Category: আন্তর্জাতিক

  • গাজায় ইসরায়েলি স্থল বাহিনীর ৪৬ সেনা নিহত

    গাজায় ইসরায়েলি স্থল বাহিনীর ৪৬ সেনা নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ নভেম্বর, ২০২৩: গত এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল বাহিনীর ৪৬ জন সেনা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    সর্বশেষ যে দুই সেনা সদস্য নিহত হয়েছেন এরা হলেন স্কোয়াড কমান্ডার রোয়ি মারোম (২১) এবং মাস্টার সার্জেন্ট রাজ আবুলাফিয়া (২৭)।

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক মাসেরও বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে, তাকে ১৯৫৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলে বিবেচনা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার মধ্যে দিয়ে এই যুদ্ধের সূত্রপাত।

    ওই দিন ভোর বেলায় গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত এলাকার বেড়া ভেঙে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে শত শত হামাস যোদ্ধা। তারপর সেখানে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যার পাশাপাশি ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের ধরে নিয়ে যায় যোদ্ধারা।

    আকস্মিক এই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। তার সাত দিন পর ১৪ অক্টোবর থেকে অভিযানে নামে স্থল বাহিনীও।

    এদকে গাজার স্বাস্থ্য মন্ত্রণায়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর গত ৩৭ দিনের বিরতিহীন অভিযানে উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এই নিহতদের প্রায় অর্ধেকই নারী এবং শিশু।

    অপর এক তথ্যে জানা গেছে মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের গাজা উপত্যকায় বসবাস করেন প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি।

  • গাজায় যুদ্ধবিরতি চায় ইউরোপীয় ইউনিয়ন

    গাজায় যুদ্ধবিরতি চায় ইউরোপীয় ইউনিয়ন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ নভেম্বর, ২০২৩: ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের বিরতি চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউই)।

    আর গাজায় সব ধরনের মানবিক সহায়তার জন্য অবশ্যই সেটা হবে ‘অর্থপূর্ণ বিরতি’।

    বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ কথা বলেন সংস্থার ক্রাইসিস ম্যানেজমেন্টের ইউরোপীয় কমিশনার জেনেজ লেনারসিক।

    তিনি বলেন, গাজায় দুই পক্ষের যুদ্ধ বিরতিগুলোকে সংজ্ঞায়িত ও সম্মান করা জরুরি। এই বিরতিগুলো অর্থপূর্ণ হতে হবে।

    গাজায় সব ধরনের মানবিক সহায়তার ওপর কঠোর মনোভাব ধরে রেখেছে ইসরায়েল। রাফাহ সীমান্ত দিয়ে যে সহায়তা ঢুকছে তা গাজাবাসীর জন্য পর্যাপ্ত নয়।

    গাজার দুটি বড় হাসপাতাল আল শিফা ও আল কুদস বন্ধ হয়ে গেছে। এর মূল কারণ জ্বালানি না থাকা। ইইউর ক্রাইসিস ম্যানেজমেন্টের ইউরোপীয় কমিশনার গাজায় জ্বালানি সরবরাহের আহ্বান জানিয়েছেন।

    জেনেজ লেনারসিক বলেন, গাজায় জ্বালানি প্রবেশ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন জ্বালানির অভাবে উপত্যকার অর্ধেকের বেশি বেশি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। সেখানে জ্বালানির খুবই প্রয়োজন।

    আল জাজিরা জানিয়েছে, রবিবার থেকে আল শিফা ও আল কুদস হাসপাতালের সব ধরনের কার্যক্রম স্থগিত হয়ে গেছে। সব ধরনের অপারেশনও সেখানে স্থগিত।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, এ পরিস্থিতিতে গাজায় মৃত্যু বাড়বে। সংকট এড়াতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    শিফা ও কুদস ছাড়াও কামাল ইদওয়ান নামে উত্তর গাজার একটি হাসপাতালও তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জ্বালানির অভাবে।

    গাজায় হাসপাতাল বন্ধের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়াসুস মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, হাসপাতালগুলো যেখানে মানুষকে বাঁচানোর কথা সেগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব চুপ করে বসে থাকতে পারে না। আল-শিফা হাসপাতালের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল-শিফা হাসপাতালে অন্তত ৬৫০ রোগী, প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মী ও দেড় হাজারের বেশি মানুষ আটকা পড়েছেন। হামলা ও জ্বালানি সংকটে হাসপাতালের তিনজন নার্স নিহত হয়েছেন। তিন নবজাতকসহ এ হাসপাতালে মৃত্যুর সংখ্যা ১৩।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজার এখন পর্যন্ত ১১ হাজার ৭৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই নারী-ও শিশু।

  • আল-শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্বেগ ডব্লিউএইচও ‘র

    আল-শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্বেগ ডব্লিউএইচও ‘র

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ নভেম্বর, ২০২৩: এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজার জনজীবনে শুধু মৃত্যুই নেমে আসেনি পাশাপাশি চরমভাবে মানবাধিকর লঙ্ঘিত হচ্ছে। যুদ্ধের পাশাপাশি এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। এতে করে সেখানকার আহত রোগীদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না।

    গতকাল শনিবার (১১ নভেম্বর) ডব্লিউএইচও নিজেই এই তথ্য জানিয়েছে। একইসঙ্গে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে হাসপাতালটিতে আটকে পড়া মানুষের নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

    আজ রবিবার (১২ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা পৃথক প্রতিবেদনে জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে শনিবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে হাসপাতালে আটকে পড়া প্রত্যেকের নিরাপত্তা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছে সংস্থাটি।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর গাজা ভূখণ্ডের বৃহত্তম আল শিফা হাসপাতাল কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা পরিষেবা শনিবার বন্ধ করে দেওয়া হয়।

    ডব্লিউএইচও বলছে, তারা ‘স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার পাশাপাশি সেখানকার শত শত অসুস্থ ও আহত রোগী, লাইফ সাপোর্টে থাকা শিশু এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের যারা হাসপাতালের অভ্যন্তরে রয়েছেন’ তাদের সুরক্ষার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

    একইসঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

    এদিকে যোগাযোগ বিপর্যয় মানে গাজায় মৃতের সংখ্যা আর আপডেট না হওয়া বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ‘গাজার উত্তরে অবস্থিত হাসপাতালগুলোতে পরিষেবা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়’ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত ও নিহত মানুষের সর্বশেষ সংখ্যা আপডেট করতে বিলম্ব করছে।’

    অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের ত্রাণ সংস্থা তার সর্বশেষ আপডেটে জানিয়েছে, গত শুক্রবার দুপুর ২টায় গাজায় ১১ হাজার ৭৮ জনের মৃত্যুর তথ্য ছিল। নিহতদের মধ্যে ছিল ৪ হাজার ৫০৬ শিশু এবং ৩ হাজার ২৭ জন নারী।

    জাতিসংঘ বলছে, ‘প্রায় দেড় হাজার শিশুসহ আরও প্রায় ২৭০০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বা মারা যেতে পারে।’

    ইসরায়েলি হামলায় আরও ২৭ হাজার ৪৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

    অন্যদিকে গাজা গত শুক্রবার উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।

  • ইসরায়েলি হামলায় প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশুর মৃত্যু হচ্ছে

    ইসরায়েলি হামলায় প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশুর মৃত্যু হচ্ছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ নভেম্বর, ২০২৩: ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় গত ৩৫ দিন ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

    গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, গাজায় টানা ৩৫ দিনের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১ হাজার ৭৮ জন। এর মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু। নিহত নারীর সংখ্যা ৩ হাজার ২৭ জন। ৬৭৮ জন বৃদ্ধ নিহত হয়েছে। এছাড়া এ পর্যন্ত আহতের সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন।

    তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায়  ১ হাজার ৫০০ শিশুসহ ২৭০০ জন লোক ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

    ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১৯৮ জন চিকিৎসক মারা গেছেন এবং ৫৩টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে।

    তিনি আরও বলেন, ১৩৫টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে টার্গেট করেছে ইসরায়েল এবং ২১টি হাসপাতাল ও ৪৭টি স্বাস্থ্যকেন্দ্রকে বন্ধ করে দিয়েছে তারা।

    কেবল গতকাল শুক্রবার ইসরায়েলের এক বিমান হামলায় গাজা সিটির আল-বুরাক স্কুলে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।  নিহতদের গাজার বৃহৎ চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, এখন পর্যন্ত টানা অভিযানে গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অ্যাম্বুলেন্সে ২৫০ বারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলি বিমান বাহিনী। যে কারণে গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে অন্তত অর্ধেকই এখন অকার্যকর এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুই তৃতীয়াংশই এখন বন্ধ।

    গাজার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বিরামহীন হামলায় অর্ধেকের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। প্রায় ৪০ হাজার বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। গোটা গাজা এখন মৃত্যুপুরী, কবরে পরিণত।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে নারী ও শিশুর মরদেহ।

    গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ১৪০০ মতো ইসরায়েলি নিহতের পর গাজায় লাগাতার বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানসহ হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল, শরণার্থী শিবিরে একের পর এক বোমা বর্ষণ করা হয়েছে।

  • কৃত্রিম বৃষ্টির আগে প্রাকৃতিক বৃষ্টিতে দিল্লিতে স্বস্তি

    কৃত্রিম বৃষ্টির আগে প্রাকৃতিক বৃষ্টিতে দিল্লিতে স্বস্তি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ নভেম্বর, ২০২৩: গত কয়েকদিন ধরেই মারাত্মক দূষণের কবলে ছিল দিল্লি।এর আগে গত ৬ নভেম্বর দিল্লিতে শ্বিকাপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়ছিলো দূষণের মধ্যেই। তাই সরকার ভাবছিলো দেশটির রাজধানী দিল্লিকে সরকার কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিয়েছিল। কথা ২০ এবং ২১ নভেম্বরের দিকে দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত করানো হবে। তবে তার আগেই প্রাকৃতিক বৃষ্টিতে ভিজল দিল্লি।

    আজ শুক্রবার রাতের এ বৃষ্টি সেখানকার মানুষের জন্য স্বস্তি নিয়ে এসেছে। রাতভর বৃষ্টিপাতের কারণে বাতাসে দূষণের মাত্রাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে এয়ার কোয়ালিটি ইনডেক্সে দূষণের মাত্রা ছিল প্রায় ৫০০। তা কমে দাঁড়িয়েছে ১৭২-এ।

    এর আগে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছিলেন, ২০ থেকে ২১ নভেম্বর দিল্লিতে দূষণের মাত্রা কমাতে কৃত্রিম ডিভাইস ব্যবহার করে বৃষ্টি নামানো হবে।

    দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকায় গত কয়েক দিন ধরে একেবারে নীচু থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ক্লাস অনলাইনে করার নির্দেশ দিয়েছিল কেজরিওয়াল সরকার। ১৮ নভেম্বর পর্যন্ত স্কুলগুলোতে আগাম শীতের ছুটি দেওয়া হচ্ছে। সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে শিশুরা যে ছুটি পেয়ে থাকে এটি সেই ছুটিরই অংশ। পরে শীতের ছুটির সময়ে দিন কমিয়ে দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়।

    এরই মধ্যে নাসার একটি উপগ্রহ চিত্রে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে। উপগ্রহে ধরা পড়া সেই ছবিতে দেখা গেছে, উত্তরে পাঞ্জাব থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত ধোঁয়াশার চাদর বিস্তৃত রয়েছে। দিল্লির এই ভয়াবহ দূষণের দায় গিয়ে পড়েছে মূলত পাঞ্জাব ও হরিয়ানা সরকারের ওপরে।

    এদিকে গতরাতের বৃষ্টির পর আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী বলেছেন, দিল্লিতে বৃষ্টি হচ্ছে, এটা কৃত্রিম বৃষ্টি নয়, বৃষ্টি পাঠিয়েছেন ঈশ্বর। ভগবান সবসময় অরবিন্দজি এবং আম আদমি পার্টির সঙ্গে আছেন।

