শস্য চুক্তি নবায়ন নিয়ে তিন দেশের সঙ্গে বসছেন জাতিসংঘ মহাসচিব

শস্য চুক্তি সমাধানে জাতিসংঘ মহাসচিব - আন্তর্জাতিক - ১৪ সেপ্টেম্বর ২০২৩
শস্য চুক্তি সমাধানে জাতিসংঘ মহাসচিব - আন্তর্জাতিক - ১৪ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: বিশ্বব্যাপি চলছে খাদ্য মন্দা।সেই সঙ্গে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক সংকট। এই সমস্যার সমাধান জাতিসংঘ এগিয়ে এসেছে।

এই লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শস্য চুক্তি নবায়ন করা নিয়ে আলোচনা করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশনকালে ব্যক্তিগত সাক্ষাতকালে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি এক সংবাদ সম্মেলনে প্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবে বলেন, ‘আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাথে আমার সাক্ষাত হতে যাচ্ছে।’

এক্ষেত্রে গুতেরেস উল্লেখ করেন যে তিনি রাশিয়ান ফেডারেশন, ইউক্রেন এবং তুরস্কের প্রতিনিধির সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন । তবে তাদেরকে একত্রিত করার তার কোন পরিকল্পনা নেই।

তিনি আরো বলেন, ‘আমি কৃষ্ণ সাগর সংক্রান্ত উদ্যোগ, ইউক্রেনের খাদপণ্য রপ্তানি এবং রাশিয়ার সার ও খাদ্য পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকার মধ্যেই বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি।’

জাতিংঘ সাধারণ পরিষদের অধিবেশন ১৯-২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

গত ১৭ জুলাই রাশিয়া শস্য চুক্তিতে তাদের অংশগ্রহণ অব্যাহত রাখতে অস্বীকার করে। এক বছর আগে করা এ চুক্তি কৃষ্ণ সাগরজুড়ে ইউক্রেনে উৎপাদিত শস্যের নিরাপদ রপ্তানি নিশ্চিত করেছিল।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এ চুক্তির আওতায় রাশিয়ার শস্য ও সার বিশ্ব বাজারে রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কোন শর্তই পূরণ করা হয়নি।  ফলে তারা এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

সূত্র: বাসস

পূর্ববর্তী খেলা পরিত্যক্ত হলে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা
পরবর্তী সোহানুর রহমান সোহানের দাফন সম্পন্ন