Category: লিড নিউজ

  • শাটডাউন এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র

    শাটডাউন এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০১ অক্টোবর, ২০২৩: যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের বিনা বেতনে ছুটিতে পাঠানোর যে শাটডাউন পরিস্তিতির সৃষ্টি হয় তা এড়াতে পেরেছে দেশটির হাউস অব কমনস ও সিনেটের মধ্যে সমঝোতার মাধ্যমে।

    গণমাধ্যম থেকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য সরকার ও বিরোধী দলের আইন-প্রণেতারা আগামী ৪৫ দিনের জন্য অস্থায়ী বাজেট বা স্টপগ্যাপ বিল মঞ্জুর করেছেন। বিলটি পাস না হলে যুক্তরাষ্ট্র শাটডাউনের মুখে পড়ার আশঙ্কা ছিল। এতে করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো আংশিকভাবে বন্ধ হয়ে যেতো। ৪০ লাখ কেন্দ্রীয় কর্মীর বেতন-ভাতা পরিশোধ বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা ছিল। চুক্তি হওয়ায় এত বড় সংকট থেকে বেঁচে গেছে বাইডেন প্রশাসন।

    গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার কেভিন ম্যাককার্থি আগামী ৪৫ দিনের সরকারি ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে একটি স্টপগ্যাপ বিল উত্থাপন করে। স্টপগ্যাপ ফান্ডিং বিল নামে বিলটি ৮৮-৯ ভোটে পাস হয় সিনেটে। এর আগে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসেও দ্বিপক্ষীয় সমর্থনে পাস হয় বিলটি।

    সিনেটে ও নিম্নকক্ষ হাউস অব কমনসে পাস হওয়ায় বিলটি আইনে পরিণত হওয়ার অপেক্ষা শুধু মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন। দ্য গার্ডিয়ান বলছে, ডেমোক্র্যাটদের প্রস্তাব হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল অনুমোদনে আপত্তি করবেন না।

    বিলটি পাসের পর সিনেটের ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দিনটি আমাদের জন্য ছিল জটিল। প্রতি মুহূর্তে এদিনের রং পাল্টেছে। তারপরও মার্কিন জনগণের স্বস্তির নিশ্বাস ফেলার একটি সুযোগ তৈরি হয়েছে। আপাতত সরকারি কার্যক্রম বন্ধ হচ্ছে না। আমাদের দ্বিপক্ষীয় মতৈক্য এটিকে সম্ভব করেছে। এটি দেখিয়েছে কীভাবে প্রয়োজনের সময় এক হয়ে কাজ করতে হয়।

    তার আগে অবশ্য নতুন অর্থায়ন বিল নিয়ে একদল কট্টর রিপাবলিকান সদস্য আপত্তি তোলে। এতে অচল হওয়ার ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন। চুক্তি না হলে আজ রবিবার (১ অক্টোবর) অচল হয়ে পড়তো মার্কিন সরকারের একটি বড় অংশ। বিলটি পাসের প্রস্তাবে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের সমর্থন বেশি ছিল।

    এই পরিস্তিতির সৃষ্টি হয় মূলত কট্টর ডানপন্থী রিপাবলিকানরা সরকারের ব্যয় কমানোর দাবিতে অনড় থাকায়। কিন্তু শেষ মুহূর্তে এসে আইনপ্রণেতাদের একটি বড় অংশ সরকার অচল হওয়া এড়ানোর পক্ষে ভোট দেন। তারা অবশ্য বড় একটি শর্তও দেন। ‘ইউক্রেনের পেছনে আর কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করা যাবে না’ এই শর্ত বিষয়টি সমাধান ঘটে।

    সূত্র: বাসস

  • এখন বিএনপি’র রাজনীতির কবরস্থানে যাওয়ার সময় এসেছে: সেতুমন্ত্রী

    এখন বিএনপি’র রাজনীতির কবরস্থানে যাওয়ার সময় এসেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ০১ অক্টোবর, ২০২৩: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি বলেছিল আগামী ৪৮ ঘন্টার মধ্য আওয়ামী লীগকে কবরস্থানে পাঠাবে। এখন বিএনপির রাজনীতি কবরস্থানে যাওয়ার সময় এসেছে।

    আজ গতকাল শনিবার(৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে কৃষকলীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র আল্টিমেটাম তো শেষ। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কই ? বিএনপি ভুয়া, ৩২ দল ভুয়া। বিএনপি বলেছিল আওয়ামী লীগকে কবরস্থানে পাঠাবে। এখন বিএনপি’র রাজনীতিরই কবরস্থানে যাওয়ার সময় এসেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারকে যে অবৈধ বলছেন, তাহলে অবৈধ সরকারের কাছে কেন খালেদা জিয়ার মুক্তির আবেদন করেন ? সরকারের অনুমতি নিতে হবে, না নিলে খবর আছে। পালাবার পথ পাবেন না।

    রাজপথ দখল করার অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা রাস্তা দখল করবে তাদের খবর আছে। ওবায়দুল কাদের আরও বলেন, তাদের কাছে জনগণের ভোট নিরাপদ নয়। বাংলাদেশের নিরাপত্তা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। এরা একাত্তরের বাংলাদেশ চায় না। এরা চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের আলো নিভে যাবে বলে দাবি করে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। বাংলাদেশকে আমরা আর কোনও কালো হাতে ছেড়ে দেব না, অন্ধকারে ফিরে যেতে দেব না। দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোরদার খেলা হবে।
    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী সমাবেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাজের অন্যান্য পেশাজীবীর মতো কৃষকরাও আজকে সমানভাবে এগিয়ে যাচ্ছে। তারা চাহিদা অনুযায়ি বীজ-সারসহ সকল উপকরণ পাচ্ছে। একই সঙ্গে কৃষিপণ্যের নায্য মূল্যও পাচ্ছে। আজকে সারা দেশে কৃষকরা যখন সুখে আছে, তখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। বিশৃঙ্খলা ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে তারা অরাজকতার দিকে ঠেলে দিতে চায়। কৃষক লীগকে এ ব্যাপারে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী আরও বলেন, কৃষক ভাইয়েরা যদি পাহারা দেয়, তাদের সঙ্গে যদি অন্যান্য পেশাজীবীও থাকে, তাহলে বিএনপি আর অরাজকতা করার সাহস পাবে না।

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আজ বাংলাদেশ কৃষিতে, খাদ্যে স্বয়ংসর্ম্পূর্ণ। চালের দাম এই মুহুর্তে নিম্মমুখী। দুই-তিন বছরের চেয়ে অনেক কম। তিনি বলেন, কিছু পণ্যের দাম একটু বেশি, যেমন- পেয়াজ,আলু। এটা উৎপাদনের জন্য। আমি জানি- রিকশ-ভ্যান চালক, নিম্ন আয়ের মানুষদের কষ্ট হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি এগুলোর দাম কমানোর জন্য। তিনি বলেন, এক সময় আমরা খাদ্যের ঝুলি নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াতাম। আজ সেই বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ।
    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা খুনির দল, আপনারা সন্ত্রাসীদের দল। দেশের মানুষ আর কখনো আপনাদের দলকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আপনাদের রাস্তায় আস্ফালন করে লাভ নেই। আর যদি নির্বাচনে বাঁধা দেন, তাহলে রাজপথে প্রতিহত করব।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। আমাদের এ উন্নয়ন-অগ্রগতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন ও মির্জা আজম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ। সঞ্চালনা করেন কৃষক লীগ সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

    সূত্র: বাসস

  • যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ সেপ্টেম্বর, ২০২৩: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা কী কারণে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। এর কোনো যৌক্তিকতা নেই ।

    স্থানীয় সময় বুধবার (২৭ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ওই সাক্ষাৎকারের ভিডিও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    ভয়েস অব আমেরিকার সাংবাদিক যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী তার জবাবে বলেন, ‘আমার এটাই প্রশ্ন-কথা নেই, বার্তা নেই; হঠাৎ ভিসা স্যাংশন দিতে চাচ্ছে কী কারণে? আর মানবাধিকারের কথা যদি বলে বা ভোটের অধিকারের কথা যদি বলে…আমরা, আওয়ামী লীগ; আমরাইতো এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। আমাদের কত মানুষ রক্ত দিয়েছে, এই ভোটের অধিকার আদায় করার জন্য।’

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, মানুষকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা…। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো- এই স্লোগানও আমার দেওয়া। আমি এভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছি। কারণ আমাদের দেশে বেশিরভাগ সময় স্বৈরশাসকরা দেশ শাসন করেছে। তাদের সময় সাধারণ মানুষের ভোট দিতে হয়নি। তারা ভোটের বাক্স ভরে নিয়ে ফল ঘোষণা করে দিয়েছেন। এরই প্রতিবাদে আমরা আন্দোলন, সংগ্রাম করে আজ আমরা নির্বাচন সুষ্ঠু পরিবেশে নিয়ে আসতে পেরেছি। এখন মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে অনেক সচেতন।’

    প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থা, সেটা র‌্যাব হোক, পুলিশ হোক বা অন্য যেকোনো সংস্থা হোক; তারা অন্যায় করলে আমাদের দেশে সেটার বিচার হয়।এই বিচারে কেউ রেহাই পায় না। অনেক সময় তারা কোনো কাজ অতিরিক্ত করে, করতে পারে। কিন্তু করলে সেটা আমাদের দেশের আইনেই সেটার বিচার হচ্ছে।’

    ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ২০০৯-এ আওয়ামী লীগ সরকার গঠনের পর যতগুলো নির্বাচন হয়েছে, জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচন; প্রত্যেকটা সুষ্ঠুভাবে হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব নির্বাচনে মানুষ তার ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। এই নির্বাচনগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তোলার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতাটা কী, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার নিয়ে সবসময় সচেতন।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া ভোট চুরি করেছিলেন। সে কিন্তু দেড় মাসও টিকতে পারেনি। ওই বছরের ৩০ মার্চ তাকে জনগণের রুদ্র রোষে পড়ে পদত্যাগ বাধ্য হয়েছেন তিনি। আবার ২০০৬ সালে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করেছিল। সেই ভোটার তালিকা দিয়ে নির্বাচন করে সে যখন সরকার গঠনের ঘোষণা দিলো… এরপর জরুরি অবস্থা জারি করা হলো। সেই নির্বাচন বাতিল হয়ে গেলো। কাজেই আমাদের দেশের মানুষ কিন্তু এখন ভোট সম্পর্কে যথেষ্ট সচেতন। কাজেই একটা নির্বাচন অবস্থা, সুষ্ঠু হবে- এটা তো আমাদেরই দাবি ছিল। এবং আন্দোলন করে আমরাই সেটা প্রতিষ্ঠিত করেছি। তো আজ তারা স্যাংশন দিচ্ছে, আরও দেবে; দিতে পারে। এটা তাদের ইচ্ছা। কিন্তু আমাদের দেশের মানুষের যে অধিকার; তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের শিক্ষা-দীক্ষার অধিকারসহ সব মৌলিক অধিকার আমরা নিশ্চিত করেছি।

    খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে শেখ হাসিনা বলেন, পৃথিবীর কোন দেশ দণ্ডিত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দেবে? তাদের যদি চাইতে হয়, তা হলে আবার আদালতে যেতে হবে। আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। আদালতের কাজে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

  • বাংলাদেশের মূল চালিকা শক্তি হবে কারিগরি স্মার্ট জনশক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের মূল চালিকা শক্তি হবে কারিগরি স্মার্ট জনশক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ সেপ্টেম্বর, ২০২৩: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট উন্নত আলোকিত বাংলাদেশ দেখতে চায়। যে বাংলাদেশের মূল চালিকা শক্তি হবে কারিগরি স্মার্ট জনশক্তি।

    আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ এর জেলা ও সার্ভিস এসোসিয়েশন সমূহের দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু’র পথ অনুসরণ করে দেশ পরিচালনা করায় সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ ও বর্তমান বাংলাদেশের চিত্র আকাশ পাতাল ব্যবধান। বাংলাদেশের অগ্রগতি দেখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন উন্নয়ন ও নেতৃত্ব দেখতে চাইলে বাংলাদেশে যাও। বিশ্বের বৃহৎ ৩৫টি অর্থনৈতিক দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। দেশে হতদরিদ্র সংখ্যা ৫ ভাগে নেমে এসেছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার বিচক্ষণ ও দেশপ্রেমমূলক নেতৃত্বের কারণে।

    মন্ত্রী বলেন, আমাদের জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ। বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটির বেশি বাংলাদেশী রয়েছে- যাদের উপর তারা বহুলাংশে নির্ভরশীল। আমাদের দেশের মানুষ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ক্ষেত্রে প্রশিক্ষিত জনগোষ্ঠি হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।

    ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সমস্যাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি’র সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান।

    আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ বলেন, বতর্মান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই- যে খাতে অগ্রগতি সাধিত হয়নি।

    সূত্র: বাসস

  • সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ সেপ্টেম্বর, ২০২৩: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

    গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে তিনি কক্সবাজারের সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ‘দৈনিক যায় যায় দিনের’ চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন।

    প্রবীণ এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন হেলাল উদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষের আপোষহীন কণ্ঠ এই কলম সৈনিক সমাজে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমৃত্যু অবদান রেখে গেছেন।

    কক্সাবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের জানান, যায়যায় দিনের প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের জন্য হেলাল কক্সবাজার গিয়েছিলেন। শুক্রবার সকালে হোটেলে নাস্তাশেষে বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণ হোটেলে অবস্থান করে তিনি সদর হাসপাতালে আসেন বেলা সাড়ে ১২ টার দিকে। এখানে প্রাথমিক চেকআপের পর ডাক্তাররা তাকে ভর্তি হওয়ার অনুরোধ জানান। এরপর অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    মৃত্যুর আগে সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী যায়যায় দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার সদরের টেকপাড়ার মরহুম জাকির হোসেন ও মরহুমা ফরিদা বেগমের ৩ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হেলাল উদ্দিন চৌধুরীর সাংবাদিকতা শুরু কক্সবাজারে, দৈনিক আজাদী’র জেলা প্রতিনিধি হিসেবে। ১৯৮৩ সালে স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিক আজাদী’তে যোগদান করলে তিনি চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ২০০৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক আজাদী’তে স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার ও চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি দৈনিক সমকাল’র চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে যোগ দেন। পরে দৈনিক যায়যায় দিন-এ ব্যুরো প্রধান হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রগতিশীল বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি চট্টগ্রামের সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

    সূত্র: বাসস

  • নিউইয়র্ক শহরে বন্যার কারণে জরুরী অবস্থা জারি

    নিউইয়র্ক শহরে বন্যার কারণে জরুরী অবস্থা জারি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ সেপ্টেম্বর, ২০২৩: টানা প্রবল বর্ষণের ফলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরটিতে জারি করা হয়েছে দুর্যোগকালীন জরুরী অবস্থা। শহরটির অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ রাখা হয়েছে।

    এখনও প্রবল বর্ষণ হচ্ছে তাই বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। টানা বর্ষণের কারণে পানি নামতে পারছে না।

    সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ব্রোনক্স, ব্রুকলিন, কুইন্স রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। ম্যানহাটানের সড়কেও অনেক গাড়ি পানির মধ্যে আটকা পড়তে দেখা গেছে। নিউইয়র্কের বেশির ভাগ এলাকায় গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।

    নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা-বিষয়ক কমিশনার জেচারি ইসকল জানান, গত দুই বছরের মধ্যে গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ছিল সবচেয়ে বৃষ্টিবহুল দিন।

    এরআগে ২০২১ সালের আগস্টে এক দফা বন্যায় ডুবেছিল নিউইয়র্ক। সেই সময়ে শহরের উত্তর-পূর্বাঞ্চলে প্রাণ হারান ১৩ জন।

    এবার মৃত্যুর সংবাদ না পাওয়া গেলেও বন্যা পরিস্তিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

    সূত্র: বাসস

  • বিশ্বকাপ ক্রিকেটের মাসকটের নাম প্রকাশ

    বিশ্বকাপ ক্রিকেটের মাসকটের নাম প্রকাশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ সেপ্টেম্বর, ২০২৩: ক্রিকেট সমর্থকদের ভোটাভুটির মাধ্যমে এবার ক্রিকেট বিশ্বকাপের মাসকটের নাম বেছে নেওয়া হয়ছে। যদিও বিশ্বকাপের ৪৭ দিন আগে মাসকট উন্মোচন করলেও তখন নাম প্রকাশ করেনি আইসিসি। কেননা নাম দেওয়ার কাজটা তারা ছেড়ে দেয় সমর্থকদের ওপরই।

    লিঙ্গসমতাকে প্রাধান্য দিয়ে পুরুষ ও নারী দুটি মাসকট উন্মোচন করা হয়েছে এবার। সমর্থকদের ভোটাভুটির পর দুটি নাম বেঁছে নিয়েছে আইসিসি। পুরুষ মাসকটের নাম ‘টংক’ ও নারী মাসকটের নাম দেওয়া হয়েছে ‘ব্লেজ’।

    মহিলা মাসকটের রিফ্লেক্স, ফ্লেক্সিবিলিটি ও গতি তাকে বাকিদের থেকে সেরা পেস বোলার করে তোলে। প্রতিটা মাসকটের মধ্যে রয়েছে ক্রিকেটের ৬টা শক্তি। পুরুষ মাসকট তুলে ধরা হয়েছে ফিটনেস ও শক্তিশালী ব্যাটিং দক্ষতার প্রতীক হিসেবে। তার প্রতিটি শট দর্শককে মোহিত করবে।

    বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে থাকবে এ দুটি মাসকট। এর আগে মাসকট উন্মোচন অনুষ্ঠানে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছিলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আমরা এই মাসকট উন্মোচন করতে পেরে আনন্দিত। ঐক্যতা ও আবেগের আলোকবর্তিকা হিসেবে এই মাসকট সীমানা ও সংস্কৃতি ছাড়িয়ে যাওয়া ক্রিকেটের আবেদনকে নির্দেশ করে। উভয় লিঙ্গের প্রতিনিধিত্বের পাশাপাশি মাসকটটি আমাদের গতিশীল বিশ্বে লিঙ্গ সমতার গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রতিফলিত করে।’

    আইসিসি ইভেন্টের বাইরেও শিশুদের খেলাধুলার প্রতি আজীবন ভালাবাসা জোগানো, জড়িত রাখা ও বিনোদন দেওয়ার ক্ষমতা রাখে এই মাসকট। বিষয়টি অবশ্যই ক্রিকেটকে শুধু জনপ্রিয় করবেনা সেই সঙ্গে লিঙ্গসমতাকে আরও তাৎপর্যময় করে তুলবে।

  • সততা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী

    সততা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ সেপ্টেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের ভাবমূর্তি আরো উন্নত করতে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করুন।’

    আজ ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    তিনি শহিদ মিনার ও বঙ্গবন্ধু কর্ণারসহ দূতাবাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। শেখ হাসিনা দূতাবাসে পৌঁছালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান।

    প্রধানমন্ত্রী প্রথমে দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করতে তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

    প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে এই চ্যান্সারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০০০ সালে নবনির্মিত ভবনের উদ্বোধন করেছিলেন।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাউদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

    সূত্র: বাসস

  • বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ সেপ্টেম্বর, ২০২৩: বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না জানিয়ে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন,  ‘আওয়ামী ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে।’

    বুধবার ওয়াশিংটন ডিসির হলিডে একপ্রেস ইন হোটেলে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।

    তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর মুছে দিয়েছে। অপরদিকে আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করে অনেক বছরের ঘাটতি পূরণ করেছে।’
    তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে তুলে ধরা তাঁর সরকারের রূপকল্প-২০৪১ অনুযায়ী ২০০৯ সাল থেকে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্থিতিশীলতা অব্যাহত রাখার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা করায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০২৬ সাল থেকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং যার জন্য তারা উন্নয়ন ও সমৃদ্ধির পথে যাত্রাকে মসৃণ করার উপায় খুঁজে বের করতে তাঁর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে।