  • গাজায় মানবিক সহায়তার বিষয়ে সম্মেলন করবে ফ্রান্স

    গাজায় মানবিক সহায়তার বিষয়ে সম্মেলন করবে ফ্রান্স

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৯ নভেম্বর, ২০২৩: প্রায় এক মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল । ইতোমধ্যে গাজায় প্রতিশোধমূলক ইসরায়েলি সামরিক অভিযানে ১০,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারীও শিশু।

    এই প্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) গাজার জন্য মানবিক সহায়তার বিষয়ে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন। তবে ইসরায়েল এই সম্মেলনে থাকবে না।

    ম্যাক্রোঁর একজন সহযোগী সম্মেলনের আগে নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেছেন, ‘ইসরায়েলসহ সব সরকারেরই গাজার মানবিক পরিস্থিতির উন্নতিতে আগ্রহ’ রয়েছে।’

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় কোনো জ্বালানি সরবরাহ করা যাবে না এবং হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতিও হবে না।

    এলিসি প্যালেস জানিয়েছে, ম্যাক্রাঁ মঙ্গলবার নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং বৃহস্পতিবারের সহায়তা সম্মেলন শেষ হলে এই জুটি আবার কথা বলবেন।

    হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র বুধবার এএফপি’কে জানিয়েছে, গাজা উপত্যকায় তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ছয় আমেরিকানসহ হামাসের হাতে আটক এক ডজন জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য আলোচনা চলছে।

    অন্য একটি সূত্র জানিয়েছে, কাতার ‘এক থেকে দুই দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০-১৫ জিম্মিকে মুক্ত করতে’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে আলোচনায় মধ্যস্থতা করছে।

    মিশরের মতো কাতারও গাজা উপত্যকায় আরও সাহায্য আনার প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালন করে আসছে।

    এলিসি প্রাসাদ জানিয়েছে, ম্যাক্রোঁ মঙ্গলবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে কথা বলেছেন।

    বৃহস্পতিবারের সহায়তা সম্মেলনটি ১০-১১ নভেম্বর বার্ষিক প্যারিস শান্তি ফোরামের সাইডলাইনে তাড়াহুড়ো করে একসাথে করা হয়েছে।

    ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রনালয় গত সপ্তাহে বলেছে, ‘সমস্ত প্রধান দাতাদের কাছাকাছি যাওয়া এবং গাজায় সাহায্যের গতি বাড়ানোর ধারণাটি হল, এতে খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সরবরাহ, আর্থিক এবং মানবিক সহায়তার মতো পণ্যের অনুদানের বিভাগ থাকবে।

    কিছু আরব দেশ প্রতিনিধি পাঠাবে বলে আশা করা হচ্ছে, যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার প্রধানমন্ত্রী এবং মিশর এক মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি পাঠাবে।

    ইইউ প্রধান চার্লস মিশেল এবং উরসুলা ভন ডার লেইনের সাথে গ্রীস, আয়ারল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

    সম্মেলন শেষে কোনো যৌথ ঘোষণার পরিকল্পনা নেই।

    সূত্র: বাসস

  • ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ জন শিশু

    ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ জন শিশু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ নভেম্বর, ২০২৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) তথ্য মতে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে ১৬০ জন শিশু নিহত হচ্ছে। এছাড়া গত এক মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে ১০ হাজারে।

    নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ৭ হাজার। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় প্রতিদিন গড়ে প্রায় ১৬০ শিশু নিহত হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার জানিয়েছে। জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর কর্মকর্তা ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ‘(ফিলিস্তিনি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে, গাজায় প্রতিদিন গড়ে প্রায় ১৬০ শিশুকে হত্যা করা হচ্ছে।’

    লিন্ডমেয়ার বলেন, ‘গাজার হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এবং যারা বেঁচে আছেন তারাও ট্রমা, নানা রোগ এবং খাবার ও পানির অভাবে ভুগছেন। বেঁচে থাকার জন্য এসব মানুষের পানি, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্যসেবার নিরাপদ সরবরাহ প্রয়োজন।’

