Category: বাংলাদেশ

  • আগামীকাল বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    আগামীকাল বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ এপ্রিল, ২০২৪: পার্বত্য জেলা বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের পর বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। যাদের সন্ত্রাস আর লুটপাটের কারণে আতঙ্কে পাহাড়ি জনগোষ্ঠী। । তাই সেখানকার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    আজ শুক্রবার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু জানান, শনিবার (৬ এপ্রিল) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    মন্ত্রী বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামীকাল শনিবার দুপুরে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

    ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

    এদিকে অপহরণের ৪৮ ঘণ্টা পর সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    র‌্যাব বলছে, ব্যাংক ম্যানেজারকে নিরাপদে উদ্ধারে কোনো ঝুঁকি নেননি সদস্যরা। গোয়েন্দা কার্যক্রমের বিভিন্ন কৌশলের মধ্যে একটি কৌশল অবলম্বন করে তাকে উদ্ধার করা হয়।

  • জনগণের সেবা করলে মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে: প্রধানমন্ত্রী

    জনগণের সেবা করলে মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ এপ্রিল, ২০২৪: জনগণের সেবা করলে মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আপনারা জনগণের ভোটে নির্বাচিত। জনগণের সেবা যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের ভোটের চিন্তা থাকবে না। মানুষই আপনাদের ওপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে।”

    আজ বৃহস্পতিবার (এপ্রিল ০৪) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এবং কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলরগণের শপথ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ সন্ত্রাসের থেকে সবাই যেন দূরে থাকে।”

    সরকার প্রধান বলেন, “প্রত্যেকটা এলাকা ভিত্তিক উন্নয়ন করে যাচ্ছি, আমাদের উন্নয়নের সমস্ত লক্ষ্য গ্রামের মানুষ। সে কথা মাথায় রেখেই আমাদের প্রত্যেক গ্রামের সমান উন্নয়ন হবে।”

    প্রধানমন্ত্রী বলেন, “সকলের আগে যেটা দরকার, জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা। একমাত্র আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছে, তখন এ দেশের মানুষ অন্তত পক্ষে এটুকু পেয়েছে যে, সরকার জনগণের সেবক হিসেবে কাজ করে। যে কারণে বাংলাদেশের উন্নয়নটা সম্ভব হয়েছে।”

    আওয়ামী লীগ সভাপতি বলেন, “জনগণের উন্নত সেবা প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিকল্পিত নগরী গড়ে তোলা হলো সরকারের লক্ষ্য। ইতোমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আমার গ্রাম আমার শহর। অর্থাৎ গ্রামের মানুষ নাগরিক সকল সুবিধা পাবে।”

    তিনি বলেন, “আজকে গত ১৫ বছরে আমি অন্তত এটুকু দাবি করতে পারি, বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ। আজকে যার বয়স ১৫ বছর, সে হয়তো ভাবতেও পারবে না যে, ১৫ বছর আগে ২০০৯ সালের আগের বাংলাদেশ কী অবস্থায় ছিল! আজকের বাংলাদেশে সেখান থেকে অনেক পরিবর্তন এসেছে।”

    শেখ হাসিনা বলেন, “আমাদের প্রবৃদ্ধির হার বেড়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে; পাঁচ গুণ আমরা বৃদ্ধি করেছি। সব থেকে বড় কথা দারিদ্র্যের হার আমরা পেয়েছিলাম ৪১ দশমিক ৫১ শতাংশ। আমরা তা কমিয়ে ১৮ দশমিক সাত শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য ছিল যে, অন্তত আমরা ১৬ বা ১৭ শতাংশের নামিয়ে আনব। যেটা আন্তর্জাতিক মানদণ্ডে একটি গ্রহণযোগ্য অবস্থান।”

