Tag: আগুন

  • আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: হাসপাতাল পরিচালক

    আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: হাসপাতাল পরিচালক

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ এপ্রিল, ২০২৪: আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বলে জানিয়েছেন আগারগাঁও শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির পাঁচ সদস্যের মধ্যে কার্ডিয়াক আইসিইউ বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে আছেন একজন মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওয়ার্ড মাস্টার, একজন নার্স ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি রয়েছেন। তারা তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন।”

    আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শিশু হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

    জাহাঙ্গীর আলম বলেন, “এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেবা চালু করা। আমাদের নিজস্ব টেকনিক্যাল টিম, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ডিপিডিসি ও ফায়ার সার্ভিস চেক করে যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা নিচতলার সেবা থেকেই চালু করতে চাই। এভাবে ধীরে ধীরে আমরা সকল ফ্লোরের সেবা চালু করতে চাই। সেবা শুরু করার কাজ শুরু হয়ে গেছে। তবে তদন্ত কমিটির সিদ্ধান্ত ছাড়া কিছু এখন বলতে পারছি না।”

    গত মঙ্গলবারও শিশু হাসপাতালে আগুন লেগেছিল। এ বিষয়ে তিনি বলেন, “কয়েকদিন আগের পাঁচ নম্বর ওয়ার্ডে আগুনের বিষয়টি বড় কিছু না। খাবার গরম করার চুলায় রোগীর স্বজনের কাপড়ে আগুন লেগেছিলো। যা নার্সসহ স্টাফদের চেষ্টায় সঙ্গে সঙ্গে নিভানো হয়। আজকের যে আগুন সেটির বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।”

    হাসপাতালের পরিচালক আরও বলেন, “হাসপাতালে দুই শতাধিক এসি রয়েছে। শীত শেষে গরম আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি এসি সার্ভিসিং করা হয়। সেদিনের আগুনের পরেই আমাদের নার্সরা ফায়ার এক্সট্রিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলেছে। আজকের আগুনে ধোয়া বেশি হওয়ার কারণে সেখানে কেউ যেতে পারেনি। যার কারণে আমাদের ফায়ার এক্সট্রিংগুইশার ব্যবহার করতে পারিনি। ফায়ার সার্ভিসকে জানাতে হয়েছে। দ্রুত ফায়ার সার্ভিস চলে আসায় কোনও হতাহত হয়নি। সবাই নিরাপদে আছে।”

    জানা যায়, “আগুন লাগার আগে হাসপাতালের আইসিইউতে যেসব শিশুরা চিকিৎসা নিচ্ছে তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। দশটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে আইসিইউ শিশুদের অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। আইসিইউতে চিকিৎসা নেওয়া শিশুদের বিভিন্ন ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে।”

  • সাভারে তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

    সাভারে তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু

    www.HelloBangla.News – জাতীয় – ২ এপ্রিল, ২০২৪: সাভারের হেমায়েতপুর জোরপুল এলাকায় তেলবাহী লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুনের ঘটনায় সাত জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিদগ্ধ দুই জন নিহত হয়েছেন।

    আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আটজনকে  উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়। তারা হলেন– মিলন মোল্লা (২২), শিশু মিম (১০), আল আমিন (৩৫), নীড়াঞ্জন (৪৫), ট্রাকের হেলপার হেলাল (৩০), সাকিব (২৪), আবদুস সালাম (৩৫) ও নজরুল ইসলাম (৪৫)। এর মধ্যে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।

    সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ছয়টি ইউনিটের মাধ্যমে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করা হয়। আমরা ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করেছি। আটজন দগ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    জানা যায়, আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। পরে সেটি পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে ছড়িয়ে পড়ে। এতে এক ব্যক্তি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। নিহতের নাম ইকবাল। তিনি যশোরের চৌগাছা থানার বাসিন্দা।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামে আও একজনের মৃত্যু হয়।

  • তিনি দিন ধরে জ্বলছে চট্রগ্রামের চিনিকলের আগুন

    তিনি দিন ধরে জ্বলছে চট্রগ্রামের চিনিকলের আগুন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ মার্চ, ২০২৪: চট্টগ্রামে কর্ণফুলী এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আগুন তিন দিন ধরে জ্বলছে । আগুনে পুড়ে আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসছে চিনির কাঁচামাল। এই কাঁচামাল আবার ফেলা হচ্ছে কর্ণফুলী নদীতে। এতে বিষক্রিয়ায় মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী।

    আগুন নিয়ন্ত্রণে রাখতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

    আজ বুধবার (৬ মার্চ) দুপুরেও মিলের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে।

    ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, আগুন ও কাঁচামালের কারণে মিলের ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। বাইরের থেকে পানি দিতে হচ্ছে। ওপর থেকে পানি ছিটানো গেলে আগুন দ্রুত নির্বাপণ করা যেত। কিন্তু চিনিকলের উচ্চতা ৫-৬ তলা ভবনের সমান। উচ্চতার কারণে ওপর থেকে পানি দেওয়া যাচ্ছে না।

    মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন অগ্নিকাণ্ডের তদন্তে জেলা প্রশাসন গঠিত কমিটির সদস্যরা। এসময় তারা কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেন।

    এদিকে কবে নাগাদ আগুন পুরোপুরি নির্বাপণ করা যাবে বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের দাবি অপরিশোধিত চিনি দাহ্য হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে। পুড়ে যাওয়া চিনি ও কাঁচামাল গিয়ে পড়ছে পাশের কর্ণফুলী নদীতে।

    জানা গেছে, চিনির মিলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা ১ লাখ টন অপরিশোধিত চিনি রাখা ছিল।

    উল্লেখ্য, সোমবার বিকেল ৪টার দিকে কর্ণফুলীর ইছাপুর এলাকার একটি মিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমদিকে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৪টি ইউনিট। পরে তাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দেয় বাংলাদেশ বিমান, নৌ ও সেনাবাহিনীর দলও।

    মিলটির গোডাউনে রাখা অপরিশোধিত চিনিগুলো জ্বললেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় মামলা

    বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় মামলা

    www.HelloBangla.News – জাতীয় – ২ মার্চ, ২০২৪: রাজধানীর বেইলি রোডের গ্রিন কজি কটেজ নামের ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।

    গতকাল শুক্রবার (১ মার্চ) রাতে রাজধানীর রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। আগুনের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    পুলিশ বেইলি রোডের আগুনের ঘটনায় কয়েকজনকে আটক করা করেছে। যাচাই-বাছাই শেষে আগুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

    শুক্রবার (১ মার্চ) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে থাকা চায়ের চুমুক নামের একটি খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং কাচ্চি ভাই নামের আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসানকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। সর্বশেষ খবর এ ঘটনায় ৪৬ জন মারা গেছেন। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

    নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। এদের মধ্যে ৪৩ জনের নাম-পরিচয় শনাক্ত করা গেছে এবং সর্বশেষ খবর অনুযায়ী ৪০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বেইলি রোডের বহুতল ভবনের আগুনে ৪৬ জন মারা গেছেন: স্বাস্থ্যমন্ত্রী

    বেইলি রোডের বহুতল ভবনের আগুনে ৪৬ জন মারা গেছেন: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ মার্চ, ২০২৪: রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে ৪৬ জন মারা গেছেন, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।তিনি বলেন, “গতকাল রাতে বেইলি রোডে একটি ভবনের রেস্টুরেন্টে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা মোটেই কাম্য ছিল না। ওই দুর্ঘটনার পরে আমাদের এখানে (শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) বেশ কিছু রোগী আসেন। আমাদের জানা মতে, এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ মারা গেছেন।”

    আজ শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢামেক হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের অবস্থা পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যারা মারা গেছেন, তারা কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার ফলে মারা গেছেন। যখন বদ্ধ ঘরে কেউ বের হতে পারেন না, তখন শ্বাসনালীতে ওই ধোঁয়া চলে যায়। প্রত্যেকেরই তা হয়েছে। যাদের বেশি হয়েছে, তারা বাঁচতে পারেননি। অত্যন্ত দুঃখজনকভাবে তাদের মৃত্যু হয়েছে। এখনো যারা হাসপাতালে ভর্তি আছে, তারা কেউ শঙ্কামুক্ত নন।

    তিনি আরও বলেন, “আমরা আহতদের সকাল থেকে চিকিৎসা দিচ্ছি। এখন আবার আমি আমাদের চিকিৎসকদের সঙ্গে বসব। বসে পরিকল্পনা করব, কীভাবে কী করা যায়। সবার কাছে অনুরোধ কেউ যেন হাসপাতালে ভিড় না করেন।”

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজ সকাল পৌনে ৭টার সময় প্রধানমন্ত্রী আমাকে কল করেছিলেন। তিনি বলেছেন, তুমি যাও। যা যা করার, করবা। আমি সমস্ত রোগীদের দায়িত্ব নিলাম। রোগীদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে।”

    তিনি বলেন, “এ সময় ৪৬টি মরদেহের মধ্যে ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে, এখনো আটটি মরদেহ হস্তান্তর করা হয়নি।”

    তিনি আরও জানান, “শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং ঢামেক হাসপাতালে দুইজন রোগী ভর্তি আছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জিারি ইনস্টিটিউটে ভর্তি সবার শ্বাসনালী পুড়ে গেছে। কেউই শঙ্কামুক্ত নন।

    এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, রুটিন মনিটরিংয়ের অংশ হিসেবে এরআগে এই ভবন মালিককে তিনবার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস।তাছাড়া রাজধানীর বেইলি রোডের ওই ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

    এখানে উল্লেখ থাকে যে, এর আগে রাজধানীতে বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিকের গুদাম থেকে ছড়ানো আগুনে ১২৪ জনের মৃত্যু হয়।২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিক গুদামে আগুনে প্রাণ হারান ৭১ জন এবং ২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুনে ২৭ জনের মুত্যু হয়।

    এর আগে আগুনের ঘটনা ঘটলে একটি তদন্ত কমিটি গঠন হয়।পরবর্তিতে যেন এই ধরণের ঘটনা না ঘটে সেভাবে সরকারের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়।বাস্তবে তার কিছুই হয়না বলেই বার বার আগুনের ঘটনা ঘটছে এবং অসহায় মানুষের মৃত্যু ঘটছে।আবারও তদন্ত কমিটি হয়েছে। কয়েকদিন আলোচনা হবে। সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হবে। তারপর আবার শুরু হবে এই ধরণের অনিয়ম।পূর্বের তিনিট ঘটনার পর আবার বেইলি রোডের আগুন সেটাই প্রমান করে।কিন্তু সাধারণ মানুষ এর থেকে পরিত্রাণ চায়।

  • বেইলি রোডের আগুনের ঘটনায় ৩ জন আটক

    বেইলি রোডের আগুনের ঘটনায় ৩ জন আটক

    www.HelloBangla.News – জাতীয় – ১ মার্চ, ২০২৪: রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে।উক্ত বহুতল ভবনের নিচতলার চা-চুমুক রেস্টুরেন্টের দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    আজ শুক্রবার (১ মার্চ) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি সংক্রান্তে মিডিয়া ব্রিফিং’ এ এসব কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।

    আটকরা হলেন- চা-চুমুকের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং কাচ্চি ভাইয়ের ম্যানেজার জয়নুদ্দিন জিসান।

    ড. খ. মহিদ উদ্দিন বলেন, “নিচতলায় দুটি খাবারের রেস্টুরেন্ট ছিল। পেছনের দিকে বড় এবং সামনের দিকে ছিল হালকা খাবার চা-কফির ছোট রেস্টুরেন্ট। ছোট রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। সেই ভিডিও ফুটেজও সবার কাছে রয়েছে। আগুনের ঘটনায় অবহেলা জনিতকারণে মৃত্যু অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবেন। ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারবেন। এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

    ভবনের মালিকের দায়িত্বের কোনো অবহেলা প্রসঙ্গে তিনি বলেন, ‌“ভবন মালিক থেকে শুরু করে আগুনের ঘটনায় যাদের দায় পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও বলেন, “আগুনে ২০ জন পুরুষ ১৮ জন নারী ও আটজন শিশু মারা গেছেন‌। নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এদের ৩৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুইজনের লাশ মর্গের ফ্রিজে রাখা হয়েছে। বাকি ছয়জনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় জানার চেষ্টা চলছে।”

    পুলিশ কমিশনার বলেন, “আগুনের ঘটনায় ডিএমপি ও সিআইডি ঘটনার আলামত সংগ্রহ করেছে। গতকালের ঘটনার পরপর ঘটনাস্থলে আইজিপি ও ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সব ধরনের সহযোগিতা করা হয়।”

    যাদের এ ধরনের ব্যবসা কিংবা রেস্টুরেন্ট রয়েছে তাদের উদ্দেশে ড. মহিদ উদ্দিন বলেন, “শুধু ব্যবসার কথা চিন্তা করবেন না। যদি জীবনের নিরাপত্তার কথা আগে চিন্তা করবেন। বাইরের দেশগুলোতে দেখেছেন জরুরি বের হওয়ার জন্য আলাদা সিঁড়ি রয়েছে।”