www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ মার্চ, ২০২৪: বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় তিন গ্রামে হামলা চালিয়ে অন্তত ১৭০ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এক সপ্তাহ আগে এ হামলা হলেও গত রোববার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সহিংসতায় বিধ্বস্ত পশ্চিম আফ্রিকার এই দেশটিতে হামলায় নিহতদের মধ্যে বহুসংখ্যক নারী ও শিশুও রয়েছে। দেশটির একজন পাবলিক প্রসিকিউটর একথা জানিয়েছেন। হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত তা জানা যায়নি।
কমসিলগা, নর্ডিন এবং সোরো নামে তিনটি গ্রামে হামলা হয়। হামলাকারীদের খুঁজে বের করতে সাহায্য করার জন্য ঘটনার প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন প্রসিকিউটর অ্যালি বেঞ্জামিন কুলিবালি। আলাদাভাবে বুরকিনা ফাসোর সেনাবাহিনী ‘শহুরে কেন্দ্রগুলোতে আক্রমণসহ’ উগ্রপন্থিদের হামলার মারাত্মক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। দেশটির সেনাবাহিনী ২০২২ সালে ক্ষমতা দখল করে।
সম্প্রতি দেশটির একটি গির্জার পাশাপাশি একটি মসজিদ এবং সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এর আগে শুক্রবার দেশটির সেনাপ্রধান জঙ্গিদের আত্মঘাতী হামলার ঝুঁকি বাড়ার কারণে সৈন্যদের সতর্ক থাকার জন্য বলেছিলেন। তিনি বলেন, শহরগুলোতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘বড় আকারের সিরিজের আক্রমণের শঙ্কা’ রয়েছে।
মানবিক কর্মীরা বলছেন, বুরকিনা ফাসোতে যে সংকট চলছে তা বিশ্বের অন্যতম অবহেলিত সংকট। বছরের পর বছর ধরে ব্যাপক নিরাপত্তাহীনতার কারণে ২০ লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত মানুষে পরিণত হতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের ধারণা, দেশটিতে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুর এক-চতুর্থাংশ ক্ষুধার কারণে বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।










