Category: লিড নিউজ

  • ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছিলেন: প্রধানমন্ত্রী

    ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছিলেন: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আমাদের স্থল সীমানার চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। ভারতের সঙ্গে চুক্তি করেন। সেই সঙ্গে সংবিধান সংশোধন করে চুক্তি বাস্তবায়ন করেন। পরে সেটা কার্যকর করা হয়নি। ২১ বছর পর আমরা যখন সরকারে আসি, এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করি। তখন কাজগুলো খুব গোপনীয়তার সঙ্গে শুরু করতে হয়েছিল। আমাদের সমুদ্রসীমা যাতে নিশ্চিত হয় সেজন্য জাতিসংঘে আমরা সই করে আসি।”

    আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দ্য টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট-১৯৭৪’র সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “২০১২ এবং ২০১৪ সালে বাংলাদেশ-মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্রসীমার নিষ্পত্তি করি। আজ বিশাল সমুদ্রসীমার অধিকার রয়েছে, আমরা সম্ভাবনাময় একটা বিশাল অর্থনৈতিক এলাকা পেয়েছি।”

    তিনি বলেন, “সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়; সরকার জাতির পিতার এ নীতি নিয়েই চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে যে বাণিজ্য চলে সেখানে যাতে কোনো দ্বন্দ্ব না হয়, শান্তিপূর্ণ বাণিজ্যপথ হিসেবেই যেন অব্যাহত থাকে। কারো সঙ্গে বাংলাদেশের  শত্রুতা নেই।”

    প্রধানমন্ত্রী বলেন, “সমুদ্রে তেল, গ্যাস উত্তোলনের জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক টেন্ডার আহবান করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা তেল, গ্যাস উত্তোলনে বিনিয়োগ করতে পারেন। আমরা চাই তেল, গ্যাসের সঠিক ব্যবহার। বিশাল সমুদ্রসীমার সম্পদ ব্যবহার করে দেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি করাই সরকারে লক্ষ্য।”

    তিনি বলেন, “বর্তমান বিশ্বের অনেক জায়গায় যুদ্ধ, সংঘাত চলছে। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, যুদ্ধে বিশ্বাস করে না। কারণ, শান্তিই প্রগতি দেখায়।”

    প্রধনমন্ত্রী আরও বলেন, “আজকে যে সেমিনার হচ্ছে এই সেমিনার সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, সমুদ্রকে নিরাপদ এবং কার্যকরভাবে পরিচালনা করতে দেশের সমুদ্রকেন্দ্রিক সকল সংস্থা থেকে সহযোগিতা এবং সহায়ক হতে ভূমিকা পালন করবে।”

    শেখ হাসিনা বলেন, “সামুদ্রিক পথ সকল দেশ ব্যবহার করছে, আন্তর্জাতিক বাণিজ্য চলছে। ইতিমধ্যে ইন্সটিটিউট গড়ে তুলেছি গবেষণার জন্য, সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ”

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নৌপরিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামুদ্রিক বিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

  • বিএনপি এখন আর বিরোধী দলের অবস্থানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি এখন আর বিরোধী দলের অবস্থানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: বিএনপি এখন বিরোধী দলের অসস্থানে নেই, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “এবার তো তারা (বিএনপি) নির্বাচনই করেননি। কাজেই তারা তো এখন বিরোধী দল বলে দাবি করতে পারেন না। তারা আরেকটি রাজনৈতিক দল যেমন ছোট ছোট অনেক দল আছে, যেগুলো…সেরকম দলের মতো আজ বিএনপির অবস্থান।”

    আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিভিন্ন কারণে বিএনপি নেতারা কারাগারের ভেতরে ছিলেন। বিচারক মনে করেন তাদের জামিন দিতে হবে, তাদের জামিন দিয়েছেন, এখানে আমাদের কিছু করার নেই, বলারও নেই।”

    মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, “৩৩০ জন বর্ডার গার্ড পুলিশ, সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তারা যারা আমাদের দেশের বর্ডারের কাছাকাছি ছিল ১০-১৫ মাইল, তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিল। আমাদের দেশ তাদের এক জায়গায় রেখে দিয়ে তাদের আবার ইনফর্ম করা হয়। তাদের দেশ থেকে ব্যবস্থা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছি।”

    তিনি আরও বলেন, “খুব সুন্দর ব্যবস্থার মাধ্যমে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে কাউকে ঢুকতে দেবো না, আমরা আমাদের সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেবো না। আমরা মনে করি প্রত্যেকে যার যার জন্মভূমিতে থাকবে।”

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি, তাদেরও আমরা বলছি এবং মিয়ানমার সরকারকেও বলছি, বিশ্বের সব দেশকেও আমরা বলছি, যত দ্রুত তাদের আমাদের দেশ থেকে ফেরত দেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। আমরা সবাইকে অনুরোধ করছি। আমরা মনে করি আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে।”

  • বিদেশি ঋণ পরিশোধে প্রেসার কিছুটা আছে: অর্থমন্ত্রী

    বিদেশি ঋণ পরিশোধে প্রেসার কিছুটা আছে: অর্থমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: বিদেশি ঋণ পরিশোধে প্রেসার কিছুটা আছে, বলে জানিয়েছন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনে বলেন, “বিদেশি ঋণ পরিশোধের প্রেসার তো কিছুটা আছে। তবে খুব যে বেশি প্রেসার বিষয়টা ওই রকম নয়। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?”

    আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আব্দুস সাত্তার এসয়েড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

    অর্থমন্ত্রী বলেন, “মূল্যস্ফীতিতে কিছুটা অস্বস্তি আছে। একটা কমে আরেকটা আবার বাড়ে। কী করবো জোর করে ধরে নামাবো? তবে একটু ধৈর্য ধরেন সব কিছু ঠিক হবে।”

    তিনি আরও বলেন, “ইফাদ হালদা নদীতে রেণু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরও করবো। আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা নেওয়ার কাজ করে তারা। সামনে এ ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।”

    অর্থমন্ত্রী বলেন, “অর্থনীতিতে নানামুখী চাপ আছে, সেসব নিয়েই চলতে হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে কাজও করা হচ্ছে। ডলার সংকট ছিল, কিন্তু তাতে সবকিছু আটকে নেই।”

  • সাংস্কৃতিক পরিবেশনায় অমর একুশের বার্তা

    সাংস্কৃতিক পরিবেশনায় অমর একুশের বার্তা

    www.HelloBangla.News – বিনোদন – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: অমর একুশে উপলক্ষ্যে গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালের আয়োজনে পরিবেশিত হয়েছে একুশের গান, নৃত্য ও আবৃত্তি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে চলা ‘একুশের সাংস্কৃতিক উৎসব’ শেষ হবে আজ।

    অমর একুশের বার্তা - বিনোদন - ২২ ফেব্রুয়ারি ২০২৪ (২)
    অমর একুশের বার্তা – বিনোদন – ২২ ফেব্রুয়ারি ২০২৪ (২)

    গতকাল অমর একুশের অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘ফেব্রুয়ারী কোটি মানুষের’, নৃত্য পরিবেশন করে নন্দনকলা কেন্দ্র নৃত্যদল এবং নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক এম আর ওয়াসেক। এরপর পরিবেশিত হয় একক সংগীত ‘বাংলা আমার বাংলা ভাষা’ ও ‘এই মাটি আমার ভাইয়ের রক্তে আঁকা মায়েরি কান্না মাখা’, সংগীত পরিবেশন করেন মিরাজ মেহেদী। এরপর কবিতা আবৃত্তি করেন আহকাম উল্লাহ। এরপর সমবেত নৃত্য ‘সোনায় মোড়ানো বাংলা মোদের’ পরিবেশন করে নবরস নৃত্যদল এবং নৃত্য পরিচালনা করেন সৈয়দা শামছি আরা সায়কা। এরপর শিল্পী বিশ্বাস পরিবেশন করেন একক সংগীত ‘পলাশের পাপড়ীতে একুশের গান’ ও ‘সব কটা জানালা খুলে দাও না’। এরপর ‘আজকের গান একুশের গান’ ও ‘আমি বাংলার গান গাই’ একক সংগীত পরিবেশন করেন শৌভিক পাল। এরপর নন্দনকলা কেন্দ্র নৃত্যদল পরিবেশন করেন সমবেত নৃত্য ‘মিলিত প্রাণের কলরবে’, নৃত্য পরিচালনা করেন এম আর ওয়াসেক। এরপর কবিতা আবৃত্তি করেন গোলাম সারোয়ার। এরপর এ এফ এম ওমর আল-ফারুক এজাজ পরিবেশন করেন একক সংগীত ‘কোন কথা বলোনা বন্ধু ভেজা চোখ মুছে নাও’ ও ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সোনা’। সবশেষ নবরস নৃত্যদল পরিবেশন  করে  সমবেত নৃত্য ‘একুশের চেতনায় বাংলাকে ভালোবাসি’ , নৃত্য পরিচালনা করেন সৈয়দা শামছি আরা সায়কা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ বিপ্লব ও তামান্না তিথি।

    অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বিকাল ৪.০০ টায় শুরু হবে। অনুষ্ঠানটি প্রতিদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেইসবুক থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

  • কিশোর গ্যাংয়ের বড় ভাইদেরও গ্রেফতার করবে পুলিশ

    কিশোর গ্যাংয়ের বড় ভাইদেরও গ্রেফতার করবে পুলিশ

    www.HelloBangla.News – জাতীয় – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড, জেনেভা ক্যাম্প, বসিলাসহ আশপাশের এলাকা থেকে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ।

    গ্রেপ্তাররা হলেন রাজা (৩৫), মো. জালাল (২৫), মো. মৃদুল (২৬), মো. জাহাঙ্গীর (৩৫), মো. শামিম মিয়া (২৪), মো. শহিদ (২৫), মো. শিমুল (২৫), মো. মনিরুল ইসলাম (২৭), মো. সোহেল খান (২৩) ও নুর মোহাম্মদ (২০)। তাদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রাজার বিরুদ্ধে ১১টি মামলা ও মৃদুলের বিরুদ্ধে চারটি মামলার তথ্য জানা গেছে।

    ডিবি জানায়, গ্রেপ্তাররা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিল।

    আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

    হারুন-অর-রশীদ বলেন, “রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুরে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা বেশ সক্রিয়। এসব গ্রুপের সদস্যরা চুরি-ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধে জড়িত রয়েছে। তাদের কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছে। গোয়েন্দা পুলিশের কাছে অনেকেই অভিযোগ করছেন। তারা দিনে দুপুরে গাড়ি থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায়। উঠতি বয়সী মেয়েদের উত্ত্যক্ত করে। এসব অভিযোগের ভিত্তিতে ডিবির তেজগাঁও বিভাগ কাজ শুরু করেছে। তারা মোহাম্মদপুর থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে।”

    তিনি আরও বলেন, “এ কিশোর গ্যাং সদস্যরা পৃথক দলে ভাগ হয়ে ছিনতাই করত। দীর্ঘদিন ধরে কিছু বড় ভাইয়ের নেতৃত্বে তারা এ কাজ করত। বিশেষ করে রাতের বেলা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে। দিনের বেলা বড়ভাইদের সঙ্গে ঘুরে।”

    ডিবি প্রধান বলেন, “আমরা বেশ কয়েকজন বড় ভাইয়ের নাম পেয়েছি। তারা যে দলেরই হোক না কেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা ছিনতাইয়ের জন্য লেগুনা ব্যবহার করে। লেগুনা চালক ও হেলপারও তাদের সঙ্গে জড়িত রয়েছে।”

