ইসরায়েলি হামলায় প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশুর মৃত্যু হচ্ছে

প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশুর মৃত্যু হচ্ছে - আন্তর্জাতিক - ১১ নভেম্বর ২০২৩
প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশুর মৃত্যু হচ্ছে - আন্তর্জাতিক - ১১ নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ নভেম্বর, ২০২৩: ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় গত ৩৫ দিন ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, গাজায় টানা ৩৫ দিনের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১ হাজার ৭৮ জন। এর মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু। নিহত নারীর সংখ্যা ৩ হাজার ২৭ জন। ৬৭৮ জন বৃদ্ধ নিহত হয়েছে। এছাড়া এ পর্যন্ত আহতের সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন।

তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায়  ১ হাজার ৫০০ শিশুসহ ২৭০০ জন লোক ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১৯৮ জন চিকিৎসক মারা গেছেন এবং ৫৩টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে।

তিনি আরও বলেন, ১৩৫টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে টার্গেট করেছে ইসরায়েল এবং ২১টি হাসপাতাল ও ৪৭টি স্বাস্থ্যকেন্দ্রকে বন্ধ করে দিয়েছে তারা।

কেবল গতকাল শুক্রবার ইসরায়েলের এক বিমান হামলায় গাজা সিটির আল-বুরাক স্কুলে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।  নিহতদের গাজার বৃহৎ চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, এখন পর্যন্ত টানা অভিযানে গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অ্যাম্বুলেন্সে ২৫০ বারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলি বিমান বাহিনী। যে কারণে গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে অন্তত অর্ধেকই এখন অকার্যকর এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুই তৃতীয়াংশই এখন বন্ধ।

গাজার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বিরামহীন হামলায় অর্ধেকের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। প্রায় ৪০ হাজার বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। গোটা গাজা এখন মৃত্যুপুরী, কবরে পরিণত।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে নারী ও শিশুর মরদেহ।

গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ১৪০০ মতো ইসরায়েলি নিহতের পর গাজায় লাগাতার বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানসহ হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল, শরণার্থী শিবিরে একের পর এক বোমা বর্ষণ করা হয়েছে।

পূর্ববর্তী আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
পরবর্তী পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড