পদ্মা সেতুর ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির টাকা পরিশোধ

পদ্মা সেতুর ঋণের কিস্তি পরিশোধ - অর্থনীতি - ১৮ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
পদ্মা সেতুর ঋণের কিস্তি পরিশোধ - অর্থনীতি - ১৮ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ১৮ ডিসেম্বর, ২০২৩: নানা ধরনের ষড়যন্ত্র ও ঘাত প্রতিঘাত উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে নির্মিত হয় দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু। ফলে সেই অবকাঠামোটি হয়ে ওঠে আমাদের অহংকারের অনন্য প্রতীক। শুধু তাই নয় দক্ষিণাঞ্চল ঘিরে গতি পায় অর্থনৈতিক কর্মকাণ্ড। সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন আনুষ্ঠানিকভাবে অর্থ বিভাগের সচিবের কাছে ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা হস্তান্তর করেন।

সেতু বিভাগ জানায়, সরকারের নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ অবকাঠামো, আমাদের অহংকার, গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দেয় অর্থ বিভাগ।

গত ২০২২ সালের ২৬ জুলাই সরকারের অর্থ বিভাগের সঙ্গে সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণ চুক্তি অনুযায়ী ১% সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থবছরে চারটি কিস্তি করে সর্বমোট ১৪০টি কিস্তিতে সুদ-আসল পরিশোধ করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা এবং গত ১৯ জুন তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কেটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরে সর্বমোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৪৩ টাকা পরিশোধ করা হয়েছে।

পঞ্চম ও ষষ্ঠ কিস্তিসহ এ নিয়ে মোট পরিশোধ হয়েছে ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা। ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত উক্ত টোলের ওপর ১৫ শতাংশ ভ্যাট বাবদ পরিশোধিত হয়েছে ১৪৯ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৭২১ টাকা।

চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকারের এ ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সংগৃহীত টোলের পরিমাণ ১ হাজার ১৬৫ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা।

কিস্তি হস্তান্তর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সেতু বিভাগ-বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, অর্থ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী গণভবনে কসোভোর বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
পরবর্তী বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্স আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড়