দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

Budget Session Today - National - 5 June 2024
Budget Session Today - National - 5 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ৫ জুন, ২০২৪: আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হবে। আজ বুধবার (৫ জুন) বিকাল পাঁচটায় বসবে এই অধিবেশন। এই অধিবেশনেই পেশ করা হবে জাতীয় বাজেট। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এরআগে ১০ জুন সম্পূরক বাজেট পাস হবে বলে জানা গেছে।

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে পাঁচ হাজার ৭৮৫ কোটি টাকা বলে জানা গেছে।

অধিবেশন শুরু হবার আগে  বিকাল ৪ টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক  অনুষ্ঠিত হবে।  এই বৈঠকেই  চলতি অধিবেশন কতো কার্যদিবস  চলবে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

তিনি বলেন, বাজেট অধিবেশন একটু লম্বা হয়। তাই কতদিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, অধিবেশনের প্রথমদিন কোনও শোক প্রস্তাব  আনা হচ্ছে না। সাধারণত চলতি সংসদের কোনও সদস্য মৃত্যুবরণ করলে মৃত্যুর পর অধিবেশনের প্রথম বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণ করে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে ‘খুন’ হন। তবে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় বুধবার বৈঠকে তার জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে না।সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর রয়েছে। এ ছাড়া মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি আক্রমণ, মধ্যপ্রাচ্য সমস্যা, আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলে বিশ্বে অর্থনৈতিক মন্দা ভাব চলছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশে। এই সময় দেশের বাজেট পেশের বিষয়টি কতটা ইতিবাচক হয় সেটাই দেখার বিষয়।

পূর্ববর্তী নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস
পরবর্তী দেশকে দখলমুক্ত এবং দূষণমুক্ত করতে আমাদের মনের ইচ্ছা লাগবে: মেয়র আতিক