রমজানে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান

আল আকসায় নামাজ - জাতীয় - ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
আল আকসায় নামাজ - জাতীয় - ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আস্তর্জাতিক – ২৯ ফেব্রুয়ারি, ২০২৪: আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে রমজান মাস। পবিত্র রমজানে মুসলমানদের আল আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উগ্র ডানপন্থী এক মন্ত্রী দখলকৃত পশ্চিমতীর থেকে আল আকসায় ফিলিস্তিনীদের নামাজ পড়ায় বাধা দেয়ার প্রস্তাবের পর বুধবার যুক্তরাষ্ট্র এ আহ্বান জানাল।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।

ম্যাথু মিলার আরও বলেন, এটা শুধু মানুষকে তাঁদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়, বরং এটা এমন একটি বিষয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।

আগামী ১০ কিংবা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। ওই সময় জেরুজালেমে মুসল্লিদের কীভাবে বিবেচনা করা হবে, সেটা মূল্যায়ন করছে ইসরায়েল।

পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য বিবদমান পক্ষগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় গাজা উপত্যকায় নির্বিচার হামলা বন্ধ করবে ইসরায়েল।

এ ছাড়া গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার সময় হামাসের হাতে আটক হওয়া জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

পূর্ববর্তী জমে উঠেছে চারুশিল্পী ও উদ্যোক্তাদের সম্মিলিত বাজার
পরবর্তী অশ্লিল অঙ্গভঙ্গির কারণে শাস্তি পাচ্ছেন রোনালদো