ক্রিকেট জাতীয় দলে ফিরলেন সাকিব ও মুস্তাফিজ

Shakib and Mustafiz return to the team - Sports - 8 May 2024
Shakib and Mustafiz return to the team - Sports - 8 May 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ৮ মে, ২০২৪: গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি সাকিবকে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ। সবকটিতে জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজের শেষ দুই ম্যাচের জন্য স্বাগতিকরা দল ঘোষণা করেছে। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান।

আজ বুধবার (৮ মে) এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডে এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। এর আগে আইপিএল থেকে ফিরে মুস্তাফিজকে বিশ্রাম, ডিপিএল খেলতে প্রথম তিনটিতে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ সিরিজে তারা তিনজনই ফিরেছেন। আগামী ১০ ও ১২ মে মিরপুর শের-ই বাংলায় চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

এর মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন। তিন ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত হওয়ায় চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম। এর মধ্যে শরিফুলকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। বাকি দুই ক্রিকেটার স্কোয়াডে থাকলেও, এই সিরিজের কোনো ম্যাচেই খেলা হয়নি।

রোডেশিয়ানদের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সবশেষ। ইতোমধ্যে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করে ফেলায় শেষ দুই ম্যাচ হয়ে গেছে অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার লড়াই। মিরপুরে আগামী ১০ মে চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ১২ মে সকাল ১০টায় পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে।

শেষ দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

পূর্ববর্তী অস্ট্রেলিয়া অভিবাসী কমাতে শিক্ষার্থী ভিসায় আবার পরিবর্তন আনছে
পরবর্তী স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভের পর জানা যাবে অ্যাস্ট্রোজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি: স্বাস্থ্যমন্ত্রী