    হারুন আরও বলেন, “কিশোর গ্যাং ও ইভটিজারদের বিরুদ্ধে রাজধানীর প্রতিটি এলাকায় এলাকায় আমাদের অভিযান চলবে। ছিনতাইকারী ও বড় ভাইদের সম্পর্কে কোনো তথ্য থাকলে গোয়েন্দা পুলিশকে জানানোর অনুরোধ করছি।”

    অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ডিবির ৪০টিরও বেশি চৌকস টিম রয়েছে। তারা প্রত্যেকেই কাজ করবে। এখানে কোনো কোনো ভাইয়ের বিষয় না, আমরা যদি তাদের পাই আর আইনশৃঙ্খলা ভঙ্গ, ছিনতাই, ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটায় তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কোনো পরিচয় নেই। তাদের একটাই পরিচয় তারা অপরাধী। তারা কোনো দলের সদস্য না। দিনের বেলা বড় ভাইদের সঙ্গে ঘুরবে আর রাতের বেলা ছিনতাই করবে এটা চলবে না। আমরা ১০ জনকে গ্রেপ্তার করেছি কেউ তদবির করার সাহস করেনি। ভবিষ্যতেও করবে না। কেউ যদি বড় ভাইদের নাম বলে বাঁচার চেষ্টা করে আমরা সেই বড় ভাইকেও গ্রেপ্তার করব “

  • ভেনিজুয়েলায় সোনার খনি ধসে ২৩ জনের মৃত্যু

    ভেনিজুয়েলায় সোনার খনি ধসে ২৩ জনের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: ভেনিজুয়েলায় একটি সোনার খনিতে ধসের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় লাতিন আমেরিকার এই দেশটিতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশটির বলিভার প্রদেশের জঙ্গলে বুল্লা লোকা নামের ওই উন্মুক্ত সোনার খনিতে মাটির দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় কর্মকর্তা ইওরগি আর্কিনিগার বরাতে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, “দুর্ঘটনার সময় ওই খনিতে কমপক্ষে ২০০ জন শ্রমিক কাজ করছিলেন। খনিটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। এই অঞ্চলটি লা প্যারাগুয়া থেকে চার ঘণ্টা দূরত্বে এবং রাজধানী কারাকাসের ৭৫০ কিলোমিটার (৪৬০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। লা প্যারাগুয়া থেকে ৭ ঘণ্টার নৌকায় ভ্রমণ করে ওই খনিতে পৌঁছানো যায়।”

    বেসামরিক নিরাপত্তা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এক এক্সবার্তায় এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন এবং ধসের ঘটনায় নিহতের সংখ্যাকে ‘অনেক বড় অঙ্ক’ বলে উল্লেখ করেছেন। যদিও তিনি নিহতের সংখ্যা উল্লেখ করেননি।

    ভিডিওতে দেখা যাচ্ছে, একটি উন্মুক্ত খনির অগভীর পানিতে কর্মরত লোকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে। এসময় শ্রমিকদের অনেকেই সেখান থেকে পালাতে সক্ষম হন। আবার অনেকে মাটির দেয়ালের নিচে চাপা পড়েন।

    দুর্ঘটনার খবরে ওই খনিতে কাজ করা শ্রমিকদের স্বজনেরা লা প্যারাগুয়া শহরের উপকূলে অপেক্ষা করছেন।

    খনি শ্রমিকদের অনিরাপদ কাজের পরিস্থিতি সম্পর্কে এএফপিকে স্থানীয় বাসিন্দা রবিনসন বসন্ত বলেন, এ দুর্ঘটনা ঘটার কথাই ছিল। খনিতে কাজ করা শ্রমিকদের বেশিরভাগই চরম দারিদ্র্যের মধ্যে বাস করে।

    আহতদের আঞ্চলিক রাজধানী সিউদাদ বলিভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে বলে জানিয়েছেন বলিভার প্রদেশের নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস।  বলিভার অঞ্চল সোনা, হীরা, লোহা, বক্সাইট, কোয়ার্টজ এবং কোল্টান সমৃদ্ধ। রাষ্ট্রীয় খনি ছাড়াও এই অঞ্চলে অবৈধভাবে এসব মূল্যবান ধাতু উত্তোলনের বিকাশমান শিল্পও রয়েছে।

  • শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যাবেনা সাকিবকে

    শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যাবেনা সাকিবকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে দল ঘোষণাও হয়ে গেছে। তবে এই সিরিজের শুরুর আগে থেকেই  ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল। এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

    রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলছেন সাকিব। শুরুতে খুব একটা ভালো না হলেও শেষ কয়েকটি ম্যাচ দারুণ খেলেছেন দেশসেরা এই অলরাউন্ডার।

    বিপিএলের পরপরই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল।   এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

    চোখের সমস্যায় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আগেই নিজের অনিশ্চয়তা প্রকাশ করেন সাকিব। একই কারণে তাকে পূর্ণকালীন অধিনায়কত্ব দেওয়া থেকে সরে আসে বিসিবি। তার পরিবর্তে আগামী এক বছরের জন্য স্থায়ী অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শেষ হলো মিনহাজুল আবেদীন নান্নু নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কার্যক্রম।

    দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২২ মার্চ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা। এরপর দ্বিতীয় টেস্টটি আগামী ৩০ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

  • সারাদেশে বজ্রবৃষ্টি হতে পারে

    সারাদেশে বজ্রবৃষ্টি হতে পারে

    www.HelloBangla.News – জাতীয় – ২২ ফেব্রুয়ারি, ২০২৪: গত ২৪ ঘন্টায় সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, রংপুর রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

    চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়। বরিশালে রেকর্ড করা হয়েছে ১৫ মিলিমিটার। ঢাকায় এ সময়ে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

  • ভাষা আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ভাষা আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ফেব্রুয়ারি ২০২৪: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

    এর আগে রাত ১২টা বাজার সাত মিনিট আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। এর তিন মিনিট পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান।

    অমর একুশের ঐতিহাসিক অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি’ গানের  সাথে সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির পরই প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

    তারা ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    এ সময়  জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, আওয়ামী লীগের সিনিয়র নেতা, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পরে, মন্ত্রিসভার সদস্য এবং দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

    পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    এর আগে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

    পরে তিন বাহিনী প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি), যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ  (ডিইউএএ) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

    এরপর  সর্বস্তরের  জনগণের জন্য  শহীদ মিনার খুলে দেওয়া হয়।  ১৯৫২ সালের এই দিনে ভাষা বীরদের সর্বশ্রেষ্ঠ আত্মত্যাগকে স্মরণ করার জন্য সর্বস্তরের শত শত মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    সূত্র: বাসস

  • দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষার রাষ্ট্র: প্রধানমন্ত্রী

    দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষার রাষ্ট্র: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ফেব্রুয়ারি ২০২৪: দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষার রাষ্ট্র, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “জাতির পিতার উদ্যোগের ফলে এবং তার নেতৃত্বে ভাষা আন্দোলনের পথ দিয়েই আমরা আমাদের স্বাধিকার পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশ হচ্ছে একটি ভাষার রাষ্ট্র। আমাদের মহান নেতা জাতির পিতার নেতৃত্বে আমরা এই মর্যাদা অর্জন করেছি।”

    আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এসময় দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

    প্রধনমন্ত্রী বলেন, “আজ মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতি নিজের মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার জন্য মহান আত্মত্যাগ করেছিলেন। মাতৃভাষা রক্ষায় যারা আত্মত্যাগ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাঙালি জাতি রক্ত দিয়ে ভাষার মর্যাদা দিয়ে গেছে।”

    তিনি বলেন, “মাতৃভাষার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার আইন বিভাগের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ নেন, তিনি ছাত্র সংগঠন গড়ে তোলেন। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। আরো কয়েকটি প্রগতিশীল সংগঠনকে নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন।”

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ উদযাপন উপলক্ষ্যে চার দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ।