুলিশ ব্যবস্থা নেবে। পশুর হাটে পরিবহন সেক্টরে কোনো ধরনের চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।”

  • আচার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

    আচার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৩ জুন, ২০২৪: সারা দেশের আচার তৈরিকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের আচার নিয়ে প্রতিযোগিতা শুরু করে ফরচুন ফুড বাংলাদেশ।  মে মাসের ২, তারিখে থেকে শুরু হয় আচার প্রতিযোগিতা সিজন-২। প্রতিযোগিতায় দেশের নানা প্রান্ত থেকে জমা পড়েছিলো কয়েক হাজার নতুন নতুন স্বাদের আচার। ৩১শে মে ছিলো আচার জমা দেওয়ার শেষ তারিখ।

    কয়েক ধাপে বিচারকদের পর্যবেক্ষণের পর তিনজন কে বিজয়ী ঘোষণা করা হয়। ভিন্নধর্মী আচার বানিয়ে  প্রথম হয়েছেন কানিজ ফাতেমা রুমা,  দ্বিতীয় হয়েছেন নুসরাত জেবিন, তৃতীয় হয়েছেন ফাহমিদুল ওয়াহিদ।

    প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী কানিজ ফাতেমা রুমা বলেন, ‘আচার প্রতিযোগিতার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি করো মনের গভীরে যদি প্রতিভার বসত থাকে, এটা প্রকাশের সবচেয়ে বড় প্লাটফর্ম হতে পারে ফরচুন বাংলাদেশের এই প্রতিযোগিতা। আমি আয়োজকদের অভিবাদন জানাই। ’

    এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন কাকলী কলি (কালিনারী এক্সপার্ট ও এসেসর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।)

    দেশ ব্যাপী ফরচুন ফুড বাংলাদেশর আচার নিয়ে এই প্রতিযোগীতার বিষয়টি রন্ধন শিল্পীদের ভালো রান্না ও আচার তৈরিতে উৎসায়িত করবে ।

  • টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে:র‌্যাব

    টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে:র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুন, ২০২৪: টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে, বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বলেন, “টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর এগুলো (কালোবাজারি) আর থাকবে না।”

    আজ আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    কমান্ডার আরাফাত ইসলাম বলেন, “এ বছর দূরপাল্লার (আন্তঃনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে।”

    এই র‌্যাব কর্মকর্তা বলেন, “আমাদের নজরদারি-গোয়েন্দা বাড়িয়েছি, আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে, মোবাইল টিম রয়েছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের অনুরোধ করবো আপনাদের যেকোনো অভিযোগ থাকলে জানান, র‌্যাব আপনার পাশেই আছে।”

    তিনি আরও বলেন, “রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন। যাত্রীদের হয়রানি বিশেষ করে নারী হয়রানি যেন না হয় সে বিষয়ে র‌্যাব কাজ করে যাবে। বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। আপনারা (যাত্রী) অপরিচিত কারও সঙ্গে সখ্য গড়ে তুলবেন না।”

    আজ বৃহস্পতিবার (১৩ জুন) ঈদযাত্রায় দ্বিতীয় দিন। এদিন প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময়মতো কমলাপুর স্টেশন ছাড়ছে ট্রেনগুলো। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

    এর আগে বুধবার আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়।

  • বাজেট কমানো সংস্কার প্রস্তাব নিয়ে আর্জেন্টিনায় ব্যাপক সংঘর্ষ

    বাজেট কমানো সংস্কার প্রস্তাব নিয়ে আর্জেন্টিনায় ব্যাপক সংঘর্ষ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ জুন, ২০২৪: বাজেট কমানো সংস্কার প্রস্তাবের অনুমোদন নিয়ে আর্জেন্টিনার রাজধানীতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) রাতে রাজধানী বুয়েন্স আয়ার্সে সংসদের উচ্চকক্ষ সিনেটের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।  ওই সময় তাদের সরিয়ে দিতে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমে এ বিক্ষোভকে ‘রণক্ষেত্রের’ সাথে তুলনা করা হয়েছে।

    বিক্ষোভকারীরা দাবি করেছেন, এই সংস্কারের কারণে লাখ লাখ আর্জেন্টাইন ক্ষতিগ্রস্ত হবেন। সংস্কারের অনুমোদন ঠেকাতে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এছাড়া দুটি গাড়িতে আগুনও দেন তারা।

    তবে বিক্ষোভ স্বত্ত্বেও দেশটির আইনপ্রণেতারা এই বাজেট কমানোর সংস্কারেরর অনুমোদন দিয়েছেন।

    পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে এই বিক্ষোভকে ‘রণক্ষেত্রের’ সঙ্গে তুলনা করা হয়েছে।

    আর্জেন্টিনার ডানপন্থি প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এই সংস্কারের প্রস্তাব করেছেন। তিনি মূলত এরমাধ্যমে দেশটির ভঙ্গুর অর্থনীতিকে জাগ্রত করতে চাচ্ছেন। এই সংস্কারের মাধ্যমে আর্জেন্টিনায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হবে, সরকারি পেনসন ও শ্রম অধিকার কমিয়ে দেওয়া হবে।

    প্রেসিডেন্ট মিলেই-র এই সংস্কার প্রস্তাবের বিরোধীতে করেছে দেশটির বিরোধীদল, শ্রম সংগঠন এবং সামাজিক সংস্থাগুলো।

    বাজেট কমানোর এই সংস্কারটি আর্জেন্টিনার সিনেটে ৩৬-৩৬ ভোটে আটকে ছিল। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল তার ভোটাধিকার প্রয়োগ করে প্রস্তাবটির অনুমোদন করান।

    তিনি ভোট দেওয়ার আগে বলেন, “যেসব আর্জেন্টাইন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, যারা অপেক্ষা করছেন এবং যারা চান না তাদের সন্তানরা দেশ ছেড়ে চলে যাক… তাদের জন্য আমার ভোট হলো হ্যাঁ।”

    ৩২৮ ধারার এই সংস্কার প্রস্তাবটি এখন লাইন বাই লাইন পর্যালোচনা করা হবে। এরপর বৃহস্পতিবার এটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এই ধাপ শেষে প্রস্তাবটি সংসদের নিম্নকক্ষে যাবে এবং সেখানে আইনে পরিণত হবে।

    গত এপ্রিলে প্রথমে প্রস্তাবটি সংসদের নিম্নকক্ষে পাস হয়। তবে এর আগে এটিতে অনেক পরিবর্তন আনা হয়।

    ২০২৩ সালে প্রেসিডেন্ট হওয়া মিলেই ক্ষমতা নিয়েই বলেছিলেন সরকারি ব্যয়ের ওপর করাত চালাবেন তিনি। আর করাত চালানোর অংশ হিসেবেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন।

  • নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

    নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৩ জুন, ২০২৪: দারুণ এক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ১৩৬ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড।

    তিন ম্যাচের তিনটিটেই দাপুটে জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে একই পথে আছে আফগানিস্তান। তিন ম্যাচে ১ জয়ে দুই পয়েন্ট নিয়ে তিনে উগান্ডা। ২ ম্যাচের দুটিতেই হার নিয়ে চারে পাপুয়া নিউগিনি। আর একই অবস্থা নিয়ে সবার শেষে নিউজিল্যান্ড।

    ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় বিবর্ণ। নিজেদের মাঠেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। স্রেফ ৩০ রানে তাদের ৫ উইকেট নিয়ে নেন কিউই বোলাররা। শুরুটা হয় জনসন চার্লসকে দিয়ে। প্রথম ওভারের শেষ বলে বোল্টের বলে বোল্ড হন তিনি। তিনে নেমে ভালো শুরুর আভাস দিলেও ১৭ বলে উইকেট হারান নিকোলাস পুরান। এরপর একে একে বিদায় নেন রসটন চেজ, রভম্যান পাওয়েল ও ব্র্যান্ডন কিং।

