Category: বাংলাদেশ

  • কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, “পাহাড়ে ব্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে যা তথ্য আসছে কুকি চীন গ্রুপটি এতে জড়িত রয়েছে। এ বিষয়ে আমাদের যা যা করার, আমরা করব। এখানে যারা জড়িত বা করেছে আমরা সবগুলোর ব‌্যবস্থা নেব।”

    আজ বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, “গতকাল (মঙ্গলবার) হঠাৎ করে শুনলাম পাহাড়ে ব‌্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে যা তথ‌্য আসছে কুকি-চিন যে গ্রুপটি রয়েছে, যারা আগেও বান্দরবানে একটি জায়গায় অবস্থান করে জঙ্গি বাহিনীর সঙ্গে আঁতাত করে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল। র‌্যাব ও আর্মি সেই ঘাঁটি সরিয়ে দিয়েছে। ইদানিং কুকি-চিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে।”

    তিনি বলেন, “আমাদের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন। রুমাতে সোনালী ব‌্যাংকে ঢোকার আগে বৈদ্যুতিক যে সাব-স্টেশন ছিল সেটাকে বন্ধ করে তারা ব‌্যাংকের দিকে অগ্রসর হন। সেখানে পুলিশ মোতায়েন ছিল। পুলিশ ও ব‌্যাংকের ম্যানেজার সবাই তারাবির নামাজে ছিল। সেই সময় তারা ঢুকে দুই পুলিশকে আহত করে দুটি এসএমজি ও আটটি চাইনিজ রাইফেল লুট করে। উপজেলা কমপ্লেক্সে আনসারদের শর্টগানগুলোও তারা নিয়ে নেয়।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা সোনালী ব‌্যাংকের একটা ভল্ট ভাঙেন, আরেকটা মনে হয় ভাঙতে পারেনি। অফিসিয়াল নিউজ এখনও পাইনি। আমরা যতটুকু শুনেছি, তাই বলছি। সোনালী ব‌্যাংকের ম‌্যানেজারকে জিম্মি করে নিয়ে গেছে। কত টাকা নিয়েছে, সেটা এখনও অফিসিয়ালি আসেনি।”

    তিনি বলেন, “আজকে দিনের বেলায় আমরা দেখলাম, থানছিতে কৃষি ও সোনালী ব‌্যাংকে আক্রমণ করেছে। এই অপারেশনটা এখনো চলছে। আমাদের পুলিশ সেখানে গোলাগুলি করছে। সেখান থেকে কত টাকা নিয়েছেন বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ তা এখন জানাতে পারব না। এ বিষয়ে আমাদের যা যা করার, আমরা করব। এখানে যারা জড়িত বা করেছে আমরা সবগুলোর ব‌্যবস্থা নেব।”

    সরকারের যথেষ্ট পরিমাণ ফোর্স রয়েছে জানিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত সেখানে পুলিশ ও বিজিবি রয়েছে। প্রয়োজনে সেখানে সেনাবাহিনীও যাবে। আর এ বিষয়টি আমাদের কাছে একেবারে নতুন। থানছি একটি শান্তিপূর্ণ এলাকা। এটা পর্যটকদের জন্য ভ্রমণের মূল জায়গা। রুমাও শান্তিপূর্ণ জায়গা ছিল, সেখানে বেশকিছু দিন ধরে শান্তি বিরাজ করছিল। সেই জায়গা তারা কেন বেছে নিল, সেই সবকিছু দেখার বিষয় রয়েছে। এগুলো দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ।”

    ভারতীর সীমান্তে বাংলাদেশি হত‌্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্ত হত‌্যা নিয়ে দু’দেশের সঙ্গেই আলোচনা হচ্ছে। সীমান্তে ওই দেশে একটা চক্র রয়েছে, আমাদের দেশেও একটা চক্র রয়েছে। যারা নাকি অবৈধ ব্যবসা করে। দেশের পণ‌্য ওই দেশে নিয়ে যায়, ওই দেশের পণ‌্য এদেশে নিয়ে আসে। সীমান্ত পাড়ে যারা থাকেন তারা দুর্ধর্ষ, তাদের দুর্ধর্ষই বলব, তারা কোনো নিয়মকানুন মানেন না। কখনও ওই দেশে ঢুকে যায়, আবার কখনও এই দেশে চলে আসে। তখন সীমান্তরক্ষীদের সঙ্গে ঘটনা ঘটে যায়।”

    ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বুয়েটে জঙ্গিবাদের উত্থান হচ্ছে— “এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমরা কাছে এ বিষয়ে তথ‌্য নেই, তবে হাইকোর্ট যে নির্দেশনা দিচ্ছে, সেটাই সবাই মেনে চলবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ নয়, বুয়েটে নিষিদ্ধ হয়েছিল, সেটার ওপর একটা আদেশ হয়েছে।”

  • দেশের তিন বিভাগে বইছে চরম তাপপ্রবাহ

    দেশের তিন বিভাগে বইছে চরম তাপপ্রবাহ

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: দেশের তিন বিভাগে বইছে চরম তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর মতে এই তিন বিভাগ হচ্ছে, রাজশাহী, ঢাকা ও খুলনা। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে।জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই তাপপ্রচাহ সৃষ্টি হয়েছে।

    আজ বুধবার (৩ এপ্রিল) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে আরও বলা হয়, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

    দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে অধিদপ্তর উল্লেখ করেছে।

    বুলেটিনে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বোচ্চ ৪১ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে।

    গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলায়।

  • জ্বালানির উৎস উদ্ভাবনে জোর দিতে হবে: রাষ্ট্রপতি

    জ্বালানির উৎস উদ্ভাবনে জোর দিতে হবে: রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ২ এপ্রিল, ২০২৪: জ্বালানির উৎস উদ্ভাবনে জোর দিতে হবে, বলে জানিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তিনি বলেন, “জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবনে আমাদেরকে জোর দিতে হবে।”

    জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমকে জোরদার করতে কে  নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)র বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ পেশকালে রাষ্ট্রপ্রধান এই নির্দেশনা দেন।

    জ্বালানি খাতের নতুন নতুন উৎস খোঁজার প্রতি গুরুত্বারোপ করে তিনি এই ব্যাপারে বিইআরসি’কে গবেষণা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দেন।

    রাষ্ট্রপতি বলেন, “জ্বালানি খাত একটি দেশের আর্থ-সামাজিকসহ সার্বিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত।”

    তিনি বলেন, “দেশের উন্নয়নের কলেবর বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের চাহিদাও ক্রমান্বয়ে বাড়ছে।”

    রাষ্ট্রপতি আশা করেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা ও মূল্য নির্ধারণে বিইআরসি সরকারকে সঠিক ও যুগোপযোগী সুপারিশ ও পরামর্শ দিবে।

    কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিনের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান এবং বিইআরসি সচিব মো. খলিলুর রহমান খান।

    কমিশনের চেয়ারম্যান এই সময় বিইআরসি এর কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    প্রতিনিধি দল তাদের কার্যক্রমে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন।

    রাষ্ট্রপ্রধান কমিশনের সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।

    এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • ঈদের পরে পুরান ঢাকার কেমিক্যাল গুদাম সরিয়ে ফেলা হবে: মেয়র তাপস

    ঈদের পরে পুরান ঢাকার কেমিক্যাল গুদাম সরিয়ে ফেলা হবে: মেয়র তাপস

    www.HelloBangla.News – জাতীয় – ২ এপ্রিল, ২০২৪: ঈদের পরে পুরান ঢাকার কেমিক্যাল গুদাম সরিয়ে ফেলা হবে, বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।তিনি বলেন, পুরান ঢাকার আবাসিক এলাকায় যেন কেমিক্যাল গুদাম না হয় এজন্য লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও বিভিন্ন জায়গা থেকে লাইসেন্স নিয়ে পুরান ঢাকায় গুদাম করা হয়। ঈদের পর আমরা আর শুনবো না।

    আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর মতিঝিলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) তাদের কার্যালয় মিলনায়তনে ‘পুরোনো ঢাকার ব্যবসা-বাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণের উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক সভাটির আয়োজন করে।

    মেয়র তাপস বলেন, “যেসব ব্যবসায়ী পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম স্থানান্তর করবেন না, তাদের গুদামে বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করা হবে।”

    তিনি বলেন, “পুরান ঢাকা থেকে হকার উচ্ছেদে বড় বাধা বিভিন্ন সংস্থার লোকজন ও দোকানদাররা। সিটি করপোরেশন থেকে উচ্ছেদ করা হয়। এরপর বিভিন্ন সংস্থার লোকজন ও ফুটপাত সংলগ্ন দোকানদারের সহযোগিতায় আবার হকাররা সে জায়গা দখল করে। সবার সহযোগিতা না পেলে সিটি করপোরেশনের একার পক্ষে উচ্ছেদ সম্ভব নয়।”

    নিউমার্কেটকে দেশের সবচেয়ে ক্রেতাবান্ধব মার্কেট উল্লেখ করে ফজলে নূর তাপস বলেন, “এখানে সিটি করপোরেশনের মার্কেট রয়েছে মাত্র ৪১২টি। কিন্তু এখানে দোকানের সংখ্যা কয়েক হাজার। সিটি করপোরেশনের কাছ থেকে বৈধভাবে বরাদ্দ নেওয়া ব্যবসায়ীরা নিজ নিজ দোকানের সামনে অবৈধভাবে ভাড়া দেন, যা নিউমার্কেটকে মানুষের চলাচল অনুপযোগী করেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব দোকান উচ্ছেদের পর বিভিন্ন দোকানদার, রাজনৈতিক নেতা, বিভিন্ন সংস্থার লোকজন ও লাইনম্যানের সহযোগিতায় আবার বসে। বৈধ দোকানদাররা নিজেদের ব্যবসার ক্ষতি করে অবৈধভাবে ভাড়া দিয়ে বাড়তি কিছু লাভ করেন।”

    মেয়র বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে আটটি ফুটপাতকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকা থেকে হকারদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।”

    মেয়র জানান, কামরাঙ্গীর চরে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় ব্যবসাকেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি মতিঝিল ও চকবাজারকে পুনরুজ্জীবিত করা হবে। মেট্রোরেলের কাজ চলমান থাকার কারণে এতদিন মতিঝিলে হাত দেওয়া হয়নি। মতিঝিলকে পুনরুজ্জীবিত করতে শিগগির কাজ শুরু হবে।

    ফজলে নূর তাপস আরও বলেন, “যেখানে-সেখানে বিক্ষিপ্তভাবে বাস কাউন্টার থাকা যানজটের অন্যতম কারণ। সায়েদাবাদকেন্দ্রিক সমস্ত বাসের কাউন্টার হবে টার্মিনালের ভেতরে। টার্মিনালের বাইরে কেউ কাউন্টার করতে চাইলে ঢাকার বাইরে চলে যেতে হবে, কাউন্টারের কারণে যানজট হতে দেওয়া যাবে না।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের সভাপতি আশরাফ আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মুনিবুর রহমান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিচালক নীলিমা আক্তার। অনুষ্ঠানে পুরান ঢাকার ব্যবসায়ীরা যানজটে সৃষ্ট নানা সমস্যার কথা তুলে ধরেন।

  • আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু

    আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২ এপ্রিল, ২০২৪: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেটচ (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন থেকে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষাবোর্ডগুলো।

    সময়সূচি অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। ১১ আগস্ট শেষ হবে লিখিত পরীক্ষা। এরপর ১২ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ আগস্টের মধ্যে শেষ হবে।

    আগামী ১৬ এপ্রিল থেকে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ না করতে পারলে পরে বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করার সুযোগ রয়েছে।

    জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

    করোনা মহামারির কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।

    ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। সে সিলেবাস কিছুটা বাড়িয়ে ২০২২ সালে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সে বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিল।

    ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়েছিল। তবে এবার পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

  • ঈদের ছুটিতে ঢাকায় ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

    ঈদের ছুটিতে ঢাকায় ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

    www.HelloBangla.News – জাতীয় – ২ এপ্রিল, ২০২৪: ঈদের ছুটিতে ঢাকায় ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।তিনি বলেন, “ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ বাইরে যাবেন। এই সময়ে ঢাকা শহর ফাঁকা থাকে। তাই আমরা পরামর্শ দেবো নগরবাসীর মূল্যবান জিনিসপত্রের বিষয়ে নিজেরা সজাগ থাকবেন এবং সচেতন থাকবেন। পুলিশের পক্ষ থেকে দিনরাত ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।”

    আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের বাজার পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ডিএমপি কমিশনার বলেন, “ঈদের উৎসবকে ঘিরে কোনো হুমকি নেই। তবে নিরাপত্তা পরিকল্পনায় এই বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সাজানো হয়েছে।”

    করে হাবিবুর রহমান বলেন, “ডিএমপির ৮ বিভাগে টাস্কফোর্সের কমিটি গঠন করা হয়েছে। সেখানে ডিসি ও থানা পুলিশ একসঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। টাস্কফোর্স গঠনের পর বর্তমানে ডিএমপিতে ছিনতাইয়ের হার নিম্নমুখী। অর্থাৎ কমতে শুরু করেছে।”

    ঈদের কেনাকাটার কারণে মধ্যরাত পর্যন্ত নগরবাসী বাইরে থাকছেন। ফলে সড়কে গাড়ির চাপ থাকে। কিন্তু রাতে ট্রাফিক সদস্যরা না থাকার কারণে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি আমরা রমজানে শুরুতে নেইনি। এখন দেখছি যে মানুষ রাতে মার্কেট করছে। গভীর রাত পর্যন্ত মানুষ কেনাকাটা করায় দোকান ও মার্কেট খোলা থাকছে। আমরা এখন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি।”

  • ছাত্ররাজনীতি হবে বৈচিত্র্যময়-সৃষ্টিশীল ও তত্ত্বনির্ভর: ছাত্রলীগ সভাপতি

    ছাত্ররাজনীতি হবে বৈচিত্র্যময়-সৃষ্টিশীল ও তত্ত্বনির্ভর: ছাত্রলীগ সভাপতি

    www.HelloBangla.News – জাতীয় – ২ এপ্রিল, ২০২৪: ছাত্ররাজনীতি হবে বৈচিত্র্যময়-সৃষ্টিশীল ও তত্ত্বনির্ভর, বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে মনে করছে, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। বর্তমানে বুয়েটে ছাত্র রাজনীতি পুনরায় শুরু হবে। কিন্তু সেটি কোন ছাত্ররাজনীতি তা নিয়ে আমাদের ভাবতে হবে। এই রাজনীতি অবশ্যই ক্লাস-পরীক্ষা বন্ধ, সেশনজট, র‌্যাগিং-বুলিং, দখল-বাণিজ্য, হত্যা-সন্ত্রাসের ছাত্ররাজনীতি নয়। এই ছাত্ররাজনীতি হবে আধুনিক, যুগোপযোগী, বৈচিত্র্যময়-সৃষ্টিশীল, জ্ঞান-যুক্তি-তথ্য-তত্ত্বনির্ভর।

    আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী আধুনিক, স্মার্ট ও পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং উদ্ভূত পরিস্থিতির ওপর আলোকপাতের উদ্দেশ্যে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি বলেন, “প্রথাগত ছাত্ররাজনীতিতে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্বের মাধ্যমে বুয়েট শিক্ষার্থীরা পরিচালিত হবে না। বুয়েটের শিক্ষার্থীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। যে নেতৃত্ব হবে আদর্শিক এবং যে নেতৃত্ব বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে থেকেই তৈরি করবে বিশ্বসেরা উদ্ভাবক, উদ্যোক্তা। বুয়েটে আগামী দিনে এমন ছাত্ররাজনীতি পরিচালিত হবে যা প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বুয়েট শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নামে ব্রেইন চেইন বন্ধ করবে। বুয়েটে এমন ছাত্ররাজনীতি পরিচালিত হবে যা শহীদ শাফী ইমাম রুমীর মতো বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ত্যাগ করে দেশের জন্য হাসিমুখে জীবন উৎসর্গ করতে শেখাবে, কিংবা উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে এসে দেশ গঠনে আত্মনিয়োগে ঝাঁপিয়ে পড়তে নৈতিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ করবে।”

    তিনি বলেন, “বুয়েটে ছাত্ররাজনীতি ফিরিয়ে এনেই কেবল বাংলাদেশ ছাত্রলীগ তার দায়িত্ব শেষ করবে না। দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত আগামী দিনের উন্নত, স্মার্ট বাংলাদেশে উন্নত ও স্মার্ট ছাত্ররাজনীতি উপহার দেওয়ার জন্য মডেল প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটকে গ্রহণ করবে। এই ঐতিহাসিক যাত্রায় বুয়েটের সব শিক্ষার্থীকে সহযোগিতার সংকল্প নিয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ প্রগতিশীল সব ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে, আসুন গৎবাঁধা ধারা বাদ দিয়ে আধুনিক, উন্নত ছাত্ররাজনীতির চর্চা শুরু করুন বুয়েট থেকেই। সুন্দর, স্বনির্ভর, সম্মানজনক ভবিষ্যৎ গড়তে আজকের প্রজন্ম আর কালক্ষেপণ করবে না, এটিই বাংলাদেশ ছাত্রলীগের আহ্বান।”

    তিনি আরও বলেন, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া ঘটনাবলীর উপর আপনারা সম্পূর্ণরূপে ওয়াকিবহাল। ৭ অক্টোবর ২০১৯ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মর্মান্তিক মৃত্যুর পর বাংলাদেশ ছাত্রলীগ তার নৈতিক ও সাংগঠনিক অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ছাত্ররাজনীতির নামে এমনকি ছাত্রলীগের দলীয় পরিচয় ব্যবহার করে জিয়া-এরশাদ-খালেদা-নিজামী প্রবর্তিত হত্যা-খুন-সন্ত্রাস পরিচালনা করা যে কোনোমতেই সম্ভব নয়, সেটি এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ছাত্রলীগ প্রমাণ করেছে। বাংলাদেশের ছাত্রসমাজের সবচেয়ে কাছের বন্ধু দেশরত্ন শেখ হাসিনা এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করেছেন, আবরারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রশাসন বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাংলাদেশ ছাত্রলীগ অতীতেও সমর্থন করেনি, বর্তমানেও করে না।”

    আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ বারংবার বলার চেষ্টা করেছে, বাংলাদেশের মহান সংবিধান ও বুয়েট আইন কোনোটিই ছাত্ররাজনীতি বন্ধের এই সিদ্ধান্তকে বৈধতা দেয় না। বুয়েট পরিবারের অংশীজনদের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশ ছাত্রলীগ আহ্বান জানিয়ে বলছে, ‘ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সুজন-বেদন।’ বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পর পাঁচ বছর অতিক্রম হয়েছে। এসময়ে ছাত্ররাজনীতি বন্ধের নামে সেখানে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, বাংলাদেশ রাষ্ট্র ও বিশ্ব মানবতা বিরোধী মৌলবাদ-জঙ্গিবাদ তাদের নিরাপদ আস্তানা হিসেবে খুঁটি গেড়ে বসেছে, বাঙালির মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও বিজয় দিবসকে অবজ্ঞা করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করতে বাধাদান করা হয়েছে।”

