স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে প্রধানমন্ত্রী - জাতীয় - ১৫ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে প্রধানমন্ত্রী - জাতীয় - ১৫ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৫ জানুয়ারি, ২০২৪: স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সরকার পরিচালনার স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি আয় ব্যয় এবং ক্রয় এসব বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে করতে হবে। এখানে কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করব না।”

আজ সোমবার (১৫ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “দুর্নীতি দেশের জন্য ভালো না। আমাদের যতটুকু সম্পদ আমরা যথাযথভাবে কাজে লাগাবো। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে আমরা এগোবো।”

শেখ হাসিনা বলেন, “আমাদের সীমিত সম্পদ জনসংখ্যা বেশি। আমাদের সীমিত সম্পদ দিয়েই জনগণের কল্যাণ করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “বয়স্ক ভাতা ও সামাজিক সুরক্ষা ভাতা সঠিক লোক যথাযথভাবে যেন পায় সেদিকেও দৃষ্টি দিতে হবে।”

মন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। মূল্য কেনো বাড়ছে, তা নিরূপণ করে মূল্য সমন্বয়ের মাধ্যমে মানুষকে স্বস্তি দিতে হবে।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় শেখ হাসিনা আরো বলেন, “একটা পক্ষ সরকারের প্রতি মানুষকে বিক্ষুব্ধ করতে বাজার নিয়ে চক্রান্ত করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “তথ্য প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন, মজুদ, সরবরাহ, আমদানিসহ সার্বিক তথ্য জানার মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বেচাকেনা হলে, দ্রব্যমূল্য নিয়ে যেকোনো ভোক্তা বা সাধারণ মানুষ একটি নির্ধারিত টেলিফোন নাম্বারে সরাসরি ফোন করে অভিযোগ করার সঙ্গে সঙ্গে, প্রশাসন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়া হবে।”

মাদক নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন দেশের পঞ্চম বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী দ্রব্যমূল্য নিয়ে ৩৩৩-এ অভিযোগ জানানো যাবে: পলক
পরবর্তী ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল