প্রো লিগে আল নাসরের জয়ের দিনে রোনালদোর রেকর্ড

Ronaldo's record in Pro League - Sports - 28 May 2024
Ronaldo's record in Pro League - Sports - 28 May 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ মে, ২০২৪: সৌদি প্রো লিগের শেষ দিনে গতকাল রাতে আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারায় আল নাসর। দুই অর্ধে দুটি গোল করে সৌদি ফুটবল ইতিহাসে নাম লেখান রোনালদো। সর্বমোট ৩৫ গোল করে এই লিগের ৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার বনে গেলেন তিনি। আগের রেকর্ডটি মরক্কোর ফরোয়ার্ড আব্দেররাজ্জাক হামাদাল্লাহর। ২০১৮-১৯ মৌসুমে আল নাসরের হয়ে ৩৪ গোল করেছিলেন তিনি।

রেকর্ড গড়া-রেকর্ড ভাঙায় ক্রিস্টিয়ানো রোনালদো যে নতুন নয়। লিগের সর্বোচ্চ গোলস্কোরের পাশাপাশি আরেকটি অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। ভিন্ন চারটি লিগের সর্বোচ্চ গোলস্কোরার হওয়া প্রথম ফুটবলার তিনিই। ইউরোপের তিন শীর্ষ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ হয়ে সৌদি প্রো লিগেও তিনি গোলের তালিকায় সবার ওপরে নিজেকে রাখলেন।

রেকর্ড গড়ার ম্যাচে শুরুর দিকে অবশ্য হতাশ হতে হয় রোনালদোকে। পরপর দুইবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধের শেষদিকে গিয়ে অবশেষে সফল হন। মোহাম্মেদ আল-ফাতিলের লম্বা পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে বক্সের ভেতরে ঢুকে লক্ষ্যভেদ করেন তিনি। ৬৯তম মিনিটে কর্নার থেকে হেডে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা।

এই দুই অসাধারণ কীর্তি গড়ে উচ্ছ্বসিত রোনালদো। জানালেন রেকর্ড তাকে ফলো করে, তিনি নয়। ম্যাচশেষে টুইটারে এক পোস্টে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না। বরং রেকর্ড আমার পেছনে ছুটে। ’

পূর্ববর্তী গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র তৈরির মাধ্যমে ডয়েচে ভেলের মানবাধিকারের অঙ্গীকার প্রমাণের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর
পরবর্তী প্যারিসে ইসরায়েলি দূতাবাসের সামনে ১০ হাজার মানুষের বিক্ষোভ