    ষষ্ঠ উইকেটে জুটি গড়ে কিছুক্ষণ প্রতিরোধ গড়েন শেরফানে রাদারফোর্ড ও আকিল হোসাইন। তবে ১৫ রানে আকিল বিদায় নিলে ভাঙে ২৮ রানের জুটিটি। আটে নেমে আন্দ্রে রাসেল ১৪ রান করে বিদায় নেন। বেশিক্ষণ টিকতে পারেননি রোমারিও ‍শেফার্ডও। ১৩ রান করে তিনি ফার্গুসনের এলবিডব্লিউয়ের শিকার হন।

    ব্যাট হাতে বাকিদের ব্যর্থতার দিনে শেষ পর্যন্ত একাই লড়ে যান রাদারফোর্ড। ৩৩ বলে পঞ্চাশ ছুঁয়ে তিন চার-ছক্কার বৃষ্টি ঝরাতে থাকেন। ১১২ রানে ৯ উইকেট হারানো ক্যারিবিয়দের সংগ্রহ দেড়শর কাছে নিয়ে যান তিনি। ৩৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসটি সাজান ২ চার ও ৬ ছক্কায়।

    নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন বোল্ট। ২১ রান খরচায় দুটি উইকেট পান টিম সাউথি। সমান উইকেট নেন ফার্গুসনও। একটি করে উইকেট পান জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।

    রান তাড়ায় নেমে শুরুতেই ডেভন কনওয়েকে (৫) রানে হারা নিউজিল্যান্ড। আরেক ওপেনার ফিন অ্যালেনও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে ২৬ রান করে তিনি জোসেপের বল তুলে দেন রাসেলের হাতে। ব্যর্থ ছিলেন কেইন উইলিয়ামসনও। স্রেফ ১ রান আসে তার ব্যাট থেকে। রাচিন রবীন্দ্র ১০ ও ড্যারিয়েল মিচেল ১২ রানে বিদায়ের পর হাল ধরেন গ্লেন ফিলিপস।

    তবে সেই লড়াই স্থায়ী হলো না শেষ পর্যন্ত। ৩৩ বলে ৪০ রান করে জোসেপের বল তিনি উড়িয়ে মারেন। লং অনে থাকা পাওয়েল সহজেই সেটি তালুবন্দি করেন। পরের বলেই সাউদিকে ফেরান জোসেপ। শেষদিকে মিচেল স্যান্টনার ১২ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেললেও হারতে হয় কিউইদের। এ নিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।

    ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন জোসেপ। ৩টি শিকার ধরেন গুদাকেশ মোটি।

    গত রাতের খেলায় জিতেছে ভারত

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিতে মামুলি পুঁজি দাঁড় করিয়েও শুরুর দিকে ভারতকে বেশ শক্তভাবেই চেপে ধরেছিল বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত আশাহত হয়েছে স্বাগতিক দল। ভারতের সঙ্গে বড় ব্যবধানে হেরে সুপার এইট নিশ্চিতের অপেক্ষা বাড়ল তাদের। অন্যদিকে এই গ্রুপের প্রথম দল হিসেবে শেষ আটে জায়গা করে নিলো রোহিতরা।

    গতকাল বুধবার (১২ জুন) রাতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার এইটে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকেরা। জবাব দিতে নেমে ৭ উইকেট এবং বল ১০ হাতে থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত।

    এ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত।

    আজ বাংলাদেশের খেলা

    ডি গ্রুপের আজকের গুরুত্বপুর্ণ খেলায় নেদারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই খেলায় জিতলে বাংলাদেশ সুপার এইট প্রায় নিশ্চিত হবে।

