www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ জুলাই, ২০২৪: গত দশ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলছে ইসরায়েলি হামলা। প্রতিনিয়ত এই হামলায় সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল আরও ১৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গতকাল রবিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা তিনটি ‘গণহত্যায়’ ১৪১ জন নিহত এবং আরও ৪০০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এই ১৪১ জন নিয়ে উপত্যকাটিতে নিহত দাঁড়িয়েছে প্রায় ৩৮ হাজার ৫৮৪ জন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ পর্যন্ত মোট আহতের সংখ্যা ৮৮ হাজার ৮৮১ জন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল সীমা প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় হামাসযোদ্ধারা। প্রায় ১৩০০ ইসরায়েলিকে হত্যা করে তারা। পাল্টা জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। যার সর্বশেষ রায়ে তেলআবিবকে অবিলম্বে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে গত ৬ মে আক্রমণ করার আগে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধ থেকে আশ্রয় নিয়েছিলেন।
ইতিমধ্যে গাজায় দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও পানির সঙ্কট। জাতিসংঘের কোন উদ্যোগ আমলে নিচ্ছে না ইসরায়েল। বিশ্বের অধিকাংশ দেশ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তার পরেও থামছেনা এই যুদ্ধ।










