বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তির খবর দিলো বাণিজ্য মন্ত্রণালয়। খোলা ও প্যাকেটজাত চিনির দাম খুচরা পর্যায়ে কেজিতে ৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে নতুন দাম।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন এই মূল্য তালিকা ঘোষণা করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা পর্যায়ে কেজিতে ৩ টাকা কমেছে খোলা ও প্যাকেটজাত চিনি। প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১০৪ টাকায়; আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১০৯ টাকায়।
মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছরের ১৯ মার্চ অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভার সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) আবেদনের পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিসি) সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ চলতি বছরের ৩০ জানুয়ারি চিনির দাম বাড়ানোর ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যা কার্যকর হয় ১ ফেব্রুয়ারি থেকে। সেবার প্যাকেটজাত চিনির দাম ৫ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১১২ টাকা। আর প্রতি কেজি খোলা চিনির দাম বাড়িয়ে করা হয় ১০৭ টাকা।