    সেন্ট ভিনসেন্টে খেলাটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।

  • রান্না: ইজি বাটার চিকেন

    রান্না: ইজি বাটার চিকেন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৩ জুন, ২০২৪: আজ দেওয়া হলো ভিন্ন ধর্মি একটি খাবার রেসিপি। এর নাম ‘ইজি বাটার চিকেন’। যা আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন।

    Culinary artist Farzana Surbi
    Culinary artist Farzana Surbi

    উপকরণ:

    মুরগির বুকের মাংস-২টা(কিউব করে কাটা), পেপার-১ চা চামচ (আস্ত), হলুদের গুড়ো-১/২ টে চামচ, বাটার-১ কাপ, চিলি পাউডার-১ টে চামচ, আনসল্টেড বাটার-১/২ কাপ, পেঁয়াজ কুচি-১ ১/২ কাপ, গরম মসল্লা-৩ টে চামচ, জিরা গুড়ো-১ চা চামচ, গোল মরিচ গুড়া-১ চা চামচ, আদা বাটা-১টে চামচ, রসুন-৩ কোয়া( মিহি কুচি), দারুচিনি-১টি(বড়), টমেটো সস-৪০০ গ্রাম, পানি-১ কাপ, লবণ-স্বাদ মত, হেবি কুকিং ক্রিম-৩ কাপ

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে চিকেনে লবণ, ১চামচ মরিচ গুঁড়া, গোল মরিচ এবং হলুদের গুড়া দিয়ে মাখিয়ে নিতে হবে। চুলায় একটি প্যানে বাটার দিতে হবে। ব্রাউন করে চিকেন গুলো ভেজে নিতে হবে। পরে আলাদা ভাবে চিকেন গুলো অন্য পাত্রে উঠায় রাখতে হবে।

    এর পর অন্য একটি প্যানে ২ টেবিল চামচ বাটার দিতে হবে এবং পেঁয়াজ,গরম মসল্লা, বেচে থাকা মরিচের গুড়া, জিরা,আদা,রসুন, আস্ত গোল মরিচ এবং ব্লাক পেপার সব একে একে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভালো ঘ্রাণ না আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে।

    এখন টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এতে পানি এবং ক্রিম দিয়ে আবার রান্না করতে হবে। এর ভিতরে চিকেন গুলো দিয়ে দিতে হবে এবং ঢেকে ১০-১৫ মিনিট রান্না করতে হবে। উপরে সামান্য সিজনিং এবং ২ টেবিল চামচ বাটার দিয়ে দিতে হবে।

    ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার বাটার চিকেন। এবার গরম ভাত এবং পোলাও এর সাথে পরিবেশন করুন।

    রেসিপি দিয়েছেন : ফারজানা সুরভী

  • সরকার বন্যাসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে: প্রধানমন্ত্রী

    সরকার বন্যাসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: সরকার বন্যাসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে, বলে আজ সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সরকার বন্যাসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে; যেমন- বন্যা ও আপদকালীন সময়ে দুস্থ ও অসহায় জনগণের আশ্রয়ের জন্য বন্যা আশ্রয়কেন্দ্র, মুজিব কিল্লা নির্মাণ এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জন্য উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়া ত্রাণ সামগ্রী দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে বিতরণের সুবিধার্থে প্রতিটি জেলায় ত্রাণ গুদাম কাম তথ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে। যাতায়াতের সুবিধার্থে কাঁচা রাস্তা নির্মাণ, কাঁচা রাস্তায় হেরিং বোন বন্ড করাসহ প্রয়োজনীয় স্থানে সেতু/কালভার্ট নির্মাণ করা হয়েছে।”

    আজ বুধবার (১২ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য ও ঢাকা-১৪ আসনের এমপি মো. মাইনুল হোসেন খানের লিখিত প্রশ্নের জবাবে সরকারপ্রধান এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদি বিশদ পরিকল্পনা এবং কৌশল প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

    ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

    ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মেগা ডিজাস্টার মোকাবিলার লক্ষ্যে চীনের সহযোগিতায় ঢাকার তেজগাঁও এলাকায় এক হাজার জমির ওপর একটি অত্যাধুনিক ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৮.০ রিখটার স্কেলের অধিক ভূমিকম্প সহনীয় এই ভবনের জন্য প্রকল্প প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন কাজ শুরু হবে।

    ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় ১টি Humanitarian Staging area নির্মাণের পরিকল্পনা রয়েছে

    বজ্রপাত, তাপদাহসহ অন্যান্য দুর্যোগের সময় কৃষকের আশ্রয়ের জন্য বজ্র নিরোধক দণ্ডসহ “কৃষক ছাউনি (Farmer shade)” নির্মাণের পরিকল্পনা রয়েছে।

    দুর্যোগের সময়ে বিপদাপন্ন মানুষ ও তাদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং প্রাণিসম্পদের সুরক্ষা দেওয়ার জন্য ৪৫০টি মুজিব কিল্লা নির্মাণের কাজ চলমান রয়েছে। আরো ৩৫০টি মুজিব কিল্লা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

    ঘূর্ণিঝড়ের সময়ে বিপদাপন্ন মানুষ ও তাদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং প্রাণিসম্পদের সুরক্ষা প্রদানের জন্য আরো ১২০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

    বন্যার সময় বিপদাপন্ন মানুষ ও তাদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং প্রাণিসম্পদের সুরক্ষা প্রদানের জন্য ৫০০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

    উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় সেল ও তথ্যকেন্দ্র স্থাপনের মাধ্যমে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচারের জন্য ১০০টি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র কাম ত্রাণ গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

    অধিক বজ্রপাতপ্রবণ ১৫টি জেলায় সৃষ্ট বজ্রপাত থেকে মানুষ এবং প্রাণিসম্পদকে সুরক্ষা প্রদানের জন্য ৬৭৯৩টি বজ্রনিরোধক ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

    দুর্যোগের সময় অল্প সময়ে দুর্গত এলাকার জনগণ যাতে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসতে পারে, সহজে চিকিৎসা সেবা পেতে পারে, গবাদিপশু দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে গ্রামীণ রাস্তায় পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের মাধ্যমে ৫০০০ কিলোমিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

    বন্যাপ্রবণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর বসতবাড়ির ভিটি উঁচুকরণের মাধ্যমে দুর্যোগ সহনীয় ঘর তৈরিতে সহায়তা করাসহ দুর্যোগ ঝুঁকি হ্রাসে দেশের অধিক বন্যাপ্রবণ ০৫টি জেলার বসতবাড়ির ভিটি উঁচুকরণের পরিকল্পনা রয়েছে।

    ভূমিকম্প ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Nationwide Resilience Project (NRP) এবং আরবান রেজিলিয়েন্স প্রকল্প ২য় পর্যায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

    বন্যার সময় দ্রুততম সময়ে মৃত ব্যক্তিদের দাফন/ সৎকার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মৃত ব্যক্তির মানবিক মূল্য ও সম্মান সংরক্ষণ করার লক্ষ্যে অধিক বন্যাপ্রবণ এলাকায় বন্যাকালীণ সময়ে মৃত ব্যক্তিদের দাফন/সৎকারের জন্য কবর ও শ্মশান উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

    দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি ও জনসাধারণকে সচেতন করার জন্য একটি আন্তর্জাতিক মানের দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (এনডিএমআরটিআই) স্থাপনের কাজ চলমান রয়েছে।

    তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে

    জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. হামিদুল হক খন্দকার জানতে চেয়েছেন ‘উত্তরবঙ্গের তিস্তা নদী পাড়ের মানুষের দুঃখ লাঘবে কি করছে সরকার এই প্রশ্নের উত্তরে এ বিষয়ে আলোকপাত করে শেখ হাসিনা বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় সমীক্ষা সম্পন্ন করে প্রায় ৮ হাজার ২১০ কোটি টাকার পিডিপিপি ২০২০ সালের আগস্টে ইআরডিতে দেওয়া হয়েছিল। এ পরিপ্রেক্ষিতে ইআরডির বৈদেশিক সাহায্য অনুসন্ধান কমিটির ৫১তম সভায় প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে সহজ শর্তের ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ইআরডি হতে ঢাকার চীনা দূতাবাসের মাধ্যমে চীনা সরকারকে সফট লোন সাহায্য প্রাপ্তির জন্য ২০২১ সালের মার্চ মাসে অনুরোধ জানানো হয়।”

    প্রধানমন্ত্রী জানান, পিডিপিপি এর বিষয়ে চীন সরকার একটি মূল্যায়ন প্রতিবেদন গত বছরের ৫ মার্চে ইআরডিতে প্রেরণ করে। উক্ত প্রতিবেদনে বড় আকারের ভূমি উন্নয়ন ও ব্যবহার এবং নৌ-চলাচল ব্যবস্থার উন্নয়নের বিষয়ে অধিকতর বিশ্লেষণ না থাকা এবং বড় আকারের বিনিয়োগ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। চীন সরকার প্রকল্পটি পর্যায়ভিত্তিক বাস্তবায়নের নিমিত্ত আরও বিশদ সমীক্ষার বিষয়ে পরামর্শ দেয়। পাওয়ার চায়না কর্তৃপক্ষ চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের ২৭ আগস্টে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

    ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত তারেকসব সব আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

    জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ সাজাপ্রাপ্ত ১৫ আসামি বর্তমানে পলাতক। বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দীন, মো. হারিছ চৌধুরী ও রাতুল আহম্মেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে।”

    তিনি আরও বলেন, “২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোটের নেতৃত্বে পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা করা হয়। এ ঘটনায় দণ্ডবিধির ৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪ ধারায় মতিঝিল থানায় মামলা হয়।”

    সংসদে সরকারপ্রধান বলেন, “মামলাটির দীর্ঘ তদন্ত শেষে মোট ৫২ আসামির বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল হয়। রায় ঘোষণার আগে অভিযোগপত্রের ৫২ আসামির মধ্যে তিনজনের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক ২০১৮ সালের ১০ অক্টোবর রায় ঘোষণা করেন। বিচারে ৪৯ আসামির সাজা হয়, যার মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। সাজাপ্রাপ্ত ৪৯ আসামির মধ্যে ৩৪ জনকে আটক করা হয়েছে।”

  • আনারের মেয়ে বাবার হত্যার বিচার চাইবে এটাই স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

    আনারের মেয়ে বাবার হত্যার বিচার চাইবে এটাই স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: আনারের মেয়ে বাবার হত্যার বিচার চাইবে এটাই স্বাভাবিক, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন “ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ের সঙ্গে সাক্ষাতে সে তার আবেগের কথা বলে গিয়েছে। তার বাবা হত হয়েছেন, সে তার বাবার হত্যার বিচার চাইবে, এটাই স্বাভাবিক। সে বলেছে—কেউ যাতে পার না পেয়ে যায়, সেই বিষয়টি দেখবেন। যেটাই আপনার তদন্তে আসবে, আমরা সেটাই বিশ্বাস করি। তদন্ত যেভাবে করছেন তাতে যাতে কেউ পার না পেয়ে যায়, সেই বিষয়ে আমাদের অনুরোধ করেছেন।”

    আজ বুধবার (১২ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে (আনার হত্যার বিচার বিষয়ে) কোনো চাপ নাই, ‘কে চাপ দেবে আমাদের। সঠিক পদ্ধতিতে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে আমরা বলতে পারব কার উদ্দেশ্য কী ছিল।”

    টেকনাফ থেকে সেন্টমার্টিনের পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান বলেন, “মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে।”

    তিনি বলেন, “যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে, দুই-একটা সময় আমাদের জেলেদের ট্রলার কিংবা আমাদের টহল বোটে গুলি এসে লেগেছে। কে গুলি করেছে? সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি, তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমার অস্বীকার করেছে যে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে, তবে সেন্টমার্টিনে পণ্য সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না।”

    পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কোনো ঘটনা ঘটেনি যে, তাকে আমরা দায়ী করতে পারি। কাগজপত্র সঠিকভাবে আসছে, এখানে কোনো ভুলভ্রান্তি করে থাকলে তদন্ত হচ্ছে, সেখানে দেখবে। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন, তখন সেটা দেখা হবে।”

  • ড. ইউনূসের যে কথা বলে বেড়াচ্ছে তা অসত্য: আইনমন্ত্রী

    ড. ইউনূসের যে কথা বলে বেড়াচ্ছে তা অসত্য: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: ড. ইউনূসের যে কথা বলে বেড়াচ্ছে তা অসত্য, বলে জানিয়েছেন আইসমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে। ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে।দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক।”

    আজ বুধবার (১২ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, “ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে। সে মামলার ব্যাপারে আমি বলেছি- মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না সে ব্যাপারটাও তাদেরকে (ইউরোপিয়ান প্রতিনিধি দল) বলেছি।

    তিনি আরও বলেন, “আরেকটি বিষয় আমি বলেছি- তার বিরুদ্ধে ট্যাক্স না দেওয়ার মামলা রয়েছে। তার একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন। অন্যান্য মামলা যেগুলো রয়েছে সেগুলোও ট্যাক্স না দেওয়ার মামলা।”

    আইনমন্ত্রী বলেন, “ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে শ্রম আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আইন, ডেটা প্রটেকশন ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে। তাদের নির্বাচন কমিশন থেকে একটি টিম এসেছিল সেই টিমে রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা কি চিন্তা ভাবনা করছি, রোহিঙ্গা ইস্যু এবং সর্বশেষ এন্টি ডিসস্ক্রিমিনেশন বেল সম্পর্কেও তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ড. ইউনূসের মামলা সম্পর্কে জিজ্ঞেস করেছিল। এসব ব্যাপারেও তাদের সঙ্গে কথা হয়েছে।”

    তিনি বলেন, “আমরা কবে নাগাদ শ্রম আইন পাস করতে যাচ্ছি এসব তারা জানতে চেয়েছিল। আমি তাদের বলেছি- আন্তর্জাতিক শ্রম আদালতে আমাদের বিরুদ্ধে যে নালিশ করা হয়েছিল সেই নালিশটার আমরা শেষ চাই। আমি তাদের বলেছি শ্রম আইন নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি। শ্রম আইন সংশোধন নিয়েও কাজ করছি। আমার মনে হয় বিষয়টা শেষ করে দেওয়া উচিত। আগামী নভেম্বরে তাদের যে গভর্নিং বডির মিটিং হবে সেখানে আমাদের সমর্থন করার জন্য তাদের সঙ্গে কথা হয়েছে।”

    ড. ইউনূসের বিষয়ে কি কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে তাদের দেশ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে সেসব বিষয়গুলো তারা পরিষ্কার হতে চেয়েছিলেন। ড. ইউনূসের ব্যাপারে যেসব মামলা রয়েছে আমি তাদের সেসব বলেছি। বলেছি-তিনি শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছিলেন সেখানে মামলা হয়েছে। তাকে সাজা দেওয়া হয়েছে। ১০৮ জন শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছেন।”

    জানা গেছে, আপাতত নতুন সদস্য নিতে রাজি নয় ব্রিকস। তবে অংশীদার রাষ্ট্র যুক্ত করতে চায় ব্রিকস। যার ফলে ব্রিকসে বাংলাদেশের যুক্ত হতে আরও অপেক্ষা বেড়েছে।

    ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—প্রাথমিকভাবে এই পাঁচ দেশ ব্রিকস গঠন করেছিল।