তিনি দিন ধরে জ্বলছে চট্রগ্রামের চিনিকলের আগুন

জ্বলছে চিনিকলের আগুন - জাতীয় - ৬ মার্চ ২০২৪ (ফাইল ছবি)
জ্বলছে চিনিকলের আগুন - জাতীয় - ৬ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৬ মার্চ, ২০২৪: চট্টগ্রামে কর্ণফুলী এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আগুন তিন দিন ধরে জ্বলছে । আগুনে পুড়ে আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসছে চিনির কাঁচামাল। এই কাঁচামাল আবার ফেলা হচ্ছে কর্ণফুলী নদীতে। এতে বিষক্রিয়ায় মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী।

আগুন নিয়ন্ত্রণে রাখতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরেও মিলের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, আগুন ও কাঁচামালের কারণে মিলের ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। বাইরের থেকে পানি দিতে হচ্ছে। ওপর থেকে পানি ছিটানো গেলে আগুন দ্রুত নির্বাপণ করা যেত। কিন্তু চিনিকলের উচ্চতা ৫-৬ তলা ভবনের সমান। উচ্চতার কারণে ওপর থেকে পানি দেওয়া যাচ্ছে না।

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন অগ্নিকাণ্ডের তদন্তে জেলা প্রশাসন গঠিত কমিটির সদস্যরা। এসময় তারা কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেন।

এদিকে কবে নাগাদ আগুন পুরোপুরি নির্বাপণ করা যাবে বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের দাবি অপরিশোধিত চিনি দাহ্য হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে। পুড়ে যাওয়া চিনি ও কাঁচামাল গিয়ে পড়ছে পাশের কর্ণফুলী নদীতে।

জানা গেছে, চিনির মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা ১ লাখ টন অপরিশোধিত চিনি রাখা ছিল।

উল্লেখ্য, সোমবার বিকেল ৪টার দিকে কর্ণফুলীর ইছাপুর এলাকার একটি মিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমদিকে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৪টি ইউনিট। পরে তাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দেয় বাংলাদেশ বিমান, নৌ ও সেনাবাহিনীর দলও।

মিলটির গোডাউনে রাখা অপরিশোধিত চিনিগুলো জ্বললেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট ও ঐতিহাসিক বাস্তবতা
পরবর্তী গাজায় ইসরায়েলি হামলা শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা: এরদোয়ান