Tag: গাজায় নিহত

  • ইসরায়েলি হামলায় গাজায় ৩৯ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় ৩৯ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ জুলাই, ২০২৪: হামাসকে নির্মূল করতে প্রতিনিয়ত গাজায় চলছে ইসরায়েলি হামলা। গত রবিবার ৬৬ জনের মৃত্যুর পর সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৩৬০ ছাড়িয়ে গেছে।

    এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯১ হাজার ফিলিস্তিনি। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৩৬৩ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯০ হাজার ৯২৩ জন ব্যক্তিও আহত হয়েছেন।

    মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা তিনটি ‘গণহত্যায়’ ৩৯ জন নিহত এবং আরও ৯৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গাজায় এখন দেখ দিয়েছে খাদ্য, পানি ও ওষুধের সঙ্কক।

    বিশ্বের অনেক দেশ যুদ্ধবিরতির প্রস্তব দিলেও ইসরায়েল তা উপেক্ষা করেছে।বিষয়টি বিশ্ব শান্তির জন্য বিরাট হুমকি।

  • ইসরায়েলি হামলায় গাজায় আরও ১৪১ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ১৪১ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ জুলাই, ২০২৪: গত দশ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলছে ইসরায়েলি হামলা। প্রতিনিয়ত এই হামলায় সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল আরও ১৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    গতকাল রবিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা তিনটি ‘গণহত্যায়’ ১৪১ জন নিহত এবং আরও ৪০০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    এই ১৪১ জন নিয়ে উপত্যকাটিতে নিহত দাঁড়িয়েছে প্রায় ৩৮ হাজার ৫৮৪ জন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ পর্যন্ত মোট আহতের সংখ্যা ৮৮ হাজার ৮৮১ জন।

    গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল সীমা প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় হামাসযোদ্ধারা। প্রায় ১৩০০ ইসরায়েলিকে হত্যা করে তারা। পাল্টা জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে। যার সর্বশেষ রায়ে তেলআবিবকে অবিলম্বে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে গত ৬ মে আক্রমণ করার আগে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধ থেকে আশ্রয় নিয়েছিলেন।

    ইতিমধ্যে গাজায় দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও পানির সঙ্কট। জাতিসংঘের কোন উদ্যোগ আমলে নিচ্ছে না ইসরায়েল। বিশ্বের অধিকাংশ দেশ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তার পরেও থামছেনা এই যুদ্ধ।

  • ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪ হাজার ১২ জন

    ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪ হাজার ১২ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ এপ্রিল, ২০২৪: ছয় মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যা চলছে। এতে নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৪২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৮৩৩ জন।

    ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আল-আকসা তুফান নামে অভিযান  চালায়। হামাসের এ নজীরবিহীন অভিযানে ইসরায়েলে ১১৩৯ জন নিহত এবং প্রায় আড়াইশ’ জিম্মি হিসেবে আটক হয়।  ওই দিনই ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচার বর্বর হামলা শুরু করে।

    ইসরায়েলি হামলায় গাজার ৩৪ হাজার মৃত্যুর পাশাপাশি হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, বহু স্থাপনা ধ্বংস হয়েছে। গাজায় শুরু হয়েছে দুর্ভিক্ষ।