যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন - খেলাধুলা - ১৮ ডিসেম্বর ২০২৩ (২) (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ ডিসেম্বর, ২০২৩: প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।  টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশ হারায় রেকর্ড ১৯৫ রানে। এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) পৃথক বার্তায়  অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ক্রিকেটে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে এ জয় আমাদের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ৮৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে আমিরাতের যুবারা।  ফলে বাংলাদেশ জয় পায় ১৯৫ রানে।

সবমিলিয়ে আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হলো টাইগার যুবারা। সেটিও রেকর্ড গড়ে। যুব এশিয়া কাপ ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল আফগানিস্তানের, ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮৬ রানে জিতেছিল তারা।

এখানে উল্লেখ থাকে যে বাংলাদেশ দল সেমিফাইনালে সবথেকে ফেবারিট শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠে।  অপর দিকে সংযুক্ত আরব আমিরাত সেমিফাইনালে হারায় পাকিস্তানকে। যোগ্য দল হিসেবে বাংলাদেশ রেকর্ড রানে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই জয়ে বাংলাদেশ ক্রিকেটে উন্নয়নের বর্তা দিয়েছে। বিজয়ের মাসে এই জয় অবশ্যই অনেক গুরুত্ব বহন করে।