www.HelloBangla.News – অর্থনীতি – ১৫ জুন, ২০২৪: ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেড়েছে। তবে এই্ ঈদে যাত্রীর পাশাপাশি পশুবাহী ও মৌসুমী ফল যেমন লিচু, আম ও কাঁঠাল বহন করা হচ্ছে যানবাহনে। আর প্রতিটি যানবাহনের জন্য দিতে হয় টোল। স্বাভাবিক কারণে এবার বঙ্গবন্ধু সেতু দিয়ে এই ঈদে টোল আদায়ের পরিমান বেড়ে গেছে। আজ টোল আদায়ে সৃষ্টি হয়েছে রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় পরিবহন পারাপার হয়েছে ৫৩ হাজার ৭০৮টি। এর বিপরীতে সেতুর টোলপ্লাজায় টোল আদায় হয়েছে তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এটি সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ হার বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এর আগে ২০২৩ সালে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে পরিবহন পারাপার হয়েছিল ৫৫ হাজার ৪৮৮টি। বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল তিন কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টার পর থেকে শুক্রবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি পরিবহন পারাপারে টোল আদায় হয়েছে তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোলপ্লাজা পার হয়ে উত্তরবঙ্গে গিয়েছে ৩৩ হাজার ২৫টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং পশ্চিম টোলপ্লাজা পার হয়ে ঢাকায় গিয়েছে ২০ হাজার ৬৮৩টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।
সেতুতে ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হয়েছে ১২ হাজার ৮৭১টি, ট্রাক ১০ হাজার ৭৬০টি, ছোট-বড় পরিবহন ১৯ হাজার ৮৭২টি এবং মোটরসাইকেল পার হয়েছে ১০ হাজার ১০৫টি।










