www.HelloBangla.News – জাতীয় – ১১ ফেব্রুয়ারি, ২০২৪: গাজীপুরের টঙ্গীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়েছে। এ সময় লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন।
আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং ১১টা ৪৩ মিনিটে সময় শেষ হয়। ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত শুরু করেন। চোখের পানিতে বুক ভাসিয়ে মুসল্লিরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন, মুসলিম বিশ্বে সুখ শান্তি কামনা করেছেন।
আখেরি মোনাজাত পরিচালনা করেন নিজামুদ্দিনের অনুসারী ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাত শেষ হয় ১১টা ৪৩ মিনিটে।
এ সময় আমিন আমিন ধ্বনিতে কম্পিত হয় পুরো ইজতেমা ময়দান। তুরাগ তীরে সমবেত হয়ে অশ্রুভেজা চোখে লাখ লাখ মুসল্লি দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নার বুক ভাসায় দেশ-বিদেশের লাখো মুসল্লি। গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের সঠিক পথে চলা এবং তাবলীগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয়। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন।










