Category: বাংলাদেশ

  • মানবাধিকার দিবসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বিএনপি-জামায়াত: সেতুমন্ত্রী

    মানবাধিকার দিবসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বিএনপি-জামায়াত: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ ডিসেম্বর, ২০২৩: মানবাধিকার দিবসে সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ‘বিএনপি এমন একটা দল যারা ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তাতে এক পর্যায়ে দেখা যাবে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দেবে। বিএনপি হবে জামায়াতের বি-টিম।’

    আজ বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের একথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, ‘আজ মানবাধিকারের নামে নির্বাচনবিরোধী সবগুলো দল ঐক্যবদ্ধ। বিএনপি জনসম্পৃক্ততার অভাবে যে আন্দোলনে ব্যর্থ হয়েছে, এখন অগ্নিসন্ত্রাস, নাশকতা দিয়ে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চায়। মানবাধিকার দিবসে সারা দেশে একটা বিশৃঙ্খলা তৈরির প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে। এজন্য জামায়াতকে তারা একান্ত পাশে চায়।’

    নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এখন নির্বাচন কমিশনের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যাপারে ভূমিকা থাকবে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এখন সরকার শুধু একটি রুটিন দায়িত্ব পালন করবে। সরকারের কাজ হচ্ছে একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। আমরা সেটা করে যাচ্ছি।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশন মানবাধিকার দিবসে সমাবেশ করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেছে, সেহেতু আমরা সমাবেশ করব না। তবে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে বলে জানান তিনি।’

    ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখানে গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ি। মিলিটারি ডেকটেটররা অনেক সময় নিজেদের গণতান্ত্রিক দাবি করে। পৃথিবীতে বিশুদ্ধ গণতন্ত্র বিরল।’

    তিনি বলেন, ‘আমরা শত বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতার মুখেও এখনো গণতন্ত্রের পতাকা ধরে রেখেছি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে ধারা শুরু করেছেন, ’৭৫ এরপর যে ধারা নষ্ট হয়েছে।’

    এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ ডিসেম্বর, ২০২৩: সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এ নিয়ে মন্ত্রী পর্যায়েও মিটিং হচ্ছে। আমরা চেষ্টা করছি সীমান্তে নন লিথ্যাল অস্ত্র ব্যবহার করার।’

    আজ বুধবার (৬ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫২ বছর পূর্তি শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়তই নিরাপত্তা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদের আটক করছে। আমরা সবসময়ই তাদের চিহ্নিত করে আসছি। এটি একটি চলমান প্রক্রিয়া। এদের বেশিরভাগই এখন জেলখানায়, না হয় দেশত্যাগ করছে। বিদেশে যারা আত্মগোপনে আছে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। ইতিমধ্যে কয়েকজনকে আনাও হয়েছে।’

    অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তারা প্রশাসনিক পর্যায়ে কিছু পরিবর্তনের কথা বলেছে।নিরাপত্তা বাহিনী সবসময়ই অবৈধ অস্ত্র উদ্ধারের কাজে রয়েছে। যাদের কাছে অস্ত্র রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে।’

    সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনব কুমার ভার্মা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন অর রশিদ, মুক্তিযুদ্ধ গবেষক সাজ্জাদ আলী জহির, এশিয়াটিক সোসাইটির সভাপতি বজলুর রহমানসহ অন্যান্যরা।

  • বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

    বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ৬ ডিসেম্বর, ২০২৩: মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের জন্য প্রকাশিত এ তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন তিনি। যদিও ২০২২ সালে শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম।

    এই বছরের ফোর্বসের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় শীর্ষে রয়েছেন রাজনীতিবিদ ও আইন প্রণেতারা। চলতি বছরের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ১ নম্বরে রয়েছেন। তারপরে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রয়েছেন তৃতীয় স্থানে।

    এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রয়েছেন চতুর্থ অবস্থানে। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছেন টেইলর সুইফট।

    এদিকে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ৪৬তম স্থানে। গত বছর এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম-তে। এর আগে ২০২১ সালে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। আর ২০২০ সালে তালিকার ৩৯তম স্থানে ছিলেন তিনি।

    শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান।

    টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশে ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয় পায় তার দল বাংলাদেশ আওয়ামী লীগ।

    ৫ম মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন শেখ হাসিনা।

    উল্লেখ্য, ২০০৪ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস।

  • রোহিঙ্গা নারীদের স্বাস্থ্যসেবায় ১৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে চীন

    রোহিঙ্গা নারীদের স্বাস্থ্যসেবায় ১৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে চীন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশে আশ্রিত নারী রো‌হিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যবিধি উন্নয়নে ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দি‌য়েছে চীন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৬ কোটি ৫০ লাখ টাকা।

    আজ বুধবার (৬ ডিসেম্বর) ইউএনএইচসিআরের ঢাকা অ‌ফিস এক বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানায়। চীনের এ অনুদানকে স্বাগত জা‌নিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা-(ইউএনএইচসিআর)। ইংরেজিতে : (United Nations High Commissioner for Refugees)

    ইউএনএইচসিআর জানায়, চীনের অনুদান ১২ থেকে ৫০ বছর বয়সী ৬০ হাজারের বেশি রোহিঙ্গা নারী ও কিশোরীদের জন্য। চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির মাধ্যমে ২০২৫ সাল পর্যন্ত তারা এর সুফল পাবে।

    শরণার্থী নারী ও কিশোরীরা প্রতি বছর ২টি করে হাইজিন কিট পাচ্ছে। চীনের সহায়তায় ২ লাখ ৫০ হাজারের বেশি হাইজিন কিট রোহিঙ্গা নারীদের কাছে পৌঁছে দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইউএনএইচসিআর।

    এ হাইজিন কিটগুলো সরবরাহ করতে ইউএনএইচসিআর ও চীন সরকার একসঙ্গে কাজ করবে। চীনের অনুদানে মিলবে গোসল ও কাপড় ধোয়ার সাবান, এবং বালতিসহ কিছু সামগ্রী।

    কক্সবাজারে শরণার্থী ও স্থানীয় বাংলাদে‌শির মধ্য থেকে দুই শতাধিক নারী এ হাইজিন কিটগুলোর বাকি জিনিসগুলো তৈরি করবেন। এর মাধ্যমে তারা তাদের দক্ষতাকে নিজ জনগোষ্ঠীর কাজে ব্যবহার করতে পারবেন। সর্বোপরি সীমিত পরিসরে জীবিকামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের স্বনির্ভর করার প্রয়াস পাবেন।

    বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআর প্রতিনিধি সুম্বুল রিজভী বলেন, চীনের পক্ষ থেকে এ উদার অনুদান এলো এমন এক গুরুত্বপূর্ণ সময়ে, যখন চলমান রোহিঙ্গা সংকটের সপ্তম বছর চলছে।

    চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে চীন তার দায়িত্ব পালন করছে, এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে। আমরা ভবিষ্যতে ইউএনএইচসিআরের আরও কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আশা রাখি।.

  • জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের (মিরপুর) প্রতিষ্ঠাতা, হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন।

    আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মালিক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার অন্যতম পথিকৃৎ। মরহুম মালিক একাধারে একজন সফল চিকিৎসক, প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সেবক।

    মানব হিতৈষী কর্মকান্ডের জন্য তিনি নানাভাবে পুরষ্কৃত এবং প্রশংসিত হয়েছেন।

    শেখ হাসিনা আরো বলেন, ‘বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

    প্রধানমন্ত্রী ডা.আব্দুল মালিক-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    সূত্র: বাসস

  • নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট: ইসি আলমগীর

    নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট: ইসি আলমগীর

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে তাদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা।’

    তিনি আরও বলেন,‘ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও।’

    আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তননে, জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ আলমগীর।

