Category: অর্থনীতি

  • সবাইকে কিছু না কিছু কর দিতে হবে: সালমান এফ রহমান

    সবাইকে কিছু না কিছু কর দিতে হবে: সালমান এফ রহমান

    বুধবার (২২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘২০২৩-২৪ অর্থবছরে বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এক প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমাদের মানসিকতা বদলাতে হবে। সবাইকে কিছু না কিছু কর দিতে হবে। যারা করজালে ঢুকে পড়েছেন, শুধু তারাই কর দিচ্ছেন। এটা ঠিক না। অনেক ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন, তাদেরও কর দেওয়া উচিত।

    তিনি বলেন, মুদ্রাস্ফীতি বিশ্বব্যাপী সমস্যা। রিজার্ভের সমস্যা সমাধানে আমরা আমদানি কমাতে সক্ষম হয়েছি। জুনে রিজার্ভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, বাংলাদেশ শ্রীলংকা হবে, আইএমএফ ঋণ দেবে না ইত্যাদি আশঙ্কা করেছিলেন অনেকে। কিন্তু আইএমএফ থেকে ঋণ পাওয়া গেছে। প্রথম দফায় ঋণ ছাড়ও হয়েছে। ব্যাংক সুদের হার সীমা তুলে দেওয়া হচ্ছে। ম্যাক্রো ইকোনমিতে চ্যালেঞ্জ রয়েছে। আমরা সঠিক পথেই আছি।

    অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দীন বলেন, আমরা চাই এনবিআর রেভিনিউ কালেক্ট করুক বাজেট পূরণের জন্যে। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা উপস্থিত আছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা আছেন। তারা কিন্তু পলিসিগুলা মেকিং করেন। আমার মনে হয় তাদেরকে একটা বিষয় চিন্তা ভাবনা করা উচিত। পরিলিসি, নেভিনিউ, কালেকশন সিস্টেম এগুলোকে সেপারেট করা খুবই জরুরি হয়ে গেছে। এনবিআর রেভিনিউ কালেক্ট করবেন, কিন্তু পলিসিটা হওয়া উচিত সেপারেটলি।

    ডিসিসিআই সভাপতি সমির সাত্তারের সভাপতিত্তে প্রাক-বাজেট আলোচনায় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, একে আজাদ, দৈনিক সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।

  • রমজান মাসে চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি

    রমজান মাসে চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি

    সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রমজান মাসে হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হবে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

    এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে। বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। রমজান মাসে হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকাল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।

    আরটিজিএসের লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করতে পারবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত, কাস্টমস ডিউটি ই-পেমেন্ট বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন আরটিজিএসের মাধ্যমে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরিশোধ করা যাবে।

  • পবিত্র রমজান মাসে ব্যাংকের নতুন সময়সূচি

    পবিত্র রমজান মাসে ব্যাংকের নতুন সময়সূচি

    পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

    বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে এই সময়সূচি জানানো হয়।

  • বাংলাদেশেই মুনাফা বেশি

    বাংলাদেশেই মুনাফা বেশি

    রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার সামিটের দ্বিতীয় দিনে ‘বাংলাদেশে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ‘এফবিসিসিআই বিজনেস সামিট ২০২৩’ এ আমন্ত্রিত বিভিন্ন দেশের উদ্যোক্তা-বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের এমন বার্তাই দিল বাংলাদেশ।

    সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশেই একমাত্র দেশ যেখানে শ্রমের মজুরি সবচেয়ে কম। শুধু তাই নয়, এখানে বিদ্যুৎ, পানিসহ অন্যান্য পরিষেবা ব্যবহারের খরচও অনেক কম। আছে ১৭ কোটি মানুষের বড় একটা বাজার। সহজ মুনাফা অর্জন ও তা স্থানান্তরের সুবিধাসহ ব্যবসা পরিচালনায় সার্বিক নিরাপত্তার আছে নিশ্চয়তা।

    সেমিনারে মূল প্রবন্ধে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি তার প্রবন্ধে দেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল, বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে সাশ্রয়ী ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ রয়েছে বাংলাদেশে। সালমান এফ রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে দেখেছে এখানে তা লাভজনক। কারণ এ অঞ্চল থেকে ভারত ও চীনের বাজারে প্রবেশ অনেক সহজ। বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে শ্রম খাতে সাশ্রয় হবে ৪৭ থেকে ৮৪ শতাংশ। মজুরি সাশ্রয় হবে ৪১ থেকে ৬৯ শতাংশ পর্যন্ত। এ ছাড়া ৬ থেকে ৮৯ শতাংশ সাশ্রয় হবে পানিতে, বিদ্যুতে সাশ্রয় হবে ১০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সরকার বিনিয়োগবান্ধব করে সব প্রকল্প বাস্তবায়ন করছে। এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করেছে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। ই-কমার্স খাতে শৃঙ্খলা এসেছে। ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগে কাজ করছে দেশ।

     

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ উৎপাদন ব্যবস্থায় দক্ষতার সঙ্গে উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। ৬০ বিলিয়ন থেকে ২০৩১ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। নানামুখী উদ্যোগের ফলে বর্তমানে ভালো বিনিয়োগ পরিবেশ রয়েছে। পাওয়ার সেক্টরের জন্য এরই মধ্যে কাতার ও সৌদি আরবের সঙ্গে কাজ করা হচ্ছে। গ্যাসের সমস্যা সমাধানে অভ্যন্তরীণ উৎসকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

    এফবিসিসিআইর সাবেক সভাপতি হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ. কে. আজাদ বলেন, বিশ্বে এখন ম্যানমেড ফাইবারের চাহিদা বাড়ছে। এ খাতে ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনা সম্ভব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা। তাই নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বাংলাদেশের অর্থনীতি ডিজিটাল করার কাজ শুরু হয়েছে। কৃষি এবং খাদ্য খাতে আগ্রহী হচ্ছেন বিনিয়োগকারীরা। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরেও বিনিয়োগের সুযোগ রয়েছে।

     

  • স্বর্ণের দাম ২ হাজার ডলার ছাড়াবে আন্তর্জাতিক বাজারে

    স্বর্ণের দাম ২ হাজার ডলার ছাড়াবে আন্তর্জাতিক বাজারে

    বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউবিএসের নির্বাহী পরিচালক ওয়েনে গর্ডন বলেন, ‘আশা করছি ২০২৩ সালেই সোনার দাম প্রতি আউন্স দুই হাজার ডলার অতিক্রম করবে।’ তিনি বলেন, ‘গত বছর সুদের হার বৃদ্ধির কারণে মার্কিন ডলার শক্তিশালী হলেও এখন আবার দুর্বল হচ্ছে। এ অবস্থায় ডলারের বিপরীতে নিরাপদ ঢাল হতে পারে সোনা।’ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারীদের ক্রয়ের কারণে সোনার বার, কয়েন ও অলংকারের ব্যাপক চাহিদা রয়েছে।

    বিশ্বজুড়ে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা—এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা মূল্যবান হলুদ ধাতুর দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ চাহিদা বাড়ায় এ বছর সোনার দাম প্রতি আউন্স দুই হাজার ডলার অতিক্রম করবে এবং বছরজুড়েই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে। তাঁদের মতে, সুদের হার বৃদ্ধি এবং মন্দা আতঙ্কে বাজারে অস্থিরতা রয়েছে। এ অবস্থায় নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ করছেন অনেকেই।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স দুই হাজার ডলার ছাড়ায় ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে। এরপর দাম আবার কিছুটা কমে আসে। ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স এক হাজার ৮১৪ ডলার।

    বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ মেয়াদে স্থিতিশীল হিসেবে বিনিয়োগকারীদের কাছে সোনার মূল্য অনেক। বিশেষ করে অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমদ বলেন, ‘মূল্যবান ধাতু সোনা সম্পর্কে আস্থা রাখা যায় যে নিকট ভবিষ্যতে এটির দাম কমবে না, বরং বাড়বে। এমনকি আর্থ-সামাজিক পরিস্থিতির কারণে দাম কিছুটা কমলেও এটির স্বাভাবিক প্রবণতা হচ্ছে ঊর্ধ্বমুখী থাকা।’ তাঁর মতে, এ কারণেই সোনার চাহিদা ও দাম বাড়ছে।

     

  • কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে আরও ছাড় দিবে

    কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে আরও ছাড় দিবে

    খেলাপি ঋণ কমাতে প্রচলিত নীতিমালায় আরও ছাড় দেওয়া হয়েছে। এটি কেবল রুগ্ণ শিল্পের উদ্যোক্তারা নিতে পারবেন। রুগ্ণ শিল্পের যেসব উদ্যোক্তার ৫০ লাখ টাকার বেশি ঋণ আছে, সমন্বয় করার ক্ষেত্রে তারা এখন আরও ছাড় পাবেন। নতুন ছাড়ের ফলে ব্যাংক নিজস্ব বিবেচনায় কস্ট অব ফান্ডের চেয়ে কম হারে সুদ আরোপ করতে পারবে। এর আওতায় ঋণ সমন্বয় করতে আগ্রহী উদ্যোক্তাদের ৩০ জুনের মধ্যে ব্যাংকে আবেদন করতে হবে।

    সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সুদ মওকুফ করার পর যে ঋণ স্থিতি থাকবে তার বিপরীতে ব্যাংকের কস্ট অব ফান্ড হার এবং এর চেয়ে কম সুদ আরোপ করার বিধান রয়েছে।

    এ বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এ ছাড়ের আওতায় ঋণ সমন্বয় করতে হলে উদ্যোক্তাদের ৩০ জুনের মধ্যে ব্যাংকে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

    সূত্র জানায়, আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত রয়েছে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমানোর। খেলাপি ঋণ কমাতেও এ নীতি সহায়ক হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

    কেননা, রুগ্ণ শিল্পের উদ্যোক্তাদের খেলাপি ঋণ আদায় বা নিয়মিত করা গেলে তারা যেমন ব্যবসা করতে পারবে, তেমনই খেলাপি ঋণের হারও কমে যাবে। এ কারণেই নীতিমালায় ছাড় দেওয়া হয়েছে।

  • ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার এলো প্রবাসীদের কাছ থেকে

    ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার এলো প্রবাসীদের কাছ থেকে

    ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধরে) ১৬ হাজার ৭০ কোটি টাকা। গত বছরের এই মাসে ১৪৯ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

    বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
    চল‌তি বছ‌রের জানুয়া‌রিতে রেমিট্যান্স এ‌সে‌ছিল ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। তবে জানুয়া‌রির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কম আসলেও চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) আট মাসে মোট ১ হাজার ৪০১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৩৪৩ কেটি ৮৫ লাখ মার্কিন ডলার। সে হিসাবে ৫৭ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে চলতি অর্থবছরে।

  • নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

    নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

    নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

     

  • চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করল এনবিআর

    চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করল এনবিআর

    সব ধরনের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে এনবিআর।

    অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। আমদানিকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

    আগামী ৩০ মে পর্যন্ত আমদানিকারকদের বিনা শুল্কে পরিশোধিত ও অপরিশোধিত চিনি খালাস করার সুবিধা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

    আসন্ন রমজানে বাজারে চিনির দাম স্থিতিশীল রাখতে আমদানিতে শুল্ক হার যৌক্তিকীকরণের জন্য এনবিআরকে সুপারিশ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে সংস্থাটিকে চিঠিও দেওয়া হলে চিনি আমদানিতে শুল্ক তুলে নিল এনবিআর।