    সাদ্দাম বলেন, “শেখ হাসিনার পরিকল্পিত উন্নত-আধুনিক বাংলাদেশে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বোপরি আমাদের সামগ্রিক ছাত্ররাজনীতি কোনোভাবেই পশ্চাৎপদ ধারায় পরিচালিত হতে পারে না। আধুনিক নিয়মতান্ত্রিক ধারার ছাত্ররাজনীতির সূচনা যে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকেই শুরু হতে যাচ্ছে, বুয়েটের শিক্ষার্থীরাই যে সমগ্র ছাত্ররাজনীতিকে বদলে যাবার পথ দেখাতে যাচ্ছে, আজ সেই শুভ উপলক্ষের উদ্বোধন।”

     

    এ সময় তিনি বুয়েটে কিছু কর্মসূচি ঘোষণা করেন। কর্সূচীগুলো হলো,

    ১. ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বীর আবাসিক হল ফিরিয়ে দেয়ার লক্ষ্যে বুয়েট শহীদ মিনারে অবস্থান;

    ২. আধুনিক, স্মার্ট, পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা নির্ধারণে বুয়েট শিক্ষার্থীদের সাথে মতামত আহ্বান ও আলোচনা।

    ৩. সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গি কালোছায়া থেকে বুয়েটকে মুক্ত করতে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব আয়োজন ; এবং

    ৪. বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা

    সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     

  • সাভারে তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

    সাভারে তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

    www.HelloBangla.News – জাতীয় – ২ এপ্রিল, ২০২৪: সাভারের হেমায়েতপুর জোরপুল এলাকায় তেলবাহী লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুনের ঘটনায় সাত জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিদগ্ধ দুই জন নিহত হয়েছেন।

    আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আটজনকে  উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়। তারা হলেন– মিলন মোল্লা (২২), শিশু মিম (১০), আল আমিন (৩৫), নীড়াঞ্জন (৪৫), ট্রাকের হেলপার হেলাল (৩০), সাকিব (২৪), আবদুস সালাম (৩৫) ও নজরুল ইসলাম (৪৫)। এর মধ্যে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।

    সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ছয়টি ইউনিটের মাধ্যমে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করা হয়। আমরা ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করেছি। আটজন দগ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    জানা যায়, আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। পরে সেটি পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে ছড়িয়ে পড়ে। এতে এক ব্যক্তি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। নিহতের নাম ইকবাল। তিনি যশোরের চৌগাছা থানার বাসিন্দা।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামে আও একজনের মৃত্যু হয়।

  • ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে: সেতুমন্ত্রী

    ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ এপ্রিল, ২০২৪: ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ সোমবার(১ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।

    বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী জীবন উৎসর্গ করেছিল। ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে।”

    বিবৃতিতে সেতুমন্ত্রী জানিয়েছেন, ছাত্রলীগ সুনির্দিষ্ট গঠনতন্ত্র ও নীতি-আদর্শ মেনে পরিচালিত ছাত্র সংগঠন। ছাত্রলীগ দখলদারিত্বে বিশ্বাসী নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব শুরু হয় সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরে। স্বৈরশাসক জিয়াউর রহমান নিজের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ক্ষমতা ও অর্থের প্রলোভনে মোহাবিষ্টের মাধ্যমে ছাত্রনেতাদের আদর্শ বিচ্যুত ও পথভ্রষ্ট করে ছাত্রদল প্রতিষ্ঠা করা হয়। নীতি-আদর্শকে পাশ কাটিয়ে বৈষয়িক চিন্তা ও বিলাসী জীবন-যাপনে অভ্যস্ত করা হয় তাদের। এর ধারাবাহিকতায় দিনে দিনে ছাত্র রাজনীতিতে একটি কলুষিত ধারা প্রতিষ্ঠিত হয়।

    একইভাবে স্বৈরশাসক জিয়াউর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি ভাবধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতির প্রচলন হয়। এর ছোঁয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়তে থাকে এবং তা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করে। এই নীতি ও আদর্শ বিবর্জিত ধারার বিরুদ্ধে ছাত্রলীগ নিরন্তর সংগ্রাম জারি রেখেছে।

    বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের আফসোস হয়! বিএনপি নেতৃবৃন্দ বুঝে না যে, এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচারের ধারা অব্যাহত রাখলে তারা জনগণ থেকে আরও দূরে সরে যাবে। তারা ক্ষমতায় এসে ইতিহাস বিকৃতির মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী বয়ান তৈরির মধ্য দিয়ে দেশবিরোধী রাজনীতির ধারা সৃষ্টি করেছে এবং তা পরিপুষ্ট করে চলেছে।

    বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি নেতারা নির্যাতনের মনগড়া মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছে। বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে সন্ত্রাস ও সহিংসতার পথে হেঁটেছিল। তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এখন তো তাদের নেতাকর্মীরা একের পর এক মুক্তি পাচ্ছে। অথচ তাদের মুখে অত্যাচার-নির্যাতনের তথাকথিত বক্তব্য শুনে মনে হচ্ছে এটা তারা চিরস্থায়ী পন্থা হিসেবে বেছে নিয়েছে।”

    সরকার কোনো ত্রাসের রাজত্ব কায়েম করে নাই। বরং নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিএনপি সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির মাধ্যমে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চেয়েছিল, সরকার তা থেকে জনগণের নিরাপত্তা বিধানের জন্য অভয়ের পরিবেশ সৃষ্টিতে বদ্ধপরিকর।

  • বুয়েটে ছাত্র রাজনীতি চলবে

    বুয়েটে ছাত্র রাজনীতি চলবে

    www.HelloBangla.News – জাতীয় – ১ এপ্রিল, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করে ওই সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    বুয়েটের হল থেকে সম্প্রতি বের করে দেয়া শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বির করা এক রিটের শুনানি শেষে আজ সোমবার (১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

    আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি জানান, বাংলাদেশ সংবিধানের ৩৭, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের নোটিশ দেওয়ার কোনো ভিত্তি নেই। সমাবেশ, রাজনৈতিক দল করার এবং বাক স্বাধীনতার অধিকার মৌলিক অধিকার হিসেবে দেওয়া আছে। বুয়েট অর্ডিন্যান্স,  ১৯৬১ অনুসারে রাজনীতি নিয়ন্ত্রণের কথা বলা আছে। নিষিদ্ধ করার ক্ষমতা নেই। তারপরেও ওই নোটিশকে সম্মান করে আসছিলো ছাত্রলীগ। কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফূল দিতে গেলে বাধা দেওয়া হয়। এরপর রাজনীতি নিষিদ্ধের নোটিশ যখন আমাকে দেখালো আমি বললাম, এটা মৌলিক অধিকার ও বুয়েট অর্ডিন্যান্স পরিপন্থী। গতকাল রিট প্রস্তুত করে আজকে ফাইল করে শুনানি করেছি। আদালত রুল জারি করে বিজ্ঞপ্তিটা স্টে করেছেন। যার ফলে বুয়েটে রাজনৈতিক কার্যক্রমে আর কোনো বাধা থাকলো না।

    আদালতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

    রিটটি করেন বুয়েটের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

    ২০১৯ সালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়। তখন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ১১ অক্টোবর একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। বুয়েটের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশক্রমে নিষিদ্ধ করা হলো। ’

    এরপর থেকে বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

    গত ২৭ মার্চ বৃহস্পতিবার গভীররাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, দপ্তর সম্পাদকসহ অনেকেই বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম এ সমাগম ঘটান বলে অভিযোগ করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

    এরপর শুক্রবার রাতে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চ মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ১. বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের (স্টুডেন্ট নম্বর ২১০৪১৪১) হলের সিট বাতিল করা হলো। ২. এছাড়া সার্বিক বিষয়ে তদন্তপূর্বক সুপারিশ প্রদান করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ৩. বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর টার্মসেমিস্টার ফাইনালসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম চলমান থাকবে।

    এদিকে বুয়েটে ছাত্র রাজনীতি চালু চেয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এর মধ্যে বুয়েট ছাত্র ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে ২০১৯ সালের ১১ অক্টোবরের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।