    ইসি আলমগীর বলেন, ‘নির্বাচনকে প্রতিহত করার জন্য যে সহিংসতার ঘটনা ঘটছে সেটা খুবই সীমিত পর্যায়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন সবকিছুই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে নির্বাচনে বিঘ্ন ঘটা কিংবা ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে যেতে পারবেন না, এমন ঘটনা ঘটার সুযোগ নেই। তফসিল ঘোষণার পর ভোটার-প্রার্থী থেকে শুরু করে সবাই এটাকে উৎসব হিসেবে নিয়েছেন।’

    তিনি আরও বলেন, ‘যে কোনো কাজ করতে গেলেই চ্যালেঞ্জ থাকে। ছোটখাটো চ্যালেঞ্জ তো আছেই। তবে কর্মকর্তারা এমন কোনো চ্যালেঞ্জের কথা বলেননি যেটা আমাদের কাছে বড় ইস্যু হিসেবে দেখা দিয়েছে।’

    প্রশাসনে রদবদলের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের নির্বাচনে অতীতেও জেলা প্রশাসন পর্যায়ে কখনো কখনো পরিবর্তন করা হয়েছে, উপজেলা পর্যায়েও পরিবর্তন হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসার শর্ত হিসেবে যে দাবিগুলো তুলেছিল, এর মধ্যে একটা দাবি ছিল প্রশাসনের রদবদল করতে হবে। তার একটা অংশ হিসেবে এটি করা হয়েছে।’

  • আওয়ামী লীগের ১০ ডিসেম্বরের সমাবেশ হচ্ছে না: সেতুমন্ত্রী

    আওয়ামী লীগের ১০ ডিসেম্বরের সমাবেশ হচ্ছে না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় সে সমাবেশ হচ্ছে না। বিষয়টি জানিয়েছেন  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এ মানবাধিকার দিবসে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করার কর্মসূচি ছিল আওয়ামী লীগের।  আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামে শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করবো। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।’

    এসময় উপস্থিত ছিলেন- ‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষি ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।’

    এদিকে আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে। প্রত্যেকে বর্তমান প্রেক্ষপটে নিউজদের ভিউজ, করণীয় জানিয়েছেন। দেশে-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে।

    তিনে আরও বলেন, ‘১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

  • জোটগতভাবেই আমরা নির্বাচন করবো: তথ্যমন্ত্রী

    জোটগতভাবেই আমরা নির্বাচন করবো: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: জোটগতভাবেই আমরা নির্বাচন করবো, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রথমমতো আমাদের সিদ্ধান্ত, জোটগতভাবেই আমরা নির্বাচন করবো। আর নির্বাচনে আসল সমঝোতা করার এখনো অনেক সময় আছে। মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে, প্রত্যাহারের এখনো অনেক সময় আছে। সুতরাং বরাবরের মতোই আমরা একটি সমঝোতায় উপনীত হবো।’

    আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে বরেণ্য রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আহমেদ ফিরোজ গ্রন্থিত ‘সোহরাওয়ার্দী’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা করা হবে’

    আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সবসময়ই শরিকরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেজন্যই জোটগতভাবে এবারেও নির্বাচন করছি। এককভাবে নির্বাচন করার শক্তি, ক্ষমতা ও সামর্থ্য আমাদের আছে। কিন্তু শরিকদের গুরুত্ব দেওয়া হয় বিধায় জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’

    শরিকদের কতগুলো আসন দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি সমঝোতায় উপনীত হলে বলা যাবে, তার আগে বলা যাবে না।’

    জাতীয় পার্টি প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতীয় পার্টি প্রায় তিনশ আসনে মনোনয়ন দিয়েছে। এজন্য জাতীয় পার্টিকে অভিনন্দন জানাই। ২০০৮ সালে জাতীয় পার্টির সঙ্গে আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। গতবার আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক্যাল (কৌশলগত) জোট ছিল, এবারও সেটা হওয়ার সম্ভাবনা আছে।’

  • জাতীয় অধ্যাপক ও হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ডা. আব্দুল মালিক মারা গেছেন

    জাতীয় অধ্যাপক ও হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ডা. আব্দুল মালিক মারা গেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের (মিরপুর) প্রতিষ্ঠাতা, হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন।

    ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি জানান, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন।

    জানা গেছে, হৃদরোগ চিকিৎসার এই পথিকৃৎ ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।

    তিনি ১৯৪৯ সালেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে নভেম্বর মাসে উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তাকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে কর্নেল আজমিরের কাছে মেডিকেল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন।

    ১৯৬৩ সালে সরকার তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠায়। এরপর ১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন এবং হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিকেল স্কুল, লন্ডন থেকে কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

    আব্দুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক। তার মেয়ে ডাক্তার ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, ঢাকার কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী ও আরেক ছেলে মনজুর মালিক বর্তমানে কানাডায় কর্মরত।

  • বাংলাদেশের টিকে থাকাটাও নির্ভর করে এ নদীর ওপরে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের টিকে থাকাটাও নির্ভর করে এ নদীর ওপরে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ডিসেম্বর, ২০২৩: আমাদের বাংলাদেশের টিকে থাকাটাও নির্ভর করে এ নদীর ওপরে, বলে মন্ত্রব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ সোমবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টারপ্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন অবলোকন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্তবিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নদী আমাদের বাংলাদেশের জন্য তেমন, ঠিক আমাদের দেহে যেমন রক্ত চলাচলের জন্য শিরা-উপশিরা আছে। আমাদের বাংলাদেশের টিকে থাকাটাও নির্ভর করে এ নদীর ওপরে।’

    তিনি বলেন, ‘বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য (প্রয়োজন) সেই প্রবহমান নদী। শিরা-উপশিরার মধ্য দিয়ে রক্তধারা আমাদের শরীরকে বাঁচায়, বাংলাদেশকেও কিন্তু বাঁচায় এ পানি ও নদী। কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আসার পর আমাদের সবসময় একটা প্রচেষ্টা ছিল, নদীগুলোকে কীভাবে সুরক্ষিত করা যায়, কীভাবে নাব্যতা ফিরিয়ে আনা যায়।’

    তিনি বলেন, ‘একসময় বাংলাদেশের নৌপথই ছিল পণ্য পরিবহনের একমাত্র বাহন, একমাত্র জায়গা। নৌপথগুলো কমতে কমতে অনেক জায়গায় এখন নদীপথ নেই, এমন একটা জায়গায় চলে এসেছে।’

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নদী শাসনের নামে শুধু বাঁধ নির্মাণে ছিল সবার নজর। আর বাঁধ নির্মাণ করতে গিয়ে ফসলের জমি নষ্ট হয়। নদী রক্ষা করা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা বা দূষণ থেকে নদীকে রক্ষা করার দিকে নজর ছিল না।’

    তিনি বলেন, ‘শুধু এখানে নয়, সারা বাংলাদেশে স্থানীয় সরকারের পক্ষ থেকে কতগুলো ব্রিজ করা হলো, সে সময় ব্রিজগুলো মানুষের খুব উপকারে এলো, কিন্তু ব্রিজগুলো করার সময় এটা মাথায় রাখা হয়নি যে, এগুলোতে নৌ চলাচল ক্ষতিগ্রস্ত হবে।’

    নিচু ব্রিজগুলো ভেঙে নতুন করে নির্মাণের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘নিচু ব্রিজগুলো একটু উঁচু করে দেওয়া আর নদীর ড্রেজিং করে দেওয়া যায়।’

    রাজধানীর বাইরে অন্য শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে অন্য শহরগুলোর ক্ষেত্রেও এখনই পরিকল্পনা নিতে হবে। আমরা যে পরিকল্পনাই করি না কেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পানির প্রবাহ ঠিক থাকে। নদীগুলোর ড্রেজিং করার সঙ্গে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।’

    শিল্প কলকারখানায় ট্রিটমেন্ট প্ল্যান্ট নিশ্চিত করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের এ চারটি নদী যেন দূষণমুক্ত করতে পারি, বর্জ্যটা যাতে না যায়, সেটা যেন ট্রিটমেন্ট প্লান্ট দিয়ে যায়।’