রমজানে আরও দুবার দেওয়া হবে টিসিবির পণ্য: বাণিজ্য প্রতিমন্ত্রী

রমজানে দেওয়া হবে টিসিবির পণ্য বাণিজ্য প্রতিমন্ত্রী - অর্থনীতি - ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
রমজানে দেওয়া হবে টিসিবির পণ্য বাণিজ্য প্রতিমন্ত্রী - অর্থনীতি - ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: রমজানে আরও দুইবার দেওয়া হবে টিসিবির পণ্য, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, “ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) মাধ্যমে এক কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ আমরা শুরু করেছি। এই রমজানে আরও দুইবার আমরা এটা করব। সেখানে চাল থাকবে ৫ কেজি, তেল থাকবে, ডাল থাকবে, চিনি, খেজুর এবং ছোলা থাকবে।”

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “আমাদের যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন পর্যায়ের তারা নিশ্চিত করেছেন- আগামী রমজানে যে পরিমাণ অত্যাবশ্যকীয় পণ্য বাজারে থাকা দরকার বা মজুদ থাকা দরকার বা পাইপলাইনে থাকা দরকার সবগুলোই মোটামুটি পর্যাপ্ত আছে। মৌলভীবাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে গোলাম মাওলা বলেছেন, উৎপাদনকারী যারা আছেন তাদের সরবরাহ যদি ঠিক থাকে, উনাদের কাছে যে আমদানিকৃত পণ্য আছে এবং যে পরিমাণ মজুদ আছে এটা রমজানের জন্য যথেষ্ট।”

তিনি বলেন, “ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি জন্য যে প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি। নীতিগতভাবে ভারত সরকার পেঁয়াজের বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমরা অফিসিয়ালি কাগজ পেলে তা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছতে পারে, সে পদক্ষেপ আমরা নেব। এছাড়া কৃষি মন্ত্রণালয় বছরে দুইবার পেঁয়াজ উৎপাদনের যে উদ্যোগ নিচ্ছে আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে চালের মতো এটাতেও আমাদের আমদানি নির্ভর হতে হবে না।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “মিয়ানমারে সব সময় নিউজ হয় আমাদের বর্ডার ও রোহিঙ্গা নিয়ে। মিয়ানমার সরকারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা যেন বর্ডার থেকে নদী পথে আনতে পারি সে ধরনের একটি এমওইউ ড্রাফট বাণিজ্য মন্ত্রণালয় এসেছে। আমি প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলেছি। উনি বিষয়টিকে পজিটিভভাবে নিয়েছেন। আমাদের নৌ-পরিবহন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, যাতে দ্বিপাক্ষিক নৌ পরিবহন চুক্তির মাধ্যমে আমরা যেন মিয়ানমার থেকে সহজে পণ্য বাংলাদেশে নিয়ে আসতে পারি।”

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে আগামী ২২ তারিখ মৌলভীবাজারে যাব। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করব যাতে তারা পণ্য সরবরাহের মাধ্যমে সব নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো ভোক্তাদের জন্য পর্যাপ্ত রাখতে পারে।”

পূর্ববর্তী জার্মানির মিউনিখ থেকে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী খুলনাকে ৬৫ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্রগ্রাম