    তিনি আর বলেন, “আমরা সেটা করতে পারতাম, যদি কোভিড-১৯ এর মহামারি না দেখা দিত। আর এই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো, স্যাংশন-কাউন্টার স্যাংশন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি; প্রত্যেকটা খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে। তেলের দাম বেড়ে গেছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে—এগুলো যদি না হতো, আমরা কিন্তু আরও দ্রুত এগিয়ে যেতে পারতাম। আমাদের দারিদ্র্যের হার আরও কমাতে পারতাম।”

    অতি দরিদ্র প্রায় ২৫ ভাগের ওপরে ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যেটা আমরা পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এত দ্রুত অতি দরিদ্রের হার কমানো, আমার মনে হয়, পৃথিবীর কোনো দেশ এটা পারেনি। এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, এটা আওয়ামী লীগই পারে। তার কারণ হচ্ছে, আমরা খুব পরিকল্পিতভাবে পরিকল্পনা নিয়েছি এবং আমরা লক্ষ্য স্থির করে পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। আমাদের এখন লক্ষ্য হচ্ছে, বাংলাদেশে কেউ আর ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, অতি দরিদ্র বলে কেউ থাকবে না।”

    শপথ নেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা এবং  ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র একরামুল হক টিটু।

    একই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলররা।

    দুই সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জেলা পরিষদের চেয়ারম্যানরা হলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বিল্লাল মিয়া এবং হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার।

    পরে ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

  • স্বাধীনতার ঘোষণা দেওয়ার ম্যান্ডেট জনগণ থেকে পেয়েছিলেন শুধু বঙ্গবন্ধু: সেতুমন্ত্রী

    স্বাধীনতার ঘোষণা দেওয়ার ম্যান্ডেট জনগণ থেকে পেয়েছিলেন শুধু বঙ্গবন্ধু: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ এপ্রিল, ২০২৪: স্বাধীনতার ঘোষণা দেওয়ার ম্যান্ডেট জনগণ থেকে পেয়েছিলেন শুধু বঙ্গবন্ধু, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “এরা ভুয়া মুক্তিযোদ্ধা। আজ ইতিহাসের সত্যকে জানতে হবে। ২৫ মার্চ গণহত্যা দিবসে তারা মুক্তিযোদ্ধা সমাবেশ করে গণহত্যা নিয়ে কোনো কথা বলেনি। আজ তারা এখনো স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার ঘোষণা দেওয়ার ম্যান্ডেট জনগণ থেকে পেয়েছিলেন শুধু বঙ্গবন্ধু। সত্তরের নির্বাচনে একাত্তরের স্বাধীনতার ঘোষণা দেওয়ার বৈধ ম্যান্ডেট কেবল বঙ্গবন্ধুই পেয়েছিলেন। কাজেই স্বাধীনতার ঘোষণা দেওয়ার অধিকার অন্য কারও ছিল না।”

    আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি ও খুলনা বিভাগীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপির অভিভাবক দণ্ডিত পলাতক তারেক রহমান। সে যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন বিএনপি সঠিক পথে আসবে না। দলটি ভুলের চোরাবালিতেই আটকে থাকবে।”

    তিনি বলেন, “লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার ফ্রি স্টাইল নেতৃত্ব এখন বিএনপি নেতাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তারা বুঝতে শুরু করেছে, তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে ততদিন বিএনপি ভুলের চোরাবালিতে আটকে আছে। এখান থেকে তারা আর বের হতে পারবে না।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “রাজনীতি করবে রিমোট কন্ট্রোলে, এটা কি হয়! সাহস থাকলে দেশে আসুন, রাজনীতি করুন। জেলে যাওয়ার সাহস রাখুন। লন্ডন থেকে ডাকে আর জনগণ সাড়া দেবে না। আজ বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাককে ভুয়া বলে। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ। বিএনপি নেতাদের শোবার ঘরে, রান্নাঘরে ভারতীয় পণ্য। তথাকথিত এই ডাক ভাঁওতাবাজি। এই ভাঁওতাবাজির অবসান হয়েছে। আজকে ব্যর্থ হয়ে বিএনপি দিশেহারা।”

