Category: বিনোদন
-

অভিনেত্রী সীমানা মারা গেছেন
www.HelloBangla.News – বিনোদন – ৪ জুন, ২০২৪: প্রায় ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। আজ মঙ্গলবার (০৪ জুন) সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, অভিনেত্রী সীমানা গত ২১ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন । সেদিন রাত ১১টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা জানায় তার, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। গত কয়েক দিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ মে এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে আর সীমানার ফেরা হলোনা। আজ সকালে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। পরে স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।
অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’তার প্রথম সিনেমা। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় না করলেও তিনি প্রশংসা কুড়িয়েছিলেন।
২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গেল বছর ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।
দুবার মা হওয়ার কারণে তাঁর এই দীর্ঘ বিরতি। বিরতি ভেঙে গত বছর আবার নাটকে অভিনয় শুরু করেন। সীমানার দুই সন্তান। বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট, আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী।
আজ দুপুর ১২ টা ১৫ মিনিটে রাজধানীতে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ প্রাঙ্গণে অভিনেত্রী সীমানার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বাড়ি শেরপুর জেলা নকলা উপজেলা বাজারদি গ্রাম উদ্দেশে রওনা করেছেন স্বজনরা।
বাদ মাগরিব আরও একটি জানাজা শেষে পারাবিক কবর স্থানে সমাহিত করা হবে এ অভিনেত্রীকে।
-

বাউলসম্রাট আব্দুল করিম এবং গীতিকার রশীদ স্মরণে শিল্পকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান
www.HelloBangla.News – বিনোদন – ৩ জুন, ২০২৪: সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “স্মৃতি সত্তা ভবিষ্যৎ” শীর্ষক স্মরণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য শিল্পী ও গুণীজনদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর দেশের ৬২ জন মনীষীদের জীবন ও কর্মের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৪ মে ২০২৪ থেকে ১২ জুন ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ ১০ দিনের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬:০০ টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
বাউলসম্রাট শাহ আব্দুল করিম এর স্মরণ অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় বাউলসম্রাট শাহ আব্দুল করিমের জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত ১০ মিনিটের বিশেষ প্রামাণ্যচিত্র। পরে শাহ আব্দুল করিম এর জীবন ও কর্মের উপর প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক ড. শেখ মেহেদী হাসান, সহকারী রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ। প্রবন্ধের শিরোনাম ‘শাহ আব্দুল করিম জীবন ও গান’। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা সিদ্দিকা, উপসচিব, (সাংস্কৃতিক চুক্তি শাখা), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন ড. আবুল কাশেম মজুমদার, প্রাক্তন সদস্য, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী আবু বকর সিদ্দিক ও রোকসানা আক্তার রূপসা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাউল সাধক রশীদ উদ্দিন এর স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। শুরুতেই প্রদর্শিত হয় রশীদ উদ্দিনের জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। এরপর ‘বিশ শতকের বাংলা গান ও রশীদ উদ্দিন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক ড. কমল খালিদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি সংগীত কলেজ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহিদুল কবীর লিটন, অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন মো: জাহাঙ্গীর আলম, মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউলশিল্পী মনির বাউলা এবং মৌসুমী ইকবাল।
-

শিল্পকলার আলোচনায় স্মরণ করা হলো ভাস্কর নভেরা ও শিল্পী কিবরিয়াকে
www.HelloBangla.News – বিনোদন – ৩১ মে, ২০২৪: সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন “স্মৃতি সত্তা ভবিষ্যৎ” স্মরণ অনুষ্ঠান। ১২ জুন ২০২৪ পর্যযন্ত প্রতিদিনই সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন গুণীজনদের স্মরণে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে। আজ ৩১ মে ২০২৪, ৭ম দিনে স্মরণ করা হয় বিশিষ্ট ভাস্কর নভেরা আহমেদ এবং বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়াকে। এ বছর দেশের ৬২ জন মনীষীদের জীবন ও কর্মের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৪ মে ২০২৪ থেকে ১২ জুন ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (৩১ মে) শুরু হয় সকাল ১০ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে। প্রথমেই বিশিষ্ট ভাস্কর নভেরা আহমেদ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় নভেরা আহমেদের জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। পরে ‘ভাস্কার নভেরা আহমেদ : পর্যায়ক্রমিক পাঠ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক রেজাউল করিম সুমন, খন্ডকালীন শিক্ষক, অংকন ও চিত্রায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন অধ্যাপক নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
২য় পর্বে অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়ার জীবন ও কর্মের উপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে চিত্রশিল্পী কিবরিয়ার উপর প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট প্রাবন্ধিক রাফি হক। ‘স্মৃতির আয়নায় মোহাম্মদ কিবরিয়া’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন তিনি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. বজলুর রশীদ খান, (রশীদ আমিন), চেয়ারম্যান, ছাপচিত্র বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন বরেণ্য চারুশিল্পী শিল্পী শহীদ কবীর।
-

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে তাক লাগিয়ে দিলেন ৬০ বছরের আলেহান্দ্রা
www.HelloBangla.News – বিনোদন – ২৮ মে, ২০২৪: ৬০ বছর বয়সে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নির্বাচনী ধাপে নেমে সবাইকে তাক লাগাগিয়ে দিলেন আর্জেন্টিনার আলেহান্দ্রা রদ্রিগেজ। তবে বিশ্ব সুন্দরী প্রতিযোগীতা থেকে তিনি আইট হয়ে গেছেন। সেই সঙ্গে সবাইকে হতবাক করে বুয়েন্স আয়ার্সের মিস ইউনিভার্স খেতাবও জিতেন। আলেহান্দ্রা পেশায় একজন আইনজীবী ।
এই নারীর স্বপ্ন ছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর মিস ইউনিভার্সে প্রতিযোগিতা করার। সেই স্বপ্নপূরণ করতে তাকে মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতায় জিততে হতো। তবে রদ্রিগেজ তা করতে পারেননি। ফলে এবার অন্তত তার মিস ইউনিভার্সের মূল মঞ্চে লড়াই করা হচ্ছে না। জাতীয় পর্যায়ে হেরে গেলেও হতাশ নন ওই নারী।
তিনি বলেন, সুন্দরী প্রতিযোগিতায় তার অংশ নিয়ে তিনি বয়স্ক নারীদের নিয়ে ‘সমাজের মনোভাব বদলে ফেলার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন।
১৮ থেকে ৭৩ বছর বয়সী ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্স খেতাব জিতেছিলেন রদ্রিগেজ।
মিস ইউনিভার্স গত বছর ঘোষণা করেছিল, প্রতিযোগীদের জন্য আর বয়সের সীমা থাকবে না। এই বছরের শুরু থেকে, ১৮ বছরের বেশি বয়সী যে কোনো নারী প্রতিযোগিতার জন্য যোগ্য বলে বিবেচ্য হবেন। এর আগে শুধুমাত্র ১৮-২৮ বছর বয়সী নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন।
আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তার। সেটা আর সম্ভব হলোনা।
তবে আলেহান্দ্রা হতাশ নন। কেননা তিনি নারীদের মনোভাব বদলে ফেলার বার্তাটি সব নারীদের কাছে পৌছে দিতে পেরেছেন।
-

শিল্পকলায় পর্দা উঠলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের
www.HelloBangla.News – বিনোদন – ২৬ মে, ২০২৪: শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের শাস্ত্রীয় সংগীত ও নৃত্যে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ২৬-২৯ মে, ২০২৪ জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়।
চারদিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক আফতাব উদ্দিন হাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘নৃত্যাঞ্জলি’, পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীবৃন্দ। তারপর দলীয় সংগীত পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর এককসংগীত পরিবেশন করেন অসিত দে। একক নৃত্য পরিবেশন করেন দীপা খন্দকার ‘কত্থক’। আবার সমবেত নৃত্য, পরিবেশন করে বাংলাদেশ মনিপুরী নটপালা সংগঠক (বাবুচান সিংহ) ‘মনিপুরি’। এরপর একক সংগীত পরিবেশন করেন অনিল কুমার সাহা এবং কানিজ আহম্মেদী সিম্পি। একক নৃত্য ‘গৌড়িও’ পরিবেশন করেন র্যাচেল প্রিয়াংকা প্যারিস । একক নৃত্য পরিবেশন করেন মারিয়া ফারিহ্ উপমা ‘ভরতনাট্যম’।
১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবে এর পরের পরিবেশনা সঙ্গীত, পরিবেশন করেন রেজওয়াদুল হক। একক সংগীত পরিবেশন করেন ড. প্রদীপ নন্দী। একক নৃত্য ‘ওড্যিসি’ পরিবেশন করেন তজিম চাকমা । এরপর একক নৃত্য পরিবেশন করেন এস এম হাসান ইশতিয়াক ইমরান ‘কত্থক’। আবার একক সংগীত পরিবেশন করেন সুপ্রিয়া। সব শেষে সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার (আনিসুর ইসলাম, হিরু) ‘ভরতনাট্যম।
আগামীকাল ২৭ মে ২০২৪ অনুষ্ঠান:
২য় দিনের পরিবেশনায় শুরুতেই সমবেত নৃত্য ‘মনিপুরি’, পরিবেশন করবেন দীক্ষা (সুইটি দাস চৌধুরী) । এরপর ‘কত্থক’ সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্চল। এরপর একক সংগীত পরিবেশন করবেন করিম শাহাবু্দ্দিন এবং ড. শেখর মন্ডল। ধারাবাহিক পরিবেশনায় পরের উপস্থাপনা একক নৃত্য, পরিবেশন করবেন অমিত চৌধুরী ‘ভরতনাট্যম’। আবার একক নৃত্য পরিবেশন করবেন স্নাতা শাহরীন ‘কত্থক। এরপর একক সংগীত পরিবেশন করবেন শেখ জসীম এবং সাইফুল তানকার। একক নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব। এরপর একক নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করবেন প্রান্তিক দেব । এরপর একক সংগীত পরিবেশন করবেন অভিজিত কুন্ডু ও সুম্মিতা দেবনাথ সুচী। শেষে সমবেত নৃত্য ‘কত্থক’ পরিবেশন করবে রেওয়াজ পারফরম্যান্স স্কুল, নির্দেশনায় বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহমেদ । অনুষ্ঠানটি উপস্থাপন করবেন ডালিয়া আহমেদ।
-