    ডব্লিউএইচওর কর্মকর্তা আরও বলেন, রসদ, কনভয় এবং মানবিক সহায়তা সরবরাহ প্রস্তুত রয়েছে। সবকিছু সেট আপ করা হয়েছে। কিন্তু যা নেই তা হলো- এগুলো নিয়ে গাজায় প্রবেশাধিকার এবং এটিই আমাদের প্রয়োজন। রোগীদের সুরক্ষা এবং হাসপাতালগুলো যেকোনও উপায়ে নিরবচ্ছিন্ন ভাবে নিরাপদ রাখা প্রয়োজন।

    গাজা উপত্যকার উত্তরের হাসপাতালগুলোর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডব্লিউএইচও কেবলমাত্র ‘একবারই’ হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে।

    গাজার হাসপাতালগুলোর নিচে হামাসের টানেলের কারণে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে ইসরায়েল যে দাবি করেছে সে সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন: ‘ হাসপাতালের নিচে কী আছে তা আমরা যাচাই করতে পারি না। আমরা যা যাচাই করতে পারি তা হাসপাতালে এবং মাটির ওপরে যা আছে সেগুলো। হাসপাতালগুলোতে জরুরিভাবে চিকিৎসার সুযোগ-সুবিধা প্রয়োজন।’

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০ হাজার ৩২৮ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৪ হাজার ২৩৭ শিশু এবং ২ হাজার ৭১৯ জন নারী রয়েছেন।

  • হামাস লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে

    হামাস লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ নভেম্বর, ২০২৩: ইসরায়েলি হামলায় গাজায় হামাস পিছু হটলেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে । এবার গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস।

    গতকাল সোমবার (৬ নভেম্বর) দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের হাইফায় ১৬টি রকেট নিক্ষেপ করেছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডু এ তথ্য জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ।

    এদিকে ইসরায়েল দাবি করছে, তারা এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে প্রায় ৩০টি রকেট হামলা শনাক্ত করেছে। আর যেদিক থেকে তারা এসব হামলা পেয়েছে, সেদিকে বিপরীত হামলা চালানো হয়েছে।

    কাসাম ব্রিগেডস বলেছে, গাজায় জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে।

    ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত নিহত বেড়ে ১০ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে চার হাজার ১০৪ শিশু ও দুই হাজার ৬৪১ নারী। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

    অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, গত ০৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া হামাস ২৪০ জনেরও বেশি মানুষকে জিম্মি করেছিল।

    সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে এক মাস আগে থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলা চলছে। শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহ হামাসের মিত্র হওয়ায় লেবাননের সঙ্গে ইসরায়েলের সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে। যেখানে শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করেছে।

    এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সাথে যুদ্ধ শেষে তার দেশ অনির্দিষ্ট কালের জন্যে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে। গতকাল সোমবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে নেতানিয়াহু এ কথা বলেন।

    এএফপির তথ্য মতে, গত ০৭ অক্টোবর থেকে ইসরায়েলি আন্তঃসীমান্ত সংঘর্ষে লেবাননের অন্তত ৮১ জন নিহত হয়েছেন । এর মধ্যে ৫৯ জন হিজবুল্লাহ যোদ্ধাও রয়েছেন। আর ইসরায়েলি পক্ষের ছয় সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

  • ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশুর সংখ্যাই চার হাজারের বেশি

    ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশুর সংখ্যাই চার হাজারের বেশি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ নভেম্বর, ২০২৩: গাজা ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি শিশুর সংখ্যাই চার হাজারের বেশি। শিশুদের এইভাবে মৃত্যুর বিষয় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার ৭০০। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো।

    তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। আজ সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধে অন্তত ৪ হাজার ৮ শিশু নিহত হয়েছে এবং গত প্রায় এক মাসে ইসরায়েলি বোমা হামলায় মৃতের সংখ্যা ৯ হাজার ৭৭০ জনে পৌঁছেছে।

    গাজার আল-আকসা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছে, গতকাল বিকেলে মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে একটি স্কুলের কাছে কয়েকটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়।

    বুরেজ ক্যাম্পটি তুলনামূলকভাবে ছোট শরণার্থী শিবির যা গাজা উপত্যকার মাঝখানে অবস্থিত। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ)-এর নিবন্ধিত প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি শরণার্থীর আবাসস্থল হচ্ছে এই শিবির।

    গত বৃহস্পতিবারও এই শিবিরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে এবং তাতে ১৫ জন নিহত হন। মূলত গত সপ্তাহে ইসরায়েল গাজার অভ্যন্তরে শরণার্থী শিবিরগুলোতে অসংখ্য হামলা চালায়।

  • গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে

    গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক  –  ৫ নভেম্বর, ২০২৩: গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে

    গত ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। এলাকাটিতে নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৬ হাজার ৪০০ জনেরও বেশি নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস হয়ে গেছে ৫৫টি মসজিদ, ৩টি বিশ্ববিদ্যালয় ও ৩টি গির্জা।

    গাজার প্রশাসনের বরাত দিয়ে  আজ রবিবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫০০ জনে। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস শনিবার এই তথ্য জানিয়েছে।

    মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে নিহতের সংখ্যা ৯ হাজার ৫০০ জনে পৌঁছেছে। এর মধ্যে ৩ হাজার ৯০০ শিশু এবং ২ হাজার ৫০৯ জন নারীও রয়েছেন।’

    মারুফ আরও বলেছেন, ‘ইসরায়েলি হামলার ফলে গাজায় ৫৫টি মসজিদ, তিনটি বিশ্ববিদ্যালয়, তিনটি গির্জা এবং গাজার এনডোমেন্টস ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পাঁচটি ভবন ধ্বংস হয়ে গেছে।’

    স্বাস্থ্যসেবা খাতে ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘ইসরায়েলি নির্বিচার হামলায় ১০৫টি চিকিৎসা প্রতিষ্ঠান ছাড়াও ১৬টি হাসপাতাল, ৩২টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র এবং ২৭টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।’

    মারুফের মতে, ইসরায়েলি অভিযানের ফলে সাড়ে ৮ হাজার বাড়ি ও ৪০ হাজার আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং ২ লাখ ২০ হাজার অন্যান্য ইউনিটের ক্ষতি হয়েছে। এছাড়া ৮৮টি সরকারি সদর দপ্তর এবং ২২০টি স্কুলেরও ক্ষতি হয়েছে। এর মধ্যে ৬০টি স্কুলের পরিষেবা বন্ধ হয়ে গেছে।’

    তিনি বলেন, ‘ইসরায়েলি বাহিনী এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের সাথে মিল রেখে গত ২৪ ঘণ্টায় তাদের অপরাধ ও হামলা আরও তীব্র করেছে। দখলদাররা (ইসরায়েল) অত্যধিক অপরাধ ও গণহত্যার মাধ্যমে উত্তর গাজা উপত্যকা এবং গাজা সিটিতে মানুষের জীবনকে শেষ করে দিতে চায়।’

    গাজার হাসপাতালগুলোতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে মারুফ ‘জীবন বাঁচানোর জন্য হাসপাতালে জ্বালানি সরবরাহে অবিলম্বে হস্তক্ষেপের’ আহ্বান জানান।

    আনাদোলু বলছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান অভিযান আরও জোরদার করা হয়েছে। হাসপাতাল এবং স্কুলগুলোকে লক্ষ্য করেও হামলা হচ্ছে যেখানে কার্যত হাজার হাজার বাস্তুচ্যুত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন। এসব স্থানে হামলার ফলে হাজারও মানুষ হতাহত হয়েছেন।

    শনিবার রাতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের মাগাজি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এছাড়া নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

    এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামাসের হাতে আটক ৬০ জনেরও বেশি বন্দি নিখোঁজ হয়ে গেছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলার কারণে নিখোঁজ হয়েছেন তারা। হামাসের সশস্ত্র শাখা একথা জানিয়েছে।