    শেখ হাসিনা বলেন, আগামী সাধারণ নির্বাচন এ কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে তারা ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার প্রণয়নে একটি কমিটি গঠন করেছে।
    প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের ওপর আমার বিশ্বাস ও আস্থা রয়েছে। বাংলাদেশের জনগণ এখনো বিশ্বাস করে যে, আওয়ামী লীগই পারে তাদের ভাগ্যের পরিবর্তন করতে এবং দেশের উন্নয়নকে টেকসই করতে।’
    শেখ হাসিনা বলেন, তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর বাবা, মা, ভাইসহ সবকিছু হারানোয় দেশের জনগণ তাঁর কাছের মানুষ ও প্রিয়জন।

    তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ আমার শক্তি। দেশবাসী আমার পরিবার এবং আমি এটা মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করছি।’
    সরকার প্রধান বলেন, তারা ভূমিহীন ও গৃহহীনদের বিনামূল্যে বাড়ি দিচ্ছেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন, আড়াই কোটি শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছেন যাতে দেশবাসী আর কষ্ট না পান।
    তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা নিশ্চিত করতে আমরা পরিকল্পিতভাবে সবকিছু করে যাচ্ছি।’
    শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের মানুষের কেউ গৃহহীন ও অতি দরিদ্র থাকবে না।
    প্রধানমন্ত্রী বলেন, তারা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন এবং ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন এবং এখন উন্নয়নের পথে যাত্রা অব্যাহত রাখায় দেশকে একটি ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত করার চেষ্টা করছি।

    তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘সতর্ক থাকুন, কারণ, দেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ আর ছিনিমিনি খেলতে না পারে।’
    বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা বিশ্ব অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি।
    তিনি বলেন, ‘তাদের (বিএনপি-জামায়াত চক্র) চরিত্রের এখনো পরিবর্তন হয়নি। তাই, তারা ষড়যন্ত্র করে এবং অপপ্রচারের মাধ্যমে দেশকে ধ্বংস করতে নেমেছে।’

    শেখ হাসিনা আরো বলেন, ‘দেশে-বিদেশে আওয়ামী লীগের নেতৃত্বে ব্যাপক উন্নয়নমূলক কাজ দেখিয়ে দিয়ে আমাদেরকে তাদের উচিত শিক্ষা দিতে হবে।’ প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীদের আমেরিকায় তাদের এলাকার কংগ্রেসম্যান, সিনেট সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ জোরদার করতে এবং বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি বিএনপি-জামায়াত চক্রের বাংলাদেশকে ধ্বংসের মিথ্যাচার ও ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করার আহ্বান জানান।
    আওয়ামী সভাপতি শেখ হাসিনা বলেন, তাঁর দল জন্মলগ্ন থেকেই জনগণের অধিকারের জন্য সংগ্রাম শুরু করে। এসব সংগ্রামের মধ্যে রয়েছে ভাষা আন্দোলন, ছয় দফা দাবি ও মুক্তিযুদ্ধ।

    তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। এতো নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে দেশের উন্নয়নে আর কেউ কাজ করবে না। আমরা চাই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং এক্ষেত্রে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে।’

    প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের এর ফাঁকে অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছেন।

    সূত্র: বাসস

  • ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

    ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ সেপ্টেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় নৈশভোজের আয়োজনের মাধ্যমে মায়ের জন্মদিন উদযাপন করেছেন।

    বাংলাদেশ সময়ে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৫টার দিকে পারিবারিক এ উদযাপনের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট করেন সজীব ওয়াজেদ জয়।

    ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ভার্জিনিয়ায় গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার’। এর আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছিল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদীবিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।জয়ের ছবি দেখা যায়, প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় তাঁর ছেলেকে অনাড়ম্বরভাবে তাঁর জন্মদিন উদযাপন করার অনুমতি দিয়েছেন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে বড় শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

    জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন শেষে তিনি ওয়াশিংটন ডিসিতে রয়েছেন।