শিল্পকলায় কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত
www.HelloBangla.News – বিনোদন – ২৫ মে, ২০২৪: আজ ২৫ মে ২০২৪ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রাবন্ধিক ও সাবেক উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরুতে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী দল ‘সৃজন ছন্দে আনন্দে’ নৃত্য পরিচালনা করেন মেহরাজ হক তুষার এবং সহযোগীতা করেন আনন্দীতা খান ও এস কে জাহিদ। এরপর গীতি আলেখ্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীতদল, সংগীত পরিচালনা করেন বিজন চন্দ্র মিস্ত্রী। আবারো সমবেত নৃত্য ‘আমার কৈফিয়ত’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ । এরপর সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ‘জয় হোক জয় হোক’ এবং ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’। এরপর একক সংগীত পরিবেশন করেন ছন্দা চক্রবর্তী ‘কিশোরী মিলন বাঁশরী/ লাইলী তোমার এসেছে ফিরিয়া’। আবার একক সংগীত, পরিবেশন করে সালাউদ্দিন আহমেদ ‘আসলো যখন ফুলের ফাগুন/গভীর নিশিথে ঘুম ভেঙে যায়/ ব্রজগোপী খেলে…’। একক সংগীত পরিবেশন করেন সুজিত মোস্তফা ‘তোমার বীনা তারের গীতি/ কোন মধুর সবাব দিলে’। এরপর সমবেত নৃত্য, নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যদল ‘শুকনো পাতার নূপুর পায়ে’ নৃত্য পরিচালনা করেন জয়দ্বেব পালিত এবং সহযোগী ছিলেন এস কে জাহিদ। এরপর একক সংগীত পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা ‘নাচের নেশার ঘোর লেগেছে/ কোথায় খুঁজিস তুই ভগবান।
আবার একক সংগীত পরিবেশন করেন রাজিয়া মুন্নি ‘মোর ঘুম ঘোরে এলা মনোহর/প্রিয় এমন রাত যেন’।এরপর একক সংগীত পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রী। আবারও একক সংগীত পরিবেশন করেন শারমীন সাথী ইসলাম ময়না ‘এসো বঁধু ফিরে এসো’। পরিশেষে সমবেত সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীতদল ‘দাও শৌয দাও ধৈয’। অনুষ্ঠান উপস্থাপনা করেন তামান্না তিথি ও মীর বরকত।
-

