জাতীয় অধ্যাপক ও হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ডা. আব্দুল মালিক মারা গেছেন

জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক মারা গেছেন - জাতীয় - ৫ ডিসেম্বর ২০২৩ ( ফাইল ছবি)
জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক মারা গেছেন - জাতীয় - ৫ ডিসেম্বর ২০২৩ ( ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের (মিরপুর) প্রতিষ্ঠাতা, হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি জানান, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন।

জানা গেছে, হৃদরোগ চিকিৎসার এই পথিকৃৎ ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৪৯ সালেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে নভেম্বর মাসে উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তাকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে কর্নেল আজমিরের কাছে মেডিকেল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন।

১৯৬৩ সালে সরকার তাকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠায়। এরপর ১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন এবং হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিকেল স্কুল, লন্ডন থেকে কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

আব্দুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক। তার মেয়ে ডাক্তার ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, ঢাকার কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার ছেলে মাসুদ মালিক একজন ব্যবসায়ী ও আরেক ছেলে মনজুর মালিক বর্তমানে কানাডায় কর্মরত।

পূর্ববর্তী বাংলাদেশের টিকে থাকাটাও নির্ভর করে এ নদীর ওপরে: প্রধানমন্ত্রী
পরবর্তী পাঁচ মাসে রপ্তানি আয় ২ হাজার ২২৩ কোটি ২২ লাখ মার্কিন ডলার