শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থেকে ছিটকে গেলেন মুশফিক

Mushfiqur not playing Tests - Sports - 20 March 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ২০ মার্চ, ২০২৪: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেননা মুশফিক।সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট গুরুতর হওয়ায় টেস্ট সিরিজ দেখা যাবেনা এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে।

জানা যায় ‘আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পান তিনি।’

শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, ‘সে এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

মুশফিকের বিকল্প হিসেবে শ্রীঘ্রই আরেকজন ক্রিকেটারকে দলে ডাকবে বিসিবি। এই অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প হিসেবে দলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। যদিও স্কোয়াডে থাকা লিটন দাসও উইকেটকিপিং করতে পারেন।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল আবার যাবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সেখানে শুরু হবে ৩০ মার্চ।

মুশফিক ইতিমধ্যে ৮৮ টি টেস্টে ১৮৩ ইনিংস খেলে ৫৬৭৬ রান করেছেন।