আজ থেকে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ শুরু হচ্ছে

আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ শুরু - জাতীয় - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ শুরু - জাতীয় - ২৯ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৯ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ (এমআরটি) এর কাজ আজ সোমবার (২৯ জানুয়ারি) থেকে শুরু হবে। তাই বিমানবন্দর সড়কে তীব্র যানজট হতে পারে। এ অবস্থায় ওই সড়কে চলাচলকারী যানবাহনকে সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। মেট্রোরেলের পর আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল সেবা চালু হলে রাজধানীতে যানজট লাঘব হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।

বিশেষ ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-৬ নির্মাণের লক্ষ্যে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ এর প্রকল্পের কাজ চলমান। প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত স্টেশন এলাকায় আগামী ২৯ জানুয়ারি রাত ১০টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।

এমতাবস্থায়, পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালীন এয়ারপোর্ট রুটে যানজট সৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। ওই করিডরে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এমআরটি লাইন-১ হবে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন। ৩১ দশমিক ২৪ কিলোমিটার রেললাইনের দুটি অংশ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (বিমানবন্দর রুট) পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশ যাবে মাটির নিচ দিয়ে এবং নতুন বাজার থেকে পূর্বাচল (পূর্বাচল রুট) পর্যন্ত প্রায় ১১ দশমিক ৩৬ কিলোমিটার যাবে মাটির উপর দিয়ে।

পূর্ববর্তী আগামীকাল থেকে শুরু হতে পারে মাঘের বৃষ্টি
পরবর্তী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কৌশল অবলম্বন করতে হবে: সেতুমন্ত্রী