তিন পার্বত্য জেলায় বসবাসকারী মানুষের জীবনের মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের কাজ করা হচ্ছে। দেশের পার্বত্য তিন জেলা অপার সম্ভাবনাময় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পাহাড়ে হাসি ফোটাতে সরকার কাজ করছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন পাহাড়িদের প্রীতি সম্মিলনী ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকার পাহাড়ি বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান পুনর্মিলনী উদযাপন কমিটি এর আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে ঝর্না থেকে শুরু করে উর্বর ভূমি রয়েছে। কিন্তু কষ্টের জায়গাটা হলো, যখন দেখি তারা পিছিয়ে পড়েছে; যখন দেখি তারা অনেক সুবিধা বঞ্চিত। তবে সেই জায়গাটিতে কাজ করার জন্য আমরা সব সময় চেষ্টা করি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, তিন পার্বত্য জেলায় বিভিন্ন ধর্মের ও সম্প্রদায়ের মানুষ বাস করেন। তারা সবাই মিলেমিশে চলেন। এখানকার ঐক্য ইউনিক, এটা আমি লক্ষ্য করেছি। আমরা কাজ করছি, যাতে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি।
পাহাড়িদের উদ্দেশে মন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা ধরে রাখা আমাদের কাজ। এটা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আপনারা বুক উঁচু করে বলবেন- আমরা চাকমা উপজাতি, আমরা মারমা উপজাতি, আমরা ত্রিপুরা উপজাতি। আমরা সেই আবর্তেই আপনাদের রাখব।
শৈলজ বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজ বাসন্তী চাকমা, শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক সালাউদ্দিন আহম্মদ, ঢাকা ওয়াসার সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ক্যসাচিং মারমা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক কিরীটি চাকমা প্রমুখ।