    সেতু মন্ত্রী বলেন, “মির্জা ফখরুল কথায় কথায় চোখের জল ফেলেন। ৮০ পার্সেন্ট নেতাকর্মী নাকি নির্যাতন ও জেলে বন্দি। বলেন কোন কারাগারে তারা বন্দি আছে? আমির খসরু, মির্জা আব্বাস সবাই একে একে বাইরে। তালিকাটা প্রকাশ করুন। আর মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করবেন না।”

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্যান্য নেতারা।

  • ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিনকে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিনকে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ এপ্রিল, ২০২৪:ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিনকে দমন করা হবে, হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ব্যাংকে ডাকাতি ছোট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। কুকি-চিনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা আলোচনার মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।

    বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার হবে, শাস্তি হবে। আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করবো।”

    তিনি বলেন, “কেন হঠাৎ করে তারা এমন ঘটনা ঘটিয়েছে, তা আমাদের জানা ছিল না। তবে যে উদ্দেশ্যেই তারা এসব করুক না কেন; আমরা তাদের কাউকে ছাড় দেব না। আর এমন কিছু ঘটেনি, যাতে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। আমরা দেখছি, ব্যবস্থা নিচ্ছি।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এর পেছনে কারা আছেন, কোনো উদ্দেশ্য আছে কি না? কোনো ধরনের নাশকতা কিংবা অন্য কোনো পরিকল্পনা রয়েছে কি না, সেগুলো দেখে ব্যবস্থা নেব। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।”

    গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে তথ্য দিচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেভাবেই কাজ করছে বলেও জানান তিনি।

    মন্ত্রী আরো বলেন, “পয়লা বৈশাখ কিংবা অন্য কিছু নিয়ে নাশকতার কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। আবার না এলেও আমাদের যে সতর্কতা, সেটা নেওয়া হচ্ছে।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা হামলার কারণ বের করবো। আর যারাই দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    এর পেছনে ভূরাজনৈতিক কিছু আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। অনেক কিছু হতে পারে। তবে তথ্য না জানিয়ে কিছু বলতে চাচ্ছি না।”

    তিনি বলেন, “কুকি চিনের আস্তানা র‌্যাব ও আর্মি নিশ্চিহ্ন করে দিয়েছিল। পরে আমাদের সীমানা পার হয়ে তারা ভিন্ন কোনো দেশে আশ্রয় নেয়। সেখানেই তারা অবস্থান করছিল। এখন তারা কোথা থেকে এসেছে কীভাবে এসেছে, মাঝে মধ্যে তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে কথা বলেন। তারা শান্তি চায় বলেও জানিয়েছিল। কিন্তু হঠাৎ করে আক্রমণ ও ব্যাংক ডাকাতির ঘটনা আমাদের কাছে নতুন কিছু মনে হচ্ছে। তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

  • স্মার্ট জেনারেশন তৈরির জন্য এআই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

    স্মার্ট জেনারেশন তৈরির জন্য এআই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ এপ্রিল, ২০২৪: স্মার্ট জেনারেশন তৈরির জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চান এবং সেখানে স্মার্ট প্রজন্ম থাকবে। স্মার্ট জেনারেশন তৈরির জন্য এআই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখনই কোনো না আইন প্রণয়ন করি না কেন, প্রধানমন্ত্রীর একটি কর্মপদ্ধতি আছে যে অংশীজনের সাথে কথা বলে তাদের মতামত নিই। তাদের মতামত নিয়ে আইনটা করার চেষ্টা করি। আমরা আইনের নাম প্রস্তাব এবং কাঠামো তৈরি করেছি।”

    আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) আইন, ২০২৪- এর খসড়া নিয়ে অংশীজন সভায় তিনি একথা বলেন।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে সভায় সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদসহ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

    আইনমন্ত্রী বলেন, “আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সুবিধা এবং অসুবিধাগুলো কী, এগুলো নিয়ে আমাদের একটি আইন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”

    তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবেলা এবং সম্ভাবনা কাজে লাগানোর জন্যই আমরা একটি আউটলাইন তৈরি করেছি।”

    এআইয়ের ঝুঁকি কতটুকু তার উদাহরণ দিয়ে পলক জানান, “যশোরে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কটি ২০১৭ সালে ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ফেক ফটো প্রচার করা হয়েছে। এভাবে ভয়েস ও ছবি ব্যবহার করে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে সাইবার জগতে।”

  • কেএনএফের সঙ্গে শান্তি কমিটির শান্তি আলোচনা স্থগিত

    কেএনএফের সঙ্গে শান্তি কমিটির শান্তি আলোচনা স্থগিত

    www.HelloBangla.News – জাতীয় – ৪ এপ্রিল, ২০২৪: পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা জানিয়েছেন বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে শান্তি কমিটির শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

    ক্য শৈ হ্লা বলেন, “সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ২০২৩ সালের ২৯ মে বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের উপস্থিতিতে অরুণ সারকী টাউন হলে মতবিনিময় সভা করা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৯ জুন স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ১৮ সদস্য বিশিষ্ট একটি শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠিত হয়। পরে শান্তি প্রতিষ্ঠা কমিটি ও কেএনএফের মধ্যে কয়েক দফা ভার্চ্যুয়াল সভার পর উভয়পক্ষের মতামতের ভিত্তিতে সরাসরি সংলাপে বসার সুযোগ সৃষ্টি হয়।”

    ২০২৩ সালের ৫ নভেম্বর এবং পরে ২০২৪ সালের ৫ মার্চ দুই দফা সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়। উভয় সংলাপে কেএনএফের সশস্ত্র কার্যক্রম থেকে বিরত থাকা ও অন্যান্য বিষয় সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সম্পাদন হয়। কিন্তু তারা সম্পূর্ণভাবে চুক্তি ভঙ্গ করে বিভিন্ন সময় সশস্ত্র কার্যক্রম চালিয়ে আসছে। কমিটির তরফ থেকে এ বিষয়টির ব্যাপারে বারবার জানানো হলেও তারা কর্ণপাত করেনি। বরং বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর হামলা, চাঁদাবাজি, অপরহণসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

    সর্বশেষ গত ২ এপ্রিল রুমায় তারাবির নামাজিদের ওপর বর্বরোচিত হামলা, সরকারি কর্মকর্তা ও পথচারীদের জিম্মি করে হামলা, অর্থ লুটের উদ্দেশে সোনালী ব্যাংকে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে নেওয়া এবং ৩ এপ্রিল থানচি উপজেলায় স্থানীয়দের জিম্মি করে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও দুটি ব্যাংক লুট করে কেএনএফ সদস্যরা।

    এসব অপকর্মের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। কয়েক দফায় চুক্তির শর্ত ভঙ্গ করায় কুকি-চিনের সঙ্গে শান্তি কমিটির সব শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দেন তিনি।

  • পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে: রিজিয়ন কমান্ডার

    পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে: রিজিয়ন কমান্ডার

    www.HelloBangla.News – জাতীয় – ৪ এপ্রিল, ২০২৪: পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে বলে জানয়েছেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার শরীফ মোহাম্মদ আমান হাসান। তিনি বলেন, “পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে। সেখানে কোনো গোষ্ঠী বা দলের অপতৎপরতা দমনে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    এ সময় খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    রিজিয়ন কমান্ডার বলেন, অপারেশন উত্তরণের আওতায় পাহাড়ে সব সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের নির্মূল করে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।

    জেলায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

  • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৩ এপ্রিল) গণভবনে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। ঢাকায় চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বলেন, “দুই দেশের নেতাদের অভিন্ন যত্ন ও প্রচারের মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব ক্রমাগত গভীর হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।”

    ইয়াও ওয়েন বলেন, “চীন দুই দেশের মধ্যে শাসনব্যবস্থায় অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে ইচ্ছুক। বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে চায় চীন। চীনা উদ্যোগকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে বৃহত্তর ভূমিকা পালনে বাংলাদেশকে সমর্থন করে চীন, যেন বাংলাদেশকে ভিশন ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ অর্জন করতে পারে।”

    রাষ্ট্রদূত ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক সমস্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনসহ অভিন্ন উদ্বেগের বিষয়ে মতবিনিময় করেন।

  • বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য: সেতুমন্ত্রী

    বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “ঢাকায় এত ভিক্ষুক কেন এসব প্রশ্ন করেন অনেকে। তাদের লজ্জা করে না যে, তারা একজন গরীব মানুষকেও কষ্টের দিনে রোজার মাসে সাহায্য করেননি, ইফতার বিতরণ করেননি। গরীব মানুষদের ইফতার দিচ্ছে নেতা ও কর্মীরা, এটা আওয়ামী লীগের ঐতিহ্য। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য। আজকের অনুষ্ঠান সে ঐতিহ্যের অংশ।”

    আজ বুধবার (৩ এপ্রিল) ধানমণ্ডি ৩২ এ সংসদ সদস্য কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপির নাকি ৮০ শতাংশ নেতাকর্মী নির্যাতনের শিকার হচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবকে বলেছি আপনারা তালিকা প্রকাশ করুন। মানুষ হত্যা করা, আগুন সন্ত্রাস একটা অপরাধ। কোনো আসামি জেলে গেলে বিএনপির কেন এত মায়াকান্না, আমি জানি না।”

    তিনি বলেন, “রোজার মাসে দান, খয়রাত, যাকাতের আশায় কিছু গরীব মানুষ আসে। কিন্তু না খেয়ে রাস্তায় পড়ে মারা গেছে এমন কোনো দৃষ্টান্ত দেশে নাই। বিশ্ব সংকটে তেলের দাম বাড়ে, অথচ আমরা দাম সমন্বয় করেছি। সমন্বয় করে কিছু হলেও কমেছে।”

    সেতুমন্ত্রী বলেন, “এই শহরে সন্ধ্যার পর দেখবেন ফাঁকা, তারাবি নামাজের পর থেকে সারা রাত ধরে মানুষ শপিং করে। শপিং করতে গিয়ে গভীর রাতেও কারো নিরাপত্তা বিঘ্নিত হয়নি।”

    তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে অসহায় মানুষের পাশে থাকার রাজনীতি আমরা করি।”

    ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

  • বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে: আইনমন্ত্রী

    বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে। সবচেয়ে বড় সম্পর্ক, ২ লাখের অধিক বাংলাদেশি বাহরাইনে চাকরি করেন। আমার সঙ্গে আলাপ আলোচনার সময় তিনি (বাহরাইনের রাষ্ট্রদূত) বলেছেন, কোভিডের সময় যখন ভ্যাকসিন দেওয়ার প্রচলন ছিল তখন সেখানকার রাজা কোনো পার্থক্য করেননি। একজন বাহারাইনির ও একজন বাঙালির সঙ্গে। সেক্ষেত্রে বুঝা যায়, বাহারাইনের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক আছে।”

    আজ বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুর রহমান মোহাম্মদ আল গৌদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা জানান।

    আইনমন্ত্রী বলেন, “বাহরাইনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাষ্ট্রদূত হিসেবে তিনি তার পরিচয়পত্র দিতে এসেছেন। তিনি সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন।”

    মন্ত্রী বলেন, “আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে কথা হয়েছে। আমাদের আলোচনা ছিল খুবই আন্তরিক। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা একমত হয়েছি।”

    তিনি বলেন, “বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যাবো বলেই আজকের আলাপ-আলোচনায় একমত হয়েছি।”