Tag: ভোটার

  • রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট

    রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জুন, ২০২৪: সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৮ আগস্টের মধ্যে এ তালিকা দাখিলের জন্য নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব, কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

    বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (১১ জুন) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    এর আগে সোমবার (১০ জুন) সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়।

    এর আগে গত ২৪ এপ্রিল পুরো কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চান হাইকোর্ট। কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়। একইসঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩৮ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন আদালত। তার ধারাবাহিকতায় সম্পূরক আবেদন করা হয়।

    গত ২৩ এপ্রিল কত রোহিঙ্গা কক্সবাজারে নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একইসঙ্গে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার আর্জি জানানো হয়। এ ছাড়া ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত ঘোষিত তফসিলে নির্বাচন ও ভোটগ্রহণ বন্ধ বা স্থগিত রাখার আর্জি জানানো হয়।

    রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

    স্থানীয় ভোটার মো. হামিদুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ রিট দায়ের করেন।

    সেদিন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন ৪০ জন রোহিঙ্গা। তাদের তালিকা যুক্ত করে রিট আবেদন করা হয়। এ ছাড়াও একই ইউনিয়নে কয়েকশ (সাড়ে তিনশ) রোহিঙ্গা নাগরিক হয়েছেন বলে অভিযোগ তুলে তাদের নাগরিকত্ব বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে রিটে।

  • দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

    দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

    www.HelloBangla.News – জাতীয় – ২১ জানুয়ারি, ২০২৪: দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। গত বছরের তুলনায় দেশে মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।
    আজ (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
    অশোক কুমার দেবনাথ বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এবং হিজড়া ৭৫ জন। বাড়ি বাড়ি ভোটার তালিকা সংগ্রহ না করায় কমেছে নারী ভোটার। তবে যখন বাড়ি বাড়ি ভোটার সংখ্যা সংগ্রহ করা হবে তখন নারী ভোটার বাড়বে।”
    তিনি জানান, “সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।”
    সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, “১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের সংযোজিত করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এটা আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশ করা হবে।”
    গত বছরের ২৮ নভেম্বর ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা যায়, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এদের মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার, নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ ও তৃতীয় লিঙ্গের মানুষ ৮ হাজার ১২৪ জন।