শিল্পকলায় ৬২ জন মনীষীর জীবন ও কর্মের উপর ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ অনুষ্ঠান শুরু
www.HelloBangla.News – বিনোদন – ২৪ মে, ২০২৪: সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “স্মৃতি সত্তা ভবিষ্যৎ” শীর্ষক স্মরণ অনুষ্ঠান শুরু হলো আজ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক বাংলাদেশের বরেণ্য শিল্পী ও গুণীজনদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হলো আজ বিশ্ব বরেণ্য শিল্পী এস এম সুলতান ও কাইযুম চৌধুরীকে স্মরণের মধ্য দিয়ে।
আজ উদ্বোধনী দিনের আয়োজন শুরু হয় সকাল ১০.০০ টায়। বিশ্ব বরেণ্য শিল্পী এস এম সুলতান এবং কাইয়ুম চেীধুরী স্মরণ অনুষ্ঠানে আলোচনা করেন জাফর ওয়াজেদ, মহাপরিচালক, পিআইবি। “সাংস্কৃতিক বিপ্লব ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে এস এম সুলতানের জীবন ও নন্দনতত্বের প্রাসঙ্গিকতা” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বক্তব্যে তিনি বলেন, “শিল্পী এস এম সুলতান যে নৌকাটি ব্যবহার করেছেন, চিত্রা নদীর সেই ঘাটে হুবহু সেই নৌকার মতো দেখতে নৌকা আমরা বানাতে চাই যাতে শিশু তাতে করে আনন্দ করতে পারে। এছাড়া শিশু স্বর্গকে তাঁর সেই সমেয় ফিরিয়ে নিতে এরই মধ্য অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছ”।
তিনি আরো বলেন- “বর্তমান সোস্যাল মিডিয়ার যুগে অনেক ভালো কাজ নিয়ে্ও সমালোচনার মুখে পড়তে হয়, সেক্ষেত্রে সকলকে সজাগ থাকতে হবে। সুনাগরিক হিসেবে ভালো কাজে এগিয়ে যেতে হবে।”
২য় পর্ব:
একই আয়োজনের ২য় পর্বে বরেণ্য শিল্পী কাইযুম চৌধুরী স্মরণে “কাইয়ুম চেীধুরী নান্দনিক শিল্পের রুপকার” শীর্ষক প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মামুন কায়সার। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক মইনুল হোসেন জাবের। এ পর্বে সভাপতিত্ব করেন নন্দনতত্ববিদ বুলবন ওসমান।
বিকেলের আয়োজন
উপমহাদেশের বরেণ্য ব্যক্তিত্ব ওস্তাদ আয়েত আলী খান ও ওস্তাদ আলী আকবর খান
বিকেলের আয়োজন শুরু হয় ৫.০০ টায়। উপমহাদেশের বরেণ্য ব্যক্তিত্ব ওস্তাদ আয়েত আলী খান এর উপর প্রবন্ধ পাঠ করেন রীনাত ফওজিয়া, অধ্যাপক, সেতার শিল্পী ও সংগীত গবেষক। প্রবন্ধের শিরোনাম: “ওস্তাদ আয়েত আলী খান: জীবন ও কর্ম” ।আলোচক হিসেবে ছিলেন শেখ সাদী খান বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক। সভাপতিত্ব করেন একাডেমির একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। ২য় পর্বে ওস্তাদ আলী আকবর খান এর উপর প্রবন্ধ পাঠ করেন লেখক, গবেষক,সাংবাদিক ও নাট্য নির্মাতা ইরানী বিশ্বাস । প্রবন্ধের শিরোনাম: “মুকুটবিহীন সুরসম্রাট ওস্তাদ আলী আকবর খান” আলোচক হিসেবে ছিলেন এজাজ ফারাহ্, সঙ্গীত পরিচালক।
আলোচকরা বলেন, “সুর ও সঙ্গীতের জগতে তারা যে অনন্য মাত্রায় পৌছেছেন, তাতে করেই এই বাংলা ভাষাভাষি অঞ্চল তথা উপমহাদেশের সঙ্গীত অঙ্গণে স্মরণীয় হয়ে থাকবেন”
-

আজ এফডিসিতে নিপুণ কাণ্ডে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের বৈঠক
www.HelloBangla.News – বিনোদন – ২২ মে, ২০২৪: গত ২০ মে (সোমবার) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেয়। শুধু তাই নয় হাইকোর্ট একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তা তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। এর আগে গত বুধবার (১৫ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
এই প্রেক্ষিতে আজ উত্তাল এফডিসি। নিপুণের কাণ্ডে বৈঠকের ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন।
আজ বুধবার (২২ মে) বিকেলে এফডিসিতে ১৮ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।
এই বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়মসহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসবে বলে শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, এদিন নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসবে!
মিটিং শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই এফডিসিতে উত্তেজনা দেখা যাচ্ছে। চলছে নিপুণের বিপক্ষে মিছিল ও বিক্ষোভ। সাধারণ শিল্পীরা স্লোগান দিচ্ছেন এফডিসি চত্বরে। বিক্ষোভে ব্যানার হাতে শিল্পীরা নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গত ১৯ এপ্রিল অনেকটা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারই ফুলের শুভেচ্ছা জানান।
কিন্তু এর কয়েক দিন পর উল্টো পথে হাঁটা শুরু করেন নিপুণ। তার দাবি, শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই অভিনেত্রী।
দেখার বিষয় আজ এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ টি সংগঠন কি নিন্ধান্ত নেয়। তবে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।

